ঠাকুরগাঁওয়ে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মত বিনিময়

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বালিয়াডাঙ্গী থানা কর্তৃপক্ষের উদ্যোগে গত রবিবার (৬ ফেব্রুয়ারি) থানা সভাকক্ষে এ মত বিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াঙ্গী প্রেসক্লাব সভাপতি  রমজান আলী, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান, বালিয়াঙ্গী উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীসংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাধারন সম্পাদক মো.বিপ্লব ও আনোয়ার হোসেন আকাশ।

আরো বক্তব্য দেন, সাংবাদিক হারুন-অর-রশিদ, আল মামুন জীবন,আবুল কালাম আজাদ, সফিউল আলম, এন এম নুরুল ইসলাম, দবিরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ রায়হান, দুলাল রব্বানী, আব্দুস সবুর, মিন্নাত আলী, মো. সুমন,  রুবেল হক, মোস্তাফিজুর রহমান, আক্তারুল ইসলাম প্রমুখ।

এ সময় থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও  পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার বর্তমান প্রেক্ষাপটে মাদক ও ছিনতাই রোধসহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে ওসিকে অবহিত  করেন।এবং এসব অপরাধমূলক কর্মকান্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালনের আহবান জানান।

নবাগত ওসি তার বক্তব্যে বলেন, এ উপজেলায় মাদক,চুরি,ছিনতাই, জুয়াসহ সকল প্রকার অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ধরনের অপরাধের সাথে কখনও আপোষ করবেন না বলেও তিনি জানান।

কানাডার রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনাভাইরাসের কারনে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র জিম ওয়াটসন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ট্রাকচালকরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছেন ‘ফ্রিডম কনভয়’। সরকারের বিধিনিষেধের প্রতিবাদে তারা দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার ট্রাক নিয়ে অটোয়ায় আসেন। কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রাখেন। এতে অটোয়ার কেন্দ্রস্থল অচল হয়ে যায়। আর করোনাভাইরাসের কারনে দেওয়া বিধিনিষেধের প্রতিবাদে রাস্তায় তারা অনবরত হর্ন বাজাতে থাকেন। ফলে অটোয়া এক প্রচণ্ড কোলাহলের শহরে পরিণত হয়েছে।

এদিকে শুধু অটোয়ায় নয়, তাদের এই বিক্ষোভ কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। বিধিনিষেধ প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

অটোয়ায় মেয়র জানান, শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চলমান বিক্ষোভ এখানের বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, কানাডা সীমান্তের এপারে-ওপারে চলাচল করেন প্রায় ১ লাখ ২০ হাজার ট্রাকচালক। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। কানাডার প্রাপ্তবয়স্কদের মধ্যেও টিকা নেওয়ার হার এরকমই। তবে গত ১৫ জানুয়ারি ট্রাকচালকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করে জাস্টিন ট্রুডোর সরকার। ট্রাকচালকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্র থেকে স্থল সীমান্ত পেরিয়ে কানাডায় ঢুকছে, তাদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়। ট্রাকচালকরা এই সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ এমনটা করছেন বলে তারা জানিয়েছেন।

সূত্র: বিবিসি, ডয়চে ভেলে।

করোনায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৯ হাজার ৩৬৯

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। আর দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২৭ জনের। আর মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.০৭ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন নয় হাজার ৫০৯ জন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কেউ মারা যায়নি।

এর আগেরদিন গত ২৪ ঘন্টায় করোনায় মারা গিয়েছিলেন ২৯ জন। আর শনাক্ত হয়েছিলেন আট হাজার ৩৪৫ জন। তবে টানা চার দিন ধরে করোনা শনাক্ত ১০ হাজারের নিচে রয়েছে। সম্প্রতি এই সংখ্যাটি ১৫ হাজারের উপরে চলে গিয়েছিল।

