শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন

সিএনবিডি ডেস্কঃ এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন করে থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে সাপ্তাহিক ছুটি ছিল শুধু শুক্রবার, এখন শনিবারও ছুটি থাকবে। আর মাধ্যমিক স্তরে পরীক্ষামূলকভাবে এই নতুন কারিকুলাম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তবে প্রাথমিকে শুরু হবে মার্চ মাস থেকে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নতুন কারিকুলাম ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে ৬২টি এবং প্রাথমিকেও একই সংখ্যায় করার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের যেগুলো জাতীয় দিবস, সেই দিনে খুলে রাখার কথা ভাবিনি। জাতীয় দিবসে অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে। কিন্তু শ্রেণিকক্ষে পাঠদান হয় না। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, রিকভারি প্ল্যানের মধ্যে যদি দেখি যেকোনো জায়গায় দিন কমালে আরো বেশি সুবিধা হবে, সেটা ভেবে দেখব। কিন্তু ঢালাওভাবে ভাবতে পারছি না। কারণ যারা কাজটি করেন তাদেরও তো সঠিকভাবে ডেলিভারি দিতে হবে। অনলাইনের চাপটাও আছে। শিক্ষকেরা ক্লাসেও পড়িয়েছেন। আবার অনলাইনেও ক্লাস নিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। আর ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে। উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে ২০২৬ ও ২০২৭ সালে।

জুমার দিনে যেসব সুন্নাতে আমল করণীয়

সিএনবিডি ডেস্কঃ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জুমার দিন নামাজ আদায় করা জরুরি। প্রত্যেক সাবালক জ্ঞান-সম্পন্ন পুরুষের জন্য মসজিদে গিয়ে পড়া ফরজ। এ নামাজ জামাআতের সাথে আদায় করতে হয়। এ কারণেই আল্লাহ তাআলা জুমার দিন দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে বলেন-

يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا إِذَا نُوْدِيَ لِلصَّلاَةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللهِ وَذَرُوا الْبَيْعَ، ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ

হে ঈমানদারগণ! যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয়-বিক্রয় বন্ধ কর। এটিই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে পার।’ (সুরা জুমা : আয়াত ৯)

জুমা আদায়ের ক্ষেত্রে বিশেষ কিছু সুন্নাত আমল ও করণীয় রয়েছে। হাদিসের দিক নির্দেশনাসহ সেগুলো তুলে ধরা হলো-

১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- جَعَلَهُ اللهُ عِيْدًا ‘হে মুসলমানগণ! জুমার দিনকে আল্লাহ তোমাদের জন্য (সাপ্তাহিক) ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। তোমরা এদিন মেসওয়াক কর, গোসল কর ও সুগন্ধি লাগাও’। (মুয়াত্তা, ইবনে মাজাহ, মিশকাত)

২. জুমার দিন নামাজের প্রস্তুতিতে সুন্দরভাবে গোসল করে সাধ্যমত উত্তম পোষাক ও সুগন্ধি লাগিয়ে আগে-ভাগে মসজিদে যাওয়া (গুরুত্বপূর্ণ সওয়াব ও মর্যাদার কাজ)। (বুখারি, মিশকাত)

৩. (জুমার দিন আগেভাগে) মসজিদে (গিয়ে) প্রবেশ করে সামনের কাতারের দিকে এগিয়ে যাওয়া। (নাসাঈ, মুসনাদে আহমাদ, মিশকাত)

৪. মসজিদে গিয়ে বসার আগে প্রথমে দুই রাকাত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ আদায় করা (ফজিলতপূর্ণ আমল)। (বুখারি ও মুসলিম, মিশকাত)

৫. খতিব মিম্বরে বসার আগ পর্যন্ত (সম্ভব হলে) যত রাকাত খুশি নফল নামাজে নিয়োজিত থাকা। (বুখারি, মুসলিম, আবু দাউদ, মিশকাত)

৬. (ইমাম মিম্বারে আরোহন করলে) চুপচাপ মনোযোগ সহকারে খুতবাহ শোনা। (বুখারি, মুসলিম, মিশকাত)

৭. খুতবাহ চলা অবস্থায় মসজিদে প্রবেশ করলে (অন্যের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে) শুধু দুই রাকাত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ নামাজ আদায় করে বসে পড়া। (মুসলিম, মিশকাত, আবু দাউদ)

৮. জুমার দিন কোনোভাবেই অলসতা না করা। যারা জুমার দিন প্রস্তুতি থেকে শুরু করে নামাজ আদায় করার সময় পর্যন্ত অলসতা করেন তাদের উচিত, মহান আল্লাহর এ নির্দেশের দিকে মনোযোগ দেয়া। কোরআনুল কারিমে মহান আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্য করে এ মর্মে নির্দেশ দেন যে-

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِیَ لِلصَّلٰوۃِ مِنۡ یَّوۡمِ الۡجُمُعَۃِ فَاسۡعَوۡا اِلٰی ذِکۡرِ اللّٰهِ وَ ذَرُوا الۡبَیۡعَ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ

‘হে বিশ্বাসীগণ! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের (নামাজের) জন্য ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি কর।’ (সুরা জুমআ : আয়াত ৯)

নামাজের পর করণীয় কী?

