আজ শুরু হলো ভাষার মাস, রক্তে রাঙানো ফেব্রুয়ারি

আজ ১লা ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মানেই ভাষার মাস। বাঙ্গালী জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল আযাচিত প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনা ও প্রেরণার প্রথম প্রকাশ। আর সেই প্রেরণা নিয়ে বাঙালি এগিয়ে যায় জাতীয় স্বাধীনতার আন্দোলনের দিকে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। তাই শোকাবহ এ মাসের সঙ্গে জড়িয়ে আছে গৌরব আর অহঙ্কারের অধ্যায়। কারণ, পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ কয়েকজন ছাত্রযুবা হতাহত হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন ২২ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবি জানাজায় অংশগ্রহণ করে। ভাষাশহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ইউনেসকো ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এর মধ্যদিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের দেশে দেশে পালিত হয়।

এদিকে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে নানা কর্মসূচি। তবে করোনা মহামারির কারনে এবারের অমর একুশের অনুষ্ঠানমালায় আনা হচ্ছে পরিবর্তন। একুশের মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ মাস ব্যাপি বইমেলা এবার ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না। দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। করোনা মহামারির বাস্তবতা বিবেচনা করে এবারও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

দুবাই প্রবাসী এক বাংলাদেশী সড়ক দুর্ঘটনায় নিহত

তিমির বনিকঃ দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফ আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গ‌ণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।

নিহত আশরাফ আলীর ভাই মো. ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই গত ১৫ দিন আগে দুবাইয়ে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে আশারাফ আলী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আশরাফ আলীর অকাল মৃত্যুতে পরিবার এবং দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আশরাফ আলীর ছোট্ট একটি ১৮ মাসের কন্যা সন্তান রয়েছে। তার পরিবারে চলছে শোকের ছায়া, পরিবারের কান্নার শব্দে পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে।

ঠাকুরগাঁওয়ে এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দিনব্যাপী প্রশিক্ষণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বেসরকারি সকল এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সোমবার ৩১ জানুয়ারি দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। সদর উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার সভাপতি, সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়কদের অংশগ্রহণে প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কিত দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়ে।

এ উপলক্ষে এদিন উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আল মামুন।

পরে উপজেলা সমাজ সেবা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ইউএনও আবু তাহের মো.সামসুজ্জামান।
এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ অবহেলিত দুঃস্থ এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব গ্রহণে বদ্ধপরিকর। বাংলাদেশের সকল ধর্মীয় জনগনেরই এতিম শিশুদের লালনপালনের জন্য বেসরকারিভাবে এতিমখানা পরিচালনা করে আসছে। এরই প্রেক্ষিতে এসব এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য সমাজসেবা অধিদপ্তর এ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ঠ সুত্র জানিয়েছেন।

‘দৈনিক গণমুক্তি’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে অনলাইন প্রেসক্লাবে পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে ‘দৈনিক গণমুক্তি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার ৩১ জানুয়ারী মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।

এ সময় সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খিদের উপস্থিতে এক মিলনমেলায় পরিণত হয়। দীপ্ত নিউজ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক দুরুদ আহমেদ এর সভাপতিত্বে ও দৈনিক গণমুক্তি’র জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ‘র জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- মোহন ফাউন্ডেশন‘র প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মোহন আহমদ, এ.বিএল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি তাওহীদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আব্দুল বাছিত খাঁন, এ.কে অলক, জোবায়ের আহমদ রুমি, নাছরিন প্রিয়া, শুভশ্রী দেব শ্রেয়া, এস.এম ফজলু, জাহেদুল ইসলাম প্প্পাু, মাসুদ আলম চয়ন, আলিম-আল মুনিম, রিপন আহমদ আলাল, মহসিন আহমদ, জেলা তরুন পার্টির সভাপতি বুলবুল আহমদ খাঁন, মানবাধিকারকর্মী আব্দুর রহমান রহমত, মেধাবী ছাত্র রাহাত আহমদ শিপন, এম.এ সামাদ, আবু তালেব, নুর উত্তম দাস, মজনু খান, কিবরিয়া আহমদ প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা বলেন, প্রিন্ট ও অনলাইনের মাধ্যমে গণমুক্তি নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে প্রতিদিন সঠিক সংবাদগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। আগামীতেও একই ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দৈনিক গণমুক্তি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিবৃন্দরা।

নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন-এমপি শিবলী সাদিক

অলিউর রহমান মেরাজ, দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে ঐ ভবনের ভিত্তিরপ্রস্তর ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে  ভবন নির্মান কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

