নওগাঁর আত্রাইয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ চতুর্থ ধাপের তফশিলভূক্ত নওগাঁ জেলার আত্রাই উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্রুয়ারী বুধবার সকালে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রসাশকের সন্মেলন কক্ষে আত্রাই উপজেলার হাটকালুপাড়া, কালিকাপুর, সাহাগোলা ও মনিয়ারী চারটি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানগনকে শপথ বাক্য পাঠ করান নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ ইব্রাহিম, ডিডিএলজি উত্তম কুমার রায়, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

অপর দিকেএকই দিন (বুধবার) বিকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পাঁচুপুর, আহসানগঞ্জ, ভোঁপাড়া ও বিশা (চারটি) ইউনিয়ন আট চল্লিশ জন নব নিবাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

এ সময় নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা রিটানিং অফিসার শেখ মোঃ আবুল কালম আজাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্রী পলাশ দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ পজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ মন্জুরুল ইসলাম মন্হ্জু, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল, বিশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ তোফাজ্ঝল হোসেন তোফা, নব-নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম ফৌজদার, নব-নির্বাচিত ইউপি সদস্য বিউটি বেগম, সহ অন্যান্যরা।

সমাজচ্যুত করার ভুল বুঝতে পেরেছে মসজিদ কমিটি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিদেশে পড়তে যাওয়া এক তরুণীর স্বাধীনচেতা চলাফেরা ও অমুসলিম ছেলেকে বিয়ে করার জন্য মৌলভীবাজারের কুলাউড়ায় তার পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় নিজেদের ভুল বুঝতে পেরেছে মসজিদ কমিটি। এ জন্য কমিটি দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এই ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এলে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউপি পরিষদ কার্যালয়ে ভুক্তভোগী পরিবার ও গ্ৰামের মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাহী কর্মকর্তা। বৈঠকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ দেব, স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে নির্বাহী কর্মকর্তা ফরহাদ চৌধুরী বলেন, দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। সেখানে মসজিদ কমিটির সভাপতি মাখন মিয়া ও সম্পাদক আমিন মিয়াও উপস্থিত ছিলেন। তারা বলেন, তারা বয়স্ক মানুষ, ইন্টারনেট চালাতে পারেন না। এলাকায় রটে যায় যে, ঝর্ণা একটি হিন্দু ছেলেকে বিয়ে করেছেন। তাই তার বাবাকে তারা মসজিদ কমিটির (সভাপতি ও সম্পাদক) ডেকে পাঠায়, কিন্তু উনি না আসায় তারা বলেন যে উনি উনার মতো চলুক, আমরা আমাদের মতো চলব।

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, তবে আজ তারা ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন ঝর্ণার বাবার কাছে। সেই সঙ্গে লিখিত দিয়েছেন যে ভবিষ্যতে আর এমন কিছু করবেন না। ঝর্ণার পরিবারও খুশি হয়েছেন, তারাও লিখিত দিয়েছেন যে তারা এখন খুশি।

উল্লেখ্য: উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়ালেখার করতে যাওয়া নুরুন্নহার চৌধুরী ঝর্ণার জীবনাচার নিয়ে আপত্তি তুলে কয়েকদিন আগে দেশে তার পরিবারকে গ্ৰাম্য বৈঠকের মাধ্যমে একঘরে করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। ঝর্ণার বাবা হাজি আব্দুল হাই চৌধুরী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে জানান।

যুক্তরাষ্ট্রে থাকা ঝর্ণা চৌধুরী এ বিষয়ে বলেন, আমি কি পোশাক পরব, কার সঙ্গে ছবি তুলব, কার সঙ্গে চলব সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। সেটা তো আমাকে এলাকার লোক নির্ধারণ করে দিতে পারে না। মসজিদ কমিটির লোকজন অতি উৎসাহী হয়ে অনধিকার চর্চার মাধ্যমে আমার পরিবারকে গ্ৰাম্য বৈঠকে একঘরে করে দিয়েছে। এসব নারীবিদ্বেষী, মৌলবাদীদের অনেক আগেই নিয়ন্ত্রণ করতে পারতাম। তবে অভিযুক্তরা ইউপি চেয়ারম্যানের কাছের লোক হওয়ায় তার কাছে অভিযোগ করেও লাভ হয়নি।

