দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৬১ জনে। মোট শনাক্ত ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।

আজ বুধবার (২ ফেব্রুয়ারী) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছে চার হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৬৭টি ল্যাবে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৩০৮টি। মৃতদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ১৯ জন। এদের মধ্যে শুন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহীতে ছয়জন, খুলনা বিভাগে সাতজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এদের মধ্যে ৩০ জন সরকারি হাসপাতালে ও পাঁচজন বেসরকারি হাসপাতালে এবং হাসপাতালে মৃত্যু অবস্থায় আসছে একজন।

বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্ব জুড়ে ফের চলছে করোনার মরণকামড়। বর্তমানে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের পর ওমিক্রন ভ্যারিয়েন্ট পুরো বিশ্ব কাপিয়ে বেড়াচ্ছে। এরই মধ্যে এক উদ্বেগজনক খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার জানিয়েছে, অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। এটি ওমিক্রন মূল স্টেনের চেয়েও বেশী সংক্রামক হতে পারে বলে কিছু গবেষণার পর এ ইঙ্গিত দেয়া হয়েছে।

গত বছর প্রায় ১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অতিসংক্রামক এবং ব্যাপকভাবে মিউটেড ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে জানিয়েছে, গত মাসে সংগৃহীত নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, নমুনার ৯৩ শতাংশ গত মাসেই সংগ্রহ করা হয়েছে। এই নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়, এগুলো হলো : বিএ.১, বিএ.১.১, বিএ.২ এবংবিএ. ৩ ।

গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভগিস এইড জানিয়েছে, বিশ্বব্যাপী সংগৃহীত নমুনায় ওমিক্রনের ভার্সন হিসেবে ৯৬ শতাংশের বেশী বিএ.১ এবং বিএ.১.১ শনাক্ত হয়েছে। তবে ব্যাপক সংক্রমণের সাথে জড়িত বিএ.২ ভ্যারিয়েন্ট, এটি মূল ওমিক্রন থেকে ব্যাপক মিউটেশনসহ এই ভ্যারিয়েন্টের প্রোটিন স্পাইক বদলে নিয়েছে, এই পরিবর্তিত প্রোটিন স্পাইক মানব কোষে ঢুকে পড়ার মূল চাবিকাঠি।

এদিকে ৫৭ টি দেশের পাঠানো নমুনায় এই বিএ.২ স্টেন শনাক্ত হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, কিছু দেশে সাব ভ্যারিয়েন্ট এখন সংগৃহীত সমস্ত ওমিক্রন সিকোয়েন্সের অর্ধেকের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভ্যারিয়েন্টগুলোর পার্থক্য সম্পর্কে এখনো খুব কমই জানা গেছে। সাব-ভ্যারিয়েন্টগুলোর মধ্যে এবং এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অনুসন্ধান চালানোর আহবান জানানো হয়েছে, যাতে এই ভ্যারিয়েন্টের সংক্রমন সক্ষমতা এবং ইমিউন সুরক্ষা ফাঁকি দেয়ার ক্ষেত্রে কতটা শক্তিশালী তা জানা যায়।

বেশ কয়েকটি সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে যে, মূল ওমিক্রনের চেয়ে বিএ.২ বেশি সংক্রামক। কোভিড নিয়ে ডব্লিউএইচওর অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া কেরখোভ সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

তিনি মঙ্গলার বলেন, সাব-ভেরিয়ান্ট সম্পর্কে তথ্য খুবই সীমিত, কিন্তু  প্রাথমিক পর্যবেক্ষণে যে তথ্য নির্দেশ করে এতে দেখা যায় বিএ.১ এর তুলনায় বিএ.২ এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

ঢাবি ছাত্রলীগের ১৮ হলের কমিটি ঘোষণা

রাজনীতি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫টি  ছাত্রী হলসহ ১৮টি হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সর্বশেষ ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। গত ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের এই ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হলো।

আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হোসেন সাদ্দাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

১৩টি ছাত্র হলের নেতৃত্ব পেলেন যারাঃ ১. মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান; ২. হাজী মুহাম্মদ মুহসীন হলের সভাপতি শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন; ৩. শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন; ৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান; ৫. স্যার এ এফ রহমান হলের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন; ৬. মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত; ৭. পল্লিকবি জসীমউদ্দীন হলের সভাপতি মো. সুমন খলিফা ও সাধারণ মো. লুৎফুর রহমান; ৮. সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার; ৯. বিজয় একাত্তর হলে সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আবু ইউনুস; ১০. জগন্নাথ হলের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ; ১১. ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত; ১২. শহীদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং ১৩. অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

