ফুলবাড়ীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৯ ফেব্রুয়ারী সকাল ১১টায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট ফুলবাড়ী শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট ফুলবাড়ী শাখার আহব্বায়ক ও শিমুলবাড়ী মিয়াবাড়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মুহাঃ ছদরুজ্জামান, খোঁচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ শামছুল হক, শিক্ষক নেতা লুৎফর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ইউপি নির্বাচনে তৃতীয় বারের মতো নবনির্বাচিত হওয়ায় কাজী আবুল খায়ের চেয়ারম্যানকে গণসংবর্ধনা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লাঃ ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব কাজী আবুল খায়ের চেয়ারম্যান পুনরায় তৃতীয় বারের মতো নির্বাচিত হওয়ায় ৪নং ওয়ার্ডের নগরপাড় গ্রামের সর্বস্তরের জনগণ এর উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল মেম্বারের সভাপতিত্বে এক বিশাল গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

৮ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ মঙ্গলবার নগরপাড় কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জনাব কাজী আবুল খায়ের চেয়ারম্যান , ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত জনাব রাম প্রসাদ মেম্বার।৪,৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শিমুল বেগম মেম্বার।মোঃ মনির হোসেন, মোঃ গোলাম জিলানী এবং গুনজর ইসলামিয়া আলিম মাদরাসার ইংরেজি শিক্ষক মোঃ খোরশেদ আলম।

এর পূর্বে সংবর্ধিত অতিথি ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যানকে অত্র এলাকার বিভিন্ন সংগঠন এবং পেশাজীবি নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন।

সর্বশেষ সভাপতির বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে স্ত্রীর প্রেমিককে আইসিইউতে পাঠালেন স্বামী

গাজীপুর প্রতিনিধিঃ প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে স্ত্রীর প্রেমিককে হাসপাতালের আইসিইউতে পাঠিয়েছেন এক স্বামী। নির্যাতিত নাজমুলকে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন নাজমুল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে।

জানা গেছে, জাহিদের স্ত্রী সুলতানা আক্তার পরকীয়া প্রেমিক নাজমুলের সঙ্গে দেখা করতে গেলে পিছু নেয় জাহিদে। পরে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়ে জাহিদ ভাড়া করা লোকজন নিয়ে হামলা চালান প্রেমিক নাজমুলের ওপর। বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন নাজমুলকে। গত রোববার চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায়। নির্যাতনের স্বীকার নাজমুল উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় পোলট্রি ব্যবসায়ী।

নাজমুলের শ্বশুর মো. লিয়াকত আলী বলেন, জাহিদের এলোপাতাড়ি মারপিটে নাজমুলের ডান পায়ের হাঁটুর নিচে ভেঙে গেছে। এতে চামড়ার ওপর হাড় বেড় হয়ে যায়। মাথার তালুর হাড় ভেঙে মাথায় রক্তক্ষরণ হয়েছে। মাথার ভেতর রক্ত জমাট হয়ে গেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাজমুল ইসলামের ছোট বোন। অভিযুক্তরা হলেন, উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙা গ্রামের গিয়াস উদ্দিনের জামাতা জাহিদুল ইসলাম ও তার মেয়ে সুলতানা আক্তার।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাওরে বাদাম চাষে অপার সম্ভাবনা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে প্রতি বছরই হয় বাদামের চাষ। হাকালুকি হাওরের মাটি বাদাম চাষের উপযোগী ও আবহাওয়া অনুকূলে থাকায় বাদাম চাষে দিনদিন আগ্রহী হচ্ছে কৃষকেরা। সরকারি সহযোগিতা ও পরামর্শ পেলে হাকালুকি হাওরে বাদাম চাষে আশার আলো দেখবেন চাষীরা। বর্ষার হাকালুকি হাওরে থাকে অবিরাম জলরাশি। কিন্তু শীত মৌসুমে হাকালুকির বুক চিরে চারিদিকে শুধু রবি শস্যের সবুজে সমারোহ। এ সময় পুরো হাওর যেন সবুজের হাতছানি দিয়ে ডাকে সবাইকে। শীত মৌসুমে সবুজের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও এলাকার হাকালুকি হাওরে গিয়ে দেখা যায়, হাওরের বিস্তীর্ণ এলাকাজুড়ে ফসলের মাঠ। ফসলের সবুজ মাঠের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে আকর্ষণীয় বাদাম ক্ষেতের মাঠ। বাদামের মাঠে কাজ করার সময় চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছর থেকে হাওরের বুকে বাদামের চাষ হয়ে আসছে। কম খরচে ফলন ভালো হওয়ায় বেশিরভাগ চাষি অন্যান্য ক্ষেতের পাশাপাশি এখন বাদাম চাষে নজর দিচ্ছেন। বাদামের পাশাপাশি অনেকে একই জমিতে সম্বনিত ভাবে বিভিন্ন ফসলের চাষ করছেন।

