এমবাপ্পের শেষ মুহূর্তের গোল জয় এনে দিলো পিএসজিকে

স্পোর্টস ডেস্কঃ এমবাপ্পের শেষ মুহূর্তের গোল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সে খেলা মাঠে গড়ায়। রিয়ালের বিপরীতে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় পিএসজি। বল পজিশন রাখে তারা ৫৮ শতাংশ। রিয়ালের ৩টি শট নেয়, আর পিএসজির ২১টি। অন টার্গেটে পিএসজির যেখানে ৮টি শট ছিল, সেখারে রিয়াল একটিও রাখতে পারেনি।

ম্যাচের প্রথম গোলের সুযোগ আসে ১৮ মিনিটের মাথায়। বল নিয়ে দ্রুতবেগে রিয়ালের ডি-বক্সে ঢুকে বুলেট গতির শট নিয়েছিলেন কিলিয়ান এমবাপে। সেই শট কোনোমতে বাইরে বের করে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। পুরো ম্যাচজুড়ে কর্তোয়ার পারফর্ম্যান্স ছিল দেখার মতো।

বিরতির আগে আর সুযোগ পায়নি কোনো দলই। বিরতির পর ৫০ মিনিটের মাথায় এমবাপেকে আরেকবার হতাশ করেন রিয়াল গোলরক্ষক। পিএসজি সামনে সবচেয়ে বড় সুযোগটি আসে ৬০ মিনিটের মাথায়। এমবাপেকে ডি-বক্সে ফেলে দেন কারভাহাল। দেরি না করে পেনাল্টির বাঁশি বাঁজান রেফারি। পেনাল্টি নিতে আসেন মেসি। তবে আর্জেন্টাইন জাদুকরের স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন কর্তোয়া। ৬১ মিনিটে আবারও মেসির শট ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কর্তোয়া।

ম্যাচের ৭২ মিনিটের মাথায় অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে নেইমারকে নামান পচেত্তিনো। নেইমার নামার পর আক্রমণের ধার বেড়ে যায় পিএসজির। তবে মেসি-নেইমার-এমবাপে বারবার আটকে গেছেন রিয়াল রক্ষণে।

নির্ধারিত ৯০ মিনিট গোলশুন্য থাকার পর অনেকেই ভেবেছিল ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে। সেই ভাবনায় জল ঢেলে দেন এমবাপে। ৯৪ মিনিটের মাথায় এমবাপের দিকে ব্যাক হিল পাস বাড়িয়ে দিয়েছিলেন নেইমার। পায়ের কারু কাজ দেখিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিয়েছিলেন ফরাসি তারকা। সেই শট ঠেকানোর সাধ্য ছিল না কর্তোয়ার। আর তাতেই প্রথম লেগে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পচেত্তিনোর দল।

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রব (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বড়লেখা সদর ইউপির শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর সন্তান।

স্থানীয় বাসিন্দাদের সুত্র জানা যায়, আব্দুর রব এক আত্মীয়ের জানাজা শেষে ওখান থেকে ফেরার পথে পৌরশহরের পানিধার এলাকায় অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রব গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিক্সার চালক পালিয়ে যান তবে খবর পেয়ে পুলিশ অটোরিক্সাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ নিয়মে কর্তৃপক্ষের অনুমতিতে লাশ ময়নাতদন্ত বিহীন দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলসহ ৫ জুয়াড়ি আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পীরগঞ্জে জুয়ার আসর থেকে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন সেটসহ ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ১৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার দক্ষিন আগ্রা গরিনা বাড়ির গজেন্দ্র নাথ রায়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলার সেনগাঁও ইউনিয়নের দক্ষিন আগ্রা গরিনাবাড়ির গজেন্দ্র নাথ রায়ের বাড়িতে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই কামাল হোসেন এসআই সাধন চন্দ্র রায় সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালায়।

এ সময় জুয়ার আসর থেকে দানাজপুর গ্রামের নুর ইসলামের ছেলে নায়েব আলী, নেকবর আলী ছেলে শামসুল হক, উপদইল গ্রামের সুরুজ আলীর ছেলে আইয়ুব আলী, চয়ন মাহমুদের ছেলে শরিফুল ইসলাম ও বাড়ির মালিক মৃত স্বর্গ মোহন ছেলে গজেন্দ্রনাথ রায়কে আটক করা হয়। উদ্ধার করা হয় এক সেট তাস, নগদ টাকা ৩ হাজার একশ টাকা। জব্দ করা হয় দুইটি কালো রংয়ের হিরোমোটরসাইকেল, ৪ টি বাইসাইকেল এবং চারটি মোবাইল ফোন সেট। এ সময় আরো ৪, ৫ জন পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

