ঠাকুরগাঁওয়ে ২১০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ আলী (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোহাগ ঠাকুরগাঁও রোড ইসলামনগর এলাকার জকিমউদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড বাজারের চেয়ারম্যান মার্কেটের দোতলায় অভিযান চালিয়ে সোহাগকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করে। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫  হাজার টাকা।

এই সময় তার সাথে থাকা মাদক বিক্রির ১৩০৬০ টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফরহাদ আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদক  আইনে একটি মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাচ্চা হাতিকে প্রশিক্ষণের নামে নির্যাতন: ওসি সহ বিভাগীয় প্রধানকে কারন দর্শানোর নির্দেশ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সম্প্রতি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাইটল এলাকায় কথিত বাচ্চা হাতিকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে উঠে আসলে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টি গোচর হয়েছে। আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান বাচ্চা হাতির ওপর শারীরিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউভ দেখে সংশ্লিষ্ট বিভাগকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে এর পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এবং প্রাণীকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী হাতির প্রতি নিষ্ঠুর নির্যাতন নিরসনে আদালত জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নিষ্ক্রিয়তা বেআইনি গণ্যে কেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে মর্মে আগামী ১৫ মার্চের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়। উল্লেখিত তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন ও কারণ দর্শানোর জবাব দাখিলের জন্য ধার্য করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চা হাতির এমন প্রশিক্ষণকে স্থানীয় ভাষায় ‘হাদানি’ বলে। এটি প্রাচীন পদ্ধতিতে বন্যহাতিকে পোষ মানানোর বিশেষ এক কৌশল। প্রশিক্ষণ অবস্থায় দড়ি দিয়ে বেঁধে গাছের খুঁটির সঙ্গে আবদ্ধ করা হয়। এ সময় বাচ্চা হাতির মাকে দূরে রাখা হয়, নির্দয়ভাবে বাচ্চা হাতিকে শারীরিক নির্যাতন করা হয় এবং যথেষ্ট খাদ্য দেওয়া হয় না।

বর্ণিতভাবে দুই মাস প্রশিক্ষণ দেওয়ার পর সেই হাতিটিকে সার্কাসে বিভিন্ন কসরত দেখানো এবং গাছপালা পরিবহনের কাজে ব্যবহার করা হয়।

ফুলবাড়ীতে ডিএনসি সদস্যদের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

সোমবার রাত আটটার দিকে উপজেলার তালুক শিমুলবাড়ী এলাকায় ফুলবাড়ি-বালারহাট সড়কে অটোরিকশার যাত্রীবেসী ওই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম নুর আমিন মিয়া (২৫)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের মন্টু মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমান জানান, সোমবার রাতেই ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ায় অভিযোগে যুবকের কারাদণ্ড

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম ধাপে বড়গাঁও ও সেনুয়া দুটি ইউনিয়নের নির্বাচন সোমবার ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

সেনুয়া ইউনিয়নের নির্বাচন চলাকালীন মোলানখুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও জেলার মোলানখুরী গ্রামের অনুকূল রায়ের ছেলে মতি রায় (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

২০১০/৭২ ধারায় এ কারাদন্ড প্রদান করেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা বার্ষিক শিক্ষা সফরে ঢাকা চিড়িয়াখানায়

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা বার্ষিক শিক্ষা সফরে ঢাকা চিড়িয়াখানা।

বছরের শুরুতে প্রতি বছরের  ন্যায় উজানচর নূরে মদিনা সুন্নিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানার শিক্ষার্থীরা ও শিক্ষক কমিটিসহ শিক্ষা সফর করলেন ঢাকা মিরপুর চিড়িয়াখানাসহ বিভিন্ন অপরূপ সৌন্দর্য।

ভ্রমণের উদ্দেশ্যে সকাল ৮ ঘটিকার সময় উজানচর বাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে যাত্রা শুরু করে।শিক্ষাসফরে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরমোহাম্মদ আল-ক্বাদরী সামনে থেকে নেতৃত্ব দেন এবং সার্বিক পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা উসমান গণি আল-ক্বাদরী এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো.নজরুল ইসলাম সহযোগিতায় অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আবু বকর রুমি,বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুফতি মাওলানা দ্বীন  ইসলাম আল-ক্বাদরী ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী।

সারাদিন ভ্রমণশেষে সন্ধায় গন্তব্যে ফিরে আসার জন্য রওনা দেওয়া হয়। পথের মধ্যে বিভিন্ন নান্দনিক দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হন।

