কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু আজ

শিক্ষা ডেস্কঃ দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। এসকল শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে।

জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শুধু মেয়ে শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে আজ। ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ জন এবং ১৮ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে এই টিকা দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া ব্যানবেইসের পরিসংখ্যান থেকে জানা যায়, সারা দেশে ১৯ হাজার কওমি মাদ্রাসা রয়েছে, যেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ। এতদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদ্রাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। এবার কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যায়ক্রমে টিকার আওতায় আসছে।

উল্লেখ্য, দেশে ১ কোটি ৪১ লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দিয়েছে ২৫ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থীকে।

পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্কঃ পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ইংল‍্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। যদিও বাংলাদেশের কাছে গত আসরে হেরে রানার্স-আপ হয়েছিল ভারতীয় যুবারা।

অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শনিবার (৫ ফেব্রুয়ারি) অ‍্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে প্রথমে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি ইংল্যান্ড জাতীয় দলের উত্তসূরীরা।

ভারতীয় যুবাদের বোলিং তোপে ৪৪ দশমিক ৫ ওভারেই ১৮৯ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ১৪ বল বাকি (৪৭.৪ ওভার) থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় ভারতীয় যুবারা। আইসিসি অনূধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের এটি পঞ্চম শিরোপা জয়। ভারতের পক্ষে বল হাতে বাজিমাত করেন রাজ বাওয়া এবং রবি কুমার। ৯ দশমিক ৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাওয়া, আর ৯ ওভারে ৩৪ রান দিয়ে রবি শিকার করেন ৪টি উইকেট। বল হাতে ইংল্যান্ড শিবিরে ধস নামিয়ে ফাইনাল সেরাও হয়েছেন রাজ বাওয়া।

বিসিসিআই আজ এক টুইটে ভারতীয় যুবাদের প্রশংসায় ভাসিয়ে লিখেছে, ফাইনালে নীলরঙা বালকদের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ড ৪ উইকেটে হারল। এটা ইন্ডিয়ার পঞ্চমবারের মতো অনুর্ধ১৯ বিশকাপ জয়।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

বিনোদন ডেস্কঃ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর মারা গেছেন। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে।’

অন্যদিকে লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছিলেন, শিল্পীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই আছেন এই শিল্পী। তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

এর আগে জানুয়ারি মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। গত ৯ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন পর তার অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে তাকে বের করা হয়। কিন্তু সপ্তাহ না পেরুতেই ফের গুরুতর অবস্থায় সুরসম্রাজ্ঞী।

প্রসঙ্গত, লতা মঙ্গেশকর ভারতীয় সিনেমার কিংবদন্তি সংগীতশিল্পী। দেশটির ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল গায়িকা তিনি। ১৯৪২ সালে ১৩ বছর বয়সে তার গানের ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন ৩০ হাজারের বেশি গান। তার কণ্ঠে সুর পেয়েছে বিভিন্ন ভাষা। বরেণ্য এই শিল্পী ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারত রত্ন’ পদকে ভূষিত হয়েছেন। এ ছাড়া দাদাসাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সব প্রাপ্তিই যুক্ত হয়েছে তার ঝুলিতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সৌদির জাতীয় পতাকায় আর থাকবে না কালেমা

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের মজলিশে শূরা জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত সংস্কারের বিষয়ে সম্মত হয়েছে হয়েছে তারা। নতুন পতাকাতে থাকবে না পবিত্র কালেমা তাইয়েবা। গত সোমবার (৩১ জানুয়ারি) শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির পর্যালোচনার পর এই সংস্কারের পক্ষে সম্মতি দেয়া হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নতুন পতাকাতে থাকবে না পবিত্র কালেমা তাইয়েবা। তাতে আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম। সম্প্রতি দেশটির শূরা কাউন্সিল পতাকার প্রায় ৫০ বছরের পুরোনো রাজকীয় ডিক্রির একটি খসড়া সংশোধনী অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে। শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির সম্মতির পর জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত সংস্কারের এই প্রস্তাব বাস্তবায়ন এখন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

সৌদি আরবের স্থানীয় একটি দৈনিকের খবরে বলা হয়, সংস্কারে জাতীয় পতাকা ও সংগীতে কি পরিবর্তন হবে তা জানানো হয়নি, তবে এগুলোর আইনে সংশোধন আনা হবে। আইনে কী ধরনের সংশোধন আসতে পারে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি পত্রিকাটি।

উল্লেখ্য, ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবেই এ পরিবর্তন করা হবে। এরই আওতায় গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন নিয়মের উন্নয়ন ও শরীয়া সমর্থিত আইনগুলোকে নবায়ন ও সংস্কার করছে সৌদি সরকার। এছাড়া দেশটির অনেক স্থানীয় পত্রিকার দাবি, কলেমাখচিত পতাকার অবহেলা বা অনিচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে যাওয়া আটকাতেই এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।

