শতভাগ যাত্রী নিয়ে আজ থেকে ট্রেন চলাচল শুরু

জাতীয় ডেস্কঃ দেশে চলমান করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় এবং টিকা কার্যক্রম জোরদার হওয়ায় আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) থেকে সব আসনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে রেল চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। কেননা সরকার টিকাদান কার্যক্রম জোরদার করেছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করব। স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

উল্লেখ্য, ওমিক্রনের প্রকোপে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরই গত ১৫ই জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রামে ‘চাঁন্দের গাড়ি’র ধাক্কায় নিহত ২ ছাত্রী

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘চাঁন্দের গাড়ি’র ধাক্কায় ২ জন স্কুল ছাত্রী নিহত হয়েছে।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের উপজেলার পোলাগাড়ি দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মোটর সাইকেল পুড়িয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা সড়কে অবস্থান নেয়।

ফটিকছড়ির ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ডলার ত্রিপুরা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালবোঝাই জিপ গাড়িটি পোলাগাড়ি দীঘির পাড় এলাকার ইউ আকৃতির ইউটার্ন অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় দুই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

একনেকে সাড়ে ৩৭ হাজার কোটি টাকার প্রকল্পসমূহ অনুমোদন

অর্থনীতি ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৭ হাজার ৫০৭ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ৩৬ হাজার ২৩ কোটি ৯১ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৪৯ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩ কোটি ৩৩ লাখ টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে ৭টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে।

গতকাল মঙ্গলবার একনেকের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত ছিলেন একনেকের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে বলে প্রধানমন্ত্রীকে এ চূড়ান্ত হিসাব জানানো হয়। করোনাকালেও এই অসাধারণ অর্জনের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- মোংলা কমান্ডার ফ্রোটিলা ওয়েস্টে (কমফ্লোট ওয়েস্ট) অবকাঠামো উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম, কুমিল্লা এবং ময়মনসিংহ (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন প্রকল্প। আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প। বাংলাদেশের ১০টি অগ্রাধিকারভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্প। ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ প্রকল্প। ঢাকার আজিমপুরের মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স ও প্রশিক্ষণার্থীদের জন্য হোস্টেল/ডরমিটরিটরি নির্মাণ, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ, গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন এবং স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি (পাইলট) প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, দেশে তিনশটির বেশি শহর রয়েছে। এর মধ্যে ১০টি শহরের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় ৫৫৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হবে ২০২৬ সালে। বর্জ্য ব্যবস্থাপনা শহর থেকে দূরে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (চতুর্থ এইচপিএনএসপি) প্রকল্পটি সংশোধন করা হয়েছে। এটির মূল ব্যয় ছিল ১ লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি ৩৬ লাখ টাকা। এখন প্রথম সংশোধনীর মাধ্যমে ৩০ হাজার ৪৪৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯৩৪ কোটি ৯৯ লাখ টাকা। এটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান। এটি কোনও একক প্রকল্প নয়, অনেকগুলো প্রকল্পের সমষ্টি।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, ২০২০-২১ অর্থবছর শেষে জিডিপির আকার দাঁড়িয়েছে ৪১৬ বিলিয়ন ডলার। এর আগে সাময়িক হিসাবে জিডিপির আকার বলা হয়েছিল, ৪১১ বিলিয়ন ডলার। আর মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২৫৯১ ডলার।

ভূরুঙ্গামারীতে পুকুর সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুর সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার কুটিপাড়া গ্রামে মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই গ্রামের মৃত গফুর মুন্সির ছেলে এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচতে যান এমদাদুল হক। বিদ্যুতের তারে ছিদ্র থাকায় তিনি পানিতে নামার সাথে সাথে বিদ্যুতায়িত হন। পাশে থাকা নাতি রাকেশ দাদাকে ধরতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতদের লাশ পরিবারের কাছে  হস্তান্তর করা হয়েছে।

রায়পুরে সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রুগীর ভোগা‌ন্তি চর‌মে

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম শ্রেণীর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউপিতে বসবাসরত প্রায় তিন লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র অপারেশন থিয়েটার গত ২৪দিনের বেশি সময় ধরে বন্ধ। এই হাসপাতালে স্বাভাবিক প্রসব না হলে প্রসূতিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে প্রত্যন্ত গ্রামের প্রসূতিদের রাতে প্রসবব্যথা শুরু হলে তাঁদের জন্য লক্ষ্মীপুর যাওয়া খুবই কষ্টকর। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা নারীকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যেতে হয়। ক্লিনিকের খরচ জোগাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে নিরিহ পরিবারগুলো।

অপরদিকে, এসুযোগে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো তিনগুন হারে টাকা আদায় এবং দালালদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন অসহায় প্রসূতি রোগীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ মে অপারেশন থিয়েটার চালুর পর প্রায় ৪ বছর আগে ডাক্তার না থাকায় এক মাস তা বন্ধ ছিলো। পরে কর্তৃপক্ষের নির্দেশে আবার চালু হলে চলতি বছরের গত ১৬ জানুয়ারী গাইনি ডাক্তার শামিমা নাসরিন ঢাকার সরোয়ার্দি হাসপাতালে বদলির কারনে ১৮ জানুয়ারী তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর চালু করাই সম্ভব হয়নি। বন্ধ হওয়ার পুর্ব পর্যন্ত গত চার মাসে প্রায় ৩’শ প্রসূতি নরমাল ডেলিভারি সেবা দেয়া হয়। এতে ডাক্তার, রোগী ও তাদের স্বজনরা মহাখুশি ছিলেন।।

