স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন শীর্ষক মতবিনিময়ে; ডিইইজি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইউটিলিটি, স্মার্ট গভর্মেন্ট, স্মার্ট সোসাইটি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক এবং মাদক, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ নানা পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় ১৭জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে বাস দুর্ঘটনায় স্বর্ণ খনিতে কাজ করা ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) আফগানিস্তানের তাখার প্রদেশে বাস উল্টে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

বার্তা সংস্থা এএনআই জানায়, বাসটি তাখার প্রদেশের চাহ আব জেলা থেকে আনজির এলাকায় সোনার খনির দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

হতাহতরা সবাই স্বর্ণ খনির শ্রমিক বলে জানিয়েছেন তালেবান সরকার নিযুক্ত চাহ আব জেলার গভর্নর মোল্লাহ জামানুদ্দিন। তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২০ সালের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ওই বছর আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ছয় হাজার ৩৩ জনের প্রাণহানি ঘটে, যা দেশটিতে মোট মৃত্যুর ২ দশমিক ৬ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এএনআই বলছে, বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হিসাবে আফগানিস্তান ৭৬তম। অনুন্নত মহাসড়ক, দায়িত্বজ্ঞানহীন চালক এবং দুর্বল যানবাহনের কারণে আফগানিস্তানের রাস্তায় বছরে হাজারো মানুষ প্রাণ হারান।

টিকটক বন্ধে নতুন হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্কঃ ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের চীনা মালিকরা তাদের শেয়ার বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে অ্যাপটি। গতকাল বুধবার (১৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ টিকটকের বিরুদ্ধে লাখ লাখ ব্যবহারকারীর কাছ থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ তৈরির অভিযোগ রয়েছে।

টিকটকের মালিকানা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের এই বিষয়টি প্রথমে প্রকাশ করা হয় ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। তবে টিকটক কর্তৃপক্ষ বলছে, ‘জোরপূর্বক’ কোম্পানি বিক্রয় তাদের তথ্যপ্রবাহ বা অ্যাক্সেস পরিবর্তন করবে না। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

জনপ্রিয় এই অ্যাপ থেকে সংগ্রহ করা তথ্য চীনা সরকারের হাতে পড়তে পারে বলে গত কয়েক বছর ধরে এমন উদ্বেগ জানিয়ে আসছেন মার্কিন কর্মকর্তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চায় বাইটড্যান্স চীন থেকে ‘স্পষ্ট বিরতি’ দিয়ে টিকটক থেকে নিজেদের বিচ্ছিন্ন করুক।

এর আগে, ২০২০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে টিকটকের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞার হুমকি দেয়া হয়েছিল।

সাংবাদিকদের ওপর হামলায় ডিবির দুঃখ প্রকাশ

জাতীয় ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার মধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সর্বোচ্চ আদালত এলাকায় ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ে করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

হারুন অর রশীদ বলেন, আসলে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে জন্য আমি দুঃখিত, মর্মাহত। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়। এই রকম জায়গায় এ ধরনের ঘটনা ঘটবে এটা আমাদের কাম্য ছিল না। দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করায় পুলিশকে তা হ্যান্ডেল করতে হয়েছে। এটা করতে গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। সঙ্গে আমার প্রিয় কিছু সাংবাদিক ভাইও আহত হয়েছেন।

ডিএমপি ডিবির প্রধান বলেন, এ জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কমিশনার মহোদয়ও দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই পবিত্র জায়গা হ্যান্ডেল করতে আমরা আরও সাবধান হব।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মুখোমুখি অবস্থানের ফলে বুধবার সারা দিন পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পুলিশের হামলায় সাংবাদিকসহ বিএনপির অনেক আইনজীবী আহত হন।

চলতি বছরই করোনা বিদায় নেবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্বাস্থ্য ডেস্কঃ এ বছর বিশ্বজুড়ে করোনা-সংক্রান্ত জরুরি অবস্থা আর থাকবে না। চলতি বছরেই বিদায় নেবে করোনা মহামারি। গত সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে এক অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ কথা বলেন।

তেদরোস আধানোম বলেন, করোনা মহামারি গত তিন বছরে মানব সভ্যতাকে বড় তিনটি ‘শিক্ষা’ দিয়েছে। এগুলো হলো- জনস্বাস্থ্যের গুরুত্ব, বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং মাস্ক, করোনা টিকা ও লকডাউনকে রাজনীতির আওতায় আনার বিপদ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের গুরুত্ব।

উল্লেখ্য, অনুষ্ঠানে জনস্বাস্থ্য খাতের সম্মানজনক থমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ পেয়েছেন তেদরোস আধানোম।

পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে সরকার

অর্থনীতিক ডেস্কঃ চাষিদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে সরকার। এতে বন্ধ রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, ১৫ মার্চের পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে।

এদিকে অনান্য বছরের মতো এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যদ্রবটির দাম না বাড়ে সেদিকে সরকারকে বাজার তদারকি ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।