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা

সিএনবিডি ডেস্কঃ আবারো বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এক মাস আগে দেওয়া মিল মালিকদের প্রস্তাবেই এমন দাম বাড়িয়েছে সরকার।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান জানান, এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের সর্বোচ্চ মূল্য হবে ১৬৮ টাকা, পাঁচ লিটারের বোতলের দাম ৭৯৫ টাকা, খোলা সয়াবিনের লিটার হবে ১৪৩ টাকা এবং সুপার পাম তেলের দাম হবে ১৩৩ টাকা।

মন্ত্রণালয়ের ঘোষণার অনেক আগেই সয়াবিন তেলের দাম বেড়েছে বাজারে। ব্যবসায়ীদের প্রস্তাবের পর বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন ১৫ দিনের মধ্যে দাম বাড়ানো হবে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল- এবার সরাসরি কারখানা পরিদর্শন করে দাম বাড়ানোর সবগুলো কারণ পর্যালোচনার পর দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। এর পরপরই বাজারে দাম বাড়তে থাকে।

উল্লেখ্য, গত ২০২০ সালের শেষে থেকে দেশে বেড়েছে ভোজ্যতেলের দাম। ওই বছরের অক্টোবরে পাঁচ লিটারের একটি বোতলের দাম ছিল ৫০৫ থেকে ৫১৫ টাকা, যা এখন ৭৯৫ টাকায় উঠেছে। গত ২০২১ সালের ১৯ অক্টোবর সর্বশেষ সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছিল সরকার। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছিল ৭৬০ টাকা এবং পাম তেলের দাম ছিল ১১৮ টাকা।

আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া-কামরুল

রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলী। ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন।

তারা হলেন- সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এর আগে ২০২০ সালের ১৩ জুন মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম। একই বছরের ১০ জুলাই মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অপর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। এতে শূন্য হয় সভাপতিমণ্ডলীর ৩টি পদ। আর এই ৩টি শূন্যপদেই দায়িত্ব পেলেন তারা।

আফগানিস্তান সীমান্তে গুলিতে পাকিস্তানের ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলায় অন্তত ৫ সেনা নিহত ও ৪ সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। প্রতিবেশী দেশ  আফগানিস্তান থেকে গুলি ছুড়ে এ হতাহতের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

 ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এ নিয়ে দ্বিতীয়বার এমন হামলা করা হলো। আফগান তালেবানের মধ্যস্থতায় পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে ইমরান খানের সরকারের একটি অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল। ইসলামাবাদ এ চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে অভিযোগ করে ডিসেম্বরের শুরুতে টিটিপি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায়। এরপর গোষ্ঠীটি হামলার সংখ্যা বাড়িয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্তজুড়ে থাকা জঙ্গিরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী জেলা কুররামে পাকিস্তানের সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে।

আইএসপিআরের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের পাকিস্তানবিরোধী কর্মকাণ্ডে আফগানিস্তানের ভূমির ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা হলে আফগানিস্তানের তালেবান সরকার তা হতে দেবে না বলে আশা করছে পাকিস্তান।

নির্বাচনে জয়ী নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে ৭ দিনের রুল জারি করেছেন আদালত।

এর আগে সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন জায়েদ খান। তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি পদ হারিয়েছেন। গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) এফডিসির উন্মুক্ত প্রাঙ্গনে শপথ গ্রহণ করেন নিপুণ। এরপর তিনি শিল্পী সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে দুই বছর মেয়াদী চেয়ারে বসেন তিনি।

অন্যদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কার্যক্রম চালিয়ে যেতে হাইকোর্টের আদেশ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেছেন, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিপুণের আনা সব অভিযোগ অবৈধ ও মনগড়া। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কিভাবে প্রার্থিতা বাতিল হয়, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

তিনি  হাইকোর্টের আদেশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। মহামান্য হাইকোর্টকে আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার আইনজীবীদের কাছেও কৃতজ্ঞতা, আমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পাশে ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। নিপুণ লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছে।

