এনটিআরসি’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীরা প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ঠাকুরগাঁওয় জেলা শাখা।

এদিন বিকালে পৌরশহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন জেলা শাখার আয়োজন মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রেীয় সহ- সভাপতি ফারহানা আজাদ, রংপুর বিভাগের আহবায়ক আব্দুল্লাহ রাজা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক অতুল কুমার রায়, মোকসেদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা সকল শিক্ষক পদে নিবন্ধনধারী চাকুরি প্রত্যাশীদের কোটা বিহীন প্যানেল ভিত্তিক নিয়োগ স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখাসহ ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করার দাবী জানান।

বিরল প্রজাতির জীবিত ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের নতুন প্রজাতির এই সাপটির নাম রেড কোরাল কুকরি স্নেক। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে  ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বড় বালিয়া থেকে সাপটি জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

জানা গেছে, রেড কোরাল কুকরি বিরল প্রজাতির একটি সাপ। উজ্জ্বল কমলা ও প্রবাল লাল বর্ণের এ প্রজাতির সাপটির বৈজ্ঞানিক নাম (Red Coral Kukri/ Oligodon kheriensis) বলে জানা গেছে। ১৯৩৬ সালে উত্তর প্রদেশের খেরি বিভাগের উত্তরাঞ্চল থেকে এই সাপ প্রথম দেখা পাওয়া যায়। উজ্জ্বল কমলা ও লাল প্রবাল বর্ণের এ সাপটি অত্যন্ত মোহনীয়। সাপটি মৃদু বিষধারী ও অত্যন্ত নিরীহ। এ সাপটি পৃথিবীর দুর্লভ সাপদের একটি। হিমালয়ের পাদদেশের দক্ষিণে ৫৫ আর পূর্ব-পশ্চিমে ৭০ কিলোমিটার এলাকায় এটি দেখা যায়। সাপটি নিশাচর এবং বেশির ভাগ সময় মাটির নিচে থাকে।

ঠাকুরগাঁও  সদর উপজেলা বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা সাপটি ধরে আমাকে খবর দিয়েছে। শুক্রবার সাপটিকে সেখান থেকে উদ্ধার করা হবে।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “সাপ উদ্ধারের খবরটি শুনেছি।

বিরল প্রজাতির সাপটি সংরক্ষণের জন্য বন্য ও প্রাণী অধিদপ্তরকে খবর পাঠানো হয়েছে। জানা যায়, বিরল প্রজাতির এ সাপটি খুব কম দেখা মেলে”।

বড়লেখার কাতার প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় মুহিবুজ্জামান মুন্না (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বুধবার (৯ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

মুন্না মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের মনিরুজ্জামান মনিরের ১ মাত্র সন্তান। দেশের বাড়িতে মুন্নার স্ত্রী, ১ ছেলে ও বাবা-মা রয়েছেন।

কাতার প্রবাসীদের সূত্রে জানা গেছে, মুহিবুজ্জামান মুন্না প্রায় ৬ বছর যাবত কাতারে ফুড ডেলিভারির কাজ করতেন। রোজ বুধবার রাতে মোটরসাইকেল যোগে খাবার ডেলিভারি দিয়ে ফেরার সময় চলন্ত মোটরসাইকেলসহ তিনি সড়কে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কাতার প্রবাসী আনোয়ার হোসেন সাজু কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, ‘চলন্ত মোটরসাইকেলে মুন্না হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

মুন্নার বাবা মনিরুজ্জামান মনির কান্নাজড়িত কণ্ঠে রোজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাংবাদিকদের বলেন, ‘আমার তিন ছেলে মেয়ে। এর মধ্যে আগে এক মেয়ে মারা গেছে। এখন আমার ১ মাত্র ছেলে মুন্নাও আমাকে ছেড়ে চলে গেল।’

বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিন প্রবাসে থাকা মুহিবুজজামান মুন্নার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁর মৃত্যুর খবর শুনে বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। তার বাড়ি সহ আশপাশে কান্নার শব্দে পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে। শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানানোর ভাষা ও হারিয়ে ফেলেছি।’

বগুড়ার শেরপুরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের দায়ে দুলাভাই আটক

