শ্রীমঙ্গলে সমাজসেবা কার্যালয় কর্তৃক চা শ্রমিকদের চেক বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে সমাজকল্যাণ মন্ত্রনালয় এর অর্ন্তগত জাতীয় সমাজকল্যাণ কমিটির অর্থায়নে ৬ শত ১৬ জন চা-শ্রমিকদের মাঝে পাঁচ হাজার টাকা করে এককালীন ৩০ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন (মৌলভীবাজার- ৪) শ্রীমঙ্গল- কমলগঞ্জ সংসদীয় আসনের সাংসদ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, এতে উপস্থাপনা করেন আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠান শেষে চা শ্রমিকদের মিষ্টি মুখ করান আব্দুস শহিদ এমপি ও উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে লণ্ডভণ্ড মালাবিতে নিহত ৯৯

পূর্ব আফ্রিকার দেশ মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে কমপক্ষে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছেন মালাবির দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার চার্লস কালেম্বা। খবর সিএনএনের। 

কমিশনার কালেম্বার মতে, মালাবির বাণিজ্যিক রাজধানী ব্লানটায়ারে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা প্রায় সাতটি কাউন্সিলে ৯৯ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। এর মধ্যে ব্লানটায়ার শহরে সবচেয়ে বেশি ৮৫ জন মারা গেছেন এবং এই এক শহরেই প্রায় ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।’

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মালাবির সরকার দেশের দক্ষিণাঞ্চলে ‘দুর্যোগময় অবস্থা’ ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা ‘ঘূর্ণিঝড় ফ্রেডি মালাউইয়ের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় যে ধ্বংসলীলা সৃষ্টি করেছে তা নিয়ে গভীর উদ্বেগ’ জানিয়েছেন বলে সরকারি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আর ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বিদ্যমান পরিস্থিতিতে সরকার ইতোমধ্যে জরুরি পরিস্থিতিতে সাড়া দিচ্ছে, সব ক্ষতিগ্রস্ত জেলায় জরুরি সহায়তা প্রদান করছে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব পরিবারের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে।’

বেগম জিয়ার ভবিষ্যদ্বাণী তার বেলাতেই কার্যকর হয়েছে : তথ্যমন্ত্রী

মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কয়েকবার বলেছিলেন নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। ২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল সেটি অবাধ-নিরপেক্ষ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছিল। কিন্তু সে নির্বাচনে তারাই ৩০টির বেশি আসন পায়নি। বেগম জিয়ার ভবিষ্যদ্বাণী তার বেলাতেই কার্যকর হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, এবারের নির্বাচনে মির্জা ফখরুলের ভবিষ্যদ্বাণীও যদি তার বেলাতেই সত্য হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মির্জা ফখরুল যে ভবিষ্যদ্বাণী করেছেন, এ ধরনের অবান্তর কথা বলা সমীচীন নয়।

ড. হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০০৮ সালে বিএনপি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচন করলেও প্রথমে মাত্র ২৯টি আসন পেয়েছিল। পরে উপনির্বাচনে আরও দুটি আসন পায়। ২০১৮ সালের নির্বাচনে তারা বিশাল জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ওই নির্বাচনে তারা প্লেয়ারও হায়ার করেছিল। হেভিওয়েট রাজনীতিবিদ ড. কামাল হোসেনকে তারা হায়ার করে, কিন্তু হায়ারে খেলতে গিয়ে তিনি ভালো খেলেননি। এই বিশাল জোট নিয়ে তারা মাত্র ৭টি আসন পেয়েছিল। বিএনপির জনপ্রিয়তা এর থেকেই স্পষ্ট। আর আগামী নির্বাচনে বিএনপি যেন ৩০টির বেশি আসন পায় সে আশাবাদ ব্যক্ত করি।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সুতরাং, তারা চাইলেও আওয়ামী লীগের অধীনে নির্বাচনে আসতে পারবে না। যেহেতু কমিশনের অধীনে নির্বাচন হবে, সেহেতু আশা করব তারা নির্বাচনে অংশ নেবে।

বিদ্যুৎবিহীন ১৭৫ টি পরিবারের ভরসা কুপি বাতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও বিদ্যুৎ থেকে বঞ্চিত দেওড়াছড়া চা বাগানের ১৭৫ টি পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন থাকা পরিবারগুলোর পক্ষ থেকে গত রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবারে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের ৬ ও ৭নং লাইন, শালবাড়ি ও চন্ডিপুর এলাকায় ২০১৯ সালে বিদ্যুতায়িতের লক্ষ্যে বিদ্যুতের খুঁটি ও লাইন টানা হলেও ১৭৫ টি পরিবারগুলো দীর্ঘ সময় থেকে বিদ্যুৎ বঞ্চিত রয়েছে।

এদিকে, দেওড়াছড়া চা বাগানের বিদ্যুৎ বঞ্চিত ভোক্তভোগী মিঠুন উড়াং, রাজু উড়াং, সুমন রায়, আপন উড়াংসহ অনেকে জানান, কয়েক বছর আগে বিদ্যুতের জন্য আমাদের এলাকায় বিদ্যুতের খুঁটি ও লাইন টানা হলেও কি অদৃশ্য কারণে আমাদের সংযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে জানিনা। আমরা ডিজিটাল যুগে এসেও অন্ধকারে রয়েছি। আমাদের আশপাশের পাহাড়ি এলাকার সব জায়গায় বিদ্যুতায়িত করা হলেও কেবল আমরাই অন্ধকারে পড়ে আছি। তারা আরো জানায়, বিদ্যুতের অভাবে আমাদের অনেক সমস্যা পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা ঠিকভাবে লেখাপড়া চালাতে পারছেনা। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

শিক্ষার্থী রাজু বলেন, আমরা রাতে পড়াশোনা করতে পারছিনা। এযুগে এসে কুপি জ্বালিয়ে লেখাপড়া চালাতে হবে তা ভাবতেই কষ্ট লাগছে। শুনেছি কমলগঞ্জ উপজেলাকে সরকারীভাবে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে এটা কিভাবে সম্ভব?
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর বলেন, বাড়িগুলোতে ওয়্যারিং এর কাজ অসম্পূর্ণ থাকায় সংযোগ দেয়া যাচ্ছেনা। ওয়্যারিং সম্পূর্ণ করে বাগান কর্তৃপক্ষ কাগজপত্র জমা করলেই আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে দিতে পারব বলে জানান তিনি।

বিশ্বের ৫২ দেশে মাছ রপ্তানি করছে বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, দেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণই শুধু নয়, বিশ্বের প্রায় ৫২টি দেশে আমাদের মাছ রপ্তানি হয়। আজ মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর মৎস্য ভবনে ইলিশ সম্পদ উন্নয়ন-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম বলেন, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমিষের দাহিদা পূরণ হচ্ছে। খাবারের একটি বড় জোগান দেওয়া সম্ভব হচ্ছে। এ খাতে সম্পৃক্তদের আয়ের উৎসও তৈরি হচ্ছে। এখন এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। যা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছে।

মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী করোনা পরিস্থিতিতেও বিশ্বে যে তিনটি দেশ মাছ উৎপাদনে ভালো করেছে তার মধ্যে বাংলাদেশ একটি। অপরদিকে মাছ উৎপাদনের ক্ষেত্রেও বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। জেলে-মৎস্যজীবীসহ মৎস্য খাতে বিভিন্নভাবে সম্পৃক্তদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মৎস্য খাতে অভাবনীয় ও বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।

মন্ত্রী আরো বলেন, মৎস্য খাত শুধু মাছ আহরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এ খাতের সঙ্গে দেশের উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন, খাবারের জোগান, বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি এসব বিষয় সম্পৃক্ত। তাই এ খাতকে কোনোভাবেই হেলায় দেখা যাবে না। জাটকা নিধন বন্ধে আমাদের কঠোর পদক্ষেপ রয়েছে। এর ব্যত্যয় যারাই করতে চাইবে কোনো ছাড় দেওয়া যাবে না। যারা আইন লঙ্ঘন করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় স্বার্থ রক্ষা অগ্রাধিকার দেওয়া হবে।

পানির সঙ্কটে খা খা করছে হাওর এলাকা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের হাকালুকি হাওরে বোরো ধানের জমি চাষে চরম রকমের পানির সঙ্কট ধারন করেছে। পানির জন্য চলছে হাহাকার। পানির অভাবে বোরো জমি ফেটে খা খা করছে হয়েছে চৌচির। জমিতে সেচ দেয়ার মতো নদী, নালা কিংবা বিলেও পানি নেই। এ নিয়ে স্থানীয় কৃষকেরা চরম হাতাশায় দিন কাটাচ্ছেন। সোমবার হাকালুকি হাওর সহ মৌলভীবাজারের হাওরগুলোতে সেচ ব্যস্থাপনার দাবিতে মানববন্ধন করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি। মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, হাওর অঞ্চলের প্রান্তিক কৃষক ও বর্গা চাষীদের জীবন জীবিকা নির্বাহের একমাত্র সম্বল হাওরে উৎপাদিত এক ফসলি বোরো ধান। ওই ফসলের আয় দিয়েই কৃষকদের পুরো বছরের আয়ের উপর নির্ভর করে খরচ এবং ছেলে মেয়েদের লেখাপড়াসহ সকল ব্যয় চলে। কৃষকরা ধার দেনাও পরিশোধ করে ধান বিক্রির টাকা থেকে। কিন্তু মাঘ, ফাল্গুন ও চৈত্র মাসে হাওরে বোরো জমিতে সেচ দেওয়ার মতো সুবিধা না থাকায় কৃষকরা ফিতা পাইপ দিয়ে ৩/৪ হাজার ফুট দূর থেকে জমিতে পানি দিচ্ছেন। প্রতি ঘন্টায় কৃষকদের ৪০০/৫০০ টাকা খরচ হচ্ছে।

বক্তারা বলেন, ইজারাদাররা বিল শুকিয়ে মাছ নিধন করে। যার কারণে বিলেও পানি পাওয়া যায়নি। পরিকল্পিত সেচ ব্যবস্থা না থাকায় এক দিকে কৃষকদের ব্যয় বাড়ছে এবং অন্য দিকে ফসল উৎপাদন কমে আসছে।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বক্তারা আরও বলেন, হাওরে বোরো উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের কষ্ট লাগব করতে হলে ফানাই নদীর চালিয়া এলাকায় একটি স্লুইচ গেট স্থাপন করা একান্ত প্রয়োজন। ফানাই নদী ৩ নদীর মিলনস্থল। অর্থাৎ ফানাই নদীতে পশ্চিম দিকের ভাটেরা ইউনিয়ন থেকে আন ফানাই এবং পূর্বদিক হতে বান্না নদী এসে মিলিত হয়েছে। যার কারণে ফানাই নদীর ৩ নদীর মিলনস্থলের একটু নিচে (চালিয়া এলাকায়) স্লুইচ গেট স্থাপন করলে ৩টি নদীতে পর্যাপ্ত পানি থাকবে এবং কৃষকরাও চাহিদা মতো বোরো জমিতে সেচ দিতে পারবে। বক্তারা জেলার কাউয়াদিঘী ও হাইল হাওর সহ সকল হাওরে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।

হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা সভাপতি ও বাপা জেলা সাধারণ সম্পাদক আ স ম ছালেহ সোহেল, হাকালুকি হাওরের কৃষক মোঃ এলাইচ মিয়া, সোনা মিয়া, হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শামসুদ্দিন মাস্টার, সদস্য ডা. ফরিদ আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, জেলা সদস্য হোসাইন আহমদ, বিশ্বজিৎ নন্দী, গিয়াসনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, হাকালুকি হাওর পাড়ের বাসিন্দা জাহিদুল ইসলাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

মানববন্ধনে হাকালুকি হাওর পারের, রাজনগর ও সদর উপজেলার কৃষকরা অংশ গ্রহণ করেন। সংহতি প্রকাশ করেন বাংলাদেশ শিক্ষক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ শওকত উজ্জামান মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।

নিখোঁজের ১৪দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ১৪দিন পর মনছুর আলী (২৭) এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার  ওসি আতিকুর রহমান ও এসআই শরিফুল ইসলাম পিপিএম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, মাটির নিচে থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের পুত্র। তিনি ২ সন্তানের জনক।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ রাতে আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা বলে থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এ ঘটনায় গত ২ মার্চ থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ প্রবাসী মনছুর আলীর বোন বুলু আক্তার। পরে ৮ মার্চ অপহরণ মামলা কার হয়।

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদরের মডেল থানার বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত ফখরুল ওরফে ফহর’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে সদর থানার এএসআই রায়হান আহমেদ, এএসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার-দলসহ সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়নের কাগাবালা বাজারে অভিযান পরিচালনা করে আসামি ডাকাত ফখরুলকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ফখরুল ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

গ্রেপ্তারকৃত আসামি ফখরুল অরফে ফহর মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। এই আসামি ফখরুলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি  নিশ্চিত করেন মডেল থানার ওসি হারুনূর রশিদ তালুকদার।

বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত খসড়া বাতিল

সাবিক ওমর, বগুড়া প্রতিনিধি: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে পুরাতন আইন থাকায় ২০১৯ সালে অনুমোদিত এ সংক্রান্ত নতুন আইনের খসড়া বাতিল করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৯ এর বিষয়ে মন্ত্রিসভার একটি নীতিগত সম্মতি ছিল। কিন্তু নীতিগত সম্মতি নিয়ে ভেটিংয়ের জন্য এটি লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়।

তিনি বলেন, পরে দেখা গেছে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এ সংক্রান্ত একটি আইন পাশ হয়ে আছে। সে আইনে বলা ছিল- সরকার আইনটি গেজেট আকারে প্রকাশ করলে সেটি কার্যকর হবে। কিন্তু আইনটি পাশ হলেও সেসময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর পরবর্তীতে আর কেউ এটি নিয়ে কাজ করেনি। ফলে বিশ্ববিদ্যালয় স্থাপনও করা হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একই স্থানে ও একই বিষয়ে দুটি আইন থাকার যুক্তিযুক্ত না থাকায় ২০০১ সালের আইনটি কার্যকর রেখে ২০১৯ সালের নীতিগতভাবে পাশ হওয়া আইনটির খসড়া বাদ দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন শহীদ এমপি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, ও হুইল চেয়ার, এবং পিইডিপি-৪ এর আওতায় ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, ল্যাপটপ ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও এসব উপকরণ বিতরণ করেন (মৌলভীবাজার-৪) শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

কর্মসূচির আওতায় ১১০জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিকে ৪০ জন, মাধ্যমিকে ৪০ জন ও উচ্চ মাধ্যমিকে ৩০ জনকে নগদ অর্থ শিক্ষাবৃত্তি, ৩৫ জনকে বাইসাইকেল ও উপজেলার ৯৮টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।