যেভাবে ঘটনার শুরু‌‌: ঝর্ণা চৌধুরীর বাবা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত যে অভিযোগ দিয়েছেন তা থেকে জানা যায়, ঝর্ণা ২০০৮ সাল থেকে ‘পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ’ নামে একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। ২০১৩ সাল থেকে সংগঠনটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি। নারী অধিকার, নারী শিক্ষা নিয়ে স্থানীয়ভাবে নানা রকম কর্মসূচি হাতে নিয়ে কাজ করেছেন তিনি। এসবের জন্য এলাকার কিছু মানুষ তাকে নেতিবাচক দৃষ্টিতে দেখতেন। গত বছরের ২৬ ডিসেম্বর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঝর্ণা। সেখানে তার সংগঠনের চেয়ারম্যান জয়তূর্য চৌধুরীসহ কয়েকজন বিমানবন্দরে তাকে স্বাগতম জানাতে আসেন। তাদের সঙ্গে ছবি তুলে তা ফেইসবুকে প্রকাশ করেন ঝর্ণা। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া এবং ফেইসবুকের এই ছবি নিয়ে স্থানীয় অনেকে নেতিবাচক মন্তব্য করেন। মেয়ের যুক্তরাষ্ট্র গিয়ে জয়তূর্য চৌধুরীর সঙ্গে চলাফেরা এবং ছোট কাপড় পরার কারণও জানতে চাওয়া হয় তার বাবার কাছে।

এরপর স্থানীয় ভাটেরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি সামছুল ইসলাম মাখন ও সাধারণ সম্পাদক আমিন মিয়া, কৃষ্ণপুর এলাকার বাসিন্দা শেখ টি এম মাছুম, এলাকার প্রবীণ বাবলু মিয়া, পংকি মিয়া, পাখি মিয়াসহ অনেকে ঝর্ণার বিচার করার জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন। ঝর্ণার বাবাকে কমিটির সভায় উপস্থিত থাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এমনকি মেয়ের হয়ে তার বাবাকে দোষ স্বীকার করে বক্তব্য দিতে বলা হয়েছিল।

মসজিদ কমিটির ডাকে উপস্থিত না হওয়ায় (২৮শে জানুয়ারি) সভা করে ঝর্ণার বাবাকে সমাজচ্যুত (একঘরে) করার সিদ্ধান্ত নেন মসজিদ কমিটির লোকজন।

পরিত্যক্ত শহীদ মিনারগুলো পরিষ্কার করবে ঠাকুরগাঁওয়ের “জাগ্রত যুবসমাজ”

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতির গৌরবমাখা ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে। ভাষার মাসে সব অপরিছন্ন, জরাজীর্ণ ও পরিত্যক্ত শহীদ মিনারগুলো পরিষ্কার করবে ঠাকুরগাঁওয়ের সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুবসমাজ। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভাষার মাসের প্রথম দিনের প্রথম প্রহরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জরাজীর্ণ শহীদ মিনারটি পরিষ্কার করে সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুবসমাজ।  ভাষার মাসে পর্যায়ক্রমে ভাষা শহীদদের সম্মানার্থে বিভিন্ন জায়গার শহীদ মিনারগুলো পরিষ্কার-পরিছন্ন করবে তারা।

সেচ্ছাসেবক জুনায়েদ বলেন, একটি সংগঠনের মাধ্যমে সমাজের অনেক সেবামূলক কাজ করা সম্ভব। সেই ধারাবাহিকতায় আমরা আজকে শহীদ মিনারটি পরিষ্কার করেছি। এ কাজটি করার জন্য জুয়েল ভাই আমাদের সহযোগিতা করেছেন। আমরা সবাই এক সঙ্গে কাজ করতে পেরে অনেক আনন্দিত।

সেচ্ছাসেবক সোহেল রানা বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য অনেক ভাই শহীদ হয়েছেন। তবে দুঃখের বিষয় হলো, তাদের সম্মানার্থে নির্মিত শহীদ মিনারগুলো সব সময় জরাজীর্ণ অবস্থায় থাকে। আমরা ২১ ফেব্রুয়ারির আগে এলাকার সব শহীদ মিনারগুলো পরিষ্কার করব।