ক্রেতারা জানান, বর্তমানে পেঁয়াজের দাম তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। তবে প্রতিবার রমজানের সময় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। তাই সরকারকে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা।

আর বেনাপোল বন্দরের পেঁয়াজ আমদানিকারক শামিম হোসেন জানান, চাহিদা কম থাকায় এবার রোজার আগে আপাতত পেঁয়াজ আমদানির চিন্তা নেই। তবে দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় আমদানি নিষিদ্ধ না করে কোটা নির্ধারণ করার দাবি জানান তিনি।

এদিকে চলতি অর্থবছরের ৬ মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার ৮৮৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন ও দাম স্বাভাবিক পর্যায়ে থাকায় গত ২ মাস ধরে ভারতীয় পেঁয়াজের আমদানির পরিমাণ অনেকাংশে কমেছে।

বর্তমানে বেনাপোল বন্দর এলাকার খোলা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

প্রাথমিকে বৃত্তির ফল তৈরির গাফিলতিতে ৫কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

শিক্ষা ডেস্কঃ প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল তৈরিতে গাফিলতির দায়ে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার (১৫ মার্চ) এ সংক্রান্ত নথিতে সই করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাঁচ কর্মকর্তার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পরিচালক প্রশিক্ষণ ড. উত্তম কুমার দাশ, পরিচালক প্রশাসন এস এম আনছারুজ্জামান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (আইএমডি) পরিচালক শাহীনুর শাহীন খানকে। বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে আইএমডি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায়ের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, বৃত্তি পরীক্ষার ফল তৈরিতে যাদের গাফিলতি ছিল, তাদের চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে দুটি তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। অপরাধের বিষয় বিবেচনা করে চারজনকে কারণ দর্শানোর নোটিশ ও একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অঘটন আর না ঘটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সফটওয়্যারের জটিলতার কারণে ভুল হওয়ায় সার্বিক ফলে সমস্যা দেখা দেয়। এর পর সেই ফলাফল স্থগিত করা হয়। পরে ১ মার্চ সংশোধিত ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় পূর্বের তালিকায় থাকা অনেকেই বাদ পড়ে।

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। গত মঙ্গলবার (১৪ মার্চ) স্থানীয় সময় রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম কলম্বিয়া রিপোর্টস।

সংবাদমাধ্যম কলম্বিয়া রিপোর্টস জানায়, কয়লা খনিটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে সুতাতাউসা এলাকায় অবস্থিত।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। অভিযান চালিয়ে হতাহতদের খনির ভেতর থেকে উদ্ধারে অভিযান শুরু হয়। তবে এখনও ওই খনির ভেতরে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে খনির ভেতরে জমে থাকা গ্যাসের কথা বলছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তেল ও গ্যাস কলম্বিয়ার আয়ের প্রধান উৎস। তবে প্রায়ই দেশটির বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এতে প্রতি বছরই প্রাণ হারান অনেক শ্রমিক।

রমজানে পণ্যের দাম বাড়ানো অত্যন্ত ঘৃণিত কাজ: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ রমজান মাসে পণ্যের দাম বাড়ানো অত্যন্ত ঘৃণিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০টি মডেল মসজিদের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রমজান মাস হলো কৃচ্ছতা সাধনের সময়। তাই রোজায় কালোবাজারিরা যাতে নিত্যপণ্যের সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে।

তিনি বলেন, মসজিদে জুমার খুতবার সময় আপনারা (ইমাম) কালোবাজারি, মজুতদারি বা খাদ্যে ভেজাল দেওয়া যে ঘৃণিত কাজ, এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করবেন।

সরকারপ্রধান বলেন, নিম্নআয়ের মানুষের জন্য আমরা বিশেষ কার্ড করে দিয়েছি। বেশি দামে চাল ক্রয় করে মাত্র ৩০ টাকা কেজি দরে আমরা তাদের দিচ্ছি। রমজান মাসকে সামনে রেখে আমরা আরও এক কোটি মানুষের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করব। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, চাল, তেল, চিনি, ডাল, যা যা দরকার সেগুলো যাতে ন্যায্যমূল্যে কিনতে পারে সে জন্য টিসিবির মাধ্যমে ন্যায্যমূলের কার্ড দিয়ে আমরা এ সহযোগিতা করে যাচ্ছি।

বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন জায়গার ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, স্বাগত বক্তব্য রাখেন ধর্মবিষয়ক সচিব কাজী এনামুল হাসান (এনডিসি)।

আমি গ্রেফতার হতে প্রস্তুত রয়েছি : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল-জাজিরা কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আমাকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনা রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ বানোয়াট। খবর-আল-জাজিরা 

গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে লাহোরে জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়িতে তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এই সময় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তাকে গ্রেপ্তার করতে না পেরে তার বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। এরপর ইমরান খানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে আল-জাজিরা।

ওই সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আইন অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমি জামিন পেয়েছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। বুধবার সকালে আমার আইনজীবীরা আদালতে এ পরোয়ানা চ্যালেঞ্জ করবেন।’