মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। সোমবার দিবাগত রাতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলার সাতটি থানা, সদর মডেল থানা, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী ও বড়লেখায় একযোগে অফিসার ইনচার্জগণের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা খুঁজে খুঁজে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের পাশাপাশি ভাসমান তৃতীয় লিঙ্গের অসহায় শীতার্ত মানুষের গায়ে থানা পুলিশের সদস্যরা শীতবস্ত্র ( কম্বল) জড়িয়ে দেন। কনকনে তীব্র শীতে কম্বলের উষ্ণতায় হাসি ফুটে উঠে অসহায় শীতার্ত মানুষের মাঝে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরীব ও অসহায় সম্বলহীন মানুষের দুর্দশা বেড়ে গেছে বেড়ে গেছে নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত। হাড় কাঁপানো শীতে শিশু ও বয়োবৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছে। তাই এসব অসহায় মানুষের কষ্টের সাথে সামিল হয়ে কিছুটা লাঘব করার লক্ষ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান।

আজ ঢাকায় আসছেন জেমি সিডন্স

স্পোর্টস ডেস্কঃ গত ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জেমি সিডন্স। আর সেই তিনিই এবার সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন। আজ বুধবার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেলে ঢাকায় আসবেন জেমি সিডন্স।

এ ব্যাপারে বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই সিডন্স জাতীয় দল নিয়ে কাজ করবেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে। অন্য কোথায়ও কাজে লাগানো যায় কি না, সেটা নিয়েও ভাবছি।’

উল্লেখ্য, অক্টোবর ২০০৭-এপ্রিল ২০১১ বাংলাদেশের কোচ ছিলেন অজি ক্রিকেটার জেমি সিডন্স। ওই সময়ে বাংলাদেশ ১৯টি টেস্ট খেলে ২টিতে জয় পেয়েছিল। আর ১৬টি হেরেছিল এবং ড্র করেছিল ১টি। এছাড়া, ৮৪ ওয়ানডে’র মধ্যে ৩১ টিতে জয় এবং হার ৫৩টিতে। আর ৮টি টি-টোয়েন্টির মধ্যে সবগুলোতেই হেরেছিল বাংলাদেশ।

দীর্ঘ ৭ বছর ধরে জটিল রোগের চিকিৎসা করছে এসএসসি পাস ডাক্তার!

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বন্দর এলাকায় এসএসসি পাস করে মো. জালাল হোসেন দীর্ঘ ৭ বছর ধরে অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা করে আসছেন। তবে না আর চিকিৎসা করতে পারেননি। গত সোমবার (৩১ জানুয়ারি) রাতের অভিযানে র‍্যাবের জালে ধরা পরতে হয় তাকে। অভিযানের সময় বিভিন্ন ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব ৭-এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, বন্দর থানার কলসী দিঘীর পূর্বপাড় ‘আর কে ড্রাগ হাউস’ নামের একটি দোকানে ডাক্তারি প্যাড তৈরি করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন তিনি। অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ফার্মেসি এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়। সে দীর্ঘদিন ভুয়া এমবিবিএস-সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা প্রদান করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈলে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের শিবদিঘি যাত্রীছাওনি মোড়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন ওই সমিতির অন্যতম উপদেষ্টা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, থানার ওসি এসএম জাহিদ ইকবাল, আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য রাখেন- ওই সমিতির সভাপতি জাফর হোসেন ও সাধারণ সম্পাদক মিলন হোসেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর আবু তালেব, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ’লীগ সদস্য তারেক আজিজ।

কক্সবাজারের উখিয়ায় ৪৫ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া থেকে নয় কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা। উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর আইসের এই চালান জব্দ করা হয় বলে দাবি বিজিবির।

গতকাল সোমবার (৩১ জানুয়ারী) দিবাগত রাতে সংবাদ সম্মেলনে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির জানান, জব্দ করা আইসের পরিমাণ নয় কেজি। বালুখালী কাটাপাহাড় এলাকায় রোহিঙ্গানেতা নবী হোসেনের আস্তানায় অভিযান চালিয়ে এই আইস জব্দ করা হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী জানান, বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদককার বারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা মিয়ানমার সীমান্ত দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নয় কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।

তিনি আরও জানান, গত ১ জানুয়ারি থেকে এক মাসে ৩৪ বিজিবির অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মোট মূল্য ৭০ কোটি টাকা। এ সময়ে ছয় লাখ ৫৪ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ কোটি ৬৩ লাখ পাঁচ হাজার টাকা।