আলাপকালে বাদাম চাষী মোঃ হোসেন বলেন, গত কয়েক বছর থেকে যাবত আমি বাদাম চাষ করছি। উপজেলা কৃষি অফিস থেকে আমাকে ৮ কেজি বাদামের বীজ দিয়েছে। এছাড়াও বাজার থেকে আমি আরো বীজ এনে মোট আড়াই কিয়ারে বাদাম রোপণ করেছি। এবার বাদামের ভালো ফলন হয়েছে আমার। এবছর ২ কিয়ার জায়গায় বাদামের চাষ করেছি। এ বছর আশা করছি ভালো বাদাম উৎপাদন হবে।

তিনি আরও বলেন, বাদামের পাশাপাশি বিভিন্ন রকমের শাক-সবজি চাষও শুরু করেছি। বিশেষ করে বাদামের পাশাপাশি, কুমড়া ও সূর্যমুখী চাষ করছি। এগুলো চাষ করে বেশ লাভবান হব, ইনশাআল্লাহ।

জুড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্ম’দ জসিম উদ্দিন বলেন, উপজেলায় এবছর বেশ কয়েকজন কৃষক জমিতে বাদাম চাষ করেছেন। তাদের অনেকেই সরকারিভাবে বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে হাকালুকি হাওরে। বাদাম চাষের জন্য হাকালুকির মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এখানে বাদামের ফলন ভালো হয়। এছাড়া অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ ও পরিশ্রম কম লাগে। আশা করছি এবার বাদামের ভালো ফলন হবে।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন, জেলায় ধীরে ধীরে বাদাম চাষের চাহিদা বাড়ছে। জুড়ী ও বড়লেখা উপজেলায় সবচেয়ে বেশি বাদাম চাষ হচ্ছে। রোগবালাই ও খরচ কম হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আগামীতে এ ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

ঠাকুরগাঁওয়ে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হওয়ায় এলাকায় চাঞ্চল্য

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক ছেলে নিজের লিঙ্গ পরিবর্তন (ট্রানজেন্ডার) করে মেয়ে হয়েছেন। এ নিয়ে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া গ্রামে চলছে তোলপাড়। দলে দলে লোক ভীড় করছে ওই বাড়িতে। ২৭ জানুয়ারি ১৯৯৯ সালে ওই গ্রামে ছেলে হয়ে জন্ম নেন সুবল শীল। সুবল শীল থেকে রূপান্তরিত নারী হওয়া মেধা শর্মা উপজেলার থুমনিয়া গ্রামের আলো রানী ও জগেশ শীলের সন্তান।

