চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ প্রাইভেটকার আরোহী নিহত

অনলাইন ডেস্কঃ চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত বুধবারে (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. আ. খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪)।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।

শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিল। নিহতদের স্বজনরা জানিয়েছেন তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছিলেন। নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আইসিটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ ২০২৫ সালের মধ্যে আইসিটি পণ্য রপ্তানিতে ৫ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ লক্ষ্যমাত্রার ঘোষণা দেন। বিদেশে বাংলাদেশের আইসিটি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আইসিটি খাতের শিল্প কারখানার উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইসিটি খাতে আমাদের পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, এদের কাজে লাগাতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি খাতের দক্ষ জনশক্তি তৈরি করতে প্রকল্প বাস্তবায়ন করছে।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা, সহ-সভাপতি আবু দাউদ খান এবং সহ-সভাপতি ফাহিম হাসান।

পরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা করেন বাণিজ্যমন্ত্রী।

ফায়ার সার্ভিসের পানিতেই নষ্ট লক্ষ লক্ষ টাকার বই

অনলাইন ডেস্কঃ রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে লাগা আগুনের ঘটনায় প্রায় ৭০-৭৫টি বইয়ের দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে এ ঘটনায় অন্তত কোটি টাকার বই পুড়ে গেছে। শুধু আগুন নয়, ফায়ার সার্ভিসের পানিতেও দোকান-ফুটপাতের বইগুলো ভিজে নষ্ট হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

ফুটপাতের বই বিক্রেতা আলাউদ্দিন বলেন, আগুনে হয়তো আমার বইগুলো পুড়ত না তবে এখন সব শেষ। অন্তত এক লাখ টাকার বই পানিতে ভিজে গেছে।

রোমেনা বেগম নামে এক নারী আহাজারি করে বলেন, সরকারের কারণেই আজকে এই অবস্থা। প্রতি বছর এখানে আগুন লাগে, তবুও সরকারের দৃষ্টি নেই। আজ আমার ছেলের বইয়ের দোকান শেষ হয়ে গেছে। আমি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছি এবং আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। ৯ লাখ টাকা লোন দিয়ে আমার ছেলে এই দোকান দিয়েছে। এখন এই লোন কে দেবে? সরকার কেন বিল্ডিং করে দেয় না, এই দায় সরকারের।

এদিকে আগুন লাগার পর অনেক বই বিক্রেতা দোকান থেকে তাদের বই বের করে নিয়ে আসতে পারলেও, অধিকাংশই পারেননি। কিছু দোকানদার তাদের দোকান থেকে সব বই রাস্তায় এনে রাখেন। এরপর ফায়ার সার্ভিসের পানিতে সেসব বই নষ্ট হয়ে যায়।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার শাহীনুর আক্তার বলেন, আগুন লাগার পর দ্রুতই ছড়িয়ে যায়। কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার বলেন, মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় দোকানিরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারেননি। যে কারণে এক দোকান থেকে আরেক দোকানে আগুন ছড়িয়েছে। মার্কেটের লাভলি হোটেলের অংশ থেকে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করতে কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় বইয়ের বাজার হিসেবে পরিচিত নীলক্ষেত বই মার্কেটে এর আগে ২০১৭ সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের পাশের এই মার্কেটটিতে সব সময়ই শিক্ষার্থীদের ভিড় লক্ষ করা যায়।

সূত্র : আরটিভি।

২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানোডেতে ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ইতোমধ্যে বিপাকে পড়েছে স্বাগতিকরা। ৮ ওভারে ২৮ রানের মাথায় ৫ খুইয়ে বসেছে বাংলাদেশ দল।

