আমের রাজধানীতে মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে আমের মুকুল

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা ইতিমধ্যেই সারাদেশে আমের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উপজেলার আম বাজার হতে প্রতি বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার আম বানিজ্য হয়। নানান জাতের আম বাগানে পরিপূর্ণ এলাকার মাঠগুলো। চলতি সময়ে আম গাছগুলোতে ফুটতে শুরু করেছে আমের মুকুল। আম বাগানে প্রবেশ করলেই মুগ্ধতা ছড়াচ্ছে মকুলের মৌ মৌ গন্ধ। মুকুলের গন্ধে যেমন বিমোহিত হচ্ছে মানুষ। অপর দিকে মুকুলের পরিপূর্ণতায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। আবহাওয়ার অবনতি না হলে চলতি বছরে গত বছরের তুলনায় আমের বাম্পার ফলনের আশায় দিন গুনছেন এলাকার আমচাষীরা।

শনিবার সকালে সরেজমিনে এলাকার আমবাগান গুলো ঘুরে দেখা যায়, সারি সারি আমবাগানের প্রায় প্রতিটি গাছেই ফুটতে শুরু করেছে সোনালী রঙের আমের মুকুল। মধু সংগ্রহের জন্য ভোঁ ভোঁ করে করছে মৌমাছির দল। চারিদিকে মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে সদ্য প্রস্ফুটিত আমের মুকুল। জাতভেদে কোন গাছে বেশি আবার কোন গাছে কেবল মাত্র মুকুলের উঁকি দেখা যাচ্ছে। দখিনা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টার কোন ঘাটতি নেই আমচাষীদের। সেই কাকডাকা ভোর থেকে লোক লাগিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। যে গাছ গুলোতে কেবল মুকুল ফুটবে সেগুলোতে স্প্রে করছে। কেউ আবার আম গছের গোড়া আগাছা পরিস্কার করছে। কেউবা নালা কাটছে। আম বাগানগুলোতে যেন সাজ সাজ রব।

তাজপুর গ্রামের আমচাষী নিতাই চন্দ্র বলেন, ভগবানের আশির্বাদে এবার আমের মুকুল ভালো হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরিচর্যার কাজ করছি। আবহাওয়া ভালো থাকলে গত বছরের মতো এবারেও ভালো ফলন হবে।

ইসলামপুর গ্রামের আমচাষী মাহফিজুর রহমান বলেন, চলতি বছরে গাছে আমের মুকুল বেশ ভালো দেখা যাচ্ছে। তবে অসময়ে যদি প্রাকৃতিক দূর্যোগ বা বৃষ্টিপাত হয় তাহলে অনেকটা সমস্যায় পড়তে হবে। তবে এখনো পর্যন্ত মুকুলের অবস্থা খুব ভালো রয়েছে। আমরা গাছের পরিচর্যা করছি। বাগান পরিষ্কার সহ স্প্রের কাজ চলমান। আশা করি ভালো ফলন পাবো।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে এই উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমচাষ হচ্ছে। গত বছর প্রতি হেক্টরে ১৫ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিলো। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এই বছরে উৎপাদন বৃদ্ধি হতে পারে। অধিক ফলনের লক্ষ্যে আমগাছে উকুন নাশক এভোমেট্রিন ও ছত্রাক নাশক মেনকোজেভ বালাইনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। প্রতি বছরে এই উপজেলায় ক্রমান্বয়ে বাড়ছে আম বাগান। এই বছরেও আম বাগান বৃদ্ধি হয়েছে। ফলে গাছ গুলো নতুন হওয়ায় সেগুলো থেকে ফল আশা করছেননা আমচাষীরা। যার ফলে গড় উৎপাদন লক্ষ্যমাত্রা গত বছরের সাথে তুলনা করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় চলতি বছরেও দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আম রপ্তানি করা যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আমচাষীরা।

গাজীপুরে নবদম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে এক নব দম্পত্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে এই  স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেমৌচাক ফাঁড়ি পুলিশ।

নিহত দম্পতি হলেন-রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) এবং তার স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাশিপুর গ্রামের মো. রনির মেয়ে সালমা আক্তার আইরিন (১৮)।