জুমা পড়তে দ্রুত আসার জন্য যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমনি নামাজের পর কী করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী আয়াতে। আল্লাহ তাআলা বলেন-

فَاِذَا قُضِیَتِ الصَّلٰوۃُ فَانۡتَشِرُوۡا فِی الۡاَرۡضِ وَ ابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰهِ وَ اذۡکُرُوا اللّٰهَ کَثِیۡرًا لَّعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ

‘এরপর যখন নামাজ শেষ হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ থেকে (জীবিকা) অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা জুমা : আয়াত ১০)

সুতরাং মুমিন মুসলমানের উচি, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু লিখিত ফরমানের উপদেশ নিজেদের জীবনে বাস্তবায়ন করা। তাহলো- جَمِّعُوْا حَيْثُمَا كُنْتُمْ ‘তোমরা যেখানেই থাক, জুমা আদায় কর’। কারণ জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। যা অন্য কোনো নামাজে পাওয়া যায় না।

জুমা আদায়ে সতর্ক হওয়ার কারণ

১. জুমার নামাজের গুরুত্ব এতবেশি যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমা থেকে বিরত থাকা বা অলসতাকারীদের ঘর জালিয়ে দিতে চেয়েছিলেন। (মুসলিম, মিশকাত)

২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, ‘জুমা পরিত্যাগকারীদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেন। এরপর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়।’ (মুসলিম, মিশকাত)

৩. তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি অবহেলা করে পরপর তিন জুমা পরিত্যাগ করলো, সে ব্যক্তি ইসলামকে পেছনে নিক্ষেপ করলো।’ (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)

৪. অন্য বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি বিনা করণে তিন জুমা পরিত্যাগ করলো, সে ব্যক্তি ‘মুনাফিক’।’ (ইবনু খাজায়মা)

হজরত কাব রাদিয়াল্লাহু আনহুর উপলব্দি এ কারণেই হজরত কাব বিন মালেক রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে যাওয়ার পর জুমার আজানের আওয়ায শুনে বিগলিত হৃদয়ে বলতেন- ‘আল্লাহ রহম করুন! আসআদ বিন যুরারাহর উপর; কারণ তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কা থেকে মদিনায় আসার আগে সেই-ই প্রথম আমাদের নিয়ে জুমার নামাজ কায়েম করেন।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, জুমার নামাজের গুরুত্ব অনুধাবন করে এ দিনের করণীয় ও সুন্নাত আমলগুলো যথাযথ পালন করা। জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আগে-ভাগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার নামাজ গুরুত্বসহকারে সুন্নাত নিয়মে করণীয় ও আমলগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। জুমার ফজিলত ও নেয়ামতগুলো অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

ঘরেই তৈরি করুন পুরান ঢাকার বিখ্যাত ডালরুটি

লাইফস্টাইল ডেস্কঃ ডালরুটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবারের নাম। এই খাবার খেতে খুবই সুস্বাদু। পুরান ঢাকার বিখ্যাত এই ডালরুটি আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন। আর এটি তৈরি করাও খুব সহজ। তাছাড়া হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে তৈরি করা যায় পুরান ঢাকার বিখ্যাত ডালরুটি।

চলুন তবে জেনে নেয়া যাক পুরান ঢাকার বিখ্যাত ডালরুটি তৈরির রেসিপিটি-

উপকরণ: (ডালের জন্য) ডাল এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ছয় থেকে সাতটি কুচি, হলুদ আধা চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া এক চা চামচ, ধনিয়া পাতা কুচি আধা কাপ।

প্রণালী: প্রথমে একটি প্যানে ধনিয়া পাতা ছাড়া বাকি সব কিছু দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিন। পানি শুকিয়ে গেলে ধনিয়া পাতা কুচি আর দুই টেবিল চামচ তেল দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন যাতে নিচে না ধরে। এবার সব একসঙ্গে মিশে শক্ত হয়ে যেতে থাকবে। তারপর পাতিল থেকে আলাদা বাটিতে সরিয়ে নিন।