মোঃজাহাঙ্গীরআলম (রাজশাহীপ্রতিনিধি): বগুড়ার শেরপুরের আন্দিকুমড়া গ্রামে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় থানা পুলিশ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুলাভাই শাহীন আলমকে (২৩) আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের রাজমিস্ত্রি সোলায়মান আলীর সঙ্গে পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ের গত দুই বছর আগে বিয়ে হয়।

বিয়ের কিছুদিন যেতে না যেতেই একই গ্রামের স্বামীর দুলাভাই শাহীন আলম ওই গৃহবধূকে নানাভাবে উত্যক্ত করে আসছে। এমনকি কু-প্রস্তাবও দেওয়া হয় তাকে। কিন্তু লম্পট দুলাভাইয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় মনে মনে ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত ০৮ ফেব্রুয়ারি দুপুর ১২ দিকে বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে দুলাভাই শাহীন আলম তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

রাণীশংকৈলে থানা পুলিশের উদ্যোগে হতদরিদ্র মোমেনার জন্য জমিসহ ঘর নির্মাণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ’দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে থানা পুলিশের অর্থায়নে রাণীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামে হতদরিদ্র মৃত: কাবিলের স্ত্রী মোমেনার জন্য বরাদ্দকৃত বাড়িটির কাজ প্রায় শেষের দিক।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে চলে হতদরিদ্র মোমেনা। এতোদিনে তার ভাগ্যে জোটেছে বসতভিটা ছিলোনা কোন থাকার জায়গা।তিনি নিরুপায হয়ে তার জামাইয়ের বাড়িতে থাকতো। এখন থানা পুলিশের সহায়তায় বসতবাড়িসহ একটি পাকা ঘর, উপহার দিচ্ছেন পুলিশ।

এমতাবস্থায় দুঃখে ভরা এ জীবনের শেষ বয়সে এসে পুলিশ আমাকে ঘর দিবে এটা ভাবতেও পারিনি মোমেনা কাঁদতে কাদতে এমনটিই বলছিলেন তিনি। তিনি আরো বলেন, যে পুলিশ মানুষ ধরে সে পুলিশ আবার এমন মানবিক কাজ করে এটা জানা ছিল না। আজ আমি খুশিতে আত্মহারা, পুলিশের জন্য দোয়া করবো সারা জীবন।

থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, “বৃটিশের পুলিশ আর নেই, পুলিশ আইনশৃংখলা রক্ষার পাশাপশি অনেক মানবিক কাজ করে থাকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৃষ্ট অচলাবস্থায় নিম্নবিত্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতার্তদের শীত বস্ত্র, পরিবেশ বাচাঁতে বৃক্ষরোপন।

বাংলাদেশ পুলিশ জনগনের প্রকৃত বন্ধু জরুরী সেবায় ৯৯৯ কল চালু, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, মানবিক সহায়তা,সাধারণ ডায়েরীতে (জিডি) অর্থ না নেওয়া, পুলিশ ভেরিফিকেশন ভীতি দূর করা। বেদে,যৌন পল্লীতে জম্ম নেওয়া শিশু কিশোর ও তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নিত্য-নৈমিত্তিক বিষয়। পুলিশ বাহীনিতে বর্তমানে মেধাবী ও চৌকস লোক রয়েছে। তিনি আরো বলেন, এবার পুলিশ সপ্তাহ ও মুজিব বর্ষ উপলক্ষে একজন হতদরিদ্রকে বাড়ী করে দেওয়া হচ্ছে।”

১৫ বছর পর পলাতক আসামি পুলিশের জালে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রতারণা, টাকা আত্মসাৎ, মানবপাচারের সাথে জড়িত পলাতক আসামি রেদওয়ান আহমেদ (রাহি) কে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রেদওয়ান আহমেদ (রাহি) মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দান এলাকার মৃত আব্দুল ওয়াদুদ এর ছেলে।

মৌলভীবাজার মডেল থানার তদন্ত কারী কর্মকর্তা এস আই মাহবুব জানান, গ্রেপ্তারি পরোয়ানাসহ বেশ কয়েকবার আসামির বাসায় খোঁজ নেন, কিন্তু তাকে তার বাসায় পাওয়া যায়নি। মামলার আসামি রাহি মুখে দাড়ি রেখে প্রায় ১৫ বছর যাবৎ ছদ্দবেশে পলাতক ছিলেন।

