‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে (ভার্চ্যুয়ালি) যুক্ত হয়ে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়ে ৩৮তম এ বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায় এবারের বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিটসহ মোট ৫৩৪ টি প্রতিষ্ঠানকে ৭৭৬ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বই না পড়লে মনে হয় কী যেন হলো না, কি যেন জানলাম না। এই মেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা, কোনো কারণে এই মেলা হতে না পারলে আমাদের সকলেরই খারাপ লাগে।

তিনি বলেন, একটি জাতি সব সময় উন্নতি করতে পারে যদি তার ভাষা-সংস্কৃতিক উন্নতি হয়। আমাদের প্রতিটি আন্দোলনে আমাদের সংস্কৃতি সেবীদের অবদান রয়েছে। কবি, সাহিত্যিক, লেখক, সংস্কৃতিসেবী প্রত্যেকেই কিন্তু আমাদের আন্দোলন-সংগ্রাম এবং আমাদের অর্জনের পেছনে অবদান রেখে গেছেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বইমেলা শুরু হচ্ছে মাসের মাঝামাঝিতে। এই বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এ ছাড়া মহান একুশে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত।

কানাডায় জরুরি অবস্থা জারি করলেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনার বিধিনিষেধের বিরুদ্ধে কানাডায় চলা আন্দোলন দমনে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ৫০ বছরের মধ্যে এই প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক ভাষণে ট্রুডো এ জরুরি অবস্থা জারি করেন। খবর- নিউ ইয়র্ক টাইমস।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে বিপজ্জনক উল্লেখ করে বলেন, এ কার্যক্রম আর চলতে দিতে পারি না। তাই বাধ্য হয়ে, শেষ পদক্ষেপ হিসেবে কঠোর আইন (জরুরি অবস্থা) জারি করতে হলো।

তিনি আরও বলেন, অবৈধ বিক্ষোভের কারণে রাজধানীসহ আশপাশের লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে বিক্ষোভের ফলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে। আমরা এই বিপজ্জনক কার্যক্রম আর চলতে দিতে পারি না। তাই বাধ্য হয়ে শেষ পদক্ষেপ হিসেবে কঠোর আইন (জরুরি অবস্থা) জারি করতে হলো।

এর মাধ্যমে সরকার নাগরিক অধিকার নিশ্চিতকরণ, জনশৃঙ্খলা পুনর্বহাল, জনসমাবেশ নিষিদ্ধ বা কোনো এলাকায় ভ্রমণ সীমাবদ্ধ করতে পারবে। তবে ট্রুডো বারবার বলেছেন এ আইনটি মানুষের মৌলিক অধিকার হস্তক্ষেপের কারণে ব্যবহার করা হবে না।

ট্রুডো আরও বলেন, ‘আমরা মানুষের বাক স্বাধীনতা বা শান্তিপূর্ণ সমাবেশ সীমিত করছি না। আমরা জনগণকে আইনগতভাবে প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করতে বাধা দিচ্ছি না।’

উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর সরকারের জারি করা করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধের বিরুদ্ধে কানাডার রাজধানী অটোয়াতে জড়ো হয়ে গত ২৮ জানুয়ারী থেকে আন্দোলন গড়ে তোলে ট্রাক চালকরা। পার্লামেন্টের সামনে তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে আসছে তারা। আর এই পরিস্থিতিতেই জারি হল জরুরি অবস্থা।

ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর একজন বাংলাদেশী

ডিবিএন ডেস্কঃ ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর মধ্যে একজন বাংলাদেশী বলে নিশ্চিত করেছে জাতিসংঘ সদর দপ্তরের বাংলাদেশ স্থায়ী মিশন। তিনি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। আগামী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা ছিল জাতিসংঘের এই কর্মকর্তার। তার আগেই অপহরণের শিকার হন তিনি।

সুফিউল আনাম গত দুই দশক ধরে জাতিসংঘে কর্মরত আছেন। তিনি সংস্থাটির নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত অবস্থায় থাকাকালীন অপহরণের শিকার হন।