উপকরণ: (রুটির জন্য) ময়দা দুই কাপ, লবণ স্বাদ মতো, হালকা গরম পানি পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে একটি বাটিতে অল্প অল্প পানি দিয়ে ময়দা শক্ত করে মাখিয়ে নিন। তারপর ডো টি ঢেকে রাখুন ২০ মিনিট। এবার ছোট ছোট রুটি বানান। ডালের পুর বেশি করে নিয়ে একটি রুটির উপর রেখে আরেকটি ছোট রুটি দিয়ে রুটি বানান। ছোট রুটি ভর্তি করে ডালের পুর নিবেন, কারণ রুটি বেলতে হবেনা। তাওয়া গরম করে মাঝারি আঁচে সবগুলো রুটি সেঁকে নিন। ধনিয়া পাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার পুরান ঢাকার বিখ্যাত ডালরুটি।

পুকুর খননের সময় মিললো কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

অলিউর রহমান মেরাজ, দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এর ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি।

নবাবগঞ্জ থানা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত বুধবার বিকেলের দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান,বুধবার বিকেলে আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলন করা হচ্ছিল।এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি দেখতে পায় শ্রমিকরা ।

এসময় বিষয়টি পুকুরের মালিক নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করেন।

নবাবগঞ্জ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে মোবাইলের মাধ্যেমে খবর পাই উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর গ্রামে পুকুর খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’

উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো জসিমকে হুইলচেয়ার ও কম্বল প্রদান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো  ট্রলি চালক জসিম উদ্দিন এর সহায়তায় এগিয়ে আসলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সদস্য, লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান, লোহাগাড়া ডায়বেটিস হাসপাতালের পরিচালক সমাজকর্মী আরমান বাবু রুমেল।
১৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)  সকালে তিনি জসিমের গ্রামের বাড়িতে তাকে দেখতে যান এবং তার পরিবারের খোঁজ খবর নেন। এ সময় তিনি জসিম কে চলাফেরা করার জন্য একটি হুইলচেয়ার ও কম্বল বিতরণ করেন। সেই সাথে তিনি জসিম ড্রাইবারের জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার সবই করে দিবেন বলে আশ্বাস দেন।
পা হারানো জসিম জানান, তিনি আগে একটি চেয়ারের অভাবে ভালো করে চলাফেরা করতে পারতো না,রুমেল ভাই চেয়ার দেওয়ায় তিনি এখন ভালোবাবে চলাফেরা করতে পারবে। তিনি সমাজের বিত্তশালীদেরকে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানান।
জসীমের স্ত্রী জানান, পা হারানোর পর থেকে তার পরিবারে দুঃখ নেমে আসে। খেয়ে না খেয়ে, মানুষের কাছে হাত পেতে দিন কাটাতে হচ্ছে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, সাতাকানিয়-লোহাগাড়ার মাননীয় এম.পি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভীসহ সমাজের বিত্তবানদের তার পরিবার ও ছেলে মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানান।
সমাজকর্মী আরমান বাবু রুমেল বলেন,সাংবাদিক মোঃমিনহাজ উদ্দীন এর মধ্যমে খবর পেয়ে, মাননীয় এম.পি মহোদয় এর নির্দেশে পা হারানোর জসিমকে দেখতে যাই। চলাফেরা করতে না পারায়,তাকে সাময়িক ভাবে একটি হুইলচেয়ার দেওয়া হয় এবং একটি কম্বল বিতরণ করা হয়। ইনশাআল্লাহ মাননীয় এম.পি মহোদয়ের সহায়তায় সরকারের সকল সুযোগ সুবিধার আওতায় আনা হবে জসিম এর পরিবারকে।
উল্লেখ্যঃ গত ৬ মাস আগে আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলি চালক জসিম ঘটনা স্থলে তার একটি পা হারান। পরবর্তীতে চিকিৎসক এর পরামর্শে তার আরো একটি পা কেটে পেলতে হয়। জসিম পদুয়া ইউনিয়নের জিন্নাত আলী পাড়ার আবুল হোসেনের পুত্র। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। একমাত্র উপার্জনকারী ব্যক্তি জসিমের পা হারনোর কারণে তার ছেলে মেয়েদের পড়ালেখাসহ জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে।