সফর সঙ্গী উজানচর কে এন উচ্চবিদ্যালয় এর সহকারি শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল আল-ক্বাদরী এর নিকট জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা জীবনের অর্থ শুধু মাত্র বইয়ের পাতায় কিংবা বিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে আবদ্ধ শিক্ষা নয়। ছাত্রজীবনের শিক্ষা হওয়া উচিত ব্যাপক এবং বিস্তৃত। তবেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সার্থক হয়ে থাকে। ছাত্রজীবনের শিক্ষার এই বহুমুখী চরিত্রের মধ্যে জীবনের প্রতিটি দিকের সঙ্গে আমাদের পরিচিতি হওয়া আবশ্যক। সেই প্রাথমিক জীবন দর্শন এর মাধ্যমে একজন ছাত্রের চরিত্র গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এবছরের ভ্রমণ সফল হয়েছে।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরমোহাম্মদ বলেন, আগামীতে ও ইনশাআল্লাহ আরও ভালো কোন দর্শনীয় স্থানে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষা সফরে যাব।

মৌলভীবাজারে টিকা সনদ ছাড়া বাইরে বের হওয়া যাবে না

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে করোনাভাইরাসের সংক্রমনের সংখ্যা যেমন দিন দিন বেড়ে চলেছে, তেমনি সরকার টিকাদান এর জন্য যথেষ্ট রকম সুবিধা প্রদান করেছে। তাই টিকাসনদ বিহীন ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না বলে হুশিয়ার করেন জেলা প্রশাসন। সনদ না দেখালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

গত শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা কার্যকর করতে কোন রকম ছাড় দেওয়া হবে না। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা। এ ছাড়াও মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ পৌরসভার মেয়র সভায় যুক্ত ছিলেন।

আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, করোনাভাইরাসের টিকা গ্রহণের সনদ ছাড়া বাইরে বের হলে জেল-জরিমানার মধ্য দিয়ে যেতে হবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ অভিযান ব্যবসায়ী, পথচারী, ক্রেতা-বিক্রেতা সকলের সুস্বাস্থ্য বিবেচনা করে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’

ঠাকুরগাঁওয়ে নতুন ইউপিতে ভোট দিয়ে খুশি শতবর্ষী হাফিজ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদকে ভেঙে ২০২০ সালের ৫ নভেম্বর ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদ গঠিত হয়। সপ্তম ধাপে সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ইউপিসহ উপজেলার ২ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়।

দিনের প্রথম প্রহরেই ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন শতবর্ষী হাফিজ উদ্দীন। বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তিনি সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নের ৩ নং খারুয়াডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন।

ভোট দিয়ে হাফিজ উদ্দিন বলেন, মোর বয়স ১১০ বছরের বেশি হয়ে গেছে। হাঁটা-চলা করিবা পারুনা। ভোট দিবা পারে মোক খুব ভালো লাগেচে। মনে হয় না আর ভোট দিবা পারিম জীবনত। ভোট দেহেনে শান্তি পানু খুব। যেইডা ভালো লাগিছে ওই মার্কাটাত ভোট দিছু গে। এইডার আগুত ত বড়গা ইউনিয়ন ছিল, এলা নয়া ইউনিয়ন করিছে সেনুয়া। নয়া ইউনিয়নত এডাই বুঝি শুরু আর শেষ ভোট মোর।

ছেলে করিম বলেন, বাবার অনেক বয়স হয়েছে। শুয়ে থাকা ছাড়া কোনো কাজ করতে পারে না। কয়েকদিন থেকেই বাবা বলছে, নতুন ইউনিয়নে আমিও ভোট দিতে যাব। তাই বাবাকে অটোরিকশায় করে কেন্দ্রে নিয়ে এসেছি। বাবা তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

প্রসঙ্গত: ভোট শেষে বড়গাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী জয়জুর রহমান এবং সেনুয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কার মতিউর রহমান জয়লাভ করেন।

সৌদির জাতীয় পতাকায় থাকছে কালেমা ও তলোয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কোন পরিবর্তন আসছে না বলে জানিয়েছে সৌদি আরবের মজলিশে শূরা। এর আগে জানানো হয়েছিল নতুন পতাকাতে আর দেখা যাবে না পবিত্র কালেমা তাইয়েবা। আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম।