আগামীকাল খুলে দেয়া হচ্ছে দিল্লীর স্কুল-কলেজ

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে কোভিড-১৯-এর সংক্রমণ হ্রাসের পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ শিথিল করে নার্সারি থেকে সব ক্লাসের জন্য স্কুলগুলো আবার খুলে দেয়া হচ্ছে আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) থেকে। কিছু বিধিনিষেধসহ জিমনেসিয়াম চালু রাখা যাবে। গাড়িতে একা ভ্রমণকারী চালকদের মুখোশ পরা থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে, রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে কারফিউ চলবে।

দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সোমবার থেকে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসের জন্য স্কুলগুলির পাশাপাশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।

অনলাইন ব্রিফিংকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ঘোষণা করেছেন, ১৪ ফেব্রুয়ারি থেকে নার্সারি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ক্লাস পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কিছু বিধিনিষেধ পালন সাপেক্ষে জিমগুলোকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।

তারা বলেছেন, যানবাহনে চালক একা থাকলে মাস্ক পরা থেকে অব্যাহতি পাবেন। এ ছাড়া শতভাগ উপস্থিতিসহ অফিসগুলো পুনরায় চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। কোভিড পজিটিভ সনাক্ত হার হ্রাস পাওয়ার ফলে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব শিক্ষক টিকা গ্রহণ করেননি তাদের ক্লাসে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ইনস্টিটিউটগুলিকে বিধি অনুসরণ এবং কোভিড সংক্রান্ত আচরণ কঠোরভাবে মেনে চলা সাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হবে।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ভেন্টিলেশনে

বিনোদন ডেস্কঃ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা অবনতি হয়ে আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের ভেন্টিলেটশনে রাখা হয়েছে। আপাতত আইসিইউতে ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।

মুম্বইয়ের ব্রিচ ক্যন্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানির পর্যবেক্ষণে আছেন তিনি। তাঁরই অধীনে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে চলছিল লতা মঙ্গেশকরের চিকিৎসা। এরই মাঝে আবারও অবস্থার অবনতি ঘটে লতা মঙ্গেশকরের। কোনও রকমের ঝুঁকি না নিয়েই তাঁকে তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে।

৯২ বছর বয়সি গায়িকা লতা মঙ্গেশকর ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার মৃদু উপসর্গ থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। জানুয়ারি মাস থেকে সেখানেই আছেন তিনি। তাঁর শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, আজকের পাওয়া খবর অনুযায়ী ফের পরিস্থিতি গুরুতর। টানা ২০ দিনের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর। কিন্তু তিন সপ্তাহ পার করেই আবারও বাড়ল উদ্বেগ। নিতে হয়েছে ভেন্টিলেটশনে।

ঠাকুরগাঁওয়ে এমপি পুত্রের উদ্যোগে দুই সহস্রাধিক কম্বল বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের জনপ্রিয় আ’লীগ নেতা মরহুম খাদেমুল ইসলাম এমপি’র মেজো ছেলে ও বর্তমান দুবাইয়ের ডেপুটি কনস্যুলেট জেনারেল সাহেদুল ইসলামের নিজস্ব অর্থায়নে অসচ্ছল, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে দুই সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়ায় এমপি খাদেমুল ইসলামের নিজ বাসায় এসব কম্বল বিতরণ করেন তিনি।
এসময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, বঙ্গবন্ধু পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাড. মো: আবু জাফর শামস্ উদ্দীন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম রওশন-উল-পারভেজ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার দাস, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন রুবেলসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে সাহেদুল ইসলাম বলেন, আমার বাবা এ এলাকার মানুষের জীবন-মান উন্নয়নের জন্য সারাটা জীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নিজের সর্বস্ব দিয়ে দূ:খী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে গেছেন।আজ তিনি নেই, তাঁর সেই আবেগ-অনূভূতিগুলো এখনো সাধারণ মানুষ ভূলতে পারেনি, তাইতো তারা যখনি বিপদে পড়েছে এ পরিবারের কাছে তা অবগত করেছে, আমরাও বাবার সে আদর্শ ধরে রাখার চেষ্টা করে চলেছি, যাকে যেভাবে পারছি সাহায্য-সহযোগিতা করছি। আপনারা দোয়া করবেন যাতে আমি বাবার আদর্শ বুকে ধারণ করে আপনাদের সেবা ও সার্বিক সহযোগিতা করে যেতে পারি।
এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ও বড়গাঁ ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের আ’লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন সাহেদুল ইসলাম।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে কম্পিউটার হস্তান্তর