মৌলভীবাজারে ৬ নারী মুক্তিযোদ্ধা’কে সন্মাননা প্রধান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে ৬ বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। অদ্য রোজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাঁদের সম্মাননা প্রদান করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এতে সভাপতিত্ব করেন।

মৌলভীবাজারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, খোদেজা খাতুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল হক, সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকায় ৬৫ জন এবং সারাদেশে ভার্চুয়ালি ৬৫৪ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন। জেলা, উপজেলাসহ দেশের বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসা, ওষুধ, টেস্ট— যা প্রয়োজন তার সবই প্রদান করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের  ইতিহাস ভুলিয়ে দেওয়ার  জন্য সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের জায়গায় শিশু পার্ক নির্মাণ করেছিলেন।’

তিনি  বলেন, ‘আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের  নির্দিষ্ট স্থানমুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে সংরক্ষণ করতে চাই। যেখানে মানুষ গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। এছাড়া মুক্তিযুদ্ধের সময় যেসব স্থানে যুদ্ধ হয়েছিল, সেসব স্থান আমরা সংরক্ষণ করছি। বধ্যভূমিগুলোও আমরা সংরক্ষণ করছি। এছাড়া যদি কোনো মুক্তিযোদ্ধা মারা যান, তাদের একই ডিজাইনের কবর দেওয়া হবে, যেন ৫০ বছর পরেও একটি কবর দেখে বোঝা যায়, এটি একজন বীর মুক্তিযোদ্ধার কবর।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন,  ‘মুক্তিযুদ্ধ শুরু থেকেই, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ ও বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা এবং আত্মসম্ভ্রম ও আত্মত্যাগের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরজ্জ্বোল দৃষ্টান্ত হয়ে আছেন নারী বীর মুক্তিযোদ্ধারা। মহান মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগ অপরিসীম। বিধবা হতে পারে জেনেও স্ত্রীরা স্বামীদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন। পুত্রহারা হতে পারেন জেনেও মায়েরা পুত্রদেরকে রণক্ষেত্রে পাঠিয়েছেন। নির্যাতিত হতে পারেন জেনেও কন্যারা অস্ত্রহাতে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও জাতীয় পর্যায়ে  দেশব্যাপী একসঙ্গে নারী বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয়নি। এবারই আলাদাভাবে বাংলাদেশের সব নারী  বীর মুক্তিযোদ্ধাদের একই দিনে, একই সময়ে, একইসঙ্গে সম্মাননা প্রদান করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান: একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে।’

লালমনিরহাটে একই দিনে শিক্ষার্থী ও ব্র্যাকের নারী কর্মীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে একই দিনে এক শিক্ষার্থী ও ব্র্যাকের নারী কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক হলে থাকা নিজ কক্ষ থেকে আল আমিন সরকার আবির নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কলেজ শিক্ষার্থী আল আমিন সরকার আবির টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর (আষারিয়া চালা) গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে। সে বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষের ছাত্র ছিলেন। কলেজের আবাসিক ছাত্রাবাসের দ্বিতীয়তলার একটি কক্ষে সহপাঠী রনি আহমেদের সঙ্গে থাকতেন।

শিক্ষার্থী আল আমিনের রুমমেট রনি আহমেদ জানায়, দুপুরে খাবারের সময় হলে আমরা আমাদের হলের সব শিক্ষার্থী খেতে যাই।তখনও সে রুমের মধ্যেই ছিলো। খাবার শেষে হলে ফিরে দেখি কক্ষটি ভিতর থেকে আটকানো ছিলো। পরে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাইনি।পরে তার ফোনে কল করলেও সে রিসিভ করছিলো না। রুমে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি আমাদের অধ্যক্ষ সাহেবা বেগমকে অবগত করি।পরবর্তীতে কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক ও হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

ওইদিন রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের হাড়িভাঙ্গা এলাকা থেকে মোছাঃ সামছুন্নাহার শিমা (২৩) নামেট ব্র্যাক এনজিও’র এক নারী কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি হাড়িভাঙ্গা এলাকার রবিউল ইসলাম মানিক নামের এক শিক্ষকের বাড়িতে ভাড়ায় থাকতেন।