জাগ্রত যুবসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জুয়েল রানা বলেন, করোনাকালীন দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যুবসমাজ বিভিন্ন দিকে চলে যাওয়া শুরু করেছে। সেই দিকে লক্ষ করে আমরা একটি সেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছি। এতে করে তারা সমাজের ভালো কাজগুলো করতে পারবে। আমরা লক্ষ করেছি ২১ ফেব্রুয়ারির দুদিন আগে শুধু শহীদ মিনারগুলো পরিষ্কার করা হয়। বাকি সময়গুলোতে জরাজীর্ণ অবস্থায় থাকে। ভাষার মাসে ভাষা শহীদদের সম্মানার্থে আজ শহীদ মিনারটি পরিষ্কার করেছি। এ ছাড়া এলাকার বিভিন্ন শহীদ মিনারগুলো এ মাসেই পরিষ্কার করব।

প্রসঙ্গত: ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি এই দেশের মানুষের চেতনার এক অনির্বাণ বাতিঘর। এই আলোর স্পর্শে অন্যায়ের কাছে মাথানত না করার এবং প্রবল দেশাত্মবোধের অন্যরকম এক আবেগ ও উদ্দীপনায় জেগে ওঠে সর্বস্তরের মানুষ।

রায়পু‌রে যুগান্তর এর ২২ তম প্র‌তিষ্ঠাবা‌র্ষিকী পালিত

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের-রায়পুরে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যুগান্তর সত্য ও সাহসের সঙ্গে গণমানুষের কথা বলে। এজন্যই যুগান্তর প্রথম থেকেই পাঠকের হৃদয় জয় করেছে। গণমানুষের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে। যুগান্তর এখন দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রিয় পত্রিকা। যুগান্তর তার গুনগত মান বজায় রেখে সত্য প্রকাশে অবিচল রয়েছে।

তারা বলেন, যুগান্তর অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে প্রকাশনার শুরু থেকেই ‘সত্যের সন্ধানে নির্ভীক’এ স্লোগানকে সামনে সত্য প্রকাশে অবিচল । প্রিন্ট মিডিয়া এখন চ্যালেঞ্জের মুখে পড়লেও পাঠক যুগান্তরের ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। যুগান্তরের ধারা বজায় রাখতে বস্তনিষ্ঠ সংবাদ তো বটেই আরও বেশি উন্নয়ন সংবাদ পরিবেশনে দেশ গড়ায় অবদান রাখতে হবে।

যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সমাজ সেবক নোয়াখালি জেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মিরাজ মুক্তাদির (শাহিন বাহাদুর) শতাধিক দরীদ্র মানুষের মাঝে শীতবস্র উপহার দিয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সন্ধায় সদরের পর্যটন কেন্দ্র দালালবাজার খোয়াসাগর দিঘিরপাড়ে শিল্পাঙ্গনে যুগান্তর স্বজন সমাবশের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয় এবং দৃষ্টিপ্রতিবন্ধি শিশুদের মাঝে কম্বল বিতরন করা হয়। এ সময় কেক কেটে স্বজন সদস্যদের সঙ্গে বিশিষ্টজনরা আনন্দ ভাগাভাগি করে নেন। এ আনন্দ অনুষ্ঠানে যোগ দেন মেয়র, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

যুগান্তর স্বজন সমাবেশ রায়পুরের সভাপতি ও সমাজ সেবক কামরুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান।

এ সময় উপস্থিত ছিলেন-রায়পুরে প্রিন্সিপাল কাজি ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন,, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সাংবাদিক নজরুল ইসলাম দিপু, রায়পুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুন্নবি সোহেল, স্বজন শহীদ পাটোয়ারী, রায়পুর সাংবা‌তিক ইউ‌নিয়‌নের সাধারন সম্পাদক জ‌হির হো‌সেন, প্রচার সম্পাদক হৃদয় হো‌সেন, সহ প্রচার সম্পাদক নুর উ‌দ্দিন জা‌বেদ, সাংবাদিক জসিম উদ্দিন, শরিফ হোসেন, আলমগীর হোসেন অশ্রু ও ওসমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগান্তরের রায়পুর প্রতিনিধি তাবারক হোসেন আজাদ। অনুষ্ঠান সঞ্চলনা করেন, অনলাইন পোর্টাল লক্ষ্মীপুর জার্নালের নির্বাহী সম্পাদক ও বার্তাবাজারের রায়পুরের প্রতিনিধি মোঃ ওসমান গনি।