এ জন্য গত শনিবার বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অপর প্রার্থী নিপুণ জয়ী হয়েছেন।

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ২জনের প্রান গেলো

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই পল্লী বিদ্যুৎ কর্মী। তারা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত ছিলেন। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল রবিবার বিকেল পৌণে ৪টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুয়াইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ফখর উদ্দিন (২৫)।

কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বুলবুল ও ফখরউদ্দিন অফিসের কাজে মোটরসাইকেল যোগে কুলাউড়া থেকে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার ব্রাহ্মণবাজারের লুয়াইউনি চা বাগান এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (মৌলভীবাজার-জ -০৫-০০৮) নিহতদের মোটরসাইকেলটিকে (সিলেট-ল-১২-২৩৩১) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ২জনকে মৃত বলে ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, নিহতরা কুলাউড়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পর পর বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক ও তার সহযোগী হেলপার পালিয়ে গেছে। তাদের’কে সনাক্ত করে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নাগেশ্বরীতে অজ্ঞাত লাশ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ার ডারার নির্মাণাধীন ব্রিজের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রাতঃভ্রমনের সময় পথচারীরা খালের ধারে নিথর দেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ ও নাগেশ্বরী থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল জানান, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁয় ঘন কুয়াশায় পলিথিন শেড তৈরী করে চারা বাচাচ্ছেন কৃষকরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তীব্র শীত ও ঘন কুয়াশায় ধানের বীজতলা “কোল্ড ইনজুরি” হতে রক্ষায় ব্যবহার করা হয়েছে পলিথিন শেড। সেখানে কৃষি ফষল উৎপাদনে বীজ রক্ষার জন্য এসব পলিথিন শেড তৈরী করে চারা বাচাচ্ছেন কৃষরা।

এ পদ্ধতিতে বীজতলা করায় একদিকে যেমন চারার পচন হতে রক্ষা পাচ্ছে,তেমনি কম সময়ে চারা দ্রুত বাড়ছে। যার ফলে কৃষক পর্যায়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পলিথিন শেডে বীজ উৎপানের আধুনিক এই কৌশল। এ জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে এই পদ্ধতিতে বীজতলা করতে কৃষকদের উদ্ধুদ্ধ করছেন।

এ পদ্ধতি সম্পর্কে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক টুটুল জানান, গত বছর বোরো মৌসুমে ভালাইন  ইউনিয়নের বৈদ্যপুর ব্লকের বেশকিছু জমিতে সরকারি ব্যবস্থাপনায় সমলয় পদ্ধতিতে বোরো ধান উৎপাদন কার্যক্রম গ্রহন করা হয়। সেখানে ট্রেতে পলিথিন শেডে আবৃত করে বীজতলা করা হয়। এতে করে ভালো মানের চারা উৎপাদন হওয়ায় কৃষকরা এবছরও পদ্ধতিটি ধরে রেখেছে।

তানইল গ্রামের  আলহাজ্ব মরহুম  তছির উদ্দিন হাজারীর ছেলে এবং ভালাইন ইউনিয়নের সাবেক মেম্বার ওসমান হাজারী বলেন, পলিথিন শেডে ঢেকে বীজতলা করায় চারা রোগ ও পচন হতে রক্ষা পাচ্ছে। চারার বৃদ্ধিও দ্রুত হচ্ছে। এতে করে চারা নষ্ট কম হচ্ছে।

মান্দা উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন  বলেন,কৃষকরা আধুনিক এ পদ্ধতির সুফল পেয়েছেন বলেই পদ্ধতিটি ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। এ পদ্ধতিতে ধানের চারা সতেজ থাকে,রোগ বালাই কম হয় ও দ্রুত চারা বৃদ্ধি হওয়ায় কৃষক চারা রোপন দ্রুত করতে পারে। এ জন্য চাষী ফসলও দ্রুত ঘরে তুলতে পারে।