ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রবিবার ৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার দিন দুপুরে সদর রুহিয়া থানাধীন  রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া চান্দের মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হুমায়ুন রাজাগাঁও ইউনিয়নের আসান নগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত হুমায়ুন কবির দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

রুহিয়া থানার উপ পরিদর্শক সফিউর রহমান নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড আঘাতে হুমায়ুনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোন মামলা হয় নি।

রায়পুরে একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ দোকা‌নির বিরু‌দ্ধে মামলা

নিজস্ব প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুরে যৌন হয়রানির শিকার শিশুদের তালিকায় যোগ হলো নুরজাহান (১১), সুমনা (৯), হালিমা (৮), ইসরাত জাহান হাবিবা (৪) সহ অসংখ্য শিশুর নাম।
লক্ষ্মীপুরের রায়পুর ৬ নং কেরোয়া ইউনির ৭ নং ওয়ার্ড উত্তর কেরোয়া সাকিনের শাহাজী বাড়ীর দরজায় বিবাদী ইসমাইলের চা-মুদি দোকান। শিশুদের সাথে অনৈতিক কার্যকলাপ করা অভিযুক্ত এই দোকানীর নাম ইসমাইল হোসেন (৬৫) ।
অভিভাবকদের সূত্রে জানা যায়, মাস খানেক আগে উল্লেখিত শিশুদের একজনের গোপনাঙ্গে হাত দেয়  অভিযুক্ত এই দোকানী। পরবর্তীতে বিষয়টি জানা-জানি হলে স্থানীয় শালিশীর মাধ্যমে অভিযুক্ত ইসমাইলকে সতর্ক করে। এতেও কোনো পরিবর্তন আসেনি অভিযুক্তের চরিত্রে।  পরবর্তীতে চকলেট ক্রয় করতে গেলে এক শিশু ও  এরকম আরো দুই শিশুকে যৌন হেনস্তা করে বিবেক বর্জিত এই দোকানী।
চার বছর বয়সী ভিকটিম ইসরাত জাহান হাবিবার মায়ের সূত্রে জানা যায়, দোকানে চকলেট কিনতে গেলে যৌন হেনস্তার শিকার হয় শিশু হাবিবা।
অভিযুক্ত দোকানীর সাথে কথা বলার জন্য তার বাসায় গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের স্ত্রী বলেন, বিষয়টি ভিত্তিহীন। বাদী পক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে এমন অভিযোগ উঠেছে বলে উল্লেখ করেন অভিযুক্তের স্ত্রী।
এ প্রসঙ্গে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন ১০ ধারা মামলা নেওয়ার হয়েছে ব‌লে জানান।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের টয়লেট থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ এ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকালে হাসপাতালের ক্লিনার মহিলা মেডিসিন ওয়ার্ডের (৫ নং ওয়ার্ড) ওয়াশরুমের কমোড পরিষ্কার করতে গেলে কমোডে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘নবজাতকটি সদ‌্য প্রসূত ও বেওয়ারিশ। শনিবার দিবাগত রাতের কোনও এক সময় শিশুটি ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনী ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি।’
তত্ত্বাবধায়ক আরও বলেন,’ আমরা পুলিশকে এ ব‌্যাপারে আইনি ব‌্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার বলেন, আমরা ঘটনা স্থলে রয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 

হোমনায় যুগান্তর পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো.নাছির উদ্দিন ,হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় জাঁকজমক পূর্ণ আয়োজনে দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকার সময় হোমনা  উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে দোয়া  ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,উপজেলা নির্বাহী অফিসার  রুমন দে,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,এসিল্যান্ড মো. মিজানুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু,থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের  সহ-সভাপতি হানিফ খান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও মো, লুৎফর রহমান, হোমনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আইয়ুব আলী, দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি মো.নাছির উদ্দিন, ৭১টিভি বাহারুল ইসলাম, বাংলা টিভি বাঞ্ছারামপুর প্রতিনিধি ফয়সাল, হোমনা প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা সোনিয়া আাফরিন, আশিকুর রহমান জামাল, তপন সরকার, কবি দেলোয়ার ও মো. হাসান প্রমুখ।