অনুষ্ঠানে রায়পুরের সাংসদ নুর উদ্দিন চৌধুরী বলেন, দেশের প্রিন্ট মিডিয়া এখন চ্যালেঞ্জের মুখে পড়লেও পাঠক যুগান্তরের ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। কারণ যুগান্তর পাঠকের প্রত্যাশা পূরণ করতে পারছে। যুগান্তর পাঠককে ধরে রাখতে পারছে। বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলাম বাবুল দেশের জন্য অনন্য সৃষ্টি রেখে গেছেন। যুগান্তর তার গুণগত মান বজায় রেখে সত্য প্রকাশে অবিচল রয়েছে। অনেক গঠনমূলক সমালোচনা আমাদের সমৃদ্ধ করছে।

এদিকে যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দৃষ্টিপ্রতিবন্ধি অসহায় শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের সানরাইজ কেজি স্কুল প্রাঙ্গণে বুধবার ২ ফেব্রুয়ারি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন সকালে এ কোর্সের শুভ উদ্বোধন করেন পৌরমেয়র ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

পরে সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।

এ ছাড়াও অনুষ্ঠানে সংস্থার প্রশিক্ষক রুখসানা আফরোজা, নিশাত রহমান, জুবলী খাতুন,তরিকুল ইসলাম ও শিরিন আখতারসহ প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন- প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ মোস্তফা কামাল ও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। মেয়র তার বক্তব্যে এ প্রকল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও সম অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এই সাথে তিনি রাণীশংকৈল উপজেলায় এ প্রকল্প নিয়ে আসার জন্য সাবেক সাংসদ সেলিনা জাহান লিটাকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে নারীর সার্বিক উন্নয়নে দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এইসাথে তিনি সঠিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করার জন্য প্রশিক্ষকদের প্রতি আহবান জানান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসের প্রথম দিন। গতকাল ২ ফেব্রুয়ারি অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে নওগাঁ শহরের প্রাণ কেন্দ্র মুক্তির মোড় শহীদ মিনারে সন্ধা ৭টায় সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও প্রদীব প্রজ্বলন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হাসমত আলী,সাধারণ সম্পাদক লিজা প্ররামানিক, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি নূর নাহার সুষমা সাথী, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল রাজ, প্রচার সম্পাদক মেহেদী হাসান অন্তর আহমেদ, আইন বিষয়াক সম্পাদক সাদেকুর রহমান বাঁধন,কোষাধ্যক্ষ নন্দিনী রাণী, চিকিৎসা বিষয়ক সম্পাদক মরিয়ম খানম মৌটুষি  সহ সংগঠনের নেতৃবৃন্দ।

ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সিরিয়ায় মহড়া চালালো লেবাননের হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় বিস্তীর্ন এলাকা জুড়ে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের সংগঠন হিজবুল্লাহ।

আন্তর্জাতিক গণমাধ্যম  দৈনিক ‘আল আরাবি আল জাদিদ’ বুধবার তাদের এক প্রতিবেদনে লিখেছে, সিরিয়ার দিয়ার আয-যৌর এবং তাদমুর প্রদেশের মাঝামাঝি এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। সরকারের সম্মতিতে এই মহড়ার আয়োজন করা হয়। হোমস প্রদেশের সুখনা শহর থেকেও ক্ষেপণাস্ত্র ও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

সিরিয়ায় হিজবুল্লাহ এমন সময় সামরিক মহড়া চালালো যখন হিজবুল্লাহর সক্ষমতার বিষয়ে দখলদার ইসরাইলের উদ্বেগ বেড়েছে। ইসরাইলি গণমাধ্যমে বারবারই বলা হচ্ছে, হিজবুল্লাহর শক্তি ইসরাইলের জন্য সবচেয়ে বড় হুমকি। ইহুদিবাদী ইসরাইলের নেতারা একথাও স্বীকার করছেন যে, হিজবুল্লাহ হচ্ছে একটি প্রশিক্ষিত বাহিনী এবং শত্রুর মোকাবেলায় তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে পড়ার পর দেশটির সরকারের আহ্বানে সেখানে গেছে লেবাননের প্রতিরোধ আন্দোলনের সংগঠন হিজবুল্লাহ। তাদের সহযোগিতায় সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য পেয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাড়ির বিলের আবু শামার পুত্র শামসুল আলমকে (৩০) এপিবিএন পুলিশ ১ লাখ পিস ইয়াবাসহ আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, ১  লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোহিঙ্গা ক্যাম্প-১১ ব্লক এ-১ এর আইআরসি হাসপাতালের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটককৃত ব্যক্তি দুটি কালো প্যাকেটে ৫০ হাজার করে মোট এক লাখ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পের দিকে। এ সময় এপিবিএন পুলিশ তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