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন লালন এর পক্ষ থেকে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে কম্পিউটার হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারী)  দুপুর ১ ঘটিকার সময় মৌলভীবাজার শহরতলীর মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানিকতার মধ্যদিয়ে আলোচনা সভায় সাংবাদিক ও শুভাকাঙ্খিদের উপস্থিতে এক মিলনমেলায় পরিণত হয়।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ জাফর ইকবাল এর সভাপতিত্বে ও¬দৈনিক গণমুক্তি’র জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ এর সভাপতি তাওহীদ ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন- বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম চৌধুরী, প্রবাসী কয়ছর আহমদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মানবাধিকারকর্মী মির্জা আবু মোঃ জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দীপ্ত নিউজ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক দুরুদ আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ‘র জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, এ.কে অলক, জোবায়ের আহমদ রুমি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আজিজুল ইসলাম রিয়াদ, আব্দুল কাদির, সাইফুল ইসলাম, মঈনুল হক, নাছরিন প্রিয়া, এস.এম ফজলু, জাহেদুল ইসলাম পাপ্পু, মাসুদ আলম চয়ন, মানবাধিকারকর্মী আব্দুর রহমান রহমত, মেধাবী ছাত্র রাহাত আহমদ শিপন, রিপন আহমদ, গবিন্দ্র মল্লিক, ইসরাত জাহান ইভা, রাজন আহমদ ও কিবরিয়া আহমদ প্রমুখ।

বক্তারা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন লালন সহ সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও সহযোগীতা অব্যাহত রাখতে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ঠাকুরগাঁরয়ে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে লাভোবান হচ্ছেন মৌচাষিরা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষাক্ষেত। হলুদের চাদরে ঢেকে গেছে সবুজ মাঠ। এই সুযোগে মধু চাষিরা ব্যস্ত হয়ে পড়েছেন মধু সংগ্রহে। শনিবার ৫ ফেব্রুয়ারি উপজেলার নারায়ণপুর,সাটিয়া, একান্নপুর, জাবরহাট ও খটশিংগাসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। যদিও দুদিন ধরে পৌষের অযাচিত হালকা বৃষ্টি ও বাতাসে বৈরী আবহাওয়ায় কিছুটা সমস্যা সৃষ্টি করেছে তবুও মধু সংগ্রহের কার্যক্রমেব থেমে নেই মৌচাষিরা।

সরেজমিনে দেখা গেছে, সরিষাক্ষেতের পাশে পোষা মৌমাছির শত শত বাক্স নিয়ে হাজির হয়েছেন মৌওয়ালারা। বাক্স থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে সরিষা ফুলের মাঠে। ফুল থেকে মধু এনে বাক্সের ভেতরের চাকে জমা করে। আর এই চাক থেকেই মধু সংগ্রহ করেন মৌমাছি চাষিরা। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৌচাষিরা এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। এতে ব্যাপক লাভবান হচ্ছেন তারা।

নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে আসা মৌচাষি এরশাদ আলী জানান, ‘আমরা সরিষাক্ষেত থেকে বছরে চার মাস মধু সংগ্রহ করে থাকি। অন্য আট মাস কৃত্রিম পদ্ধতিতে চিনি খাইয়ে মৌমাছিদের পুষে রাখা হয়। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সরিষা থেকে মধু সংগ্রহের উপযুক্ত সময়।

আরেক মধু চাষি জানান, আকার ভেদে একটি বাক্স থেকে ২০- ৪০ কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। প্রতিটি মৌবাক্স তৈরিতে খরচ হয় আট থেকে ১০ হাজার টাকা। আর প্রতি কেজি মধু বিক্রি করা হয় ৩০০ থেকে ৪০০ টাকা দরে। সরিষা ছাড়াও লিচু, মিষ্টি কুমড়া, কালোজিরা থেকেও মধু সংগ্রহ করা যায় বলে জানান তিনি।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন,এবার উপজেলায় মোট ১ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষার বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রহমান বলেন,সরিষাক্ষেতের পাশে মৌবাক্স বসালে সরিষার ফলন ১০ ভাগ বেড়ে যায়। এবং এতে করে ফলনও বেশি হয়।

ঠাকুরগাঁও জেলা ছাত্র লীগের শীতবস্ত্র ও স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শনিবার (৫ ফেব্রুয়ারি) প্রায় ৩ শতাধিক দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন বিকালে জেলা বিডি হলে জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের  সঞ্চালনায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দারের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি সালমান প্রধান শাওন, আসাদুজ্জামান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়।

এ সময়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির  সভাপতি আল-নাহিয়ান জয় ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভুট্টাচার্য। এ সময় তারা প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ- সভাপতি, সিজন গুহ ঠাকুরতা, শাহাজালাল জনি, জি এম সুফি নিয়াজী, যুগ্ম সম্পাদক  অনুপ দত্ত, সাদিউল হাবীব সাদি, সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মার্জিনা আক্তার রিতুসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

ছাত্র লীগ নেতা সালমান প্রধান শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,  ঠাকুরগাঁওয়ে এখন উন্নয়নের জোয়ার বইছে। আজকে আপনাদের দেয়া এ সামান্য কম্বল মনে করবেন শেখ হাসিনার পক্ষ থেকে ভালবাসার উপহার।

ইমরান জমাদ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন মিশন বাস্তবায়নে জয়-লেখকের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারাবাহিকতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মসূচি গত ১২ জানুয়ারি থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ নির্দেশনায় সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ৬ ফেব্রুয়ারি রংপুর ও আগামী ৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামে এই কর্মসূচির আয়োজন করা হবে।