পরে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

রাজনগর রেজিষ্ট্রি অফিস স্থানান্তরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সাবরেজিস্ট্রি অফিস অন্যত্র সরিয়ে নেয়ার পায়তারার প্রতিবাদে টানা ১২ দিন ধরে বিক্ষোভ ও আন্দোলন চলছে রাজনগরে। দূরবর্তী স্থানের পরিবর্তে রাজনগর বাজারের নিকটে অফিস স্থানান্তরের দাবীতে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ মানুষ সড়কে আন্দোলন করছেন। এছাড়া একই দাবিতে দলিল লেখকরা কলম বিরতি চালিয়ে যাওয়ায় গত ১২ দিনে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার।

সাব-রেজিস্ট্রি অফিস বাজার থেকে দূরবর্তী স্থানে স্থানান্তরের এই সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র হচ্ছে গণবিক্ষোভ। এ ঘটনায় গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) রাজনগর বাজারে বিক্ষোভ মিছিল ও মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আন্দোলনকারী ও দলিল লেখকরা জানান, ১৯৯২ সাল থেকে রাজনগর উপজেলা পরিষদের ভিতর আইন মন্ত্রনালয়ের ভবনের কয়েকটি কক্ষ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চলছে। ভবনটি যথেষ্ট মজবুত থাকা সত্ত্বেও সংস্কারের উদ্যোগ না নিয়ে অফিস অন্যত্র সরিয়ে নিতে নিবন্ধন অধিদপ্তর থেকে গত ১৯ জানুয়ারি তারিখে সহকারী মহা-পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) শেখ মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত পত্রে অনুমতি দেয়া হয়।

এ প্রেক্ষিতে অফিস স্থানান্তরের জন্য ইতোমধ্যে রাজনগর থেকে দূরবর্তী কলেজ পয়েন্টে একটি ভবন ভাড়া নেয়ার উদ্যোগ নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে বাজার ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরে সাব-রেজিস্ট্রারের সাথে আলাপ করে দূরবর্তী স্থানের পরিবর্তে রাজনগর বাজারের আশেপাশে একাধিক ভবন দেখা হয়। কিন্তু নানা অজুহাতে এসব ভবনে হবে না বলে কলেজ পয়েন্টে কর্তৃপক্ষ ভাড়ায় অফিস নেয়ার ব্যাপারে সিদ্ধান্তে অনড় থাকেন।

এর প্রতিবাদে দলিল লেখকরা ২৭ জানুয়ারি থেকে কলম বিরতি পালন করছেন। ফলে প্রায় অর্ধকোটি টাকা সরকার রাজস্ব হারিয়েছে। একই সাথে এই আন্দোলনের কারণে জমির ক্রেতা-বিক্রেতারা বিপাকে পড়েছেন। স্থানীয় বাজারের প্রায় ৪ শতাধিক ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচী পালন করছেন। তীব্র অসন্তোষের ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। সাথে সাথে সাধারণ জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে।

রোববার বিক্ষোভ মিছিল শেষে রাজনগর প্রবীণ ব্যবসায়ী আব্দুস সালামের সভাপতিত্বে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজনগর ইউপি আ‘লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুজ্জামান আনসারী মনাই, পাঁচাগাঁও ইউপি আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দূর্গা দেব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মখদ্দুছ মিয়া, ব্যবসায়ী মিনহাজ চৌধুরী, ফুয়াদ হোসেন মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিনাজ মিয়া, ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান রাজু প্রমুখ।

এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা রেজিস্ট্রার সোহেল রানা মিলন জানান, রাজনগরের অফিস ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ার কারনে ফাইলপত্রসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিকটবর্তী স্থানে উপযুক্ত কোনো ভবন না থাকায় কারনে কলেজ পয়েন্টে ভাড়ায় একটি ভবনে অফিস স্থানান্তরের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টির গুরুত্ব না বুঝে কিছু সংখ্যক মানুষ এর বিরুদ্ধে আন্দোলন করছে।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে আন্দোলনকারী সকলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব।

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফ মাদক উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ উদ্ধার করেছে।

সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোরকমন্ডল সীমান্তের ৯৩০ নম্বর পিলারের  ৯ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে গাঁজা  ও এস্কাফ সিরাপ সহ কয়েকজন মাদক চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত গোরকমন্ডল বিওপির সদস্যরা ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় মাদক কারবারীরা গাঁজার পোটলা ও এস্কাফের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ৪৫ কেজি গাঁজার ৮ টি পোটলা  ও ৪৭ বোতল এস্কাফ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ীস কোম্পানী কমান্ডার সুবেদার মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডাইরী করে উদ্ধারকৃত গাঁজা ও এস্কাফ সিরাপ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈলে মাঘের বৃষ্টিতে ভাটা মালিকেরা ১০ কোটি টাকা ক্ষতির শিকার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার রাতে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে শনিবার রাত পর্যন্ত বৃষ্টির প্রভাবে উপজেলার বিভিন্ন ইট ভাটায় কাঁচা ইট ভিজে প্রায় তিন কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ভাটা মালিকেরা ।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮টি ইট ভাটা রয়েছে। এ ইট ভাটাগুলোতে পুরোদমে নতুন ইট উৎপাদনের কাজ চলছিল। অসময়ে পৌষের হঠাৎ বৃষ্টি শুরু হলে এর প্রভাবে প্রত্যেকটি ইট ভাটা মালিক ক্ষতির শিকার হয়েছে। হঠাৎ বৃষ্টিপাতে নতুন তৈরি কাঁচা ইট অপসারণ করতে পারেননি তারা। শনিবার রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভেঙ্গে চুরে যায় লক্ষ লক্ষ পিস কাঁচা ইট। রবিবার ৬ ফেব্রুয়ারি  সকালে সরেজমিনে গিয়ে ইট ভাটার এমন দৃশ্য চোখে পড়ে।

রাণীশংকৈলএলাকায় অবস্থিত মাহি ব্রিক্স, এম বি বি ব্রিক্স ও ইট ভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান, ভাটা মালিক সমিতির সভাপতি আহমেদ হোসেন বিপ্লব জানান, উপজেলার ২৮টি ইট ভাটা চলমান রয়েছে। অসময়ের বৃষ্টিতে তাদের ইট ভাটায় প্রায় ১ কোটি ৫৫ লক্ষ নতুন তৈরি কাঁচা ইট নষ্ট হয়েছে। এই ইটগুলো পোঁড়াতে পারলে তা থেকে প্রায় ২০ কোটি টাকা বিক্রি করা যেত। তিনি আরো বলেন, এ মাটি পুণরায় ব্যবহার করা সম্ভব হলেও, ইটগুলো তৈরীতে শ্রমিকদের টাকা দিতে হবে, আবার অপসারণ করতে ও নতুন করে তৈরি করতে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। এতে করে ভাটা মালিকদের বড় অংকের টাকা লোকসানে পড়তে হচ্ছে।

সন্ধ্যারই জি এইচ ডি ইটভাটা মালিক প্রভাষক মোস্তাফিজুর রহমান জানান, আমার এলাকায় কয়েকটি ইটের ভাটা রয়েছে। বৃষ্টিতে আমার ইটভাটায় প্রায় ৭ লক্ষ কাঁচা ইট নষ্ট হয়েছে। ইটগুলোর বাজার মূল্য প্রায় কোটি টাকা।

মাঘের শেষে অযাচিত বৃষ্টির কারণে তাদের অনেক লোকসান হয়েছে। এ বৃষ্টির কারণে নতুন ইট তৈরি বন্ধ রয়েছে। শ্রমিকেরাও আপাতত কয়েক দিন বেকার হয়ে বসে থাকবে। এদিকে কয়লার মূল্য বৃদ্ধি, বিরুপ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে ইট ভাটা মালিকরা। র্থনৈতিক বড় ক্ষতির সম্মুখিন হওয়ায় তা কাটিয়ে ওঠা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে পড়বে বলে জানান ইট ভাটা মালিকেরা।

আজ ১৩৮ ইউপিতে চলবে ভোট গ্রহণ

সিএনবিডি ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হচ্ছে। ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮ ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমের মাধ্যমে ভোট হবে। অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১১ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তমধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৭৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি। ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।

নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি মোবাইল টিম এবং একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে।

