বগুড়ায় পিকনিকের অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি): বগুড়ার সদর উপজেলায় ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিক করার এক অনুষ্ঠানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তুহিন বাবু ওরফে কুইন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে । এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মো. রহিম (৩২) ও একই এলাকার বাসিন্দা ঝন্টু (২৫) নামে আরও দুই যুবক। কুইন বগুড়া সদর উপজেলার নিশিন্দারা খাঁপাড়ার শহিদুল্লাহ ওরফে শহীদ ডাক্তারের ছেলে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার নিশিন্দারা পূর্ব খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুইনের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশিন্দারা এলাকায় একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় ১২ থেকে ১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে কুইনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে রহিম ও ঝন্টু নামে আরও দুই যুবক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক ৷

বগুড়ার উপ-শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী জানান, এ ঘটনায় জড়িতদের কেউ চিনতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।

ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্কঃ এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল চেলসি। এর আগে ২০১২ সালে প্রতিযোগিতাটির ফাইনালে খেললেও আসরে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ইংলিশ দলটির। কিন্তু এবার আর হতাশ হতে হয়নি দলটিকে। শিরোপা জিতেই মাঠ ছাড়ে ব্লুজরা। আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে শনিবারের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। জয়সূচক গোলটি করেন কাই হার্ভাটজ।

সেমিফাইনালে জয়ের নায়ক রোমেলু লুকাকু জালের দেখা পেলেন শিরোপা লড়াইয়ের মঞ্চেও। দ্রুত সমতা টেনে লড়াই জমিয়ে তোলে পালমেইরাস। অবশেষে অতিরিক্ত সময়ের শেষ দিকের গোলে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের উৎসবে মাতল চেলসি।

ম্যাচের ৫৫তম মিনিটে হেডে দুর্দান্ত গোল করে চেলসিকে এগিয়ে নেন বেলজিয়ান তারকা রোমালো লুকাকু। বাঁ দিক থেকে হাডসন উদোর মাপা ক্রসে বক্সের ভেতরে খানিকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন এই বেলজিয়ান তারকা। সেমিফাইনালেও লুকাকুর গোলে ফাইনাল নিশ্চিত করেছিল ব্লুজরা। ৬৪ মিনিটে সমতায় ফেরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। চেলসির ডি বক্সে থিয়াগো সিলভার হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করতে ভুল করেননি রাফায়েল ভেইগা।

নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেই বাজিমাত চেলসির। ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করেন কাই হ্যাভার্টজ। পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হাতে বল লাগায় হলুদ কার্ড দেখেন লুয়ান। ম্যাচের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয় পালমেইরাস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুয়ান।

অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে থাকছে যেসব নতুন ফিচার

প্রযুক্তি ডেস্কঃ আবার অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন নিয়ে হাজির হয়েছে গুগল। গত বছর অ্যান্ড্রয়েড ১২ নিয়ে এসেছিল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট, যদিও তা এখনও সে ভাবে বিভিন্ন স্মার্টফোনে আপডেট হয়নি। আর এরই মধ্যে আবার অ্যান্ড্রয়েড ১৩-র ডেভেলপার প্রিভিউ নিয়ে এসেছে এই টেক জায়ান্ট।

অ্যান্ড্রয়েড ১৩ ডেভেলপার প্রিভিউ থেকে জানা গেছে, এটি পিক্সেল ৬ প্রো, পিক্সেল ৬, পিক্সেল ৫এ ৫জি, পিক্সেল ৫, পিক্সেল ৪এ ৫জি, পিক্সেল ৪এ, পিক্সেল ৪এক্সএল এবং পিক্সেল ৪ ফোনে সাপোর্ট করবে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের আগস্ট মাসের শেষ দিকে অ্যান্ড্রয়েড ১৩-র ফাইনাল স্টেবল ভার্সন আসতে পারে।

অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে যেসব নতুন ফিচার থাকছে- 

১. ফটো ফিচার : কয়েক বছর আগে আইওএস ডিভাইসের প্রাইভেসি বাড়াতে একটি চমৎকার ফিচার নিয়ে এসেছিল অ্যাপল। সেই ফিচারে কোনও অ্যাপ ছবির অ্যাকসেস চাইলে, সেটা আপনার পছন্দ অনুযায়ীই হতো। অ্যান্ড্রয়েড ১৩-র ফটো ফিচার অ্যাপটিও সেরকম হতে চলেছে। এর মাধ্যমে যে কোনও অ্যাপকে আপনার পছন্দ অনুযায়ী ছবিরই অ্যাকসেস দিতে পারবেন। আপনার ফোনের অন্যান্য মিডিয়া ফাইলগুলির অ্যাকসেস সই অ্যাপ নিতে পারবে না। ফলে, ফোনের এবং আপনারও প্রাইভেসি বাড়বে।

২. ওয়াই ফাই সুবিধা : অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্টেড ডিভাইসে ওয়াই ফাই কানেক্ট করার জন্য অ্যাপগুলোকেও অনুমতি নিতে হবে।

৩. কাস্টম কুইক সেটিংস: নোটিফিকেশন সেটিংস সেকশনে অ্যান্ড্রয়েড ১৩ শর্টকাট ফাংশন দিবে। এটি হল সেই জায়গা যেখান থেকে আপনি ওয়াই-ফাই, ব্লুটুথ, ব্রাইটনেস লেভেল ইত্যাদি ঠিক করেন। এর ফলে আপনার ওই কুইক সেটিংস সেকশনে একটি বাটন থাকবে। আর সেখানে ট্যাপ করলেই আপনার ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাক্টিভ স্টেটাস টার্ন অফ করে রাখা যাবে।

৪. আপডেট থিম ইঞ্জিন : গুগল অ্যাপ নয় যেগুলি, সেগুলিকে মেটিরিয়াল ইউ ডায়নামিক কালার ইঞ্জিনের সুবিধা দিবে অ্যান্ড্রয়েড ১৩। এর ফলে এবার আপনার হোয়াটসঅ্যাপ আইকনও ওয়ালপেপারের কালার থিম ফলো করতে পারবে, এতদিন যে সুবিধাটা কেবল মাত্র গুগল অ্যাপের ক্ষেত্রেই উপলব্ধ ছিল।

৫. প্রি-অ্যাপ ল্যাঙ্গুয়েজ : অ্যান্ড্রয়েড ১৩ অ্যাপগুলোতে এবার সিস্টেম ল্যাঙ্গুয়েজের থেকে ভিন্ন ল্যাঙ্গুয়েজও থাকতে পারে, যাতে সামঞ্জস্যপূর্ণ কোনো কোড বুঝতে সমস্যা না হয়।

৬. ট্যাপ টু ট্রান্সফার: একাধিক ডিভাইস একই স্থানে এনে একটি ডিভাইসের মিডিয়া অন্য ডিভাইসে প্লে করার মত সুবিধা উপভোগ করা যাবে ট্যাপ টু ট্রান্সফার এর মাধ্যমে। এছাড়াও স্মার্ট হোম ডিভাইস দ্রুত কানেক্ট করতেও বেশ কাজে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৩-র এই ফিচার।

৭. বড় স্ক্রিনের জন্য অপটিমাইজেশন: বড় স্ক্রিন ও ফোল্ডেবল ফোনেও যে অ্যান্ড্রয়েড ভালোভাবে কাজ করতে পারে তা গুগল প্রমাণ করে অ্যান্ড্রয়েড ১২এল এর মাধ্যমে। অ্যান্ড্রয়েড ১৩ তে ট্যাবলেট, ফোল্ডেবল ও ক্রোমবুক এর কথা চিন্তা করে বড় স্ক্রিনের জন্য অপটিমাইজেশন নিয়ে এসেছে গুগল। তবে কি ধরনের আপডেট এই ক্যাটাগরিতে আসতে পারে সে সম্পর্কে পরিস্কারভাবে কিছু জানা যায়নি।

৮. অপট-ইন নোটিফিকেশনস : নোটিফিকেশন ম্যানেজমেন্ট ও ডিসপ্লে এর দিক দিয়ে আইওএস এর চেয়ে সবসময় এগিয়ে ছিলো অ্যান্ড্রয়েড। তবে অ্যাপল ডিভাইসসমূহের মতো পারমিশন ম্যানেজমেন্ট নিয়ে অ্যান্ড্রয়েড এর অবস্থান এত এগিয়ে ছিলোনা। তবে এই বিষয়ে নজর দিয়েছে গুগল, যার ফলস্বরুপ অ্যান্ড্রয়েড ১৩ তে নতুন ইন্সটল করা অ্যাপের নোটিফিকেশন এর জন্য পারমিশন চাওয়া হবে যার মাধ্যমে নোটিফিকেশন সরাসরি চালু বা বন্ধ করা যাবে।