পরে তিনি বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সানোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান- এলজিইডির অর্থায়নে ৬৯ লক্ষ টাকা ব্যায়ে ভবনটি নির্মান করা হবে। এছাড়াও প্রধান অতিথি ঐ এলাকার ২টি রাস্তা পাকা করন কাজেরও উদ্বোধন করেন।

হাওরে বোরো চাষে ব্যস্ত কৃষকরা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনের পর মৌলভীবাজারের হাওরে বাড়ছে বোরো ধানের চাষ। এর কারণে চাষে মনোযোগী হয়েছেন কৃষকরা। জেলার হাওরগুলোতে চলছে বোরো চাষের ব্যস্ততা। হাকালুকি, কাওয়াদীঘি, হাইল হাওরসহ ছোট-বড় হাওরের উজান-ভাটিতে এখন চলছে বোরো চাষাবাদের উৎসব। বাজারে ধানের দাম বৃদ্ধি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৮০০ হেক্টর। এর মধ্যে হাওরে ২৭ হাজার ৮০০ হেক্টর ও সমতল ভূমিতে ২৯ হাজার হেক্টর।

কাওয়াদীঘি হাওর ঘুরে দেখা যায়, প্রচণ্ড শীত উপেক্ষা করে জমি প্রস্তুত ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ সেচের জন্য নালা তৈরি করছেন, আবার অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আনুষঙ্গিক কাজ শেষ করে কেউবা বীজতলা থেকে চারা তুলে তা জমিতে রোপণ করছেন।

এসময় কৃষকদের সঙ্গে কথা হলে তারা জানান, হাওরে এবছর বোরো আবাদ বেশি হয়েছে। বিগত কয়েক বছর জলাবদ্ধতার কারণে হাওরে পতিত জমিতে এবছর বোরো রোপণ করেছেন কৃষকরা। প্রায় ৭ বছর ধরে হাওরে নিচু এলাকা জোর কান্দি, লামা কান্দি, পিয়ালার পার, উলাউলি, জুলঘাট, বলদা বলিছিরা, হিয়ালিমুড়া, কুশুয়া বিলের পার, মাঝের বান্দসহ বেশ কয়েকটি এলাকায় কৃষকরা চাষাবাদ করতেন না। জমিগুলো পতিত অবস্থায় থাকত। এতে রাখালরা গরু-মহিষ চড়াত।

কাওয়াদীঘি হাওর পাড়ের কৃষক জগলু মিয়া বলেন, ধানের দাম আগের চেয়ে বেশি হওয়ায় আমরা কৃষকেরা আগ্রহ নিয়ে বোরো চাষ করছি।

কৃষক শাহিন আলমের সাথে কথা বলে জানা যায়, হাওরে জলাবদ্ধতার অবসান হয়েছে। এবছর হাওরের পানি আগাম কমে যাওয়ায় হাওরের পতিত নিচু এলাকা জোড় কান্দি, পিয়ালার পার, বলদা বলিছিড়া, কুশুয়া মাজের বান্দসহ বেশ কিছু এলাকায় কয়েক হাজার বিঘা জমিতে এবছর বোরো রোপণ হয়েছে। আমি জোর কান্দি এলাকায় ৭ বিঘা জমিতে বোরো রোপণ করেছি।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী লুৎফুল বারী বলেন, বৈরী আবহাওয়া না থাকলে এবছর বোরো ফসলের ফলন ভালো হবে। ধানের দাম বাড়ায় কৃষকেরা ধান চাষে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়েছেন। আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি, মাঠ ঘুরে তাদের সমস্যার কথা শুনে পরামর্শও দিচ্ছি। এবছর জেলায় ৩৫ হাজার কৃষকদের আমরা সার ও বীজ, কিটনাশক দিয়েছি।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকারের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিক তানভীর হাসান (তানু) বাদী হয়ে মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, গণেশ, মুন্না, স্বরুপ কুমার সেনের নামসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গত ২৯ জানুয়ারি শনিবার দুপুরে সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী সংহিসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হন স্থানীয় চার সাংবাদিক। এতে গুরুতর আহত অবস্থায় সাংবাদিকদের উদ্ধার করে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সাংবাদিকরা হলেন, দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান (তানু), রাইজিং বিডির জেলা প্রতিনিধি মইনউদ্দীন তালুকদার হিমেল, নিউজ বাংলা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সোহেল রানা, এবং দৈনিক ঊষার বাণী ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মিলু।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

