নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিসিক উদ্যোক্ত মেলা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় সপ্তাহ ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই মেলার আয়োজন করে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।

বিসিক নওগাঁ কার্যালয়ের উপ-মহাব্যাবস্তাপক শামীম আক্তার মামুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক সম্প্রসারন কর্মকর্তা মো:  ওয়েস কুরুনী।

নওগাঁর ব্যক্তি গত এবং সমাতিভিত্তিক ৩২টি ষ্টলে বিভিন্ন হস্তজাত দ্রব‍্য, মৃৎ শিল্প, মধু, খাদ্যজাত, খেলনা, শো-পিচসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে।

ভারতে নতুন আতঙ্ক সিরিয়াল কিসার!

সিরিয়াল কিলার, এ কথাটি কমবেশি সবাই জানলেও ‘সিরিয়াল কিসার’ কথাটি শুনেছেন কখনও? বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বেড়েছে এই ‘সিরিয়াল কিসারদের’ দৌরাত্ম্য। যেখানে নারীদের দেখলেই জাপটে ধরে চুম্বন করা হচ্ছে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন মাঝবয়সি নারী রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। হঠাৎ একটি যুবক ছুটে এসে জাপটে ধরে সেই নারীকে চুমু খেতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে ওই নারী যুবককে ছাড়ানোর চেষ্টা করেন, তবে নাছোড়বান্দা যুবক কিছুতেই ছাড়তে নারাজ! মন ভরে চুমু খেয়ে পালিয়ে যান ওই যুবক! ঘটনার শিকার নারী বুঝতেই পারলেন না, হলটা কী!

https://twitter.com/UtkarshSingh_/status/1635208847672606721?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1635208847672606721%7Ctwgr%5E7549ce6094ea1987c85bc7d4e6ef507b97c219d8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.daily-bangladesh.com%2Finternational%2F377206

আর ঘটনাটি যে নারীর সঙ্গে ঘটেছে, তিনি জামুইয়ের সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী। অভিযুক্ত যুবক নারীকে লক্ষ্য করে হাসপাতালের পাঁচিল টপকে এসে এমন কাণ্ড ঘটায়।

এদিকেএই বিষয়টি নিয়ে ওই নারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও তিনি হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

ওই নারী স্বাস্থ্যকর্মী বলেন, ‘‘ঘটনাটি ঘটার পর আমি স্তম্ভিত। কিছু বুঝে ওঠার আগেই সবটা হয়ে গেল। আমার সহকর্মীদের ডাকার চেষ্টা করি, কিন্তু ততক্ষণে ছেলেটি পালিয়ে যায়। আমি ওকে চিনতামও না, কেন আমার সঙ্গে এমনটা হল, বুঝতে পারছি না।’’

সূত্র: ফ্রি প্রেস জার্নালআনন্দবাজার

আমারে বাচ্চা ভাবে লোকে : পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিভিন্ন ইস্যুতে অনুরাগীরা তার সাহসিকতার পরিচয় পেয়েছে। তবে এখন ছেলে রাজ্যকে ঘিরেই সময় কাটছে তার। আর অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ মার্চ) একটি স্ট্যাটাস দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে পরী লেখেন, ‘সিনেমার গল্পের অফিস? আসিতেছে তাইলে। কেন যে আমাকে বাচ্চা ভাবে লোকে এতো, বাচ্চা বানায়ে ফেল্লাম তাও।’

<<<পরীমনির পোস্ট>>>

তবে মধ্যরাতে কেন পরী এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। সময়ের সঙ্গে এই জল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের।

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। এরপর শুটিং থেকে বিরতিতে যান।

দেশের ১০ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ১০ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আজ বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মাত্র সাড়ে চার মাসেই কোরআনের হাফেজ!

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাত্র সাড়ে চার মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে ৮ বছরের আশরাফুল ইসলাম। এতে গতকাল মঙ্গলবার বাদ এশা তাকে মাদরাসা মাঠে সংবর্ধনা দেওয়া হয়।

আশরাফুল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন গোপরেখী পশ্চিমপাড়া মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র। তার বাবা গোপেরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী।

সংবর্ধনা অনুষ্ঠানে বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ফের ১০ হাজার কর্মী ছাঁটাই করল জুকারবার্গের মেটা

ফের ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। এর আগে গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা।

মঙ্গলবার মার্ক জুকারবার্গ এক বার্তায় বলেছেন, আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এছাড়া নিয়োগ হয়নি এমন ৫ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এটি কঠিন, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। যারা আমাদের সাফল্যের অংশ হয়েছেন সেসব প্রতিভাবান সহকর্মীদের বিদায় জানাতে হচ্ছে। এই নতুন অর্থনৈতিক অবস্থা বেশ কয়েক বছর ধরে চলতে থাকবে।

