ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে “পুষ্টি,মেধা,দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ ও জান্নাতি বেগম। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বিমল চাকমার সভাপতিত্বে এ সময় খামারী আশরাফ আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারঃ) ডাঃ মাহমুদুল হাসান বক্তব্য রাখেন।

প্রদর্শনীতে ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা প্রাণি ও পাখি প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কারের চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কর্ণাটকে ছাত্রীরা হিজাব পরায় ফের কলেজে ঢুকতে পারলো না

আন্তর্জাতিক ডেস্কঃ এখন পর্যন্ত কর্ণাটক হাইকোর্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তিতর্ক চলছে। আর তারই মধ্যে রাজ্যটির আরেকটি সরকারি কলেজে ছাত্রীদের হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। উত্তর কর্ণাটকের বিজয়পুরায় সরকারি পিইউ কলেজে আগে যেখানে হিজাব পরে ক্লাস করা গেছে, সেখানে আজ বুধবার থেকে ছাত্রীদের হিজাব পরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ বিষয়ে কলেজ প্রশাসন জানায়, তারা শুধু আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ প্রতিপালন করছেন। শ্রেণিকক্ষে ধর্মীয় পোশাক নয়-শর্তে স্কুল-কলেজ চালুর নির্দেশ দিয়েছেন আদালত। যদিও ছাত্রীরা অভিযোগ করেন, তাদেরকে কলেজ থেকে জানানো হয়নই যে, হিজাব বা বোরকা পরে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে নাটকীয়ভাবে কয়েকজন ছাত্রী শিক্ষক ও অধ্যক্ষের সঙ্গে তর্ক করে হিজাব ও বোরকা পরে ক্লাসে প্রবেশ করতে পেরেছে। তবে শিক্ষকরা তাদেরকে আদালতের আদেশ মেনে চলতে অনুরোধ জানান।

অন্যদিকে অনেক বাগবিতণ্ডার পরে কলেজের ভেতরে একটি আলাদা জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে ছাত্রীরা যেন তাদের হিজাব ও বোরকা খুলে রেখে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারে।

কলেজ অধ্যক্ষ হিজাব পরে ছাত্রীদের কলেজে প্রবেশ বন্ধ করেন এবং ছাত্রীরা ভেতরে ঢুকতে না পেরে বিক্ষোভ করেন। সেসময় তারা ‘আমরা ন্যায় বিচার চাই’ বলে স্লোগান দেয় এবং উপস্থিত সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে। ঘটনাস্থলের একটি ভিডিওতে কিছু নারী পুলিশ সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এর আগে ভারতের কর্ণাটকের কিছু স্কুলের ছাত্রীদের সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে ঢোকার আগে তাদের হিজাব খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। এদিনের এক ভিডিওটিতে দেখা যায়, কিছু অভিভাবক তাদের সন্তানদের স্কুলে প্রবেশ বন্ধ করায় তর্ক করছেন। তুমুল বাগ-বিতণ্ডার পরে মেয়েরা হিজাব খুলে ফেলে করোনা প্রতিরোধী মাস্ক পরে স্কুলে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি যতদিন পর্যন্ত হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হচ্ছে, তত দিন স্কুল ও কলেজে হিজাবসহ যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না বলে নির্দেশ দেন কর্ণাটকের হাইকোর্ট। সুত্রঃ ইন্ডিয়া ডট কম।

চলতি মাসেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চলতি মাসেই খুলে দেয়ার আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সেইসঙ্গে স্কুল-কলেজ খুললে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

জ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বুধবার রাতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। সেখানে দেশের বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নির্ধারিত তারিখ বলতে না পারলেও চলতি মাসেই শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব ততটুকু নেয়া হবে।

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে, স্বশরীরে পাঠদান বন্ধ রাখা হয়। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়। এরপর সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবার ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়। শারীরিক উপস্থিতিতে পাঠদান বন্ধ থাকলেও চালু ছিল অনলাইন শিক্ষা কার্যক্রম।

