ঠাকুরগাঁওয়ে বিএমএসএফ জেলা কমিটির সভাপতি-তানু ও সম্পাদক-হিমেল

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্ক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আওতায় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষণাকৃত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের কমিটিতে দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে সভাপতি ও রাইজিংবিডির মঈনুদ্দীন তালুকদার হিমেলকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্যের নির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের এর নতুন কমিটিতে অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন, সহ-সভাপতিঃ নবীন হাসান (ডিবিসি নিউজ), সহ-সভাপতিঃ হাসান বাপ্পি (খোলা কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদকঃ শিশির মজুমদার সাদ্দাম (দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদকঃ মামুনুর রশিদ ( বাংলা টিভি), অর্থ বিষয়ক সম্পাদকঃ সোহেল রানা (newsbangla24), দপ্তর সম্পাদকঃ জাহিদ হাসান মিলু (দৈনিক ঊষার বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ আবু বক্কর সিদ্দিক (আমাদের নতুন সময়), আইন বিষয়ক সম্পাদকঃ রুবাইয়া সুলতানা বাণী (দৈনিক ইনকেলাব), ক্রীড়া সম্পাদকঃ আবু সালেহ (দৈনিক আনন্দ বাজার), সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদকঃ শারমিন হাসান (এশিয়ান টেলিভিশন), তথ্য ও গবেষণা সম্পাদকঃ তাহা রহমান (আনন্দ টিভি), কার্যকরী সদস্য ১ঃ শাহ মোঃ নাজমুল ইসলাম (দৈনিক সময়ের আলো) কার্যকরী সদস্য ২ঃ মোঃ শামসুজ্জোহা (দৈনিক সমকাল) কার্যকরী সদস্য ৩ঃ তারেক হাসান (দৈনিক ভোরের ডাক) কার্যকরী সদস্য ৪ঃ মাহাবুব আলম রুবেল (The daily Muslim times)

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, বিএমএসএফ সাংবাদিকদের একটি জাতীয় নেটওয়ার্ক। প্রায় প্রতিটি জেলায় এই সংগঠনের সদস্য রয়েছে। ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন থেকে আহ্বায়ক কমিটি দেওয়া ছিলো। যা এবার পূর্ণাঙ্গ রুপ পেয়েছে। এমন একটি প্লাটফর্মে কাজ করার সুযোগ পাওয়াটা বেশ আনন্দের।

নবগঠিত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর হাসান তানু বলেন, ঠাকুরগাঁও সহ সারা দেশের মূলধারার সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলার একটি প্লাটফর্ম হিসেবেই আমরা কাজ করবো। আমরা সংবাদকর্মীদের সমস্যা নিয়ে দেশব্যাপী ঐক্যমতের কণ্ঠস্বর হতে চাই। এই জেলায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহযোগী সংগঠন হিসেবেই কাজ করবে সাংবাদিক ফোরাম।

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য লুৎফর রহমান মিঠু বলেন,মফস্বলে বা মাঠপর্যায়ে কাজকরা সংবাদকর্মীরা বেশ সমস্যার শিকার হয়। বিএমএসএফ সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করছে। আশাকরি ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম জেলার সমস্যা গুলো এই নেটওয়ার্কের মাধম্যে দেশব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হবে।

নতুন কমিটির সফলতা কামনা করে উপদেষ্টা মন্ডলীর সদস্য মনসুর আলী বলেন, বিএমএসএফ এর ঠাকুরগাঁও কমিটিটি বেশ সুন্দর হয়েছে। প্রতিটি পরিশ্রমী ও মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিক নিয়েই নির্বাহী কমিটি সাজানো হয়েছে। এবং তিনি ঘোষিত এই সংগঠনের সফলতা কামনা করেন।

সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

কুলাউড়া থানার একটি বিশেষ দল তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে সোমবার (১৪ই ফেব্রুয়ারি) হোসাইন আহমেদ (২২) নামের এক ধর্ষকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধর্ষক হোসাইন আহমেদ ১৩ নং কর্মদা ইউনিয়নের পাট্টাই গ্রামের সম উল্লার ছেলে।