৯. কিউআর কোড স্ক্যানার : বেশিরভাগ সময় অ্যান্ড্রয়েড ফোনে কিউআর কোড স্ক্যান করতে স্ক্যানার অ্যাপ, গুগল লেন্স বা ক্যামেরা অ্যাপ ব্যবহার করা হয়। তবে এই ব্যাপারটি আরো কিছুটা সহজ করতে সরাসরি কিউআর কোড স্ক্যানার এর কুইক টাইল যুক্ত হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১৩ তে। তবে এটি কি ক্যামেরা অ্যাপের এক্সটেনশন হিসেবে কাজ করবে নাকি কিউআর কোড স্ক্যানিং এর জন্য আলাদা অ্যাপ থাকবে সে সম্পর্কে জানা যায়নি। তবে এই ফিচারটি গ্রে আউট করা আছে যা হয়ত পরবর্তী কোনো আপডেটে কাজ করবে। যারা বেশি কিউআর কোড স্ক্যান করে, অ্যান্ড্রয়েড ১৩ এর এই নতুন কুইক টাইল ফিচার তাদের পছন্দের হতে চলেছে।

১০. ব্লুটুথ লো-এনার্জি অডিও : অ্যান্ড্রয়েডে ন্যাটিভলি ব্লুটুথ লো-এনার্জি অডিও যুক্ত হতে চলেছে। এর মাধ্যমে রেগুলার ব্লুটুথ অডিও স্ট্রিমিং এর বদলে একটি এফিসিয়েন্ট উপায়ে অডিও স্ট্রিম হবে যা কম এনার্জি ব্যবহার করেও একই অডিও কোয়ালিটি ডেলিভার করতে সক্ষম। গুগলের হিয়ারিং এইড প্রোটোকল এর জন্য ফুল সাপোর্ট এর পাশাপাশি মাল্টি-স্ট্রিম সাপোর্ট, একই সাথে একাধিক অডিও চ্যানেলে অডিও স্ট্রিমিং এর মত সুবিধা উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড ১৩ তে।

১১. নতুন ফিচারঃ গুগল একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার দ্বারা অ্যান্ড্রয়েড-এর কোনও নতুন ফিচার গুগল প্লে-র মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৩ ও তার পুরনো ভার্সনগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে অ্যান্ড্রয়েডে নতুন ফিচার পেতে আর সিস্টেম আপগ্রেড করার দরকার হবে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, অ্যান্ড্রয়েড ১৩-র ফটো ফিচারটি গুগল প্লে আপডেট থেকেই পেয়ে যেতে পারেন অ্যান্ড্রয়েড ১১ বা ১২ ব্যবহারকারীরা। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আপডেট করার কাজটি আরও সহজ হয়ে যাবে।

কক্সবাজার সমুদ্র সৈকতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে ৫ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ডাকাতির প্রস্তুতিকালে ঝাউবাগান এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পিছন থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- কক্সবাজার পশ্চিম লাহারপাড়া এলাকার মো. আবুল শমার ছেলে মো. জামশেদ (২০), আদর্শগ্রাম এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে মো. ইফনুছ (৪৬), দক্ষিণ ডিককুল এলাকার মো. বশির আহমেদের ছেলে মো. ইয়াছিন (২২), পশ্চিম লারপাড়া এলাকার সৈয়দের ছেলে মো. হামিম (১৮) ও একই এলাকার আবু তাহের মিয়ার ছেলে মো. নিজাম (১৯)।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকরা ঝাউবাগান এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সময় তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হয়েছেন। ফিল্ড মিশন শেষে এডেনে ফেরার পথে তারা অপহৃত হন। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশ থেকে শুক্রবার ওই পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। তাদের মুক্তি নিশ্চিত করতে ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছে জাতিসংঘ।

অন্যদিকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক নিউজ জানিয়েছে, ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মীর সংখ্যা ছয় জন। এ ছাড়া আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনি সন্ত্রাসীরা এই অপহরণের ঘটনার পেছনে রয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রুশ এই বার্তা সংস্থাটি।