তিনি আরো জানান, মামলার আসামির বিরুদ্ধে, প্রতারণা, টাকা আত্মসাৎ, মানবপাচারের মত অসংখ্য অভিযোগ রয়েছে। টাকা আত্মসাৎ মামলায় আসামিকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয় এবং ঐ টাকা আত্মসাৎ এর মামলা এখনও দুদক দ্বারা পরিচালনা করছে।

আসামি সাধারণ জনগনকে বোকা বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে,সেই জায়গায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এর সাথে ছবি তুলে তাদের সাথে যে আসামির সখ্যতা রয়েছে তা দাবি করে ফেইসবুকে আপলোড করে আসছিলেন।

এই বিষয়ে সত্যতা নিশ্চিত করতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিনুল হক বলেন, আসামি ১৫ বছর বিভিন্ন ভাবে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়াচ্ছলো, কিন্তু শেষ রক্ষা হয়নি।

ঠাকুরগাঁওয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘর পেল ১১ অসহায় পরিবার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ১১টি অসহায় পরিবারকে সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর জমিসহ ১ টি কে ঘর দেয়া হয়েছে। গত বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিমানবন্দর এলাকার পস্তমপুর গ্রামে ওইসব উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রতিটি পরিবারকে ১ দশমিক ৫ শতক জমি ইতোমধ্যে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। ঘরগুলোতে দুটি বেডরুম, একটি বাথরুম ও একটি রান্নাঘর রয়েছে। ঘরগুলোর পাশেই ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে।

ঘর পেয়ে খুশি আবদুল্লাহ বলেন, আমরা রেলের জমিতে বসবাস করতাম। এই কষ্টের বিষয়টি আমরা সমাজকর্মী জুয়েল ভাইকে জানাই। তিনি আমাদের এই ঘরের ব্যবস্থা করে দিলেন। এখন আর কারও জমিতে থাকতে হবে না। আমাদের এখন নিজের জমি আর ঘর হলো। যারা আমাদের ঘর করে দিলেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক।

উপকারভোগী আমিনা খাতুন বলেন, আমাদের থাকার কোনো জায়গা ছিল না। আমাদের এ রকম টাকা-পয়সা নেই যে আমরা জমি কিনে ঘরবাড়ি করব। আমরা রেলের জায়গায় থাকতাম।  আস-সুন্নাহ ফাউন্ডেশন আমাদের ঘরের ব্যবস্থা করে দিল। আমরা এখন ভালোভাবে বসবাস করতে পারব। ইবাদত বন্দেগি করতে পারব। যারা ঘর করে দিয়েছেন, আল্লাহ তাদের মঙ্গল করুক।

ঘর পেয়ে খায়রুল ইসলাম বলেন, আমি ২০০৭ সাল থেকে ভাড়া বাসায় থাকতাম। জমি কিনে ঘর করার কোনো সামর্থ্য নেই আমার। বাসা ভাড়া পরিশোধ করা নিয়ে প্রতি মাসে অনেক কষ্ট করা লাগতো।  অবশেষে প্রতিমাসে ভাড়া দেওয়ার অবসান হলো। আমরা জমিসহ ঘর পেয়ে অনেক খুশি ও আনন্দিত। যারা এ কাজে সম্পৃক্ত আছেন, তাদের আল্লাহ ভালো করুন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বরত প্রতিনিধি আক্তার আহমেদ জুয়েল বলেন, আজকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১১টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হল। যাদের কোনো জমি নেই, বাসা ভাড়া নিয়ে থাকেন, মূলত তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা কয়েকজন মিলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে ১১টি পরিবারের জন্য জমিসহ ঘর তৈরি করে দেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে মানুষের সহযোগিতা করা আমাদের কর্তব্য। মানুষের মধ্যে সেই মানুষটিই উত্তম যিনি মানুষ ও মানবতার কাজ করেন। মানবতার জন্য ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল উদ্দেশ্য।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত- ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব

হুমায়ুন কবির: বাংলাদেশে এই নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ । তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, বিচার হওয়া উচিত। কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কি না এটা পরে সিদ্ধান্ত নিব। কারণ এই দেশে মামলা করেও কোন লাভ হয় না। সার্চ কমিটিকে আমরা মানি না উল্লেখ করে ফখরুল বলেন, ‘সার্চ কমিটিতে আমরা আমাদের কাওকে দিব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করেছে।’এ সময় তিনি আরো বলেন, ‘এই সরকারের অধিনে আগামী কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর দলকে নতুন ভাবে সাজানো হচ্ছে, অঙ্গসংগঠন ও মূলদল এর কমিটি নতুন ভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক ভাবে আমরা আলোচনা করতেছি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মোঃ তৈমুর রহমান, সহ-সভাপতি মোঃ আল মামুন আলম, ঠাকুরগাঁও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আমিন, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মিবৃন্দ।

ইয়েমেনে সৌদির গোয়েন্দা ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি জোটের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এক বিবৃতিতে জানায়, চীনে তৈরি সিএইচ-ফোর টাইপের এই ড্রোন হাজ্জাহ প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে যে, সা’দা এবং হাজ্জাহ প্রদেশ দখল করার উদ্দেশ্যে তারা ইয়েমেনের ভেতরে দুই ব্রিগেড সেনা মোতায়েন করেছে।

আল-মাসিরা টেলিভিশন চ্যানেল আরো জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর নতুন করে ৩৮ দফা বিমান হামলা চালিয়েছে। হাজ্জাহ, মা’রিব, বাইদা ও সানা প্রদেশের বিভিন্ন অবস্থানে এসব হামলা চালানো হয়।

জুড়ি সাফারি পার্কের প্রানীর জন্য ২০৩কোটি টাকা বরাদ্দ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আরেকটি বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ প্রকল্পের দিকে এগোচ্ছে সরকার। এই সাফারি পার্কটি নির্মাণ করা হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্বাচনী এলাকা জুড়ী। ৮৪৬ কোটি ২৫ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরে ওই পার্কের মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে বন অধিদপ্তর। জুড়ীতে লাঠিটিলা সংরক্ষিত বনের এলাকায় ওই পার্কে মূলত বিদেশি প্রাণী আনা হবে।

মহাপরিকল্পনা অনুযায়ী, সাফারি পার্কটিতে বন্য প্রাণী বাবদ ২০৩ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে শুধু বন্য প্রাণী কেনা বাবদ রাখা হয়েছে ১৮২ কোটি টাকা। বাকি টাকা রাখা হয়েছে আমদানি করা প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খাতে ব্যয়ের জন্য। তবে বন বিভাগ ওই বরাদ্দ কিছুটা কমিয়ে বন্য প্রাণী কেনা বাবদ বরাদ্দ ১৪৬ কোটি রাখার প্রস্তাব করেছে।

পরিকল্পনায় সিংহ, বাঘ, জিরাফ, জেব্রাসহ ১৩৭ ধরনের বন্য প্রাণী ক্রয়ের কথা বলা হয়েছে। বন্য প্রাণীর বড় অংশ আমদানির কথা বলা হয়েছে আফ্রিকা থেকে। চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৬ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার কথা বলা হয়েছে। আর সাফারি পার্কটির বাজেটের মধ্যে এক কোটি টাকা রাখা হয়েছে বিদেশে প্রশিক্ষণ বাবদ।

পরিবেশবাদীদের পক্ষ থেকে বলা হচ্ছে, লাঠিটিলা সংরক্ষিত বন দেশের অন্যতম জীববৈচিত্র্য এবং বন্য প্রাণীপূর্ণ এলাকা। বন উজাড় হওয়া ও চোরা শিকারিদের তৎপরতায় সেখানকার প্রাণীরা এমনিতেই বিপদে আছে। তাদের সংরক্ষণের জন্য কোনো আলাদা উদ্যোগ বা প্রকল্প না নিয়ে সেখানে সাফারি পার্ক নির্মাণের উদ্যোগে প্রাণীরা আরও বিপদে পড়তে পারে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বন এলাকায় এ ধরনের সাফারি পার্ক নির্মাণ কোনোভাবেই উচিত না। এ ধরনের প্রকল্পের কারণে লাঠিটিলা সংরক্ষিত বনের জীববৈচিত্র্য যতটুকু টিকে আছে, তা আরও ধ্বংসের দিকে যাবে। সরকারের উচিত সাফারি পার্ক নির্মাণ করা থেকে সরে আসা। সুলতানা কামাল বলেন, পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত থাকা অনেকে এ ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। এটা অনৈতিক ও স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে।