গত ১১ ফেব্রুয়ারী ২০২২ কুলাউড়া থানার কর্মদা ইউনিয়নে তিন বছরের একটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি বিনয় ভূষন রায়ের সার্বিক তত্ত্বাবধানে কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল ধর্ষক হোসাইন আহমেদ’কে গ্রেপ্তার করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান গ্রেপ্তারকৃত ধর্ষক হোসাইন আহমদকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালোবাসা দিবসে দুই শতাধিক শিশু রোগীর মাঝে ফুল ও ফল বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি)  ভালবাসা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “ওয়ান ফর এনাদার” এর পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের ২ শতাধিক শিশু রোগীর মাঝে ফুল-ফল বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ছাত্রদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “ওয়ান ফর এনাদার’ এর আয়োজনে বিতরণকালে শিশুদের মাঝে ফুল-ফল বিতরণ করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, বিশেষ অতিথি শিশু বিষেষজ্ঞ ডা: শাহজাহান নেওয়াজ, ডা: সাজ্জাদুর হায়দার শাহিন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়া, ছাত্রলীগ কর্মী নূুর মোহাম্মদ নান্নান প্রমুখ।

এ সময় ওয়ান ফর এনাদারের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, উপ-আহবায়ক মুন্তাছির মিনাল, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জীবন কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

ফাল্গুনের শুরুতে বিদায় শৈত্যপ্রবাহ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শীতের সমাপ্তি ফাল্গুনের প্রথমদিনই বিদায় নিয়েছে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। কিছুটা উষ্ণতায় হচ্ছে বসন্তবরণ। এখন তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকবে। বিলীন হতে থাকবে শীতের অনুভূতি। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ হয়। বিচ্ছিন্নভাবে দেশের তিনটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় তাকে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া দপ্তর।
রোববার (১৩ ফেব্রুয়ারি) পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত সোমবার রাত থেকে রাজধানীতে শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। এখন ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামী ২০ থেকে ২১ ফেব্রুয়ারির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে, এটা কী বলা যায়? এর জবাবে তিনি বলেন, আশা করা যায়। এই মুহূর্তে তাপমাত্রায় কোনো অস্বাভাবিকতা দেখছেন কি না- এ বিষয়ে ওমর ফারুক বলেন, মোটাদাগে বড় কোনো পরিবর্তন চোখে পড়ছে না। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল।

এছাড়াও সভায় কমিটির অন্য সদস্য, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বক্তব্য দেন, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাসেম, জমিরুল ইসলাম ও আতিকুর রহমান বকুল, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা পৌরশহরসহ উপজেলায় মাদকসেবন,বিক্রি ও মোটরসাইকেল চুরি বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যার কথা তাদের বক্তব্যে  তুলে ধরেন। এইসাথে তারা পৌর শহরে বেপরোয়া যানবাহন চালানোর কথাও বলেন। ওসি তার বক্তব্যে মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকার কথা বলেন। এইসাথে তিনি মোটরসাইকেল চুরি রোধে থানায় অভিযোগ করার কথা বলেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

জাতীয় ডেস্কঃ  আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে আজ শুরু হলো এ মেলা।

এছাড়া এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে। প্রকাশকরা জানান, ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজন করা হোক।

এদিকে প্রতিবছর মেলা বিকেল ৩টায় শুরু হলেও এবার মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে রাত ৯টায়। ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মেলার স্টল ও প্যাভিলিয়নগুলোতে এখন শোভা পাচ্ছে রঙ বেরঙের বই। া

আজ বিকেল ৩টায় ভার্চুয়ালি অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেওয়া হবে। এ বছর ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন।

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃতুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় স্ত্রী নাছরিন আক্তারকে হত্যার দায়ে মিলন মিয়া (৩০) নামে এক স্বামীর মৃতুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত মিলন মিয়া জেলার বারহাট্টা উপজেলার বৃ-কালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, আসামী মিলন মিয়া ২০১৬ সালে নরসিংদী জেলায় একটি ফ্রিজের দোকানে চাকরি করার সুবাদে ওই জেলার শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাছরিন আক্তারের সাথে পরিচয় ঘটে। পরে একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৬ সালের ১০ জানুয়ারি মিলন মিয়া ও নাছরিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

কিছুদিন পর তারা নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতে থাকে। এর পর মিলন মিয়া জানতে পারে যে,তার স্ত্রী নাছরিন একজন দেহ ব্যবসায়ী। সেই থেকে তাদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে এবং প্রায় সময়ই স্ত্রী নাছরিন স্বামী মিলন মিয়াকে মারধর করতো। এ অবস্থায় স্বামী মিলন মিয়া পরিকল্পনা করে স্ত্রী নাছরিন আক্তারকে ১৯ আগষ্ট রাতে প্রথমে ছুরি দিয়ে বুকে একাধিক আঘাত করে এবং পরে তাকে গলা কেটে হত্যার পর মৃতদেহটি পৌর শহরের হোসেনপুর এলাকার একটি ধানক্ষেতে ফেলে রাখে।