ফুলবাড়ীতে সাড়ে ৬ লক্ষ টাকার গাঁজাসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টার উপজেলার কাজিহাল ইউনিয়নের হযরতপুর তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম উপজেলার আমড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামানের নেতৃতে এসআই মোজাফফর, এএসআই শাহিদুল, এএসআই গোলাম রাব্বানী, এসএসআই আলাল, এএসআই আমজাদ সহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কাজিহাল ইউনিয়নের হযরতপুর তিন রাস্তার মোড়ে ওৎ পেতে অবস্থান নেয়, এসময় রসুলপুর থেকে ভ্যান যোগে আমড়া যাওয়ার পথে হযরতপুর তিন রাস্তার মোড়ে রিস্কা-ভ্যান আটক করে তল্লাশী চালালে, দুইটি ইউরিয়ার সাদা বস্তায় ৩৩ কেজি গাঁজা এবং একটি রিস্কা-ভ্যানসহ ধৃত মাদক ব্যবসায়ী সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসেন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। এই ঘটনায় ফুলবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রয়ন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং (৬)।

ভারতে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে শিশুসহ ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এক বিয়ের বাড়িতে চলছিল আন্দন উৎসব। আনন্দমুখর কোলাহলে ভরা সেই বিয়ে বাড়িতে কুয়া ভেঙে পড়ে নারী, শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। খবর-আনন্দবাজার।

আনন্দ বাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে একটি বাড়িতে চলছিল বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির উঠোনে সবাই জড়ো হয়েছিলেন। উঠোনেই একটি পুরনো কুয়ো কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। সেখানে কেউ বসে, আবার কেউ দাঁড়িয়ে দেখছিলেন গায়ে হলুদের অনুষ্ঠান। এমন সময় ভেঙে পড়ে কংক্রিটের স্ল্যাবটি। অন্তত ২৫ থেকে ৩০ জন মহিলা ও শিশু পড়ে যান কুয়োর ভিতরে। উদ্ধার কাজে এলাকাবাসী এগিয়ে আসেন, কুয়ার পানি ডুবে ১৩ মহিলা ও শিশুর মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসক এস রাজালিঙ্গম বলেছেন, ‘‘কুয়োয় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। জানতে পেরেছি, মহিলারা বাচ্চাদের নিয়ে কুয়ো ঢাকার স্ল্যাবের উপর বসে ও দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পুরনো স্ল্যাবটি ভার ধরে রাখতে পারেনি। স্ল্যাব ভেঙে সবাই কুয়োয় পড়ে যান।’’

মৃতদের পরিবারকে এককালীন ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন সরকারি আধিকারিকরা।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৯৪

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯৪ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটির রিও ডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে মুষলধারে বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি পানিতে ভেসে গেছে। কর্মকর্তারা বলছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে পেট্রোপলিস শহরে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র।

স্থানীয় আবহাওয়া সংস্থা মেটসুলের তথ্য অনুযায়ী, পেট্রোপলিসের কিছু অংশে ছয় ঘণ্টারও কম সময়ে প্রায় ২৬ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা পুরো মাসের প্রত্যাশিত বৃষ্টির চেয়েও বেশি।

বিবিসি বলছে, বন্যা ও ভূমিধসের পর এখনও উদ্ধার অভিযান চলছে। মূলত জীবিতদের খোঁজে জোর তল্লাশি করছেন দেশটির সেনাসদস্য ও উদ্ধারকর্মীরা।

এদিকে ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্স দপ্তর টুইটারে দেয়া এক বার্তায় জানায়, প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মাসে ব্রাজিলে হওয়া ভারি বৃষ্টিপাতের কারণ হিসেবে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে। পেট্রোপলিস এবং এর আশেপাশের অঞ্চলগুলো ২০১১ সালের জানুয়ারিতেও বন্যা এবং ভূমিধসের শিকার হয়েছিলো যাতে ৯ শতাধিক নাগরিক নিহত হয়।

ছোট চাচাকে হারালেন ক্রিকেটার তামিম ইকবাল

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই এবং বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ছোট চাচা আকবর খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টায় মাত্র ৪৫ বছর বয়সে তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে চাচার মৃত্যুর খবর জানিয়ে তামিম লিখেছেন, আমার ছোট চাচা আকবর খান আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই। মহান আল্লাহতায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

জানা যায়, আকবর খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ বাদ আছর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিমানবন্দর গোলচত্বর এলাকায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরের কাছে এক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন মো. রফিকুল ইসলাম (৪০) ও কাজল আক্তার (৩৫)। রফিকুল ইসলামের বাসা উত্তরার আজমপুর এলাকায়। আর কাজল খিলগাঁওয়ের বাসিন্দা।

জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে বিমানবন্দর গোলচত্বরের কাছের উত্তরামুখী ফুট ওভার ব্রিজের থেকে কিছুটা সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই জুয়েল মাহমুদ বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেপরোয়া গতির একটি লরি পেছন দিকে থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। মোটরসাইকেলের আরোহী কাজল রেখা ও রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।পরে পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।