এ ছাড়াও প্রতিটি উপজেলায় র‌্যাবের মোবাইল টিম ২টি ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর প্রতিটি উপজেলা বিজিবির মোবাইল টিম ২টি ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি উপকূলীয় উপজেলায় কোস্টগার্ডের মোবাইল টিম ২টি (২ প্লাটুন), স্ট্রাইকিং ফোর্স একটি( এক প্লাটুন) থাকবে।

প্রসঙ্গত, ইতোমধ্যে ইউপি নির্বাচনে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোট হয়েছে। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। এরপর ষষ্ঠ ধাপে ২১৬ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হয়। আর অষ্টম ধাপে ৮টি ইউনিয়ন পরিষদের ভোট নেওয়া হবে আগামী ১০ ফেব্রুয়ারি।

শাহজালাল বিমানবন্দরে জুসের প্যাকেটে পাওয়া গেল ২২ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা।

স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সহকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের এ চালানটি জব্দ করা হয়।

তিনি আরো জানান, শাহজালাল বিমানবন্দরে দুই ও তিন নম্বর লাগেজ বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেটে ২২টি পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে রয়েছে। তবে, এ ঘটনায় কেউ আটক হয়নি। বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

চট্টগ্রামে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ৫ ‘চিহ্নিত সন্ত্রাসী’ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী মশিউরের আস্তানায় ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল। এ সময় পাঁচ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গুলিবিনিময় হয়েছে। গত শনিবার রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় বলে উল্লেখ করে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম মালু (৪১), মো. সিরাজুল ইসলাম (৩৪), মো. হাসান (৩৫), জামাল শেখ (৪৭) ও মিজানুর রহমান কদর। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের একাধিক থানায় মামলা রয়েছে।

আজ রোববার দুপুর ১২ টায় বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, তারা দীর্ঘ দিন ধরে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় নিজেদের প্রভাব বিস্তার, চাঁদাবাজি, সরকারি জমি প্লট আকারে লোক জনের কাছে বিক্রি করে টাকা আদায় করে। ওই এলাকায় গরিববসতি লোকজনের কাছ থেকে বিদ্যুতের মিটার না দিয়ে মশিউরের নিজ মিটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুতের সরকারি মূল্যের চেয়ে অনেক বেশি টাকা আদায় করতো। এছাড়াও ওই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং নিজেদের অপরাধকর্ম চালিয়ে যাওয়ার স্বার্থে মশিউর ও তার ছেলে শিবলু একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন।

নুরুল আবছার আরও জানান, গ্রেপ্তারদের নিয়ে অস্ত্র উদ্ধারের ব্যাপক অভিযান চালানো শুরু করতেই মশিউরের ছেলে শিবলুর নেতৃত্বে একদল অস্ত্রধারী ইট-পাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র‌্যাবের ওপর আক্রমণ করে। তারা গ্রেপ্তারদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। র‌্যাব পাল্টা জবাব দিলে সন্ত্রাসীরা গুলি করতে করতে দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় র‌্যাব মোট ১২৯ রাউন্ড গুলি বর্ষণ করে। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত মশিউরের আস্তানায় তল্লাশি চালায় র‌্যাব। এ সময় সন্ত্রাসীদের আক্রমণে কয়েকজন র‌্যাব সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হন। অভিযানকালে ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১টি ধারালো ছোরা এবং মোট ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আস্তানা থেকে মিলিটারি গেজেট, মিলিটারি পোশাক, মিলিটারি বাইনোকোলার ও অবৈধ ধাতব মুদ্রা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পৃথক তিনটি অস্ত্র মামলা ও র‌্যাবের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধা দেয়ার কারণে একটি র‌্যাব এসোল্ট মামলা ও মিলিটারি উপকরণ রাখা ও অবৈধভাবে ধাতব মুদ্রা রাখায় পৃথক পৃথক মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও গ্রেপ্তার রফিকুল ইসলাম মালুর বিরুদ্ধে নগরীর বায়েজিদ থানায় ১টি মামলা, সিরাজুল ইসলামের বিরুদ্ধে ৫টি অস্ত্র মামলা, মো. হাসানের বিরুদ্ধে ৭টি, জামাল শেখের বিরুদ্ধে ১০টি, মিজানুর রহমান কদরের বিরুদ্ধে ১০টিরও অধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।