এ ঘটনায় ২০১৭ সালের ২০ আগস্ট নেত্রকোনা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ সোলায়মান হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে নাছরিন আক্তারের স্বামী মিলন মিয়াকে একমাত্র আসামী করে একই বছরের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।

এদিকে আদালত সাক্ষী প্রমান শেষ সোমবার এ রায় ঘোষণা করেন। মামলাটির আসামীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. নুরুল কবীর রুবেল এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার উদ্দিন আহাম্মদ।

রাণীশংকৈলে কন্দাল ফসল শীর্ষক কৃষক মাঠ দিবস

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ কন্দাল ফসল (আলু,মিষ্টি আলু, কচু,ওলকচু,লতিরাজ কচু, গাজর) চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। এসব ফসলের উন্নয়ন ও আবাদ বৃদ্ধির লক্ষে প্রদর্শনী ও সাধারণ কৃষদেরকে নিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি)মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া চৌরাস্তা সংলগ্ন মাঠে বনগাঁও ব্লকের কৃষকদের নিয়ে এক মাঠ  দিবস অনুষ্ঠিত হয়।

নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ- পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা কৃষিবিদ আবু হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম, আ’লীগ নেতা সহযোগী আধ্যাপক শফিকুল আলম, নন্দুয়ার ইউপির বিএনপির সাধারণ সম্পাদক  মো.আলিফ।

আরো বক্তব্য দেন প্রেসক্লা প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষক আঝহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক, ইউপি সদস্য হিরু, সুনামধন্য কৃষক পয়গাম আলী প্রমুখ।
এছাড়াও ওই ব্লকের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, কৃষক- কৃষানি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

অবশেষে অ্যাম্বাসাডর ব্রিজ ট্রাক চালকদের অবরোধ মুক্ত হলো

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে প্রায় এক সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে কানাডার আন্দোলনরত ট্রাকচালকদের মার্কিন সীমান্তবর্তী ‘অ্যাম্বাসেডর ব্রিজ’ থেকে সরাতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ।

মার্কিন আমেরিকা ও কানাডার এক-চতুর্থাংশ পণ্য পরিবহন হয় অ্যাম্বাসাডর ব্রিজ দিয়ে। কিন্তু কানাডায় করোনা মহামারি ঘিরে টিকাগ্রহণ বাধ্যতামূলক করার বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক চালকদের অবস্থানের ফলে প্রায় এক সপ্তাহ ধরে এ পথে পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে। এতে ব্যাপক মাত্রায় বিঘ্নিত হচ্ছে দুই দেশের বাণিজ্য।

এদিকে, এরইমধ্যে বাফেলো সংলগ্ন আমেরিকা-কানাডা সীমান্তের আরেক গুরুত্বপূর্ণ ক্রসিং- ‘পিস ব্রিজ’-এ জড়ো হতে শুরু করেছে বিক্ষোভকারীরা। আমেরিকার ভেতর থেকেও কিছু মানুষ তাদের সমর্থন জানাচ্ছে। সেখানকার পরিস্থিতি এখনও অচলাবস্থার দিকে যায় নি তবে  বিক্ষোভকারীদের মোকাবেলায় বাফেলো প্রস্তুত বলে জানিয়েছেন মেয়র বায়রন ব্রাউন।

একই শিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আদিবা বিনতে আজিজ নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার মো. সেলিম মিয়া তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির প্রধান হিসেবে নেত্রকোণার আধুনিক সদর হাসপাতালের ডাক্তার অভিজিত লোহকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর সাথে সদস্য রাখা হয় মেডিকেল অফিসার ডাক্তার উত্তম কুমার পাল ও ইপিআই তত্ত্বাবধায়ক মজিবুর রহমানকে।

এদিকে শিক্ষার্থীর শারীরিক অবস্থা উন্নতি হলেও পরিবারের লোকজনের আতঙ্ক কাটেনি। ওই শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা জানান আগের তুলনায় আমার মেয়ে কিছুটা সুস্থ আছে। তবে পরবর্তীতে এর জন্য কোনো সমস্যা হয় কিনা এ নিয়ে দুশ্চিন্তায় আছি। এ ঘটনায় বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ দায়ের করবো।

নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার মো. সেলিম মিয়া জানান, পর পর একই ব্যক্তিকে একসঙ্গে চার ডোজ টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। মদনের এক শিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।