পাঁচটি ছাত্রী হলের নেতৃত্ব পেলেন যারাঃ ১. বেগম রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস; ২. শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আখতার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা; ৩. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন; ৪. বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি এবং ৫. বেগম সুফিয়া কামাল হলের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক হয়েছেন রিমা আক্তার ডলি।

দিনাজপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। জানা গেছে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ৩জন নিহত হয়েছেন।

আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেট কারযোগে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন। বিরামপুরের রেলগুমটি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপেস ট্রেনটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি ১০ গজ দূরে ছিটকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যায়।

নিহত তিনজনের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন পাবতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের হালিম শাহের ছেলে হাফিজুর রহমান শাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টায় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ক-১১-২৩৩২) করে ৬ থেকে ৭ জন ব্যক্তি জেলার হিলির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ঘন কুয়াশার ফলে কিছু দেখতে না পেয়ে প্রাইভেটকারের চালক ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকার রেলক্রসিংয়ের ওপর গাড়ি তুলে দেন। এসময় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। গুরুতর আহত আরও তিন থেকে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে গেটকিপার সাইফুজ্জামান বলেন, রেললাইনের গেটের কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেটকারচালক সেটি না দেখে রেললাইনের ওপর প্রাইভেটকার উঠিয়ে দেন।

রাবি ক্যাম্পাসে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ হবিবুর রহমান হলের সামনে শিক্ষার্থী মাহমুদ হাবিব ওরফে হিমেল ট্রাকচাপায় নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চালক মো. টিটু মিয়া (৪২) কাশিয়াডাঙ্গা থানার বালিয়ার বাসিন্দা।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তাকে জেলার কাশিয়াডাঙ্গা থানার বালিয়া থেকে আটক করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকচালক টিটুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে আসলে তাকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।

পরে শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার রাতে মৌখিকভাবে ভারপ্রাপ্ত প্রক্টরকে প্রত্যাহারের ঘোষণা দেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে তারা উপাচার্যের কাছে লিখিতভাবে ৭ দফা দাবি দিয়ে (সকাল পর্যন্ত) আন্দোলনে বিরতি ঘোষণা করেন।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। একই সঙ্গে আজকের মধ্যেই হিমেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী রায়হানর চিকিৎসার সব খরচও প্রশাসন বহন করবে বলে জানান তিনি।

আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হিমেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব তথ্য জানান উপাচার্য।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে মাহমুদের মরদেহ প্রথমে চারুকলা অনুষদে আনা হয়। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর মাহমুদের মরদেহ জানাজার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়। প্রথম জানাজা শেষে হিমেলের মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশে রওনা হন তার মা ও মামা।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব ওরফে হিমেল শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। এ ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন।

লোহাগাড়ায় পুলিশ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পুলিশ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাইল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রামুখী একটি পুলিশ ভ্যান ও বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশের চার সদস্য ও ট্রাকের চালক গুরুতর আহত হন। ট্রাকের চালকের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সদস্যরা হলেন, এএসআই নাজমুল হাসান, নায়েক অনুকুল বর্মন, কনস্টেবল সামাদ ও মান্নান।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রাফিকুল ইসলাম জামান বলেন, দুর্ঘটনায় আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা রেশনের জন্য কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল বলে জানা গেছে।

জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সভাপতি হল বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ব সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রাষ্ট্রদূত পর্যায়ের অধিবেশনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইউএন পিস বিল্ডিং কমিশনের এক টুইটে বলা হয়, কমিশনের রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত।

এদিকে নির্বাচিত হওয়ার পরপরই সভাপতির আসনে বসে শান্তি বিনির্মাণ কমিশনের ১৬তম অধিবেশনের সভা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনিই প্রথম পিবিসির নারী সভাপতি।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন এক টুইট বার্তায় বলেন, ‘২০২২ সালে শান্তি বিনির্মাণ কমিশনের নতুন সভাপতি বাংলাদেশকে অভিনন্দন। বিশ্বজুড়ে সংঘাতময় দেশ ও অঞ্চলগুলোতে ভূমিকা রাখার জন্য গত বছরের শান্তিরক্ষা বিনির্মাণ কমিশনের সভাপতি মিশরকেও আমি ধন্যবাদ জানাই। ’