পতাকা ও জাতীয় সংগীত নিয়ে শূরা কাউন্সিলের প্রধানের বরাতে গালফ নিউজ জানায়, পতাকা ও জাতীয় সংগীতে কোন পরিবর্তন আসছে না। মূলত পতাকা ও জাতীয় সংগীত নিয়ে কোন নিয়ম না থাকায় নতুন আইন করা হয়েছে। নতুন আইনে জাতীয় সংগীত ও পতাকাকে অপমান করা হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার রিয়াল জরিমানা ও উভয় দণ্ডের বিধান রাখা হয়েছ।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালেমাখচিত পতাকাকে অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য আইন করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে পতাকা অবমাননার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তারও করেছে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে সৌদি পতাকাকে ময়লার ভাগাড়ে ফেলে অবমাননার অভিযোগ আনা হয়েছে। তারপরই এই নতুন আইন করার কথা উঠেছিল।

মৌলভীবাজারে বইছে শৈত্য প্রবাহ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেমনি মৌলভীবাজারে ও বয়ে চলছে শৈত্য প্রবাহ,কাবু হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির পর কমেছে তাপমাত্রাও। ফলে সারাদেশে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল  ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।

হিমেল হাওয়ার কনকনে ঠান্ডার কারণে বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন শীতার্ত মানুষ। শীতের কারণে সবচেয়ে বেশি অসুবিধা ভুগছেন বস্তিবাসী, চা বাগান, বোরো চাষি, হাওর পাড়ের ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

শীতজনিত রোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের ঠান্ড  জনিত রোগে নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান জানান, গতকাল সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বইছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এ ধরনের থাকতে পারে।

নওগাঁর রাণীনগরে চালে সংগ্রহের আশার মুখ দেখলেও মুখ থুবরে পড়েছে ধান সংগ্রহে!

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানে চাল সংগ্রহে আশার মুখ দেখলেও মুখ থুবরে পড়েছে ধান সংগ্রহে। গত দুই মাসে সরকারি ভাবে ৯শ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হলেও ধান সংগ্রহ হয়েছে মাত্র ৪ মেট্রিকটন। ফলে চাল সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হওয়ার আসা দেখলেও ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হওয়া নিয়ে সংঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ আমন মৌসমে ২৭ টাকা কেজি দরে ৯৬৯ মেট্রিকটন ধান সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করার লক্ষে ও ৪০ টাকা কেজি দরে ১৩শ’ ৩৬ মেট্রিকটন সিদ্ধ চাল মিলারদের নিকট থেকে ক্রয় করার জন্য গত বছরের পহেলা ডিসেম্বর ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। মিলারদের সাথে চুক্তি করায় চুক্তি অনুযায়ী উদ্বোধনের দিন থেকে এ পর্যন্ত গত দুই মাসে ৯শ’ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে। আর কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ হয়েছে মাত্র ৪ মেট্রিকটন। আগামী ২৮ ফেরুয়ারী পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযানের নির্ধারিত সময় রয়েছে।

সংশ্লিষ্ঠরা বলছেন, নির্ধারিত সময়ে মিলারদের নিকট থেকে চাল সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হওয়ার আসা থাকলেও সরকার নির্ধারিত দামের চাইতে স্থানীয় বাজারে দেড় থেকে দু্ই শ’ টাকা ধানের দাম বেশি পাওয়ায় সরকারি খাদ্যগুদামে ধান দিচ্ছেন না কৃষকরা। ফলে ধান সংগ্রহ অভিযান মুখ থুবরে পরেছে।

এদিকে কৃষকরা বলছেন, সরকার ২৭ টাকা কেজি দরে ধানের দাম নির্ধারণ করেছে। কিন্তু সরকার নির্ধারিত দামের চাইতে স্থানীয় বাজারে মন প্রতি দেড়শ’ থেকে দুইশ’ টাকা ধানের দাম বেশি পাওয়া যাচ্ছে। তাই বাজারে ধানের দাম বেশি পাওয়া খোলা বাজারেই ধান বিক্রি করছেন। ফলে সরকারি খাদ্যগুদামে ধান দিচ্ছিনা কৃষকরা।

রাণীনগর উপজেলা ধান-চাল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিতানাথ ঘোষ বলেন, সরকারের সাথে চুক্তি অনুযায়ী উপজেলার মিলাররা খাদ্যগুদামে চাল দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন চাল সরবরাহ করা হবে বলে আসা করছেন তিনি।

রাণীনগর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্র অর্জিত হবে। তবে বাজারে ধানের দাম পাওয়ায় গুদামে ধান দিচ্ছেন না কৃষকরা।

রাণীনগর উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই চাল সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হবে। কিন্তু বাজারে ধানের দাম বেশি পাওয়ায় খাদ্যগুদামে ধান দিচ্ছেন না কৃষকরা। এসব বিষয় উর্দ্ধতন কতৃর্পক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।