এছাড়া, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনি সন্ত্রাসীরা এই অপহরণের পেছনে রয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা স্পুটনিক নিউজ।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ১০ম মৃত্যুবার্ষিকী

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (১৩ ফেব্রুয়ারী) বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ফরীদির ১০ম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালে এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি।

এ গুনী অভিনেতার দীর্ঘ কর্মময় বর্ণাঢ্য অভিনয় জীবন ছিল। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। চমকে দিয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি ভক্ত-দর্শকের মন।

হুমায়ুন ফরীদির জন্ম ২৯ মে, ১৯৫২, নারিন্দা, ঢাকা। বাবা এ টি এম নুরুল ইসলাম ছিলেন জুরী বোর্ডের কর্মকর্তা। বাবার বদলির চাকরির সুবাদে ফরিদীকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুরসহ অসংখ্য জেলায় ঘুরতে হয়েছে। মা বেগম ফরিদা ইসলাম গৃহিনী।

মদারীপুর ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল পাস দিয়ে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন। ১৯৭০ সালে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন। এরপর চলে গেলেন যুদ্ধে। নয় মাসের যুদ্ধ পরে লাল-সবুজের পতাকা হাতে ঢাকায় ফিরলেও ঢাকা ভার্সিটিতে ফেরেননি।

টানা পাঁচ বছর বোহেমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। অনার্সে তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন। ওই বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার পুরোধা ব্যক্তিত্ব নাট্যকার সেলিম আল দীনের ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন তিনি। ১৯৭৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম নাট্য উৎসব আয়োজনেরও প্রধান সংগঠক ছিলেন ফরীদি। সেখানে ‘আত্মস্থ ও হিরন্ময়ীদের বৃত্তান্ত’ নামে একটি নাটক লিখে নির্দেশনা দেন এবং অভিনয়ও করেন ফরীদি। ছাত্রাবস্থায়ই ১৯৭৬ সালে তিনি ঢাকা থিয়েটারের সদস্য হন। জড়িয়ে যান মঞ্চের সঙ্গে।

সেলিম আল দীনের ‘সংবাদ কার্টুন’-এ একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে ফরিদী মঞ্চে উঠে আসেন। অবশ্য এর আগে ১৯৬৪ সালে মাত্র ১২ বছর বয়সে কিশোরগঞ্জে মহল্লার নাটক ‘এক কন্যার জনক’-এ অভিনয় করেন। মঞ্চে তার সু-অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘শকুন্তলা’, ‘ফনিমনসা’, ‘কীত্তনখোলা’, ‘মুন্তাসির ফ্যান্টাসি’, ‘কেরামত মঙ্গল’ প্রভৃতি। ১৯৯০ সালে স্ব-নির্দেশিত ‘ভূত’ দিয়ে শেষ হয় ফরীদির ঢাকা থিয়েটারের জীবন।

এরপর আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘নিখোঁজ সংবাদ’ ফরিদীর অভিনীত প্রথম টিভি নাটক। যারা দেখেছেন বিটিভি’র ‘ভাঙ্গনের শব্দ শুনি’ (১৯৮৩) নাটকে সেরাজ তালুকদারের কথা মনে আছে নিশ্চয়। সেলিম আল দীনের রচনা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় এই নাটকে ফরিদীকে দেখা যায় টুপি দাড়িওয়ালা শয়তানের এক জীবন্ত মূর্তি রূপে। ‘আরে আমি তো জমি কিনি না, পানি কিনি, পানি’ কিংবা ‘দুধ দিয়া খাইবা না পানি দিয়া খাইবা বাজান’-এই সংলাপগুলো এখনও মন ছুঁয়ে যায়। সেগুলো নাকি আশির দশকে ভীষণ জনপ্রিয় ছিল।

ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদী দুবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন ১৯৮০’র দশকে। ‘দেবযানী’ নামের তার এক মেয়ে রয়েছে এ সংসারে। পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করলেও ২০০৮ সালে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে।