এর আগে করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।

কক্সবাজারে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। নারী-শিশুসহ আহত হয়েছেন আরও ৪ জন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- উখিয়া টিএন্ডটি এলাকার ইমাম হোছন (৩৫), একই এলাকার নজির আহমদ (৬০)। তবে তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শহিদ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায় , টেকনাফমুখী একটি কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ড্রাইভার ও নারী-শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে হাসপাতালে নেওয়ার পর আরও এক যাত্রী প্রাণ হারান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং বাকীদেরও আশংকাজনক অবস্থান হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। নিহত দু’জনের পরিচয় পাওয়া গেলেও অপর হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ কমলো

সিএনবিডি ডেস্কঃ রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরানোর ঘোষণা দেয়ার পর পরই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে গেছে।

গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে প্রত্যাহার করা হবে।

আর তার এ ঘোষণার পর পরই ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলার ৮৪ সেন্ট কমে ৯২ ডলার ৬৪ সেন্টে পৌঁছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস তেলও ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমে ৯১ ডলার ২৯ সেন্টে বিক্রি হয়েছে।

অথচ গেল সপ্তাহে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া চরম মুখোমুখি অবস্থানে পৌঁছে গেলে বিশ্ববাজারে তেলের দাম ২০১৪ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ব্রেন্ট তেল গত কয়েকদিনে ব্যারেল প্রতি ৯৭ ডলার পর্যন্ত বিক্রি হয়েছে।

গত ২০২০ সালের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দামে ভয়াবহ ধস নেমেছিল। কিন্তু গত বছর ২০২১ সালে করোনার প্রকোপ কমে আসার সঙ্গে সঙ্গে তেলের চাহিদা বেড়ে যায় এবং তেলের দাম শতকরা ৫০ ভাগেরও বেশি বৃদ্ধি পায়।

তবে এবার রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর ঘোষণা দেয়ায় যুদ্ধের আশঙ্কা কমে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আর এ বিষয়টির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

এছাড়া, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে সেদিকেও নজর রাখছেন তেল মার্কেটের নীতি নির্ধারকরা। ভিয়েনায় একটি চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে আবার ব্যাপক মাত্রায় ইরানি তেল আসতে শুরু করবে যা এই পণ্যের দাম কমাতে সহায়তা করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মহামান্য আদালত।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন – মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। আর জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগমকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন রাতে ১০ জনকে আসামি করে আকবরের ছেলে তৌহিরুল ইসলাম রায়পুর থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১ এপ্রিল পুলিশ ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আইনজীবী জসিম বলেন, ১৮ জনের স্বাক্ষ্য নেয়া শেষে এই মামলায় আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি তিন আসামি ওসমান কবিরাজ, মোশারেফ হোসেন ও সুমাইয়া বেগমকে খালাস দেয়া হয়েছে।

এদিকে রায়ে সন্তুষ্টি জানিয়েছেন নিহতের স্বজনরা। তারা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। একই সঙ্গে খালাস পাওয়া তিনজনের বিরুদ্ধে আপিলের কথাও জানান।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মুনছুর জিলানী নোমানের দাবি, এই হত্যার সঙ্গে দণ্ডিতরা কোনোভাবেই জড়িত না। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন।

রমজান উপলক্ষে বাড়বে না চালের দাম : খাদ্য সচিব

সিএনবিডি ডেস্কঃ আসন্ন রমজানকে উপলক্ষ করে চালের দাম না বাড়ার নিশ্চয়তা দিয়েছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সচিব এ নিশ্চয়তা প্রদান করেন।

নাজমানারা খানুম জোর দিয়ে বলেন, আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে আশ্বস্ত করতে পারি। তার পরও প্রয়োজনে ওএমএস এর পরিমাণ আরও বাড়ানো হবে। বর্তমানে সারাদেশে ২ হাজার ওএমএস সেন্টার আছে। দেশে এবার যথেষ্ট উৎপাদন হয়েছে। ২০ লাখ টনের বেশি খাদ্য মজুত আছে যা সর্বোচ্চ।

তিনি বলেন, মার্চে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এর মাধ্যমে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাই ওই সময় চালের দাম বাড়বে না।

