সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ জুন

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন থেকে শুরু হবে। এ ছাড়া একই দিন থেকে প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটেরও ভর্তি পরীক্ষা শুরু হবে।

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাবির অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ জুন ২০২৩ (শুক্রবার) বিকাল সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ আগামী ২ এপ্রিল ২০২৩ থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে।

রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী পালন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ৷

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। শুরুতেই বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ পাঠ করেন পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএইচএ ডাঃ আব্দুস সামাদ, সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান,  প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,অধ্যাপক প্রশান্ত বসাক,পৌর কাউন্সিলর হালিমা আক্তার ডলি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মৎস অফিসার রাকিবুল ইসলাম,ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নাসিম ইকবালসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ৷

আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যার ও ইউএনও’র  নের্তৃত্বে শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে জাতির পিতার  জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। শেষে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

নীলফামারীর ডোমার চিলাহাটিতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

মোঃ রাকিবুল হাসান, ডোমার (উপজেলা) প্রতিনিধিঃ ডোমারের চিলাহাটিতে গত বুধবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিটে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত ব্যক্তির নাম আকিব ইসলাম (৩৫)। চিলাহাটি ১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে ৭নং ওয়ার্ড পুরাতন জনতা ব্যাংক সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটেছে। নিহত আকিব ইসলাম ঐ গ্রামের চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক জনাব মোঃ আবিদ হোসেন পলাশের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আকিব ইসলাম আত্মহত্যা করেছে। আকিব ইসলাম কাতারে চাকুরী করতেন। কিছুদিন আগে বাড়ী আসেন। আকিব ইসলাম ৬-৭ মাস আগে ঠাকুরগাঁও জেলায় বিয়ে সম্পন্ন করেন।তার স্ত্রী বাবার বাড়ীতে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় আকিব ইসলাম বাবা-মার সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ভোগডাবুরী ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাটি শুনে আমি দ্রুত তার বাড়িতে আসি, তার বাবা বলেন আকিব ইসলাম তার বাবার কাছে জমি চেয়েছে, তার বাবা কয়েকদিন পর দিতে চেয়েছে এই অভিমান করে গলায় ফাঁস লেগে আত্মহত্যা করেছেন আকিব ইসলাম।

স্কুলে ঢুকে ইভটিজিং করায় বখাটের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যালয়ের অভ্যন্তরে অযথা ঘোরাঘুরি ও ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে ইমরান আহমেদ (২৭) নামে এক যুবককে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ইমরান উপজেলার চাতলগাঁও গ্রামের তবুর মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে বিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে করে ইমরান। এ সময় বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে অযথা ঘোরাঘুরি করে ছাত্রীদের ইভটিজিং করছিলেন তিনি। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে জানালে বিকাল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ইমরানকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া বিদ্যালয়ের অভ্যন্তরে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ইমরান মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের আতঙ্কিত করায় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় ইমরানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেনসহ অভিভাবকবৃন্দ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা ক্রেমলিনের

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল শুক্রবার (১৭ মার্চ) এ গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা করেছেন।

দিমিত্রি পেসকভ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারি করার কোনো মূল্য নেই, এটি অকার্যকর, কারণ হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না মস্কো। সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে আদালতের এ সিদ্ধান্ত অর্থহীন।

সেই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা’ স্বীকার করতে মস্কোর কোন বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানাকে আমরা অত্যন্ত আপত্তিজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করি।রাশিয়া, অন্যান্য অনেক রাষ্ট্রের মতো, এই আদালতের এখতিয়ার স্বীকার করে না। সেই অনুসারে রাশিয়ান ফেডারেশন এই পরোয়ানাকে আইনি দৃষ্টিকোণ থেকে ‘বাতিল’ এবং ‘অকার্যকর’ বলে মনে করে।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইসিসির এক বিবৃতিতে বলা হয়: ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

নিউইয়র্কে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

গতকাল শুক্রবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সারাদিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে সরকারি সফরে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ও ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সারা পৃথিবী জুড়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর মতো এমন অসাধারণ নেতা পাওয়া যাবে না। বিশ্বের সকল প্রান্তে বসবাসরত বাঙালিদের প্রতি আহবান আপনারা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দিন। যেখানেই থাকি না কেনো বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করতে হবে।

মেয়র আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে দৃশ্যমান যেসব উন্নতি ও পরিবর্তন সাধিত করেছে সেই ধারাবাহিকতা রক্ষায় আমাদের দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে।

এর আগে কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপিত্বে কনস্যুলেটের সদস্যগণসহ সম্মিলিতভাবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও কর্মের উপরে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ দেশাত্মবোধক গান পরিবেশন করে শিশু-কিশোররা। অনুষ্ঠানে জাতির পিতা ও তার পরিবারের শাহাদাতবরণকারী অন্যান্য সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধি ও প্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের করা হয়।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন

জাতীয় ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করবেন আজ। ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসবে।

গতকাল শুক্রবার (১৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আজ শনিবার (১৮ মার্চ)  বিকেল ৫টা অনুষ্ঠানটির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরের পার্বতীপুরে স্থাপিত ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পাঠানোর কার্যক্রম উদ্বোধনের পর শনিবার থেকেই ভারত থেকে বাংলাদেশে জ্বালানি তেল আসা শুরু হবে।

ফ্রেন্ডশিপ পাইপলাইন দুই দেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি তেলের পাইপলাইনটি নির্মাণের আনুমানিক খরচ ৩৭৭ কোটি রুপি। বাংলাদেশ অংশে ব্যয় হয়েছে প্রায় ২৮৫ কোটি রুপি। ভারত সরকার থেকে এ আর্থিক সহায়তা বহন করা হয়েছে। পাইপলাইনটি ভারতের অভ্যন্তরে ৫ কিলোমিটার ও বাংলাদেশ অংশে ১২৫ কিলোমিটার বিস্তৃত।

পাইপলাইনটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় প্রাথমিকভাবে উচ্চ গতির ডিজেল সরবরাহ করবে। ১০ ইঞ্চি ব্যাসের এই পাইপ দিয়ে প্রাথমিক অবস্থায় বছরে ১ মিলিয়ন টন তেল পাওয়া যাবে। যেখানে পরবর্তীকালে ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা সম্ভব হবে।

ফ্রেন্ডশিপ পাইপলাইনের কার্যক্রম ভারত থেকে বাংলাদেশে হাই-স্পিড ডিজেল পরিবহন টেকসই, নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব করবে এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা আরও বাড়বে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশে-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য ২০১৭ সালে চুক্তি সই হয়। এটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরের মেঘনা পেট্রোলিয়াম ডিপো পর্যন্ত বিস্তৃত।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এই পাইপলাইনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০২০ সালের মার্চে এর নির্মাণকাজ শুরু হয়। ১৫ বছর মেয়াদি এ প্রকল্প ভারতের লুমানিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিনোদন ডেস্কঃ ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জিএমপি উপকমিশনার আবু মোহাম্মদ শামসুর রহমান জানান, ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছিলেন।

এর আগে, মাহি ও রকিব ফেসবুকে লাইভে অভিযোগ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশানার মোল্যা নজরুল ইসলাম দেড় কোটি টাকার বিনিময়ে তাদের গাড়ির শোরুম ও ব্যবসাপ্রতিষ্ঠান প্রতিপক্ষকে দখল করে দেবেন চুক্তি করেছেন। সেই অনুযায়ী শুক্রবার ভোর ৫টায় সন্ত্রাসীরা সেখানে হামলা করেছে।

শোরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার ভোর ৫টার দিকে সনিরাজ কার প্যালেস গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব, দরজা জানালার কাঁচ এবং টেবিল চেয়ার ভাঙচুর ও শো রুমের সাইনবোর্ড খুলে নেওয়া হয়। শো রুমের অফিসকক্ষ তছনছ করে এবং টাকা পয়সা লুট করে নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে নায়িকার অভিযোগের বিষয়ে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের ভাষ্য, এই অভিযোগ ডাহা মিথ্যা। দুপক্ষের দ্বন্দ্বে পুলিশকে জড়ানোর কিছু নেই। একটি শ্রেণি দীর্ঘদিন ধরেই এই এলাকায় চাঁদাবাজি, দখলদার ও মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জিএমপি। আর তাই তারা একজন সেলিব্রেটিকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট অভিযোগ এনেছে। এ ঘটনায় আমি কিংবা গাজীপুর মহানগর পুলিশের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, রকিব সরকার জমি দখল করে নিয়েছেন, এই মর্মে প্রতিপক্ষ গ্রুপ মামলার আবেদন করেছেন। তবে আমি জিএমপিতে যোগদানের পর কোনো পক্ষই জমির বিষয়টি আমার সামনে আনেনি। ব্যক্তিগতভাবে আমি তাদের চিনিও না। মাহির এই অভিযোগে আমি মর্মাহত।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। শো রুমের জায়গা নিয়ে মালিকানার দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রামরায় দিঘির পাশে ভুট্টা ক্ষেত থেকে সাইফুল হত্যার ঘটনায় গ্রেফতার-৩