নিহত সামছুন্নাহার শিমার সহকর্মী মোঃ রুমেল মিয়া জানান, আমরা ব্রাকের আওতাধীন তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সহকারী হিসেবে ৪ জন নারী ও ৩ পুরুষ কাজ করছি এবং স্থানীয় শিক্ষক রবিউল ইসলাম মানিকের বাড়িতে ভাড়ায় থাকি। গত ১৩দিন আগে শিমা সড়ক দুর্ঘনার কবলে পড়ে অসুস্থ হওয়ায় সে ছুটিতে ছিল। প্রতিদিনের ন্যায় আজকেও তাকে বাসায় রেখে আমরা বাকী ৬জন কাজে বাহির হই। সন্ধ্যায় ফিরে তার রুমটি ভিতর থেকে আটকানো দেখে তাকে ডাক দেই। অনেক ডাকাডাকি ও ফোনে কল করে কোন সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়িওয়ালাকে জানাই এবং জানালা খুললে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি ঘটনাই আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। দুটি লাশই উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলেই এই দুই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ব্যতিক্রমী জনসচেতনতা মুলক বিট পুলিশিং সভা ও পথনাটিকা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ শ্রী অঞ্জন কুমার পালের সভাপতিত্বে শ্রীমঙ্গল রেল স্টেশন প্লাটফর্মে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় যাত্রী সাধারণের সচেতন মূলক দেহ ও নিজ সম্পত্তি রক্ষা যথাস্থান বুকিং কাউন্টার থেকে ট্রেনের টিকেট ক্রয় নিজ নিজ ব্যবহৃত মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগেজ ইত্যাদি নিজ দায়িত্বে রাখা, জানালা খোলা অবস্থায় জানালার নিকট মোবাইল ফোন ব্যবহার না করা, মূল্যবান সামগ্রী ইত্যাদি ট্রেনের জানালার পাশে না রাখা। রেলওয়ে সামগ্রী চুরি রোধে, রেলওয়ের সম্পত্তি ও মানবসম্পদের কোনো ক্ষয়ক্ষতি না হওয়া, মাদক সংক্রান্ত অপরাধ যাতে সংঘটিত না হয় এবং নিজেরাও মাদকের সাথে এবং মাদক সংক্রান্ত অপরাধের সহিত জড়িয়ে না পরা এবং সর্বোপরি একটি নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা মূলক অসাধারণ বক্তব্য প্রদান করেন অফিসার ইনচার্জ।
তাছাড়া মৌলভীবাজার শিল্পকলা একাডেমি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং উচ্ছ্বাস থিয়েটার শ্রীমঙ্গল এর সহযোগিতায় “থিয়েটার এগোনিস্ট করোনা” করোনার বিরুদ্ধে নাটক “স্বপ্নচূড়া” নাটকটি মঞ্চস্থ করা হয়। শ্রী গোবিন্দ রায় সুমন এর রচনা ও দিক নির্দেশনায় একঝাঁক তরুণ তরুণীর সম্বলিত তাহাদের সুনিপুণ অভিনয় প্রদর্শনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আনন্দ দিয়ে প্রশংসা কুড়ান।

৬৫৪ বীর নারী মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

জাতীয় ডেস্কঃ ৬৫৪ বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৬৫ জন এবং বাকি বীর নারী মুক্তিযোদ্ধাকে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সম্মাননা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট/সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র দেওয়া হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সব বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর নিবাস’ নির্মাণ করে দেওয়া হবে।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন। জেলা, উপজেলাসহ দেশের বিশেষায়িত হাসপাতালসমূহে চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন সবই প্রদান করা হচ্ছে।

এসময় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের শুরু থেকেই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ ও বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা এবং আত্মসম্ভ্রম ও আত্মত্যাগের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে চির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন নারী বীর মুক্তিযোদ্ধারা। মহান মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগ অপরিসীম। বিধবা হতে পারেন জেনেও তারা স্বামীদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন। পুত্রহারা হতে পারেন জেনেও মায়েরা পুত্রদের রণক্ষেত্রে পাঠিয়েছেন। নির্যাতিত হতে পারেন জেনেও কন্যারা অস্ত্র হাতে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছরে ও জাতীয় পর্যায়ে একসঙ্গে দেশব্যাপী নারী বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয়নি। এবারই আলাদাভাবে বাংলাদেশের সব নারী বীর মুক্তিযোদ্ধাকে একই দিনে, একই সময়ে, একই সঙ্গে সম্মাননা প্রদান করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে।