আইপিএল ২০২২: প্লেয়ার্স ড্রাফটে ৫ বাংলাদেশি

স্পোর্টস ডেস্কঃ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল-২০২২) ১৫তম আসরের প্লেয়ার্স ড্রাফটে ৫ বাংলাদেশি ক্রিকেটারের জায়গা হয়েছে। গত আসরগুলোতে নিয়মিত খেলা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের জায়গা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে। এছাড়া শরিফুল ইসলাম, লিটন দাস, তাসকিন আহমেদ রয়েছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে। সাকিব সবশেষ আসরে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মোস্তাফিজুর রহমান খেলেছেন রাজস্থান রয়ালসে। আর বাকিরা প্রথম।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ নিলাম।

আসছে আসরে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট ও টিম আহমেদাবাদ যুক্ত হয়েছে। আইপিএলের ওয়েবসাইটে জানানো হয়েছে, ১ হাজার ২১৪ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছিলেন নিলামের জন্য। সেখান থেকে বাছাই করে ৫৯০ জনের চূড়ান্ত তালিকা করা হয়েছে নিলামের জন্য। ভারতের ৩৭০ ও বিদেশি খেলোয়াড় রয়েছে ২২০ জন।

নিলামের চূড়ান্ত তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ১ জন, স্কটল্যান্ডের ২জন, নেপালের ১জন, নামিবিয়ার ৩জন ও জিম্বাবুয়ের ১জন ক্রিকেটাররাও। তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ৪৭ জন। এরপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ৩৪জন ও ইংল্যান্ডের ৩জন।

নীলফামারীর ডিমলায় বিজিপি ক্যাম্পের পিকআপ ও নাবিল গাড়ির মুখোমুখি সংঘর্ষ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের কেয়ার বাজার নামক স্থানে (০১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৮ টায় ৩০ মিনিটে ঢাকা থেকে ডিমলার উদ্দেশ্যে আসা নাবিল পরিবহন বাসের সাথে ডিমলা থানা হাট বিজিপি ক্যাম্পের পিকআপ গাড়িটির সংঘর্ষ হয়।

জানা যায়, পিকআপ গাড়িটি ৫১ ব্যাটেলিয়ান বিজিবি রংপুর দরবার হলের উদ্দেশ্যে রওনা হলে কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহনের সাথে সংঘর্ষে দূর্ঘটনা ঘটে। এতে বিজিপি ক্যাম্পের পিকআপ গাড়ির ড্রাইভার সিপাহী মোহাম্মদ আরিফ আহত হন। তাৎক্ষনিক ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

ডিমলা থানার তদন্ত ওসি বিশ্বদেব জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে।

ধান রোপণের জন্য মানুষ নয়, যন্ত্র করবে কৃষি কাজ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ধান রোপণে মানুষ নয়, ধান রোপণ করছে যন্ত্র। রাইস ট্রান্সপ্লান্টার নামক এই আধুনিক কৃষি যন্ত্র একসাথে ৬ লাইনে ধানের চারা রোপণ করতে পারে। শ্রমিকও লাগে কম। খরচও কম।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সোমবার (৩১ জানুয়ারি) রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আজির উদ্দিনসহ জনপ্রতিনিধি, কৃষক ও কৃষি কর্মকর্তারা।

চলতি রবি মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্সূচির আওতায় বড়লেখা উপজেলায় ৫০ একর জমিতে ব্লক প্রদর্শনীতে সমলয়ে চাষাবাদ (Synchronize Cultivation) পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে এই উদ্যোগ নেয়া হয়।

রাইস ট্রান্সপ্লান্টার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই দেশ ডিজিটাল বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছেন তাই আমাদেরকেও কৃষিতে এগিয়ে যেতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খুব দ্রুত সময়ে ধানের চারা রোপন করা সম্ভব। তাছাড়াও খরচ অনেক কম এবং লোকবল খুব কম প্রয়োজন হয়। আর এই পদ্ধতিতে ধান রোপন করলে ধানের ফলনও অনেক ভালো হয়।

এক প্রতিবেদনে বলা হয়- এই যন্ত্র দিয়ে একসাথে ৬ লাইনে ধানের চারা রোপণ করা যায়। যন্ত্রটি একসাথে ১২টি ট্রে বহন করে চালাতে পারে। সনাতন পদ্ধতিতে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে চারজন শ্রমিককে কাজ করতে হয়। এতে করে কৃষকদের অধিক মুজুরি গুণতে হয়।

যন্ত্র দিয়ে এক ঘন্টায় ০.৩৫ হেক্টর জমির ধান রোপণ করা যায়। জ্বালানি খরচ ঘণ্টায় সাতশ’ গ্রাম। প্রতি হেক্টর জমিতে ২০ জন শ্রমিকের সাশ্রয় হয়। এ যন্ত্র দিয়ে ধানের চারা রোপণ করলে কৃষকের সময় ও অর্থের সাশ্রয় হবে। চারা রোপণে যন্ত্রটি ব্যবহার করলে রোপণ খরচ ৫০-৭৫ ভাগ কমানো সম্ভব হবে।