এছাড়াও অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করার জন্য অনুমোদিত পদের বেশির ভাগই শূন্য। গাইনি কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী), মেডিটেক রেডিওলোজীর মত গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য। নতুন আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মচারি না থাকায় তার সুফল মিলছে না। ফলে মা ও শিশুর স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে বলে জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোবারক হোসেন জানান।

গত মঙ্গলবার উত্তর চর বংশী ইউনিয়নের মো. মফিজ উল্লা (৪৩) তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু গাইনি চিকিৎসক না থাকায় তাঁকে যেতে হয় স্থানীয় একটি ক্লিনিকে। তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে হয়রানি হলেও খরচ কিন্তু কম। এদিকে ক্লিনিকে খরচ বেশি। বাধ্য হয়ে স্ত্রীর কথা বিবেচনা করে তাঁকে ক্লিনিকে নিয়ে যাচ্ছি।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, গাইনি ডাক্তার (ওটি) শামিমা নাসরিন ঢাকার সরোয়ার্দি হাসপাতালে বদলি হওয়ার কারনে এবং সার্জারী বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে বর্তমানে সকল প্রকার অপারেশন বন্ধ রয়েছে।

সিভিল সার্জন আহাম্মদ হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। এটাতো অবশ্যই দেখতে হবে। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ঠাকুরগাঁওয়ে সপ্তম ধাপের ২টি ইউপি নির্বাচনে ১টিতে নৌকা অপরটিতে স্বতন্ত্র

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলায় ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি ইউনিয়নে শান্তিপূর্ন ভোটে বড়গাঁও ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত মোঃ ফয়জুর রহমান (নৌকা) এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ মতিউর রহমান মতি (মোটর সাইকেল) প্রতীকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে সংশ্লিষ্ঠ নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেন।

৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ টা হতে বিকেল ওই দুটি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে বড়গাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ ফয়জুর রহমান , ৫ হাজার ৯১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী  আবু সাঈদ নুর আলম বাবু (ঘোড়া) স্বতন্ত্র প্রার্থী  পেয়েছেন ৩ হাজার ৩২৬ ভোট। অপরদিকে সেনুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত মোঃ মতিউর রহমান মতি (মোটর সাইকেল)  ২ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত নোবেল কুমার সিংহ (নৌকা) পেয়েছেন ১ হাজার ৯৫৮ ভোট। দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

প্রসঙ্গত: গত বছরের ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় চতুর্থ ধাপে ২২ ইউনিয়নের মধ্যে ২০টিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ওই ২০ টি ইউপি’র ফলাফলে ১৫ টিতে নৌকা এবং ৫ টিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কামাল উদ্দনি টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের পূর্বপার্শ্বে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের প্রনয় সরকারের  ছেলে পিনাকি সরকার (৩৫) এবং দ্বারিয়াপুর  গ্রামের মৃত খলিলুর রহমানের  ছেলে শরিফুল ইসলাম (৪৭)।

স্থানীয়রা জানান,পিনাকি এবং শরিফুল তারা দুজনেই পেশায় নির্মাণ শমিক। সকালে তারা দুজনে তাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে তাদের পেশাগত কাজে মান্দার ফেরিঘাট এলাকায় আসছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের পূর্বপার্শ্বে আলহাজ্ব সাত্তার-সুমাইয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকায় একটি মাইক্রোবাসকে ওভারটেকক করতে গিয়ে নওগাঁগামী একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মটরসাইকেল চালক পিনাকি সরকার ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেলের আরোহী শরিফুল ইসলামকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তারও মৃত্যু হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধন করা হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপু’র পরিচালনায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি স্কুল মাঠে ‘টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, বিশিষ্ট ফুটবলার কাবুল পাল প্রমুখ।

উদ্বোধনী খেলায় ইউনিয়ন ক্লাব কর্মধা বনাম বয়েজ ক্লাব দানাপুর অংশগ্রহণ করে। ‘টি-২০ ক্রিকেট লীগের টুর্নামেন্টে’ মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

রাণীশংকৈলে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের অদূরে সন্ধারই চৌরাস্তা মহাসড়ক সংলগ্ন মাঠে মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি বিকালে এক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা।

প্রকৌশলী মাহবুব আলমেরর সভিপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আ’লীগ নেতা ও সাংবাদিক আনিসুর রহমান বাকী, নন্দুয়ার ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, নন্দুয়ার ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, আ’লীগ নেতা ও সাংবাদিক আনিসুর রহমান, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আনিসুর রহমান প্রমুখ।

এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকেরা উপস্থিত ছিলেন।  উদ্বোধনী খেলার ফলাফলে সন্ধারই লাল সবুজ সংঘকে হারিয়ে বনগাঁও বসুন্ধারা ক্লাব বিজয়ী হন।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায়  হামিদুর রহমান (৪০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হামিদুর উপজেলার কাশিডাঙ্গা গ্রামের ইঞ্জিনিয়ার ফজলুর রহমানের ছেলেটা। এবং বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

কলেজ অধ্যক্ষ সাদেকুল ইসলাম জানান, মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে যাচ্ছিলেন হামিদুর। কলেজ গেটের সামনেই অপর দিক থেকে আসা একটি বৈদ্যূতিক পিলার বহনকারী ভ্যানে থাকা পিলার বুকে লাগলে সাথে সাথে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে মোটরসাইকেলের পিছনে বসে থাকা মেয়েটির কোন ক্ষতি হয়নি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।