খাদ্য সচিব বলেন, মোটা চালের দাম বাড়েনি। চিকন চালের দাম বেড়েছে। চিকন চালের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। চিকন চালের উৎপাদনের তুলনায় ভোক্তা বেশি। কৃষি মন্ত্রণালয়কে চিকন চালের উৎপাদন বাড়াতে বলেছি। চিকন চালের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সচিব বলেন, চাল আমদানি করলে দাম কমবে। খাদ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্ত আছে, তবে সরকার আমদানির অনুমতি দেয়নি। দাম আরও বাড়লে আমদানি করা হবে। আমদানির অনুমতি দিলে শুল্ক কমাতে হবে। আর  চালের তুলনায় আটার দাম বেশি বেড়েছে। কারণ আটার চাহিদার বেশির ভাগই আমদানি করতে হয়। আমদানিতে এখন খরচ বেড়ে গেছে।

গাড়ি চাপায় নানী নাতীর মৃত্যু, ৬ সেনা সদস্য আহত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ঢাকাগামী অজ্ঞাত গাড়ির চাপায় নানী নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নানী মর্তূজা বেগম (৬০) ও নাতী জান্নাত (৪)। এ সময় নিহতদের লাশ চাপা এড়াতে গিয়ে অপর একটি বাস সেনা বাহিনীর পিক আপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে উল্টে খাদে পরে যায়। এসময় ৬ সেনা সদস্য আহত হন।

নিহত মর্তূজা বেগম পার্শ্ববতী গফরগাঁও উপজেলার আঠারদানা কৃষ্টবাজার এলাকার আব্দুল হামিদ ভাসানীর স্ত্রী ও তার নাতী জান্নাত একই উপজেলার খারুয়া এলাকার সবুজ মিয়ার ছেলে। নিহত মর্তূজা বেগম উপজেলার মেহেরাবাড়ী এলাকায় তার মেয়ের বাসায় থাকতো। তার মেয়ে সুলতানা সুয়েটারে শ্রমিক হিসেবে কাজ করে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী সুলতানা সুয়েটার ফ্যাক্টরীর সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে মুর্তুজা বেগম নাতি জান্নাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা দু’জনই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের লাশ দু’টি চাপা না দিয়ে একটি যাত্রীবাহি বাস দ্রুত বেগে অতিক্রম করার সময় একইগামী সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সেনা সদস্য বহনকারী গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মাঝে দুই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

গাজীপুরের ভরাডোবা হাইওয়ে থানার ওসি আলী হোসেন জানান, কাভার্ডভ্যানের চাপায় দুই জন নিহত হওয়ার পর পেছনের একটি বাস সেনা বাহিনীর গাড়িটিকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে উল্টে খাদে পরে গেলে ৫/৬জন সেনা সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট মাদকপাচারের অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃ মাদকপাচারের অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার রাতে দেশটির রাজধানী তেগুচিগালপায় সাবেক এই প্রেসিডেন্টের বাড়ি  ঘিরে ফেলে পুলিশ। সেখান থেকে হাতকড়া অবস্থায় হার্নান্দেজকে বের করে আনা হয়। খবর- বিবিসি, আলজাজিরা।

এর আগে দেশটির আদালতের মুখপাত্র মেলভিন দুতার্তে জানান, হার্নান্দেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপায় সাবেক এই প্রেসিডেন্টের বাসভবন শত শত পুলিশ ঘিরে ফেলে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, পুলিশ সুরক্ষা বলয় তৈরি করে হার্নান্দেজকে বাসভবন থেকে বের করে আনে। সে সময় তার পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল এবং হাতে হাতকড়া পরানো ছিল।

অরল্যান্ডো হার্নান্দেজের বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ চক্রের সদস্য তার ছোট ভাই টনি হার্নান্দেজকে গত বছর যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধীরা। দেশটিতে কোকেনও উৎপাদন হয়ে থাকে এমন অভিযোগও রয়েছে।