দারুণ সুস্বাদু গরুর মাংসের আফগানি পোলাও

লাইফস্টাইল ডেস্কঃ আফগানি পোলাওয়ের সুনাম রয়েছে সব দেশেই। গরুর মাংস / খাসির মাংস , জাফরান, পোলাওয়ের চাল, ঘি, গাজর ও নানা পদের মসলা দিয়ে তৈরি এই পোলাও খেতে দারুণ সুস্বাদু।

আজ চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের আফগানি পোলাও তৈরির রেসিপি-

যা যা লাগবে-

গরুর মাংস কুচানো- ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি- ২টি, জাফরান- সামান্য, টমেটো সস- ২ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া- ১ টেবিল চামচ, ভাজা ধনে গুঁড়া- ১ টেবিল চামচ, কাজুবাদাম বাটা- ২ টেবিল চামচ, গরম মসলা- ১ চা চামচ, আদা-রসুন-কাঁচা মরিচ বাটা- ২ টেবিল চামচ, বাসমতি চাল- ২ কাপ, গাজর চিকন কুচি করে কাটা- আধা কাপ, নারিকেলের দুধ- দেড় কাপ, লবণ- স্বাদমতো, তেল- ১ কাপ, ঘি- আধা কাপ।

যেভাবে তৈরি করবেন-

তেল ও ঘি মিশিয়ে হালকা করে গাজর ভেজে নিন। চাল আধা সিদ্ধ করে মাড় ঝরিয়ে নিন। চালের সঙ্গে নারিকেলের দুধ ও লবণ দিয়ে রান্না করুন। ঝরঝরে ভাত হতে হবে। আদা, রসুন, কাঁচা মরিচ, কাজুবাদাম বাটা, গরম মসলা ও লবণ দিয়ে মাংস মেখে রাখুন। তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়িয়ে নিন।

একই তেলে মাখানো মাংস ভেজে নিন। দুই টেবিল চামচ তেল গরম করে মাংসের জন্য বাটা মসলা কষিয়ে নিন। কষানো হলে ভাজা মাংস, ভাজা পেঁয়াজের গুঁড়া, টমেটো সস, জাফরান ও পানি দিন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেল বেরিয়ে আসবে। পরিবেশনের পাত্রে পোলাও রেখে মাংস ওপরে ঢেলে দিন। এর ওপর গাজর ছড়িয়ে দিন।

৩২ কোটি ৯৩ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে ছোট বড় ২০৩টি প্রকল্প বাস্তবায়ন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পরিষদ জেলায় ৩২ কোটি ৯৩ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে মোট ২০৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানেয়েছেন জেলার ১১টি উপজেলায় স্ব স্ব এলাকার সংসদ সদস্য কর্ত্তৃক মনোনীত এসব প্রকল্পের অনুকুলে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নির্মান কাজ এগিয়ে চলেছে।

সূত্র জানিয়েছে, জেলায় গৃহিত বৃহৎ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬ কোটি ১ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে জেলার ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম, নওগাঁ জেলা সদরে ১৯ কোটি ৮৮ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে এক হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম নির্মান এবং ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নওগাঁ জেলা পরিষদ পার্ক উন্নয়ন কার্যক্রম। এই তিনটি প্রকল্প এডিপি’র অর্থায়নে ২০১৮-১৯ আর্থিক বছরে কাজ শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।

এডিপি’র অর্থায়নে ২০২০-২০২১ আর্থিক বছরে ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ছোট ছোট ১৩৬টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ৬১টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে এবং ৭৫টি প্রকল্প পিআইসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে ।

এদিকে ২০২০-২০২১ আর্থিক বছরে রাজস্ব খাতের অর্থায়নে ১ কাটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে আরও ৬৪টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ২২টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে এবং বাঁকী ৪২টি প্রকল্প পিআইসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

গাজীপুরে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার গণমাধ্যমকে জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। তারা বাইমাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের একজনের আনুমানিক বয়স ৩৫ বছর,  অন্যজনের ৪০ বছর। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেলে তাদের স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।