এছাড়া রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ করলে লাইন সোজা হয়। ফলে পরবর্তীতে আগাছা নিংড়ানো, সার ও কীটনাশক ছিটানো ও ধান কাটা সহজ হয়।

এক ঘন্টায় ৫০ ডেসিমাল ধানের চারা রোপণ : রাইস ট্রান্সপ্লান্টার চালক ওই প্রতিবেদনে বলা হয়- “রাইস ট্রান্সপ্লান্টার”-এর একাধিক চালক বলেন, এই মেশিন নিয়ে ৫০ ডিসিমাল ধানের চারা রোপণ করতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা। আর এতে প্রতি ডিসিমালে তেল খরচ হয় ১০ থেকে ১২ মিলিলিটিার। অল্প সময়েই মধ্যেই ধানের চারা রোপণ করা যাবে। এতে কৃষদের ৮০ ভাগ খরচ কমে যাবে। যদি ৩৩ ডেসিমালে শ্রমিক দিয়ে ধানের চারা রোপণ করানো হয়, তাহলে প্রায় এক হাজার টাকা খরচ হবে। আর যদি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হয় তাহলে মাত্র ২০০ টাকা খরচ হবে। যন্ত্র কিনতে ভর্তুকি দেবে সরকার।

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, “বর্তমানে ফসল উৎপাদন করে কৃষকরা লাভবান হচ্ছে না। এর মূল কারণ শ্রমিকের দাম অনেক বেড়ে গেছে। চারা লাগানো ও কাটার মৌসুমে শ্রমিকের মুজুরি অনেক বেশি হয়। একজন শ্রমিক যে ধান কাটে তাতে কৃষকের লাভ হয় না। সরকার সিদ্ধান্ত নিয়েছে কৃষিতে ধান লাগানো ও কাটা দুটোই মেশিনে করা হবে। সরকার ওইসব যন্ত্রে অর্ধেক ভর্তুকি দিবে। এছাড়াও উপকুল ও হাওর অঞ্চলে তিনভাগের দুই ভাগ ভর্তুকি দিবে সরকার। এই বছর যন্ত্র কেনার জন্য কৃষকদের চার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। কৃষি বিভাগের মাধ্যমে ইতিমধ্যে সারাদেশে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ এর ব্যবহার সুফল সম্পর্কে কৃষককদের অবহিত করা ও যন্ত্রটি ক্রয় করতে উৎসাহিত করা হচ্ছে।”

রাইস ট্রান্সপ্লান্টার মেশিনেরদাম :  জানা গেছে- একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দাম ৪ লক্ষ টাকা। কিন্তু হাওরাঞ্চলের কৃষক সেটা পাচ্ছেন ১ লক্ষ ২০ হাজার টাকায় । আর বাকী ৭০ ভাগ খরচ ভুতূর্কি হিসেবে দেবে সরকার।

কেনিয়ায় রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার উত্তর-পূর্বে সোমালিয়া সীমান্তের কাছে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৩ বাসযাত্রী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। আর এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারী) এ ঘটনা ঘটে।

কেনিয়ার উত্তর-পূর্ব মান্দেরা কাউন্টির পুলিশ জানায়, ১৪ সিটের বাসটি সোমবার ভোরে মান্দেরা শহরের দিকে যাচ্ছিল। সেসময় এটি রাস্তায় পেতে রাখা বোমার ওপরে উঠায় বিস্ফোরণ ঘটে।

কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা মারাত্মক বিস্ফোরণের পর গুলির শব্দ শুনতে পান।

ওই অঞ্চলের পুলিশপ্রধান বুনেই রনোর বরাত দিয়ে নেশন মিডিয়া গ্রুপ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যদিও তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি, তবে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে সন্দেহ করা হচ্ছে। সোমালি সন্ত্রাসী গোষ্ঠী অতীতে নিরাপত্তা বাহিনী এবং গণপরিবহনে বেশ কয়েকটি আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত ২০১৫ সালে আল-শাবাব সোমবারের হামলার মতো একই রাস্তায় একটি কনভয় আক্রমণ করেছিল যা মান্দেরার গভর্নর আলি রোবাকে নিয়ে যাচ্ছিল, সেসময় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছিল।

সূত্র: ভয়েস অব আমেরিকা। 

হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া

রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ ন্যাশানাল পার্টি (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠায় তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনপি।

বিএনপি কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় আসবেন। খালেদা জিয়ার বাসায় ফেরা ও তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।

আর বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড হাসপাতালের অডিটোরিয়ামের ১১ তলায় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। আর তারপর থেকে দীর্ঘ ৮১ দিন চিকিৎসা নিয়ে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।