পাঁচ কর্মকর্তাকে উদ্ধারে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত বিভাগ কাজ করছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ স্থায়ী মিশন থেকে জানানো হয়, বাংলাদেশী কর্মকর্তাকে উদ্ধারে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এ ধরনের অপহরণের ক্ষেত্রে জাতিসংঘের দেওয়া তথ্যের বাইরে আর কোনো তথ্যের ওপর নির্ভর করার সুযোগ নেই। আবার উদ্ধার কার্যক্রমও কেবল জাতিসংঘই চালাতে পারে বলে জানায় বাংলাদেশ স্থায়ী মিশন।

গত শনিবার ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটিতে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ করা হয়েছে। সুফিউল ছাড়া বাকি চারজনই ইয়েমেনের নাগরিক বলে খবরে উল্লেখ করা হয়। বলা হয়েছিল, অপহরণের শিকার অন্যজন বিদেশি। তবে কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

জাতিসংঘের ইয়েমেন অফিস জানিয়েছে, সেখানকার স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে আলোচনা চলছে। স্থানীয় একটি গোষ্ঠী মুক্তিপণ দাবি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ ইয়েমেনে একটি ফিল্ড ট্রিপ করে যখন তারা রাজধানীর দিকে ফিরছিলেন তখন মাঝপথে স্থানীয় একটি গোষ্ঠী তাদের অপহরণ করে। সেখান থেকে তাদের অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়। শনিবার তারা জাতিসংঘের ইয়েমেন দপ্তরে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে।

কক্সবাজারে ১৯৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলের ট্যাঙ্ক থেকে ১৯ হাজার ৫০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার বাইপাস মোড়ে ডিবি পুলিশ এ অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি তালিম উদ্দিন মুন্না (২৫)। তার বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলের ট্যাঙ্কে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১৯ হাজার ৫০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেল তল্লাশি করে একপর্যায়ে তেলের ট্যাঙ্ক থেকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে থাকা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ।

পরে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাঙ্কি কেটে ৩০টি সরিষার তেলের বোতলে প্রতিটিতে ৬৫০ করে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পা দিয়ে লিখে টানা চারবার জিপিএ ৫, প্রধানমন্ত্রী ও শেখ রেহানা ফোনে জানালেন অভিনন্দন

সিএনবিডি ডেস্কঃ পা দিয়ে লিখে টানা চারবার জিপিএ ৫ পেয়েছেন যশোরের ঝিকরগাছার তামান্না আক্তার নূরা। জিপিএ-৫ পাওয়া অদম্য তামান্না আক্তার নূরার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ দুটি স্বপ্নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছিলেন তামান্না। সেই চিঠির প্রেক্ষিতে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় পৃথক দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল দিয়ে তামান্নাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। একই সঙ্গে তাঁরা দুই বোনই তামান্নার স্বপ্নপূরণে সব সহযোগিতার আশ্বাস দেন।

জন্ম থেকেই দুটি হাত ও একটি পা নেই তামান্না আক্তার নূরার। বাঁকড়ার আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় তামান্না আক্তার নূরা। সেই তামান্নাই এক পায়ে লিখে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন। এর আগে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ-৫ অর্জন করেন। সাফল্যের ধারাবাহিকতায় এবার এইচএসসিতেও রয়েছে। তার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে বিসিএস ক্যাডার ও গবেষক হওয়া।

বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান জানান, তামান্না আমাদের কলেজের শিক্ষার্থী। তামান্না প্রতিবন্ধকতা জয় করে সমাজকে দেখিয়ে দিয়েছে। শুধু পড়াশোনা না, তামান্না ভালো ছবিও আঁকে। এমনকি কম্পিউটার প্রযুক্তিতেও সে দক্ষ। জন্ম থেকেই তার দুটি হাত ও একটা পা নেই। অথচ একটা পা দিয়েই তামান্নার যুদ্ধ চলছে। আমি আশা করি সে ভবিষ্যতে ভালো কিছু করবে।