প্রসঙ্গত, এই ছাঁটাই কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি মেটা কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে। এছাড়াও নতুন করে নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। আর ছাঁটাইয়ের ঘোষণার পর লাফিয়ে বেড়েছে মেটার স্টক। মেটাতে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের খবরের পরে মেটার স্টক বড় লাফ লক্ষ্য করা গেছে। মার্কিন বাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার শেয়ার প্রাথমিকভাবে ৬ শতাংশ বেড়েছে।

এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর ওপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে।

কুড়িগ্রামে সীমানা নিয়ে বিরোধ, একজনকে পিটিয়ে হত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর পৌরসভার নাজিরা মুন্সিপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ। এ ছাড়া খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

নিহত সেলিম মিয়া (৪২) পার্শ্ববর্তী ব্যাপারিপাড়ার বাসিন্দা। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি খান মো. শাহরিয়ার।

জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহারা গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী আব্দুল আহাদ কুড়িগ্রাম শহরের নাজিরা মুন্সিপাড়ায় কেনা সাত শতক জমিতে ফ্ল্যাট নির্মাণ করছিলেন। সেই জমির সীমানা নিয়ে প্রতিবেশী কয়ছার, কুদরত, লিয়াকত ও রেজাউলের সঙ্গে তার বিরোধ চলছিল। কিছুদিন কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে পুনরায় শুরু করা হলে তারা বাধা দেন। এ সময় বাড়ির কেয়ারটেকার সেলিম মিয়া কথা বলতে গেলে কয়ছার, কুদরত, লিয়াকত, রেজাউল এবং তাদের স্ত্রী-সন্তানরাসহ সেলিমের ওপর আক্রমণ করেন। তাদের পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিয়াকত, কুদরতের স্ত্রী নাজমা বেগম ও কয়ছারের স্ত্রী মল্লিকাকে আটক করে থানায় নিয়ে যায়। সেলিমের স্ত্রী জেসমিন আক্তার স্বামী হত্যার বিচার দাবি করেছেন।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

সবকিছুর ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বৃদ্ধি করা হয়েছে

জাতীয় ডেস্কঃ ডলারের দাম বৃদ্ধি, বিমান ভাড়া বৃদ্ধি, বাসা ভাড়া, ও মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে বলে হাইকোর্টকে জানায় ধর্ম মন্ত্রণালয়। আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার হজ যাত্রীদের জন্য সরকারিভাবে হজ প্যাকেজ যেটি নির্ধারণ করা হয়েছে তা অমানবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই।

গত ৬ মার্চ হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কুরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী, সৌদি আরব, ইরান, তুরস্কের সরকারকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে। ৭ দিনের মধ্যে হজের প্যাকেজ পুনর্নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়। ৭ দিন পার হলেও হজের প্যাকেজ কমানোর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ রিট দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবী আশরাফ উজ জামান।

মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃত্যু বেড়ে ২০০

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রবল বৃষ্টি ও মাটি ধসে এখন পর্যন্ত মালাবিতে ২০০ জনের মৃত্যু হয়েছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি। দেশটির সরকার দক্ষিণের ১০টি জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি ঘোষণা করেছে।

কাদায় চাপা পড়ে থাকা জীবিতদের খুঁজে বের করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ কাজের জন্য তারা বেলচা ব্যবহার করছেন। রাস্তা ও সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। অন্যদিকে, ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারও ব্যবহার করা যাচ্ছে না উদ্ধার কাজের জন্য।

জানা গেছে, মালাবিতে বাণিজ্যিক কেন্দ্র ব্লানটায়ারে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ডজনখানেক শিশুও রয়েছে।

পুলিশের মুখপাত্র পিটার কালায়া বলেন, ‘নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানিতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, জীব-জন্তুসহ সরঞ্জামাদি। ভবন ধসে পড়ছে।’

টানা ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের জেরে বেশ কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে বিকল হয়ে পড়েছে মালাবির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। দেশের বেশির ভাগ অংশে দীর্ঘস্থায়ী ব্ল্যাকআউট হয়েছে।

দেশটির সরকার হাজার হাজার অসহায় মানুষের জন্য সহায়তার আহ্বান জানিয়েছে।

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু হয়েছে

জাতীয় ডেস্কঃ যাত্রী চলাচলের জন্যে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে আরও দুটি স্টেশন চালু হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) সকাল ৮টার পর কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 

এদিকে উত্তরা স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। এ ছাড়া আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।

এর আগে, চলতি মাসের শুরুতে সর্বশেষ মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি স্টেশন যুক্ত হওয়ায় মেট্রোরেলে স্টেশনের সংখ্যা এখন সাত।

এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।