ফজল হক ফারুকির করা ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে লিটন দাস ক্যাচ দিয়েছেন ১ রান করে উইকেট রক্ষক রহমানউল্লাহ গুরবাজের হাতে। এক বল পরেই তামিম ইকবালও ফিরলেন সাজঘরে। তামিমকে ফিরতে হলো ৮ বলে ৮ রান করে। পঞ্চম ওভারে আবারও ফারুকির আঘাত, এবার মুশফিকুর রহিমকে ৩ রানে ফেরান এলবিডব্লু করে। এরপর ইয়াসির আলী ৫ বল খেলে শুন্য রানে সাজঘরে ফিরেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারের মাথায় মুজিবর সাকিবকে বিদায় করেন। সাকিব ১৫ বলে ১০ রান করেন। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান ৫ উইকেটের বিনিময়ে।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে মিয়মিত উইকেট হারালেও ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান নাজিবুল্লাহ জাদরান। এ ছাড়াও রহমত শাহ ৩৪, হাশমতউল্লাহ শাহীদি ২৮ ও মোহাম্মদ নবি ২০ রান করেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

 

চর‌মোনাই মাহ‌ফি‌লগামী ট্রলারডুবিতে ৩ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ ব‌রিশা‌ল সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী ট্রলার ডু‌বে ৩ জন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা জীবিত উদ্ধার হয়েছে। এ সময় আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা যায়, ট্রলারটি সিরাজগঞ্জ থেকে মুসুল্লিদের নিয়ে চরমোনাই যাচ্ছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিল। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে।  একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোর‌শেদ আলম ব‌লেন, বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতের দি‌কে ট্রলার‌টি ডু‌বে যায়। পরে সকা‌লে সংবাদ পে‌য়ে ঘটনাস্থলে গি‌য়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় চারজনের নি‌খোঁজের সংবাদ ছি‌ল আমা‌দের কা‌ছে। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তবে তাদের পরিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয় গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

শিল্প ও সাহিত্য ডেস্কঃ জনপ্রিয় গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন আজিমপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তার শেষ ইচ্ছা অনুযায়ী এখানে দাফন করার সিদ্ধান্ত নেয় পরিবার।  এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা হয় কাওসার আহমেদ চৌধুরীর।

গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। অনেকদিন ধরেই চিকিৎসাধীন আবস্থায় ছিলেন তিনি।

কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।

কাওসার আহমেদ চৌধুরী একাধারে ছিলেন কবি, লেখক, গীতিকার, জ্যোতিষী, চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা। তাঁর লেখা কথায় অসাধারণ কিছু গানে সুর করেন লাকী আখন্দ। একটি ছিল ফেরদৌস ওয়াহিদের গাওয়া ‘পলাতক সময়ের হাত ধরে’, আরেকটি সামিনা চৌধুরীর গাওয়া ‘বলো না তুমি কোথায়?’ আর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এই রুপালি গিটার ফেলে’, লাকী আখন্দের কণ্ঠে ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, সামিনা চৌধুরীর কণ্ঠে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল’, ফিডব্যাকের মাকসুদের কণ্ঠে ‘মৌসুমি কারে ভালোবাসো তুমি’ এবং পরের প্রজন্মের নাফিস কামালের কণ্ঠে ‘এই শহরে এক নগর ছিল’ ইত্যাদি উল্লেখযোগ্য।

কুলাউড়ায় ৩৩০০ ইয়াবা সহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রজব আলী (২০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

সোমাবার সন্ধ্যায় র‌্যাব-৯, সদর ক্যাম্প সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামস্থ লংলা আধুনিক ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী কুলাউড়া উপজেলার দক্ষিণ টারটেউলী গ্রামের মো. রমজান আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানায়, রজব আলী বিভিন্ন কৌশল অবলম্বন করে সে কুলাউড়া সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মাদক সরবরাহ করে আসছিল দীর্ঘ দিন ধরে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার আফসার-উল-আলম জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আটক আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামে ট্রাকে গাঁজা পরিবহনের সময় চালক ও হেলপার আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজের পশ্চিম প্রান্তে ২১ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাথর বোঝাই ট্রাকের কেবিন থেকে গাঁজা ভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি ) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী ভাটারা এলাকার বাদশা মিয়ার ছেলে ট্রাক চালক সোহেল মিয়া (৩৭) ও একই এলাকার সোনা মিয়ার ছেলে হেলপার সবুজ মিয়া (৩৪)।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ধরলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাগেশ্বরী থেকে টাঙ্গাইল গামী পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-৮৭৪৮) নম্বরের একটি ট্রাকের কেবিন থেকে ২১ কেজি গাজাসহ চালক সোহেল মিয়া ও হেলপার সবুজ মিয়াকে পুলিশ আটক করে।

কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, মাঠ পর্যায়ে মাদক প্রতিরোধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে একটি বড় চালান আটক করা সম্ভব হয়েছে। জেলা পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।

এন আর মিডিয়ার আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে প্রবাসীদের সংবর্ধনা প্রদান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সময়ের জনপ্রিয় সংবাদ মাধ্যম NR Media ও ইউটিউব চ্যানেল Suyeb Tv পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে মিডিয়া ব্যক্তিত্ব, (টিভি উপস্থাপক) আব্দুল মুজিব মজুমদার (কুরেশী) ও নজরুল তরফদার কে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ঘটিকায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি দিপ্ত নিউজের সম্পাদক ও প্রকাশক দুরুদ আহমদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুজিব মজুমদার (কুরেশী) ও নজরুল তরফদার ফারুক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল,সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন দাশ তালুকদার,সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,সাংবাদিক একে অলক,সাংবাদিক জোবায়ের আহমদ রুমি,সাংবাদিক শাহ মোহাম্মদ রাজুল আলী,সাংবাদিক সৈয়দ মোয়াজ্জেম হোসেন,সাংবাদিক এস এম ফজলু, এন আর মিডিয়া সম্পাদক সাংবাদিক নাছরিন প্রিয়া,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,সাংবাদিক সৈয়দ সুয়েব আলী সুমন, মানবধিকার কর্মী রাহাত আহমদ সিপন,সহ আরও অনেকে।

এই সময় মুঠোফনে বক্তব্য প্রদান করেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সভাপতি চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী।

নাছরিন প্রিয়া ও সৈয়দ সুয়েব আলী সুমনের আয়োজনে সভায় উপস্থিত অতিথিরা এন আর মিডিয়া ও ইউটিউব চ্যানেল Suyeb Tv এর সফলতা কামনা করেন, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুরুতেই দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

রাণীশংকৈলে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে জায়গা নিয়ে দ্বন্ধের জেরে মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি শিক্ষক সমিতি মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে উপজেলার প্রায় চার শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ মূল ফটকের সামনে ৩ ঘন্টাব্যাপি   মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্রনার্থ বর্মনের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা  আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক আহম্মেদ হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন আহবায়ক বিশিষ্ঠ্য সাংবাদিক আনিসুর রহমান বাকি, জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান,প্রধান শিক্ষক রহিমা খাতুন, ফরিদা ইয়াসমিন, ফারজানা আক্তারি, আনিসুর রহমান, কুশমত আলী, আব্দুল মান্নান, ইয়াকুব আলী, আহসান হাবিব, খলিলুর রহমান, আহত সহকারি শিক্ষক মকবুল হোসেন ও আজিজার রহমান প্রমুখ।

১৯৮২ সালে স্থাপিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা নিয়ে দ্বন্দ্ব। গত রবিবার ২০ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শিক্ষক সমিতি পুরনো ঘর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ২ শিক্ষক আহত হয়। এতে শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক আহসান হাবীব বাদী হয়ে মফিজুল ইসলাম ও উসমান গণিসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। থানা পুলিশ মামলা নিতে গরিমসি করায় ও অবৈধ দখলদার মফিজুলকে গ্রেফতারের দাবীতে মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের গায়ে হাত দেওয়া বিষয়টির সঠিক সমাধান না হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের নিয়ে বৃহত্তর  আন্দোলন গড়ে তোলা হবে। শেষে শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্রনার্থ বর্মন স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, অভিযোগটি আমি পেয়েছি, এবিষয়ে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৬৩৭।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, শিক্ষকদের একটি স্মারকলিপি আমি পেয়েছি। তাছাড়া ওসিকে আমি মামলা নেওয়ার জন্য বলেছি, শিক্ষকদের গায়ে তারা হাত দিবে কেন? এটা মেনে নেওয়ার মতো নয়।