জানা যায়, দুই মাস আগে বিয়ে করেন তারা। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এক মাস আগে বাসা ভাড়া নিয়ে উপজেলার আহম্মদ চৌরাস্তা এলাকায় বসবাস করা শুরু করেন আকাশ-আইরিন দম্পতি। আইরিন একটি স্থানীয় কার্টনের কারখানায় চাকরি করতেন এবং তার স্বামী আকাশ অটো রিকশা চালাতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে  খাবার শেষে তারা ঘুমাতে যান। শনিবার সকালে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় এবং ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায়। ফোন পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভিতর থেকে তালাবদ্ধ করে ফাঁস নিয়েছে ওই দম্পত্তি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী ঝগড়া করে দুজনেই আত্মহত্যা করতে পারে। তবে কী কারণে তারা আত্মহত্যা করতে পারে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও মনিপুর তাঁত শিল্প ও জামদানী বেনারশি কল্যান ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। গেল শুক্রবার সন্ধ্যায় শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এবং উদ্বোধক ছিলেন এফবিসিসিআই এর প্রেন্সিডেন্ট মোঃ জসিম উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ (২) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য সিরাজগঞ্জ (৩) ডাঃ মোঃ আব্দুল আজিজ, সংসদ সদস্য সিরাজগঞ্জ (৪) তানভীর ইমাম, সংসদ সদস্য সিরাজগঞ্জ (৫) আব্দুল মমিন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনির হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে মেলার উদ্বোধনী আলোচনা সভার প্রধান অতিথি বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বক্তব্যে বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ব্যাবসা বাণিজ্য বান্ধব বলেই দেশের উৎপাদন পন্যসামগ্রী গুনগত মান আন্তর্জাতিক মানের করতে ও বিদেশে রপ্তানির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন যাতে ব্যাবসা বানিজ্য থেকে বিদেশী আয় আরো বৃদ্ধি পায়।

তিনি আরো বলেন, ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানার উদ্যগি ভূমিকা পালন করতে হবে এজন্য সকল প্রকার সহযোগিতা ও প্রদান করার আশ্বাস দেন।অতিতে থেকেই সিরাজগঞ্জে ব্যাবসা বাণিজ্য সমৃদ্ধপূর্নতা ইতিহাস রয়েছে। তাঁত শিল্প পল্লী হিসেবে এখনখ্যাতি ও পরিচিতি লাভ করেছে।এ শিল্প যাতে সমৃদ্ধশালী হয় তার জন্য উদ্যোগী ভূমিকা রাখতে হবে। সিরাজগঞ্জবাসীদের দাবীপ্রতি একমত পোষণ করে বলেন শিল্পপার্ক ও ইকোনোজনে প্লটবারাদ্দে ক্ষেত্রে সিরাজগঞ্জে ব্যাবসয়ী ও উদ্যক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য সহযোগীতা করবেন আশ্বাস দেন। মেলাটির উদ্ধোধক জসিম উদ্দিন সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ব্যাবসয়ী সফল্যতার বিশেষ সন্মাননা ক্রেষ্ট তেলে দেন। মমেলায় দেশীয় উৎপাদন পন্যসামগ্রী প্রায় শতাধিক ষ্টল রয়েছে। এছাড়াও বিনোদনের জন্য দেশীয় কৃষ্টি কালচার ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

ভালুকায় বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের কৃষক কুদরত মিয়ার বাড়ীর পাশে লোকালয়ে আসা বিরল প্রজাতির একটি বন্য প্রাণীকে আটক করেছে গ্রামবাসী। প্রাণীটি দেখতে খানিকটা মেছো বাঘ সাদৃশ্য অথবা বন বিড়ালের মতো। প্রাণীটির সারা দেহে ডোরাকাটা বাঘের মত। চোখ দুটি বন বিড়ালের মত বড় বড়।

এদিকে ধারণা করা হচ্ছে এটা মেছো বাঘের বাচ্চা বা বিড়ালের প্রজাতি। এটার গায়ের রং ডোরাকাটা ধুসর। লম্বায় প্রায় ২থেকে ৩ফুট। গায়ে অনেক লোম। এমন প্রাণী এর আগে এই এলাকায় কেউ দেখেননি বলে জানান গ্রামবাসী।