সেখানকার পরিবেশে বেড়ে ওঠেন সুবল । কিশোর বয়সে সুবলের আচরণ ছিল মেয়েদের মতো। আলতা, শাড়ি, চুড়ি পড়তে তার ভালো লাগতো। এ জন্য পাড়ার বন্ধুরা তাকে ‘হিজড়া’ বলে হাসাহাসি করতো। সুবলের মনেও প্রশ্ন জাগতো সে পুরুষ নাকি মেয়ে। এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিলো না তার। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চিকিৎসার মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে সুবল শীল থেকে হয়েছেন মেধা শর্মা।
পুরুষ থেকে রূপান্তরিত নারী হওয়া মেধা শর্মার মা আলো রানী ও বাবা জগেশ শীল বলেন, সুবল যখন ছোট তখন থেকে তার আচরণ মেয়েদের মতো। মেয়েদের মতো সাজগোজ করতে তার ভালো লাগতো। আমরা অনেক চিন্তিত ছিলাম। অনেক চেষ্টা করেও তার আচরণ আমরা পাল্টাতে পারিনি। এমন স্বভাব পাল্টাতে অনেক গালমন্দও করতাম। কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে আমার ছেলে এখন রূপান্তরিত মেয়ে। রূপান্তরিত নারী হওয়ার সিদ্ধান্তে প্রথমে রাজি হননি বাবা মা। পরবর্তীতে সন্তানের সুখ মনে করে সন্তানের ইচ্ছাকেই মেনে নিয়েছেন তারা। এখন পরিবারের সবার সঙ্গেই মিলেমিশে রয়েছেন তিনি। মেধার পরিবারে বাবা-মা, দাদিসহ রয়েছে আরও এক ভাই ও এক বোন। তারাও তাকে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন তিনি।
মেধা শর্মা জানান, লিঙ্গ পরিবর্তন চিকিৎসাকালীন পরিবার ব্যাতীত সবার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। হঠাৎ বাড়িতে এসে পাড়ায় জানাজানি হলে সবাই তাকে দেখতে বাড়িতে ভিড় জমায়। অনেকেই খারাপ মন্তব্যও করে। আবার অনেকে সাপোর্ট করে অনুপ্রেরণাও জোগায়।
তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমার ইচ্ছাশক্তি আর আমার স্বপ্ন। আমার পরিবার আমাকে মেনে নিয়েছে। আমি আমার পরিবার ও সমাজের জন্য কিছু করতে চাই। সমাজের অধিকাংশ মানুষ মনে করছে আমি এখন সমাজের বোঝা। কিন্তু আমি আমার কাজ দিয়ে এ ধারণা বদলাতে চাই। নিজেকে একজন এয়ার হোস্টেজ হিসেবে দেখতে চান মেধা শর্মা। পাশাপাশি করতে চান মডেলিং। সেই সঙ্গে রূপান্তরিত নারীদের এগিয়ে নিয়ে যেতে চান নিজে নেতৃত্ব দিয়ে।
স্থানীয় তাপস রায় বলেন, ছোটবেলা থেকেই সুবলের কথা ও চলাফেরা মেয়েদের মতো ছিল। এমন স্বভাবের জন্য তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করতো। পরিবার অনেক চেষ্টা করেও তার এমন স্বভাব বদলাতে পারেনি।
ঠাকুরগাঁও জেলা উদীচীর সাধারণ সম্পাদক সংস্কৃতি কর্মী মো. রেজওয়ানুল হক রিজু ও জেলার সাংবাদিক মজিবর রহমান শেখ বলেন, মেধা শর্মার পরিচয় সে একজন মানুষ। তার ইচ্ছা, তার স্বপ্ন পূরণ করতে সমাজের সব মানুষের এগিয়ে আসা উচিৎ। তাকে কটাক্ষ না করে সহযেগিতা করা উচিৎ। তার সমঅধিকার নিশ্চিত হবে সমাজে এটাই প্রত্যাশা করি।

কক্সবাজারে পেটে ১০০০ পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধিঃ চট্টগ্রামের কক্সবাজার জেলার কলাতলী থেকে পেটে ১০০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত ব্যক্তি মোহাম্মদ আলী (২২) উখিয়ার পালংখালীর বাসিন্দা।

তিনি জানান, গত মঙ্গলবার রাতে শহরের কলাতলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব। এ সময় এক যুবককে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