লাঠিটিলা সংরক্ষিত বনের মোট আয়তন ৫ হাজার ৬১৫ একর। এর মধ্যে ১৭৫ একর জায়গায় সাফারি পার্কের মূল অবকাঠামো নির্মাণ করা হবে। তবে বনের বাকি অংশ সাফারি পার্কের আওতায় চলে আসবে। সাফারি পার্ক নির্মাণ বিষয়ক সমীক্ষা ও মহাপরিকল্পনা বন বিভাগ গ্রহণ করেছে। এখন তারা তা মন্ত্রণালয়ে প্রকল্প হিসেবে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বঙ্গবন্ধু সাফারি পার্ক, মৌলভীবাজার প্রকল্পের পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বনের একটি অংশ দখল করে পুরোপুরি গ্রাম বানানো হয়েছে। মূলত এই গ্রাম দুটির মধ্যে আমরা সাফারি পার্কটি নির্মাণ করছি। পার্কটি রাস্তার পাশের জায়গায় নির্মাণ করা হবে। ফলে বনের তেমন ক্ষতি হবে না। উল্টো এই পার্কের মাধ্যমে বনভূমিটি আরও সমৃদ্ধ হবে।’

মহাপরিকল্পনায় বলা হয়েছে, প্রস্তাবিত সাফারি পার্কের ২০ কিলোমিটারের মধ্যে মাধবকুণ্ড ইকোপার্ক রয়েছে। এ ছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যান এই পার্কের ৫০ কিলোমিটার এবং হাকালুকি হাওর ২৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত। ওই দুই পার্ক ও উদ্যানে বছরে ১ লাখ ২০ হাজার এবং ২ লাখ ভ্রমণকারী যায়। বঙ্গবন্ধু সাফারি পার্ক হলে বছরে সেখানে ১৫ থেকে ২০ লাখ দর্শনার্থী যাবে। সেখান থেকে বছরে ২৫ থেকে ৩০ কোটি টাকা আয় হবে বলে মনে করা হচ্ছে। আর পার্কটির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০ মানুষের কর্মসংস্থান হবে।

এর আগে ১৯৯৯ সালে কক্সবাজারের ডুলাহাজারায় বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে একটি এবং গাজীপুরে আরেকটি বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মিত হয় ২০১৩ সালে। ওই দুটি সাফারি পার্ক নির্মাণের প্রাথমিক দায়িত্বে ছিলেন বন বিভাগের সাবেক বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক তপন কুমার দে। এই সাফারি পার্কের প্রাথমিক সমীক্ষা করার ক্ষেত্রেও সাবেক এই বন কর্মকর্তা যুক্ত রয়েছেন।

ওই দুই সাফারি পার্কের মধ্যে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে সম্প্রতি ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহী মারা গেছে। এ নিয়ে সারা দেশে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। কী কারণে প্রাণীগুলো মারা গেল, এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

তপন কুমার দে বলেন, ‘আমরা নতুন সাফারি পার্কে প্রাণীদের জন্য খাদ্য হিসেবে ঘাস ও অন্যান্য ফসল রোপণ করার পরিকল্পনা করেছি। আগের সাফারি পার্কগুলোতেও ছিল। কিন্তু তা কাজে লাগানো হচ্ছে না।’

নিজ এলাকায় সাফারি পার্ক নির্মাণের বিষয়ে মন্ত্রী শাহাব উদ্দিনের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান বলেন, ‘দেশের সংরক্ষিত বনে সাফারি পার্ক কেন নির্মাণ করার দরকার হচ্ছে আমি তা বুঝতে পারছি না। বনের যে বন্য প্রাণীগুলো আছে, সেগুলো ঠিকমতো সংরক্ষণে বন বিভাগের মনোযোগ দেওয়া উচিত। এই সাফারি পার্ক নির্মাণ করলে লাঠিটিলা বন ধ্বংসের দিকে এগিয়ে যাবে।