উল্লেখ্য, ২০০৪ সালে ‘মাতৃত্ব’ ছবির জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জীবদ্দশায় একুশে পদক না পেলেও ২০১৮ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন শক্তিমান এই অভিনেতা। নেতিবাচক চরিত্রের জন্য বিখ্যাত এই অভিনেতা ইতিবাচক চরিত্র দিয়েও ছিলেন সমানভাবে সমাদৃত।জীবদ্দশায় তিন দশকেরও বেশি সময় মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে অভিনয়ের মাধ্যমে রঙ ছড়িয়ে গেছেন নন্দিত ও বরেণ্য এই অভিনেতা।

কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ আব্দুল মালেক (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত আব্দুল মালেক হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমরপুর শোয়াগাজি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁওয়ের দেড় শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (শুয়েটার) বিতরণ করা হয়। রাজধানীর আই আর্ণ বিডি নামে একটি সংগঠনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার ১২ ফেব্রুয়ারি পৌর শহরের পীরগঞ্জ আজাদ স্পোটিং ক্লাবের শহিদ স্মৃতি মঞ্চে শিশু ও নারী, পুরুষের মাঝে বিতরণ করা হয় এসব শীতবস্ত্র।

আজাদ স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন, আই আর্ণ বিডি’র প্রোগ্রাম ডিরেক্টর ওয়াসি মাহমুদ মনি, কো অর্ডিনেটর রাইসোনা আলম,  পীরগঞ্জ আজাদ স্পোটিং ক্লাবের সহ সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন কে রানা, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সুবিধাভোগীরা শীতবস্ত্র পেয়ে ওই সংগঠনের প্রতি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২১’র ফল প্রকাশ

শিক্ষা ডেস্কঃ আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ।  গত বছর পাসের হার ছিল ১০০ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশে হার ৯৫.৪৫ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৯২.৮৫ শতাংশ। পাশের হারের দিক থেকে প্রথম স্থানে আছে যশোর বোর্ড। তাদের পাশের হার ৯৮.১১ % শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ডে পাশের হার ৯৬.৫২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।
যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৯৫.৭১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, চলমান মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

মোবাইল ফোনে যেভাবে ফল জানতে পারবেনঃ

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

ওয়েবসাইটে যেভাবে জানতে পারবেনঃ

নির্ধারিত ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে।

নদীর নাভ্যতা হারিয়ে গেছে, অস্তিত্ব নেই দেশীয় মাছের

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা জুড়ে অন্যতম নদী মনু, ধলাই, ফানাই, সোনাই ও জুড়ী এখন মূমূর্ষ অবস্থায়। অন্যদিকে মরে যাওয়া শাখা নদী বরাক, বিলাস, লাংলী, গোপলা ও আন ফানাই নদীর অস্তিত্বই বোঝার উপায় থাকে না শুষ্ক মৌসুমে। বর্ষা মৌসুমে পানির ধারণক্ষমতা না থাকায় নদী, গাঙ্গ ও হাওরগুলোর তীর ভেঙে প্লাবিত হয় আশপাশের গ্রাম। পানিতে তলিয়ে ক্ষতি হয় মানুষের ঘরবাড়ি ও চাষাবাদের জমি। উল্টো চিত্র শুষ্ক মৌসুমে। নদী, গাঙ্গ ও হাওরের বিলগুলোতে পানি না থাকায় চাষাবাদ নিয়ে বিপাকে পড়েন কৃষিজীবী লোকজন।

নদী ও হাওর তীরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান-মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মনু নদীর বিভিন্ন স্থানে শুষ্ক মৌসুমে চর জেগে ওঠে। কুলাউড়ায় ফানাই, কমলগঞ্জে ধলাই, জুড়ী উপজেলা জুড়ী ও সোনাই নদীর একই অবস্থা। মহাসংকটে কোনো রকম বেঁচে থাকা জেলার নদী, খাল, হাওর, জলাশয় ও গাঙ্গয়ের চিরচেনা দৃশ্যে এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। নানা সমস্যা ও সংকটে, নদীগুলোর অস্তিত্ব হুমকির মুখে।

দীর্ঘদিন ধরে সংস্কারহীনতায় এমন বেহাল দশা। কোনো স্থানে ভরাট হচ্ছে জেলার নদী, খাল, হাওর ও গাঙ। কিন্তু নেই কোনো সংস্কারের উদ্যোগ। বছরের পর বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ঐতিহ্য আর অস্তিত্ব টানপোড়নে, এখন শুধু মানচিত্রেই এসব নদী, গাঙ, ছড়া, খাল, জলাশয় ও হাওর। কিন্তু বাস্তব দৃশ্যে তার মিল নেই।