শেখ সাদী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করেন। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আত্রাই ২নং ভোঁপাড়া ইউপি’র চেয়ারম্যনের দায়িত্ব গ্রহন করলেন মোঃ নাজিমুদ্দিন মন্ডল

নওগাঁ প্রতিনিধিঃ ইউনিয়ন বাসীর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আত্রাই উপজেলার ২নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল ও সংরক্ষিত মহিলা সদস্যারা এবং ইউপি’র সাধারণ সদস্যাগন।

এ উপলক্ষে বুধবার দুপুরে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে মহামারি করোনা ভাইরাস সামাজিক দুরত্ব স্বাস্থ্য বিধি মেনে সকলের মূখে মাস্ক পরিহিত অবস্থায় এক দোয়া ও সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যন মোঃ নাজিমুদ্দিন মন্ডলের এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সহ-সভাপতি মোঃ গয়ের আলী, যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কাশেম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, নবনির্বাচিত সাধারণ সদস্য মোঃ নজরুল ইসলাম,মোঃ সাইদুর রহমান,মহিলা সদস্য শেফালী বেগম (বিন্দু মাসি) মোছাঃ মকছেদা বেগম প্রমূখ।

নবনির্বাচিত চেয়ারম্যন মোঃ নাজিমুদ্দিন মন্ডল তার বক্তব্যে বলেন, আমি সবকিছুর সাথে আপোষ করলেও মাদক আর জুয়ার,চাঁদাবাজ বা সন্ত্রাসের সাথে কোন আপোষ করবো না। কারন মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে।

তার বক্তব্যে উপস্থিত দর্শক শ্রোতা করতালি দেন। দোয়া অনুষ্ঠানে সরকার দলীয় নৌকা প্রতীকে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডলক সহ নবনিবাচিত অন্যান্য সদস্যদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিরা দেয়া নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার পূর্বে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজিমু্দ্দীনের কাছে উক্ত পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।

অস্কার ২০২২ মনোনয়ন তালিকা প্রকাশ

বিনোদন ডেস্কঃ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। আমেরিকান অভিনেতা, লেখক ও গায়ক লেসলি অ্যালান জর্ডান ও অভিনেত্রী ট্রাসি এলিস রস গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে এই ঘোষণা দেন। হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২৭ মার্চ জানা যাবে বিজয়ীদের নাম।

এই বছরের মনোনীতদের তালিকায় ‘অস্কারস টু হোয়াইট’ নামে সমালোচিত হওয়ার সম্ভাবনা নেই কারণ এই তালিকায় সেরা অভিনেতার মধ্য়ে রয়েছে উইল স্মিথ এবং ডেনজেল ওয়াশিংটনের নাম, অন্যদিকে সেরা পরিচালকের জন্য রিসুকে হামাগুচির মতো নাম রয়েছে। মনোনয়নের তালিকায় শীর্ষে রয়েছে জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’। এই ছবির নাম রয়েছে ১২টি ক্যাটেগরিতে, যেমন সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা হিসেবে বেনেডিক্ট কামবারবাচ, দু’টি সেরা সহ অভিনেতা, একজন সেরা অভিনেত্রী। ‘ডিউন’-এর ঝুলিতে ১০ মনোনয়ন রয়েছে, অন্যদিকে ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ও ‘বেলফাস্ট’-এর মনোনয়ন হয়েছে ৭টি ক্যাটেগরিতে।

দলিত মহিলা সাংবাদিকদের ওপর তৈরি ভারতের একটি ডকুমেন্টারি ‘সেরা ডকুমেন্টারি ফিচার’ ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে। ডকুমেন্টারির নাম ‘রাইটিং উইথ ফায়ার’।

এছাড়া সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ফেব্রুয়ারির শীতকালীন অলিম্পিকস এবং লস অ্যাঞ্জেলেসে সুপার বোলের সঙ্গে সংঘর্ষ এড়াতে এই বছরের অস্কার মার্চে নির্ধারিত হয়েছে।

মনোনয়নের তালিকা:

শ্রেষ্ঠ ছবি:

  • বেলফাস্ট
  • কোডা
  • ডোন্ট লুক আপ
  • ড্রাইভ মাই কার
  • ডিউন
  • কিং রিচার্ড
  • লিকোরাইস পিৎজা
  • নাইটমেয়ার অ্যালে
  • দ্য পাওয়ার অফ দ্য় ডগ
  • ওয়েস্ট সাইড স্টোরি

শ্রেষ্ঠ পরিচালক:

  • পল থমাস অ্যান্ডারসন
  • কেনেথ ব্রানাঘ
  • জেন ক্যাম্পিয়ন
  • স্টিভেন স্পিলবার্গ
  • রিসুকে হামাগুচি

শ্রেষ্ঠ অভিনেত্রী:

  • জেসিকা চ্যাস্টেন
  • অলিভিয়া কলম্যান
  • পেনেলপে ক্রুজ
  • নিকোল কিডম্যান
  • ক্রিস্টেন স্ট্যুয়ার্ট

শ্রেষ্ঠ অভিনেতা:

  • জ্যাভিয়ার বার্ডেম
  • বেনেডিক্ট কামবারবাচ
  • অ্যান্ড্রিউ গারফিল্ড
  • উইল স্মিথ
  • ডেনজেল ওয়াশিংটন

শ্রেষ্ঠ সহ অভিনেত্রী:

  • জেসে বাকলে
  • আরিয়ানা ডেবোস
  • জুডি ডেঞ্চ
  • ক্রিস্টেন ডানস্ট
  • আনজুয়ান এলিস

শ্রেষ্ঠ সহ অভিনেতা:

  • কিয়ারান হিন্ডস
  • ট্রয় কটসুর
  • জেসে প্লেমোনস
  • জে. কে. সিমনস
  • কোডি স্মিথ-ম্যাকফি

কলম্বিয়ায় প্রবল বর্ষনে হওয়া ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বর্ষনের কারনে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ডস্কেব্রাদাস এলাকায় অন্তত ১৪ নিহত এবং কমপক্ষে ৩৫ জন গুরুতর আহত হয়েছে বলে মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফ থেকে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন একজন। আর হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আরও ভূমিধস ও বন্যার আশঙ্কায় পাহাড়ি অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বাসিন্দাদের।

https://twitter.com/UNGRD/status/1491190046590140419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1491190046590140419%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dw.com%2Fen%2Fcolombia-mudslide-kills-at-least-14%2Fa-60706996

উদ্ধারকারী দলগুলো মাটি খুঁড়ে জীবিতদের খোঁজ করছে বলেও জানিয়েছে ইউএনজিআরডি।

পেরেরার মেয়র কার্লোস মায়া জানিয়েছেন, ভূমিধসে আমরা ১৪ জনের মৃত্যু গণনা করেছি এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জেনেছি। তবে আরও ভুমিধসের আশঙ্কায় পেরেরাতে প্রায় ৫৪ টি এবং ডস্কেব্রাডাসে ১৫টি বাড়ি খালি করা হয়েছে ৷

নাসিক মেয়রের দায়িত্ব নিলেন সেলিনা হায়াৎ আইভী

রাজনীতি ডেস্কঃ আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়রের দায়িত্ব নিলেন তিনি।

এদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। এর আগে শপথ নেওয়ার জন্য নবনির্বাচিত মেয়র ও ৩৬ কাউন্সিলর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন। কাউন্সিলদের শপথবাক্য পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

গত ১৬ জানুয়ারির ভোটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হ্যাটট্রিক জয় পান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। নৌকা প্রতীকের এ প্রার্থী ৬৬ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের তৈমূর আলম খন্দকারকে পরাজিত করেন। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে আইভীর প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পান ৯২ হাজার ১৬৬ ভোট।

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। ওই বছরের নির্বাচনে আইভী স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে ১ লাখ ভোটে হারান। ২০১৬ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভী তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনকে ৭৪ হাজার ভোটে হারান।