ক্ষমতায় থাকার সময় জোয়ান অরল্যান্ডো মাদক চোরাচালান মোকাবিলায় যা যা করণীয় তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে দাবি করেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার  সরকারকে সমর্থন করেন। কিন্তু জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হন্ডুরাসের এই সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক অবনতি হয়।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হার্নান্দেজকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন বলেন, আমাদের কাছে নির্ভরযোগ্য প্রতিবেদন রয়েছে যে হন্ডুরাসের এই নেতা দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এর মাধ্যমে অবৈধ অর্থ আয় করেছেন।

মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার প্রত্যর্পণের অনুরোধ জানানোর পর দেশটির আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। হার্নান্দেজ ২০১৪ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মাদক পাচারকারীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মধ্যে পদত্যাগ করলে তার তার স্থলাভিষিক্ত হন বামপন্থী নেতা জিওমারা কাস্ত্রো যিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।

সুরের জগতের নক্ষত্র বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকের মাতম

ডিবিএন ডেস্কঃ সুরের জগতের নক্ষত্র সুরকার বাপ্পি লাহিড়ী মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সংবাদ সংস্থা পিটিআই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সুস্থ হলেও সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি। ১৯৭০-৮০র দশকে গোটা বলিউড মেতে উঠেছিল তাঁর গানেই। ডিস্কো ডান্সার থেকে শুরু করে শরাবি, চলতে চলতের মতো বিভিন্ন জনপ্রিয় গান গেয়েছিলেন তিনি। ২০২০ সালে বাগি ৩ সিনেমায় তিনি শেষ গান করেছিলেন।

বাপ্পি লাহিড়ির আসল নাম অলোকেশ লাহিড়ি। ১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মা-বাবা বাঁসুরি লাহিড়ি ও অপরেশ লাহিড়িও সঙ্গীত জগতের সঙ্গে জড়িত ছিলেন। বিখ্যাত গায়ক কিশোর কুমারও তাঁর আত্মীয় ছিলেন। তাই ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীত ও শ্যামা সঙ্গীতের পরিবেশে বড় হয়েছিলেন। মাত্র ৩ বছর বয়স থেকেই তবলা বাজানো শেখা শুরু করেছিলেন বাপ্পি লাহিড়ি। মাত্র ১৯ বছর বয়সে তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন, ১৯৭৩ সালে তিনি প্রথম সঙ্গীত নির্দেশনা করেন। এরপরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।

৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে ১৯৮৬ সালে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন বাপ্পি লাহিড়ি।  একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর হিসাবে ১৯৮৯ সালে জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন৷ তাঁর আইকনিক গান জিমি জিমি আজা আজা… হলিউড ছবি ‘ You Don’t Mess With The Zohan’s’-এ ব্যবহার করা হয়েছিল।

বাপ্পি লাহিড়ি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর সোনা অলঙ্কার পরার কাহিনী৷ তিনি বলেছিলেন, প্রথম সোনার চেন উপহার দিয়েছিলেন মা, এর পর স্ত্রী তাঁকে গণেশের লকেট দেওয়া এক চেন উপহার দেন। তিনি মনে করেন, সোনা তাঁর জন্য বেশ লাকি। আর সে কারণেই সোনা পরে থাকার সিদ্ধান্ত তাঁর।

এদিকে, বাপ্পি লাহিড়ির অকাল প্রয়াণে শোকের মাতম বইছে গোটা ভারত জুড়ে। বাপ্পির সঙ্গে ছবি দিয়ে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইট করে লেখেন, বাপ্পি লাহিড়ির সমস্তটা জুড়ে ছিল সংগীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তার কাজ মনে রাখবে। প্রাণবন্ত স্বভাবের জন্য তার অভাব বোধ করবে। তার মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ও শান্তি।

পাশাপাশি বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও। তিনি টুইট করে লেখেন, কিংবদন্তি সংগীতশিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোকাহত। তার প্রয়াণ ভারতীয় সংগীত জগতের অপূরণীয় ক্ষতি। বহুমুখী প্রতিভা ও প্রাণবন্ত স্বভাবের জন্য বাপ্পিদা চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ও শান্তি।

বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ও সুরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোক বার্তায় বলেন, বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে উপমহাদেশের সংগীত জগতে এক শূন্যতা সৃষ্টি হল, যা কখনোই পূরণ হবার নয়।