আটক শামসুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

খরস্রোতা ইছামতী নদীতে এখন চলছে ফসল চাষ

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরের নশরতপুর, সাতনালা, আলোকডিহি এলাকার ওপর দিয়ে প্রবাহিত ইছামতী নদী এখন ফসল আবাদের সমতল ভূমি। নদীটি পড়েছে অস্তিত্ব সংকটে। একসময়ের খরস্রোতা ইছামতী নদীতে এখন চলছে বোরো ধানের বীজতলাসহ ইরিবোরো ফসলের চাষ। অনেক এলাকা ভরাট করে হয়েছে বেদখল। শুকনো মৌসুমের আগেই নদী শুকিয়ে যাওয়ায় হারিয়েছে অনেক দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এতে জেলেরা পেশা বদল করে চলে যাচ্ছে ভিন্ন পেশায়। এখন যে কেউ দেখলে এটা নদী তা বিশ্বাস করতে চায় না। কারণ নদীতে পানি না থাকলেও নদীর বুকজুড়ে সমতল ভূমিতে রয়েছে সবুজের ক্ষেতে ফসলের চাষ।

একসময়ের বহমান নদীটি বর্তমানে বছরের অধিকাংশ সময় শুকনো আর চাষাবাদের উপযুক্ত অবস্থায় পরিণত হয়েছে। পানি না থাকার কারণে হারিয়ে গেছে স্থানীয় জেলেদের জীবনযাত্রা, দেখা দিয়েছে দেশীয় মাছের অভাব। একসময় এই নদীর পানি দিয়ে কৃষকরা তাদের চাষাবাদ করত আর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত জেলেদের পরিবার। নদীটির জায়গায় জায়গায় কিছু পানি জমে থাকলেও এখন বেশির ভাগ অংশই সমতল কৃষি জমি হয়েছে। তাই বর্ষার সময় অল্প পানি নদী ধারণ করতে না পারলে পাশের জমিগুলোও পানিতে নিমজ্জিত হয়ে যায়।

নশরতপুর গ্রামের অনেকেই জানান, ইছামতী নদীতে বেশির ভাগ সময়ই পানি না থাকায় জেলেরা তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আবার কেউ অন্যত্র চলে গেছে। আবার নদীতে পানি না থাকায় হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। নদীর পানি না থাকায় শুকনো মৌসুমে সেচও দিতে পারেন না কৃষক। তবে নদীকে বাঁচিয়ে রাখতে এখনই পরিকল্পনা নেয়া প্রয়োজন। তা না হলে একসময় নদীটি সমতল ভূমিতে হারিয়ে যাবে।

ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েডরের রাজধানী কুইটোতে ভূমিধসে ২৪ জন নিহত এবং অন্তত ১২ জন নিখোঁজ হয়েছেন। রাজধানী কুইটোতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।

কুইটো নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ৩২ জন আহত হয়েছেন এবং আটটি বাড়ি ধসে পড়েছে। প্রায় ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে সৃষ্ট এই দুর্যোগে ধ্বংসাবশেষে জীবিতদের খুঁজতে উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয়রা যোগ দিয়েছেন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার দিবাগত রাত মঙ্গলবারে টানা বৃষ্টিতে লা গাসকা এবং লা কমুনায় পানির উচ্চতা বেড়ে যায়। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। ফলে ভূমিধসে ঘরগুলোয় মাটি ও পাথর ঢুকে পড়ে এবং এতে এলাকার বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ২৪ জন নিহত এবং অন্তত ১২ জন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৭ জন।

মেয়র সান্তিয়াগো গার্ডেরাস বলেন, এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহতদের ৪৭ জনের ভেতর দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রয়টার্সের এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল স্রোতে ভেসে যাচ্ছে গাছপালা, গাড়ি, ময়লার স্তূপ এবং ইলেকট্রিক থামসহ আরও অনেককিছু। এই স্রোতের ভেতরে ভেসে যাওয়াদের তুলে আনছেন প্রতিবেশিরা।