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওের রাণীশংকৈলে গত শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার রামরায় দিঘির পূর্বপাশে ভুট্টা ক্ষেত থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় সাইফুল নামের আটোবাইক চালক হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে হরিপুর ও রাণীশংকৈল থানা পুলিশ। নিহত সাইফুল হরিপুর উপজেলার দামোল গ্রামের নুর ইসলামের ছেলে।

বুধবার ১৫ মার্চ রাতে হরিপুর ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার ১৬ মার্চ সকালে তাদের কে আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলো রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার সিংহোড় গ্রামের রবিউল আওয়ালের ছেলে আব্দুল কাদের (৩০), হাড়িয়া গ্রামের সারোয়ার হোসেনের ছেলে সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু ও গোগর গ্রামের জবেদ আলীর ছেলে সজল (২৪)।

পুলিশ সূত্রে জানা যায় , দীর্ঘদিন যাবত তারা হরিপুর ও রাণীশংকৈলসহ আশেপাশের উপজেলায় ইজিবাইক চুরি করে আসছিল। হরিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই  কিশোর সাইফুলকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের হরিপুর থানা পুলিশ রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রসঙ্গত: গত শনিবার ৪ মার্চ দুপুরে রাণীশংকৈল উপজেলার রামরায় দিঘির পূর্বপাশে ভুট্টা ক্ষেতে স্থানীয় কিছু নারী ঘাস তুলতে এসে একটি লাশ দেখতে পায়। লাশে মুখে কাপড় প্যাঁচানো, হাতে-পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেলা রাখা হয়েছে ভুট্টা ক্ষেতের এক পাশে। এমন অবস্থা দেখে ওই নারীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে রাণীশংকৈল পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল তৈরী করে লাশটি থানায় নিয়ে আসে।

মৃত সাইফুলের বাবা দামোল গ্রামের নুরুল ইসলাম খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশের নিকট এসে বলেন, গত ২৮ ফেক্রুয়ারি সন্ধ্যা ৬ টার পর অটোবাইকে যাত্রীনিয়ে রাণীশংকৈলে আসে সাইফুল। এরপর সে আর বাড়ি ফিরেনি।  সাইফুলের পরিবার তার  নিখোঁজের ব্যপারে হরিপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন। এবং তার বাবা দাবী করেন হারিয়ে যাওয়া সাইফুলের এটা লাশ। জিডি মুলে অন্যান্য তথ্য জানার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট  লাশ হস্তান্তর করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ইজিবাইক চোরদলের সক্রিয় সদস্য।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সাইফুলকে হত্যা করার কথা স্বীকার করেন তিনজনই। এছাড়াও তারা আন্তঃজেলা ইজিবাইক চোরদলের সক্রিয় সদস্য বলে মর্মেও জানান তিনি।

ফুলবাড়ীতে ভিজিডি কার্ডের টাকা না দেয়ায় এক ব্যক্তির মাথা ফাটালেন ইউপি সদস্য

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিজিডি কার্ডের বিপরীতে দাবীকৃত পাঁচ হাজার টাকা না দেয়ায় পিটিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছেন ইউপি সদস্য (মেম্বার)। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম গোলজার হোসেন (৪৫)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। হামলাকারী ইউপি সদস্যের নাম মাহফুজার রহমান বাদল(৪২)। তিনি কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

আহত গোলজার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি গোলজারের পুত্রবধু ববিতা বেগম ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হন। ইউপি সদস্য বাদল কৌশলে ববিতা বেগমের কার্ডটি তুলে নিয়ে নিজের কাছে রেখে দেন। বৃহস্পতিবার বিকালে গোলজার বেড়াকুটি বাজারে গিয়ে ইউপি সদস্য বাদলের কাছে কার্ডটি চাইলে বাদল তার কাছে পাঁচ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে কার্ডটি অন্যকে দেয়া হবে বলেও জানান ওই সদস্য। গোলজার টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে বাদল হোসেন উত্তেজিত হয়ে দোকানের ঝাপের সাইজ কাঠ দিয়ে গোলজারের মাথায় সজোরে আঘাত করে। সাইজ কাঠের আঘাতে গোলজার মাখিতে  লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু জখম গুরুতর হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে  কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে ইউপি সদস্য মাহফুজার রহমান  বাদল গোলজারের মাথায় আঘাত করার কথা স্বীকার করে বলেন, ভিজিডির টাকার জন্য নয়, ১৩ বছর আগের পাওনা টাকার জন্য তাকে পিটিয়েছি।

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, ভিজিডি কার্ড নিয়ে মেম্বারের লাঠির আঘাতে গোলজার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, এ ঘটনায় গোলজার হোসেনের স্ত্রী নছিরন বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।