পাঁচগাঁও গ্রামের কুদরত আলী জানান, শুক্রবার বিকালে আমার লেবু বাগানের পাশের একটি গাছে এই প্রাণীটি দেখতে পেয়ে আমার ছোট ভাই আজমত আলী সাথে লোকজন নিয়ে জাল দিয়ে দৌঁড়িয়ে ধওে ফেলে। তিনি আরও জানান, প্রাণীটি বাঁধা সত্ত্বেও বাঘের মত লাফ দেয় এবং গংরানী করে হুংকার দেয়।

বিরল জাতের বন্য প্রাণী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রাণীটিকে এক নজর দেখার জন্য ভিড় করে।

উথুরা রেঞ্জের রেঞ্জার হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, বন্য প্রাণীটি আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। আমি ছবিতে দেখলাম এটা মেছো বাঘ। তাকে উদ্ধার করে কোন গভীর জঙ্গলে অবমুক্ত করা হবে।

বক্স অফিস হিট আলিয়ার “গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি”

বিনোদন ডেস্কঃ বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। শুক্রবার হলে মুক্তি পায় সিনেমাটি। আর সেদিনই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। এদিন সিনেমার মুক্তি উপলক্ষে মুম্বাই খারের গ্যালাক্সি সিনেমা হলে দর্শকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী আলিয়া।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্যানুযায়ী, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ প্রথম দিনে ভালো ব্যবসা করেছে। প্রায় ১০ কোটি রুপি ব্যবসা করেছে এ সিনেমা। সিনেমাটির নাম এখন দর্শকের মুখে মুখে। শুধু আলিয়া ভক্তরাই নন, বলিউডপ্রেমীরাও সিনেমাটির ট্রেলার দেখে মুগ্ধ।

কাহিনীপট সুত্রে জানা যায়, ভারতের অন্যতম বৃহৎ পতিতালয় ‘কামাঠিপুরা’। সেই যৌনপল্লির সর্দারণী চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। যদিও মুম্বাই পুলিশের কাছে তার পরিচয় ছিলো এক নৃশংস গ্যাংস্টার হিসেবে। কেমনভাবে গুজরাটের এক গ্রামের মেয়ে কামাঠিপুরার ম্যাডামজি হয়ে উঠলো? আর কীভাবে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সব খবর থাকত তার নখদর্পণে–সেই কাহিনিই রুপালি পর্দায় এনেছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।

অভিনয় নিয়ে কথা বলতে গেলে আলিয়া ভাটকে সেলাম জানিয়েই শুরু করতে হয়। পর্দায় গাঙ্গুবাইয়ের চরিত্রকে ফুটিয়ে তোলেননি আলিয়া, বরং নিজেই হয়ে উঠেছেন গাঙ্গুবাই। চোখ, মুখ এবং শরীর দিয়ে অভিনয়কে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন আলিয়া সেই দাপট এই বয়সের অভিনেত্রীদের মধ্যে কমই থাকে। চোখ সরানো যায় না আলিয়ার থেকে। গাঙ্গুবাই কোনও সাদা চরিত্র নয়, ধূসর ক্ষেত্র পরিপূর্ণ তাঁর জীবনের ছত্রে ছত্রে। তবে আলিয়া নিজের ঔজ্জ্বল্যে দর্শকদের শেষ অবধি গাঙ্গুবাইয়ের অবধি চরিত্রটিকে এক মুহূর্তের জন্যও ফিকে হতে দেননি।

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মদিন

জাতীয় ডেস্কঃ সাতজন বীরশ্রেষ্ঠদের মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ। ১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। তার গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। সেই থেকে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে ‘নূর মোহাম্মদ নগর’।

তাঁর জীবনী থেকে জানা যায়, তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা। নূর মোহাম্মদ বাল্যকালে বাবা ও মাকে হারিয়েছেন। নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন (বর্তমানে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)। এই বাহিনীতে দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পর ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন তিনি। পরবর্তীতে ল্যান্স নায়েক হিসেবে পদোন্নতি পান।

১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন।  নূর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করেন।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিন সঙ্গীকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন উৎস্বর্গ করার অনন্য নজির স্থাপন করেন। ওইদিন তিনি গোয়ালহাটি গ্রামে শহীদ হন। পরে শার্শা উপজেলার কাশীপুরে তাঁকে সমাহিত করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে ৭ জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীর শ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয় তিনি হলেন তাদের অন্যতম।

আজ ডিএমপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্কঃ আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৌরবময় সেবার ৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে পদার্পণ করছে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি ২০২২) পালিত হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠা দিবস।

‘শান্তি শপথে বলীয়ান’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ডিএমপি সৃষ্টিলগ্ন থেকেই রাজধানীর জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ইউনিট যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত উৎকর্ষতা ও পেশাদার মনোভাব বজায় রেখে ২৪/৭ ঢাকা মহানগরীর নিরাপত্তা বিধানে নিরলস কাজ করে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে আজ বিকেলে এক নাগরিক সম্মিলনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহমান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনার পৃথক প্রথক বাণী দিয়েছেন।

সূত্র : ডিএমপি নিউজ।

ইউক্রেনকে সহায়তা করতে অস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্স ইউক্রেনকে সহায়তা করতে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় তিনি এ তথ্য জানান।

জেলেনস্কি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা বলার মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে নতুন দিন শুরু হয়েছে। ফ্রান্সের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম এখন ইউক্রেনের পথে।

এদিকে শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়ার সংঘাত অনেক দূর পর্যন্ত গড়াবে। এই সংকট স্থায়ী হবে, যুদ্ধ স্থায়ী হবে। এ জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পর হামলা শুরু করে রুশ সেনারা।

টেকনাফে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মুল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা নাফনদীর বেড়িবাধ এলাকা থেকে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, অস্ত্র, মাদক, মানবপাচারসহ রোহিঙ্গা অনুপ্রবেশরোধে সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। শনিবার এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা বিওপি’র সদস্যরা জানতে পারে ওই এলাকার নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এর প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এর একটি বিশেষ টহলদল বেড়িবাঁধে অবস্থান করে। ভোর আনুমানিক ৪টার দিকে সন্দেহভাজন ২ জন চোরাকারবারীকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল সন্দেহভাজন চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে তাদেরকে থামানোর চেষ্টা করে। বিজিবির গুলিতে চোরাকারবারীগণ ভীতসন্ত্রস্ত হয়ে তাদের সাথে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল সেখানে তল্লাশী করে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মুল্যের ৩ কেজি ১৭০গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়। তবে পলাতকদের আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার ক্রিস্টেল মেথ বিজিবির সদর দফতরে রাখা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।

সাড়ে ৩ হাজারের বেশি রুশ সেনা নিহত ও বন্দি ২০০ : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আর রাশিয়ার সামরিক বাহিনীর তীব্র আক্রমণের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মস্কোর সর্বাত্মক আক্রমণের মুখে প্রতিরোধের চেষ্ট করছে ইউক্রেনও। এছাড়া হামলায় রুশ বাহিনী এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটিরও খতিয়ান তুলে ধরেছে দেশটি।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

বিবিসির তথ্য মতে, ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আক্রমণে জড়িত রাশিয়ার ৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং ২০০ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে। এছাড়া রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

এদিকে রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি।

অন্যদিকে রাশিয়ার প্রবল হামলার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট তার সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বলে গুঞ্জন ওঠার পর ফের নতুন একটি ভিডিওবার্তা দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। নিজের ধারণ করা এই ভিডিওতে তিনি ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের নির্দেশের বিষয়টি অস্বীকার করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়। যুদ্ধের দ্বিতীয় দিনও তুমুল লড়াই হয়েছে। ইউক্রেনের হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি, চলমান এই যুদ্ধে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছে। যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। তৃতীয় দিনের শুরু থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ব্যাপক গোলাবর্ষণ চলছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি, ডেইলি মেইল।