তামান্নার বাবা রওশন আলী বলেন, ছোটবেলা থেকেই তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি উপলব্ধি করে এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গবেষক হতে চায়।

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১০০ ডলারে উন্নীত

সিএনবিডি ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার পরিপ্রেক্ষিতেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৫৪ ডলারে পৌঁছেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর ৯৩ দশমিক ১০ ডলার। ২০১৪ সালের পর এটিই আন্তর্জাতিক বাজারে তেলের সর্বোচ্চ মূল্য।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির পূর্বাভাস, এ বছরে বিশ্বে তেলের চাহিদা দিনে ৩২ লাখ ব্যারেল বেড়ে সর্বকালীন রেকর্ড উচ্চতায় উঠতে পারে। সে ক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ তেলের জোগান বাড়িয়ে অনিশ্চিত বাজার কিছুটা শান্ত করতে পারে বলে মত তাদের।

গেল এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬ শতাংশ। এর আগে জানুয়ারি মাসে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৫০ শতাংশের ওপরে।

গত এক বছরের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ৬১ দশমিক ৭১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৬ দশমিক ৩৭ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬৭ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, গত বছর বিদ্যুতের বৈশ্বিক চাহিদা ৬ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে বিদ্যুতের মোট চাহিদা বৃদ্ধির অর্ধেকই হয়েছে চীনে। ২০২১ সালে দেশটিতে বিদ্যুতের চাহিদা ১০ শতাংশ বেড়েছে। এদিকে চীনসহ অনেক দেশ বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহারের নীতি থেকে বেরিয়ে আসার কারণে তেলের চাহিদা বাড়ছে। তাতে দাম আরও বাড়বে বলেই ধারণা করছেন বিশ্লেষকেরা।

এছাড়া, ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুতের দাম শতকরা প্রায় ১০ ভাগ বেড়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান গত এক সপ্তাহ ধরে বারবার বলে যাচ্ছেন, যেকোনো সময় ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরু করতে পারে। সেক্ষেত্রে একথা পরিষ্কার যে, মার্কিন র্কমকর্তাদের বক্তব্যে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজর।

অন্যদিকে, রাশিয়া মার্কিন অভিযোগ নাকচ করে জানিয়েছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।

ফের বেইলি সেতুর প্লেট ভেঙে যানচলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁওয়ে ফানাই নদীর ওপর থাকা বেইলি সেতুর ওপরের প্লেট ফের ভেঙে গেছে। এতে করে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে কুলাউড়া-রবিরবাজার সড়কের ওপর বেইলি সেতু দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ সেতুতে ভাঙনের ঘটনাটি ঘটে, পরে বিকাল সাড়ে ৪টার দিকে এটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়।

প্লেট ভাঙার কারণে সেতুর দুপাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। সেতুটি অনেক পুরনো হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন এ অঞ্চলের লক্ষাধিক মানুষ।

সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুটি সচলের কাজ করে যাচ্ছেন। এ নিয়ে বেইলি ব্রিজে গত দুই বছরে ১২-১৩বার সেতুর ট্র্যানজাম, পাটাতন ও প্লেট ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, প্রায় দুই যুগ হবে এই ব্রিজটি নির্মাণের। দীর্ঘদিন ধরে বেইলি ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ টনের অধিক ভারী যানবাহন সেতুতে না ওঠার জন্য সেতুর দুপাশে সাইনবোর্ড লাগানো হলেও তা উপেক্ষা করে প্রতিদিন ১০-১৫ টনের বেশি মালামাল নিয়ে সেতু পার হচ্ছে যানবাহনগুলো। বেইলি সেতুটি অনেক পুরাতন হওয়া ঘন ঘন ট্র্যানজাম, পাটাতন ও প্লেট ভেঙে যায়।

স্থানীয় রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল বলেন, সেতুটি অনেক পুরনো ও ঝুকিপূর্ণ। বার বার ভারী যানবাহন চলার কারণে এটির ট্র্যানজামসহ বিভিন্ন জায়গায় ভেঙে যায়। গত বছরের ১৮ মার্চ সেতুটির ট্র্যানজাম ভেঙে দুই দিন এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। এর আগেও গত কয়েক বছরে ৮-১০বার ট্র্যানজাম ও প্লেট ভাঙার ঘটনা ঘটেছে। সোমবার ফের সেতুর একটি প্লেট ভেঙে গেছে। এতে টিলাগাঁও, পৃথিমপাশা, কর্মধা ও রাউৎগাঁও ইউনিয়নের আংশিক এলাকার সাথে উপজেলা সদরের সবধরনের যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পরে।

সড়ক ও জনপথ বিভাগ (মৌলভীবাজার) কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুভাষ পুরকায়স্থ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে লোক পাঠাই। রবিবার রাতে সেতুর প্লেটে ভাঙন দেখা দেয়। সোমবার সকালে সংস্কারের কাজ শুরু হয়ে তা বিকাল সাড়ে ৪টা নাগাদ শেষ হয়। এখন যান চলাচল স্বাভাবিক।

মাটির দেয়াল চাপায় প্রাণ গেলো যুবকের

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে সোমবার (১৪ ফেব্রুয়ারি)নিজ বাড়িতে মাটির দেয়াল চাপা পড়ে বিপুল বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনার দিন দুপুরে নিজ বাড়িতে মাটির ঘরের দেয়াল ভাঙতে গেলে এ দুর্ঘটনা শিকার হয় বিপুল। সে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামের কালীচরন বর্মনের ছেলে।

প্রতিবেশীদের তথ্যমতে, পাকা বাড়ি নির্মাণের জন্য মাটির বাড়ির দেয়াল ভাংছিলেন বিপুল ও তার বাবা কালিচরন । দেয়াল ভাঙ্গার এক পর্যায়ে মাটির দেয়ালে চাপা পড়ে যান বিপুল বর্মন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে  ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গড়েয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছউদ্দিন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত এবং উভয়পক্ষের আরো ৫ জন আহত হয়েছেন। নিহত যুবকের নাম মিলন মিয়া (২৪)। তিনি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের আজিজল হকের পুত্র।

জানা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী গ্রামের আকবর আলী মাস্টারের সাথে ইটালুকান্দা গ্রামের খায়রুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৬জন আহত হয়।স্থানীয়রা  আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়।

আহতরা হলেন, গাছবাড়ি গ্রামের সোমা খাতুন (১৮), রনজন আলী (২৮) এবং ইটালুকান্দা গ্রামের আজিজল হক (৬০), রুবেল মিয়া (১৪) ও রিপন মিয়া (৩০)।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অলক কুমার বলেন, আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে আহতদের মধ্যে মিলন মিয়ার মৃত্যু হয়। আজিজল নামের এক আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, নিহতের মরদেহ সোমবার ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

২টি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাব ৯) এর অভিযানে দুইটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামে হানিফ মিয়ার বসতঘর থেকে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কুলাউড়াযর পৃথিমপাশা ইউপি গণকিয়া গ্রামের রেজান আলীর পুত্র হানিফ মিয়ার (৪০) বসতঘরে অভিযান চালায় র‍্যাব। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় তৈরী পাইপগান, ১০ টি দেশীয় অস্ত্র দা, ১টি  চায়নিজ কুড়াল, ২৩ টি সুচালে লোহার ফলাকা যুক্ত ধনুকের তীর উদ্ধার করা হয়। অভিযানের সময় হানিফ মিয়া বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেনি র‍্যাব- ৯।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বসু দত্ত চাকমার সাথে যোগাযোগ করা হলে মোবাইলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হানিফ বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। হানিফকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।