জাতিসংঘে একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানাল চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়াই  বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি মার্কিন আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের একতরফা নিষেধাজ্ঞার কারণে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং ইরান, আফগানিস্তান ও সিরিয়ার মতো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে।

পলিয়ানস্কি বলেন, একমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞা বৈধ এবং এই ধরনের নিষেধাজ্ঞা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও নিপীড়নমূলক আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টির বড় কারণ এবং দ্রুত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা বন্ধ হওয়া উচিত।

চীনের রাষ্ট্রদূত বলেন, যে নিষেধাজ্ঞার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন নেয়া হয় নি তা বাস্তবায়ন করা যাবে না। একইসঙ্গে তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে দেশটি মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।

বর্তমানে ১৪টি দেশের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। এরমধ্যে সম্প্রতি কয়েকদফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কারণে উত্তর কোরিয়ার কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছিল আমেরিকা ও তার মিত্ররা। কিন্তু রাশিয়া এবং চীন তাতে ভেটো দিয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- চীন এবং রাশিয়া নিজেও আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার শিকার।

নাস্তায় রাখুন সুস্বাদু ও পুষ্টিকর মাশরুম চিজ অমলেট

লাইফস্টাইল ডেস্কঃ সকালে বা বিকেলের নাস্তায় সুস্বাদু ও পুষ্টিকর মাশরুম চিজ অমলেট ট্রাই করে দেখতে পারেন। এটি মোজারেলা চিজ, চেডার চিজ, মাশরুম, পেঁয়াজ, ধনে পাতা এবং ডিমের মতো সহজ ও সাধারণ উপাদান ব্যবহার করে তৈরি করা যায়। এটি ৩০ মিনিটেরও কম সময়ে প্রস্তুত করে পরিবেশন করতে পারবেন।

আজ চলুন জেনে নেই এর রেসিপি-

উপকরণঃ

  • ৩টি ডিম
  • ১/২ কাটা পেঁয়াজ
  • লবণ প্রয়োজনমতো
  • ১ ১/২ টেবিল চামচ ভার্জিন অলিভ অয়েল
  • ১ টেবিল চামচ ধনেপাতা
  • ২ টেবিল চামচ মোজারেলা
  • ৬টি মাঝারি পাতলা করে কাটা বোতাম মাশরুম
  • ১ টেবিল চামচ মাখন
  • প্রয়োজন মতো কালো গোলমরিচ
  • ১/২ কাঁচা মরিচ
  • ২ টেবিল চামচ চিজ চামচ।

প্রস্তুত প্রনালীঃ এই সুস্বাদু সকালের নাস্তার রেসিপিটি তৈরি করতে প্রথমে মাশরুম এবং ধনে পাতা জলে ধুয়ে নিন। তারপর একটি চপিং বোর্ড নিন এবং মাশরুমটি কেটে নিন এবং সবুজ ধনেপাতা কুচি করে নিন। এরপর একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। পর্যাপ্ত গরম হয়ে গেলে, প্যানে মাশরুমের সঙ্গে ১/২ টেবিল চামচ মাখন যোগ করুন, লবণ এবং গোলমরিচ যোগ করুন এবং ভাজুন। প্রায় ৩ মিনিট পর আঁচ থেকে নামিয়ে একপাশে রাখুন। এবার একটি পাত্র নিন, তাতে ডিম ভেঙ্গে বিট করুন।

তারপর পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ এবং গোলমরিচ যোগ করুন। ভালভাবে মেশান। এখন মাঝারি আঁচে একটি প্যান রাখুন এবং বাকি মাখন যোগ করুন। প্যানটি ঘোরান যাতে এটি সমগ্র পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে পড়ে। তারপর ডিমের মিশ্রণ যোগ করুন এবং সমানভাবে ছড়িয়ে দিন। ডিম প্রায় সেট হয়ে গেলে, মোজারেলা এবং চেডার চিজ প্যানে মাশরুম যোগ করুন। এবার কিনারায় তেল ঢেলে দিন এবং ডিমগুলো প্যান থেকে বেরোতে শুরু করলে অমলেট অর্ধেক ভাঁজ করে নিন। হয়ে গেলে, মাশরুম চিজ অমলেট প্রস্তুত। সবুজ ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে এবার গরম গরম পরিবেশন করুন।