দায়িত্বগ্রহণের পর বক্তৃতায় রাবাব ফাতিমা বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে থাকবে দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে সময়মত সম্পৃক্ত হওয়া এবং পর্যাপ্ত সহায়তা দেওয়া। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চাহিদামত দৃষ্টিপাত করা এবং শান্তি প্রতিষ্ঠা কমিশনের কাজের পরিধি বাড়ানোর ক্ষেত্রে সক্রিয় হব।’
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মাধ্যমে নির্বাচিত ৩১ সদস্য নিয়ে গঠিত হয় এই কমিশন।জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ অর্থ সাহায্যদাতা এবং সৈন্য প্রেরণকারীদের মধ্যে শীর্ষ দেশগুলোও এর সদস্য। বর্তমানে বিভিন্ন সৈন্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে রয়েছে। এর আগে ২০১২ সালে শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি ছিল বাংলাদেশ।

রাণীশংকৈলে বিষ খেয়ে তরুণের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শালবাড়ি গ্রামে রাকিব হাসান রকি(১৭) নামে এক তরুণ বিষ খেয়ে মারা গেছে। রকি ওই গ্রামের জমিরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে গত সোমবার ৩১ জানুয়ারি সকালে।

জানা গেছে, জমি নিয়ে রকির সঙ্গে তার বাবার কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। ঘটনার দিন সকালে বিবাদের জেরে রকি তাদের বাড়িতে বিষ পান করে। এতে সে গুরুতর অসুস্থ হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকেলে সে মারা যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, রকি তার বাড়ি রাণীশংকৈল থেকে বিষ খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে মারা যায়। এ নিয়ে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। লাশ মর্গে পোস্ট মর্টেম করে গতকাল ১ ফেব্রুয়ারি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৃহবধূ ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব-মোহাম্মদ নগর গ্রামে শনিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে। পাশবিকতার শিকার গৃহবধুর ছোট ভাই থানায় ধর্ষণ মামলা করলে রবিবার (৩০ জানুয়ারি) অভিযুক্ত ধর্ষককে দিবাগত রাতে আলী হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। আলী হোসেন একই গ্রামের হাবিব আলীর ছেলে ও তিন সন্তানের জনক। সোমবার (৩১শে জানুয়ারি) বিকেলে থানা পুলিশ আদালতে হাজির করেন। আদালত ধর্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।

মামলা সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী বড়লেখা উপজেলার পূর্ব-মোহাম্মদ নগর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। শনিবার রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরের টয়লেটে যান। সেখানে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আলী হোসেন (২৮) গৃহবধুকে ঝাপটে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার দুপুরে নির্যাতিত গৃহবধুর ছোটভাই ধর্ষক আলী হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঐ রাতেই অভিযান চালিয়ে পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুলাউড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গৃহবধু ধর্ষণ মামলার গ্রেপ্তার আসামি আলী হোসেনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ভিকটিম ধর্ষিতা’কে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় আবু সাইদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ১ ফেব্রুয়ারি আবু সাইদ এর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ও (এফ) ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ১৯ (এ) ধারায় যাবজ্জীবন কারাদন্ডে এবং ১৯ (এফ) ধারায় বর্ণিত অপরাধে ৫ বৎসরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। মামলায় অপর আসামি আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলীকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী আবু সাইদ (২৮) হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে।

খালাসপ্রাপ্ত  আসাদুজ্জামান লিটন  ও সোলেমান আলী হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বাসিন্দা ।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২ জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংকের নেকমরদ শাখা থেকে ৬ ল টাকা উত্তোলন করে নেকমরদ থেকে মহারাজা হাটের উদ্দ্যেশে রাওয়ানা দেন। এর পর তারা দূর্লভপুর নামক স্থানে পৌঁছালে আসামী আবু সাইদ দ্রুতগামী মোটর সাইকেল নিয়ে তাদের গতিরোধ করে আগ্নেয়াস্ত্র দিয়ে একরাউন্ড ফাকা গুলি করে তাদের ভয় দেখিয়ে ৬ ল টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে  হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন চিৎকার দিতে দিতে তাদের ধাওয়া করতে থাকে। আরাজি চন্দনহট গ্রামে পৌছালে পুলিশের চেক পোষ্ট দেখে মটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করে আসামীরা।

পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামান লিটন কে আটক করে। আবু সাইদ এর কাছ থেকে একটি ম্যাগজিন যুক্ত বিদেশী পিস্তল ও গুলি এবং আসাদুজ্জামান লিটন এর কাছ থেকে  টাকার ব্যাগ উদ্ধার করা হয়। পরে রাণীশংকৈল থানায় এসআই আসগর আলী বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন।