রাণীশংকৈলে জেলা রোভার স্কাউটস’র ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলা রোভার স্কাউটস’র দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

লিডার ট্রেইনার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের আব্দুল মজিদ, রাণীশংকৈল ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,  মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক।

এ ছাড়াও অনুষ্ঠানে রোভার স্কাউটস’র কর্মকতা, ৫০ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার ট্রেইনার ও জেলা স্কাউটস’র যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম হাসানুজ্জামান ও আমিরুল ইসলাম প্রমুখ।

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে কোপানোর পরে পুড়িয়ে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার

মোঃ জ‌হির হোসেন লক্ষ্মীপুরঃ নিজের মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে আটককৃত মিলন (২৩) লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম (৬০) নিজ মা‌কে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তার সন্তান রেদওয়ান হোসেন মিলন (২৩) এই নির্মম হত্যাকাণ্ড ঘটান বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক। এর আগে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের (মানসিক বিকারগ্রস্থতা, প্রেমে ব্যর্থতা ও মাদকাসক্তি) বশবর্তী হয়ে মিলন তার মাকে কুপিয়ে জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন দিয়ে পুড়িয়ে নিজের মাকে হত্যা করে মিলন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।

দেশব্যাপী একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি’ বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সহ ‘দেশব্যাপী একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি’ বাস্তবায়নে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত “২৬ ফেব্রুয়ারী শনিবার একদিনে এক কোটি দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি” বাস্তবায়ন ও টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক অফিস চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মহোদয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।

র‌্যালীর আয়োজক মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, গণটিকা কার্যক্রমে ১৮ বছর ও তদুর্ধে যেকোনো নাগরিক রেজিস্ট্রেশন ছাড়াই শুধু মোবাইল নম্বর দিয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারবেন।

রাণীশংকৈলে চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাশিস’র সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারিদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট হাইস্কুল মাঠে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুলতান নূরী, অতিরিক্ত মহাসচিব ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মহররম আলী খান, আব্দুল আউয়াল ও শামসুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন।

এ ছাড়াও সভায় জেলার তিন শতাধিক শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথরা ছাড়াও বক্তব্য রাখেন- বাশিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক নেতা আবু শাহানশাহ ইকবাল, সফিউর রহমান, বাবুল হোসেন, রাজেকুল্লাহ,ফেরদৌস আলম মানিক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারিদের চাকুরি অবিলম্বে  জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ লক্ষ্যে তারা প্রয়োজনে আগামিতে দেশব্যাপি আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

দেশের অধিকাংশ জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত। স্বামীবাদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ৩ আসামি হলেন- গোপালগঞ্জের বেদগ্রামের জাকিয়া মল্লিকের স্বামী মোর্শেদায়ান নিশানের ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মোর্শেদায়ান নিশান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্র পক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যৌতুকের দাবিতে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের সিলনা রোড বেদগ্রাম ৬৩৯/৫ নম্বর বাড়িতে জাকিয়াকে নির্যাতন করা হয়। এ সংক্রান্ত অভিযোগ পেয়ে পুলিশ জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সুশান, বোন-জামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমানকে আটক করা হয়।

এ সময় জাকিয়াকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাকিয়ার বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোর্শেদায়ান নিশানসহ চারজনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ৯ জুন আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ওই বছরের ৭ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালীন আদালতে ২০ সাক্ষী সাক্ষ্য দেন। এতদিন পর সকল যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা হল।

ইউক্রেনে রাশিয়ার হামলায় সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

সিএনবিডি ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে এখন প্রথমবারের মতো প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে। ২০১৪ সালের পর এই দাম সর্বোচ্চ।

বৃহস্পতিবার এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর এ ঘোষণা দেন পুতিন। ভাষণে পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনাসদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান।

তিনি বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। কোনো রক্তপাত হলে তার জন্য তারাই (ইউক্রেন) দায়ি হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হামলার খবরে ৭ বছরের বেশি সময় পর আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। একইসাথে এশিয়ান স্টক মার্কেটে ২-৩ শতাংশ লেনদেন কমেছে।

বিবিসির এশিয়ার বিজনেস করেসপন্ডেন্ট ম্যারিকো ওই বলছেন, এখন যেখানে নিরাপদ মনে করছেন, সেখানে যাচ্ছেন বিনিয়োগকারীরা। গত এক বছরের মধ্যে সোনার দাম এখন সর্বোচ্চ। এ ছাড়া মার্কিন ডলার ও জাপানি ইয়েনের দামও বাড়ছে।

এর আগে গত সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশকে রাশিয়া রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে উঠেছিল।

উল্লেখ্য, সৌদি আরবের পর অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশও রাশিয়া।

মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ওই বইগুলোর মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন তিনি।

এছাড়া, ওই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল নাসের চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সম্পাদনায় একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। এটি ইতিহাসে আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে।

কামাল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিগগিরই এই গ্রন্থগুলো পাঠকের সামনে সহজলভ্য হবে। বৈশ্বিক মহামারির পরও এতগুলো বই প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, প্রবন্ধ, কবিতার মোট ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মোট ৪টি স্মরণিকা সম্পাদিত হয়েছে।

বশেমুরবিপ্রবি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান।

এদিকে ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ বিচার চেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা। সন্দেহভাজনদের গ্রেপ্তারের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস থেকে হেঁটে বিক্ষুব্ধ প্রায় এক হাজার শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান নেন। তারা বিচার চেয়ে ৩ দফা দাবি ও আল্টিমেটাম দেন।

ধর্ষিত ছাত্রীর একাধিক সহপাঠী জানান, গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় হেলিপ্যাড এলাকায় দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ওই ছাত্রী। ওই সময় এক অটোরিকশা থেকে নেমে সাত থেকে আটজন ছাত্রী ও তার বন্ধুকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বন্ধুকে মারধর করে ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি এবং আমি নিজে এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে। এরই মধ্যে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি ধর্ষকদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

পুতিনের সামরিক অভিযানের ঘোষণায় ইউক্রেনে শুরু হলো হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে আশঙ্কাই সত্যি হল। কৃষ্ণসাগরে বেজে উঠলো যুদ্ধের দামামা। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থাত্‍ ইউক্রেন দখলের যে পায়তারা করছিলো রাশিয়া তাই সত্যি হলো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এমনটাই জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনেসামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি। যারা ইউক্রেনে রাশিয়ার এই অভিযানের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করবে মস্কো।

https://twitter.com/ANI/status/1496685608496144385?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496685608496144385%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla%2Fdefencenews-epaper-dhf6f28f96440749e99d4f9f98876f0d87%2Frashiyarchapesiddhantthekesareesechebaiden-newsid-n362283180

এদিকে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদন সুত্রে জানা গেছে, রাজধানী কিয়েভের নিকটবর্তী বরিস্পিল বিমানবন্দরসহ কয়েকটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী হামলা মোকাবিলা করে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের স্থাপনা ও সীমান্ত রক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

এছাড়া, কিয়েভে বিমানবন্দর, সামরিক সদরদপ্তর ও সামরিক কমান্ড দপ্তর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, ইউক্রেনের দুটি উপকূলীয় শহর ওডেসা ও মারিয়োপল-এ রুশ সেনারা প্রবেশ করেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম’ অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

রাজধানী কিয়েভ ছাড়াও ক্রামাতোরস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ, দক্ষিণের ওডেসায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়।

এদিকে বিদ্যমান এই পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক আইন জারি করতে দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসি বলছে, প্রেসিডেন্টের এই আহ্বানের পর দেশে সামরিক আইন জারির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে শিগগিরই ওই পরিষদ বৈঠকে বসতে পারে বলে আশা করা হচ্ছে।