ফের সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত

চট্টগ্রাম প্রতিনিধিঃ  নয়নাভিরাম সাজেক ভ্যালি পর্যটক জন্য ফের খুলে দেয়া হয়েছে। সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে সোমবার (৭ ফেব্রুয়ারি) বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।

সাজেকের খাসরাং হিল রিসোর্টের ম্যানেজার সুব্রত চাকমা বলেন, নির্বাচনের জন্য সাজেক পর্যটন স্পট বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে খুলে দেয়া হয়েছে। তাদের রিসোর্টে বুকিং রয়েছে এবং অথিতিরা আসতে শুরু করেছে।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু বলেন, গতকাল মঙ্গলবার থেকে সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে আগত পর্যটকদের সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য অনুরোধ করেন তিনি।

আত্রাই পাঁচুপুর ইউপি’র চেয়ারম্যনের দায়িত্ব গ্রহন করলেন সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম

নওগাঁ প্রতিনিধিঃ ইউনিয়ন বাসীর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আত্রাই উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম ও ইউপি সদস্য সদস্যারা। এ উপলক্ষে গত সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে মহামারি করোনা ভাইরাস সামাজিক দুরত্ব স্বাস্থ্য বিধি মেনে সকলের মূখে মাস্ক পরিহিত অবস্থায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যন মোঃ আফছার আলী প্রমানিক এর সভাপতিত্বে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, দৈনিক নয়াদিগন্ত পত্রিকায়র আত্রাই প্রতিনিধি প্রভাষক মোঃ রুহুল আমিন, সাংবাদিক ও আত্রাই উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক রওশন আরা পারভীন শিলা, গুড়নই মাদ্রাসার শিক্ষক মৌওলানা আব্দুল খালেক প্রমূখ।

নবনির্বাচিত চেয়ারম্যন সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি সবকিছুর সাথে আপোষ করলেও মাদক আর জুয়ার সাথে কোন আপোষ করবো না। কারন মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে। তার বক্তব্যে হাজারো দর্শক শ্রোতা করতালি দেন। দোয়া অনুষ্ঠানে চশমা প্রতীকে নবনিবাচিত চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম ও অন্যান্য সদস্যদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

উল্লেখ্য, নিবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম দৈনিক সংগ্রাম পত্রিকার আত্রাই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৬ সিসেম্বর ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে চশমা প্রতিক নিয়ে বিজয়ী হন। দোয়া অনুষ্ঠানের পূর্বে চেয়ারম্যান মোঃ আফছার আলী প্রামানিক নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুলের কাছে উক্ত পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।

করোনায় দেশে একদিনে ৪৩ মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার করোনায় ৩৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ ও ৪১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

মৃত ৪৩ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৭ জন। মৃত ৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৭ জন মারা যান। এ ছাড়া বাসায় একজনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

দায়েশের নেতাকে ধরিয়ে দিতে আমেরিকার এক কোটি ডলার পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা সানাউল্লাহ গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সরকার। কোনো ব্যক্তি দায়েশের এই নেতার অবস্থান কিংবা এ সম্পর্কিত তথ্য দিতে পারলে তাকে এই বিপুল পরিমাণ অর্থ পুরস্কার দেয়া হবে।

গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) মার্কিন পররাষ্ট্র দপ্তর গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য এ পুরস্কার ঘোষণা করে।

আফগানিস্তান থেকে গত বছর ২০২১ সালের আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের সময় রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড গোলযোগের মধ্যে মার্কিন সেনাদের ওপর বোমা হামলা হয়। ওই হামলার জন্য সানাউল্লাহ গাফারি ব্যক্তিগতভাবে দায় স্বীকার করেন। আগস্ট মাসের ওই হামলায় ১৭০ জন আফগান বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে আফগানিস্তানের খোরাসান প্রদেশের দায়েশের প্রধান হিসেবে নিযুক্ত হন গাফারি। আফগানিস্তানের সমস্ত সন্ত্রাসবাদী হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়। এছাড়া, দায়েশের জন্য তহবিল সংগ্রহের যে তৎপরতা রয়েছে তার সঙ্গে গাফারির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তবে আফগানিস্তানে তৎপর দায়েশের এই নেতাকে তাকে ধরিয়ে দেয়ার জন্য মার্কিন সরকারের বিপুল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও অভিযোগ রয়েছে যে, আফগানিস্তানে দায়েশ প্রতিষ্ঠায় আমেরিকার হাতে রয়েছে। অনেকবার গুঞ্জন রটেছে সিরিয়া ও ইরাক থেকে দায়েশের বহু সন্ত্রাসীকে হেলিকপ্টারে করে আফগানিস্তানে নিয়েছে মার্কিন সেনারা।

দেশে শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়তে পারে

সিএনবিডি ডেস্কঃ সারাদেশে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে শীতের প্রকোপ ক্রমান্বয়ে কমবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া দেশের কয়েকটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ বুধবারের মধ্যে শেষ হতে পারে। তা ছাড়া আগামী দুই-তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে। দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলা ও সীতাকুণ্ড উপজেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে।

আর উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ রয়েছে।

আগামীকাল বুধবার সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আজ দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে।

দেশে মাথাপিছু আয় এখন ২৫৯১ ডলার

সিএনবিডি ডেস্কঃ দেশে মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে এখন ২৫৯১ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মোট দেশজ উৎপাদন ৪১৬ বিলিয়ন ডলার এবং  জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একনেক সভায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত জিডিপি ৪১৬ বিলিয়ন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। আর চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে ২৫৯১ ডলার হয়েছে।

২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি প্রাক্কলন হয়েছে শতকরা ৩ দশমিক ১৭ ভাগ, যা সাময়িক হিসাবে ছিল ২ দশমিক ৩৭ ভাগ । এছাড়া চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে শস্য উপখাতে ২ দশমিক ২৯ শতাংশ, পশুপালন উপখাতে ২.৯৪ শতাংশ, বন উপখাতে ৪.৯৪ শতাংশ এবং মৎস্য খাতে ৪.১১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে সার্বিকভাবে চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১০ দশমিক ২৯ ভাগ, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৯৯ ভাগ। চূড়ান্ত হিসাবে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি ১১ দশমিক ৫৯ শতাংশ, বিদ্যুৎ খাতে ১১ দশমিক ৯৫ শতাংশ এবং নির্মাণ খাতে ৮ দশমিক ০৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

সার্বিকভাবে চূড়ান্ত হিসাবে সেবা খাতে ২০২০-২১ অর্থবছরে ৫ দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।”

মাথাপিছু আয় বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমাদের পণ্য রপ্তানি বেড়েছে, রেমিটেন্স বেড়েছে ২৫ বিলিয়ন ডলার। এসব কারণেই মূলত অর্থনীতির আকার বেড়েছে। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ওমিক্রনের সময়ও পিছিয়ে নেই। আমাদের রপ্তানি আয় বেড়েছে। ব্যক্তি বিনিয়োগ বেড়েছে ১৪ শতাংশ। রেভিনিউ ১৪ শতাংশ বেড়েছে। কাজেই এসব কারণেই মোট জিডিপির পরিমাণ বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি বাড়ার কারণে আমাদের মাথাপিছু আয়ও বেড়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২০২১ সালের নভেম্বরে ২০২০-২০২১ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ২৫৫৪ ডলারে দাঁড়িয়েছিল বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

জায়েদ খানের বিরুদ্ধে এবার আপিল করলেন নিপুণ

বিনোদন ডেস্কঃ গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করে হাইকোর্ট। এবার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ আপিল দায়ের করা হয়েছে বলে নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে জায়েদ খানের উকিল অ্যাডভোকেট আহসানুল করিম জানিয়েছেন, আদালত জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। পাশাপাশি জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে তার কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন আদালত।

প্রসঙ্গত, সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জায়েদ খানের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। চিত্রনায়িকা নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকতের ‘ডেথ রেফারেন্স’ হাইকোর্টে

সিএনবিডি ডেস্কঃ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতের ডেথ রেফারেন্স (মামলার যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছেছে।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

এর আগে গত ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

এ ছাড়া এপিবিএনের এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো. রাজীব ও মো. আব্দুল্লাহ, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, লিটন মিয়া ও আব্দুল্লাহ আল মামুনকে খালাস দেন আদালত।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এ জন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে। পেপারবুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয়। পেপারবুক প্রস্তুত হওয়ার পর ডেথ রেফারেন্স ও আসামিরা যদি আপিল করে থাকেন তা শুনানির জন্য প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দেন।