কমলগঞ্জে শহিদ এমপি কর্তৃক চা শ্রমিকদের মাঝে ৪শ কম্বল বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের নির্বাচিত আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ নিজ নির্বাচনী এলাকায় আসলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বপূর্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), কমিটি পূনর্গঠন, আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
গত রবিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল নিজ বাসভবন থেকে কমলগঞ্জ উপজেলায় পৌঁছলে ভানুগাছ চৌমুহনা চত্বরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকেলে শুরু হওয়া কমলগঞ্জ উপজেলার ২ ইউপি তে ইসলামপুর ইউনিয়নে সাবারী টি প্ল্যান্টেশন ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এতে এই দুই ইউনিয়নে শীতার্ত অসহায় চা শ্রমিকদের মাঝে ৪ শত শীতবস্ত্র (কম্বল) প্রদান করেন।

হাওরাঞ্চল ও চা বাগানের শিক্ষা ও জীবনমান উন্নয়নে “আলোয় আলো” কার্যক্রম প্রকল্প

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসন ও আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

চা-বাগান ও হাওরাঞ্চলের শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ উদ্যোগ বিষয়ে বক্তরা আলোচনা করেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক। উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আশেকুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরীসহ শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ।

প্রকল্পের কর্মকর্তারা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা এই চারটি এনজিও সংস্থা। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডোকো বাংলাদেশ এর অর্থায়নে ২০১৯ সনের আগষ্ট মাসে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৩ সনে।

চা বাগান ও হাওর এলাকায় ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতে আলোয় আলো প্রকল্প : মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও হাওর এলাকায় ঝরে পড়া রোধে ও ২০২৩ সনের মধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে আলোয় আলো প্রকল্প।

দুই উপজেলায় ১২টি ইউনিয়নের ৩০টি চা বাগান ও শ্রীমঙ্গলের ২টি হাওর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায় জানান, শিক্ষায় পিছিয়ে পড়া কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান সমুহে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে এই প্রকল্পের মাধ্যমে সরকারের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য ডে-কেয়ার সেন্টার, শিশু বিকাশ কেন্দ্র ও শিক্ষার পাশাপাশি জীবিকায়নের মাধ্যমে ২০২৩ সনের মধ্যে প্রাক-প্রাথমিক নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকল্পের কর্মকর্তারা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা এই চারটি এনজিও সংস্থা। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডোকো বাংলাদেশ এর অর্থায়নে ২০১৯ সনের আগষ্ট মাসে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৩ সনে।

আলোয় আলো প্রকল্পের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার রহিমপুর, মাধবপুর, কমলগঞ্জ, ইসলামপুর ও আলীনগর ইউনিয়ন এই পাঁচটি ইউনিয়ন এবং শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট, কালাপুর, মির্জাপুর, রাজঘাট, সিন্ধুরখান, আশিদ্রোন, সাতগাঁও ইউনিয়নের ৩০টি চা বাগান ও শ্রীমঙ্গলের বাইক্কাবিল ও হাইল হাওর এলাকায় প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিনহা হত্যা মামলা রায়ে প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডাদেশ

সিএনবিডি ডেস্কঃ কক্সবাজারে চাঞ্চল্যকর ঘটনা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওসি প্রদীপ কুামার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে এ রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত প্রদীপ ও লিয়াকত

রায়ে বিচারক এপিবিএন’র ৩ সদস্য এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহসহ ৭ জনকে খালাস দেন। এছাড়াও এসআই নন্দদুলালসহ ৬ জনকে যাবজ্জিবন কারাদণ্ডাদেশ দেন। এর আগে দুপুর ২টায় এই মামলার এজাহারভুক্ত ১৫ আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়।

মেজর সিনহা হত্যা মামলার ১৫ আসামি

মেজর সিনহা হত্যা মামলার ১৫ আসামি হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, দেহরক্ষী রুবেল শর্মা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত, বরখাস্ত কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, বরখাস্ত এপিবিএনের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান, বরখাস্ত কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ, টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

গত ২০২০ সালের ৬ আগস্ট ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ মামলার আসামি সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে হত্যার ঘটনায় স্থানীয় তিন বাসিন্দা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য, প্রদীপের দেহরক্ষীসহ আরও সাতজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ২০২০ সালের ২৪ জুন চার্জশিটভুক্ত আসামি কনস্টেবল সাগর দেব আত্মসমর্পণ করলে এ মামলার ১৫ আসামিই আইনের আওতায় আসেন।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের ৪ দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।