স্থানীয়দের শঙ্কা দূর্দশা চলমান থাকলে কয়েক বছরের মধ্যেই তা বিলীন হবে। তাদের আশংকা, প্রতিবছর পলি জমে ভরাট হচ্ছে- নদী, খাল, গাঙ, জলাশয়, জলাধার ও হাওরগুলো। আর এই সুযোগে চলে দখল উৎসবও।

জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে কুশিয়ারা নদীর একটি শাখা বরাক নাম ধারণ করে হবিগঞ্জের নবীগঞ্জ দিয়ে প্রবাহিত হয়েছে। শীতকালে বরাক একেবারে পানিশূন্য হয়ে পড়ে। শ্রীমঙ্গলের রাজঘাট দিয়ে প্রবাহিত লাংলী নদী হেতিমগঞ্জ নামক স্থানে বিলাস নদীতে গিয়ে মিলিত হয়েছে। পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসা এ নদীর রূপরেখা খালে পরিণত হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের বাসিন্দারা জানান, মঙ্গলের হাইল হাওরের পাশ দিয়ে বয়ে যাওয়া গোপলা নদী তার ঐতিহ্য হারিয়েছে, পলির কারণে ভরাট হয়ে গেছে।

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ের বাসিন্দারা জানান, ফানাই ও আন ফানান একসময় খরস্রোতা থাকলেও এখন নানা কারনে ভরাট হয়ে যাওয়াতে নেই সেই জৌলুস।

সিন্দুরখান এলাকার বাসিন্দারা জানান, লাংলী নদীর বিভিন্ন অংশ বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়। স্থানীয়দের কাছে লাংলী নদী নয় এখন তা কালেঙ্গিছড়া হিসেবে পরিচিত। শীতকালে এসব নদীর বুকে চাষাবাদ হয় শাকসবজি, চড়ানো হয় গরু, মহিষ ও ছাগল।

অন্যদিকে, মৌলভীবাজারের কুশিয়ারা নদীর অংশের তলদেশ পলি জমে ভরাট হওয়ায় দেশের বৃহত্তম হাওর হাকালুকি ও কাউয়াদীঘি সমান্তরাল। হাওর দু’টিও ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর ফসলহানী হাওর দু’টির নিত্যসঙ্গী। একই অবস্থা হাইল হাওরেরও। তাই মৌসুমে আউশ, আমন, বোরো ও সবজি চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা।

স্থানীয় কৃষিজীবীরা জানান, দীর্ঘদিন থেকে ভরাট হওয়া নদী, খাল, গাঙ, জলাশয়, জলাধার ও হাওরগুলোর পুনঃখনন না হওয়াতে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে আগের মতো তারা চাষাবাদ করতে পারছেন না। শীতকালে আগে কৃষকরা সেচ সুবিধা পেতো। তখন কৃষিক্ষেত্রে এসেছিল অভাবনীয় সাফল্য। এই নদীগুলো দিয়ে একসময় বড় লঞ্চ, নৌকা চলাচল করত। দেশের বিভিন্ন স্থানে ব্যবসা-বাণিজ্য ছিল এই নৌপথকে ঘিরে। অথচ এখন শুষ্ক মৌসুমে মানুষ পায়ে হেঁটে এই নদীগুলো পার হয়। এরই সাথে বড় সড়কগুলোর পাশে থাকা দেশীয় প্রজাতীর মাছের নিরাপদ অভয়াশ্রম এই জলাশয়গুলোও এখন নেই বললেই চলে।

মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ. স. ম ছালেহ সুহেল বলেন দেশীয় প্রজাতির মাছসহ জলজপ্রাণি, উদ্ভিদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভরাট হওয়া এ জেলার স্থানীয় খাল, জলাশয়, বিল, নদী, গাঙ্গ ও হাওরগুলো পরিকল্পিতভাবে দ্রুত খনন প্রয়োজন। এগুলো পুনখনন হলে তখন অবৈধ দখল থাকবে না। বন্যা ও খরা থেকে জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ, প্রতিবেশ ও দূর্লভ প্রজাতির নানা জীববৈচিত্রও রক্ষা পাবে।