কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধিঃ চট্টগ্রামের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানান এপিবিএনের সদস্যরা। বুধবার দিনগত রাত (২৭ জানুয়ারি-বৃহস্পতিবার) ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে জামাল হোসেন (৪০), মোহাম্মদ আলীর ছেলে ওমর (২৯), আব্দুল রশীদের ছেলে ফয়েজ আহমেদ (৩৫), আব্দুল হাশিমের ছেলে কামাল নাছের (৩৪) ও আব্দুল আমিনের ছেলে কামাল।

কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, বুধবার (২৬ জানুয়ারি) রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন সংবাদে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দীর্ঘ ১৯ বছর পর ফের বড় পর্দায় জুটি বাঁধছেন হৃত্বিক-কারিনা

বিনোদন ডেস্কঃ বলিউডের দুই মহাতারকা হৃত্বিক রোশন ও কারিনা কাপুর খান খুব বেশি সিনেমাতে একসঙ্গে জুটি বাঁধেন নি ঠিকই, তবে যখনই এই তারকাযুগল দর্শক দরবারে এসেছে তখনই প্রশংসা কুড়িয়েছে। ‘কাভি খুশি কাভি গম’, ‘ইয়াদে’, ‘মুঝসে দোস্তি কারোগে’- এসব ছবিতে তাদের জুটিকে মানুষ পছন্দ করেছে। শেষ এক সঙ্গে তাদের কাজ করতে দেখা যায় ২০০৩ সালে। ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এরপর মাঝখানে পার হয়ে গিয়েছে ১৯ বছর। এর মধ্যে আর কোনো ছবিতে দেখা যায়নি তাদের। তবে দীর্ঘ ১৯ বছর পর ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক-কারিনা।

জানা গেছে, বলিউডের নামী প্রোডাকশন হাউস ‘জংলি পিকচার্স’ এর তরফে নতুন ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিক ও কারিনাকে। ছবির নামও ঠিক হয়ে গেছে। ‘উলাজ’ নামের এই ছবির স্ক্রিপ্ট শুনতে রাজি হয়েছেন দুইজনেই। বলিউডে জোর গুঞ্জন, দীর্ঘ সময় জুড়ে মনোমালিন্য ছিল এই জুটির। এবার সবকিছু কাটিয়ে এক সঙ্গে কাজ করবেন তারা। ছবির শ্যুটিং বেশিরভাগটাই হবে মুম্বাইয়ের বাইরে। তাই কথা চলছে দুজনের ডেট নিয়েও।

এই মুহুর্তে বিক্রম ভেদা ছবির কাজে ব্যস্ত রয়েছেন বলিউডের অন্যতম ব্যস্ত নায়ক হৃত্বিক রোশন। অন্যদিকে আমিরের সঙ্গে লাল সিং চাড্ডার ছবির কাজে শ্যুটিং-এ রয়েছেন কারিনা কাপুর খান। যতদূর মনে করা হচ্ছে, দুই তারকাই নিজেদের প্রোজক্টের কাজ শেষ করেই নতুন ছবির কাজে ফের শ্যুটিং ফ্লোরে নামবে হৃত্বিক-কারিনাজুটি।

পরিবেশমন্ত্রী ও স্ত্রীসহ সংস্কৃতি প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

দীপংকর বর জানিয়েছেন, কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) স্যারের নমুনা দেওয়া হয়। আজ সেখান থেকে রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অন্যদিকে ফয়সল হাসান জানিয়েছেন, প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তার স্ত্রী সোহেলা আক্তার মৃদু উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক কোনো জটিলতা নেই। তিনি এবং তার স্ত্রী রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি যুবক পাকিস্তানি ঘাতকদের হাতে খুন

প্রবাসী ডেস্কঃ সৌদি আরবে কিছু টাকার জন্য ২৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসীকে পাকিস্তানি ঘাতকরা খুন করেছে বলে অভিযোগ জানিয়েছে  নিহতের পরিবার।

গত রবিবার সৌদি আরবে আলকাসীম বোরাইদা নামক স্থানে কুমিল্লা চান্দিনার মোঃ বশির আহম্মেদকে নির্মম ভাবে গলাকেটে হত্যা করেছে পাকিস্তানি ঘাতকের ওই দল। স্থানীয় পুলিশ মঙ্গলবার বশির আহমেদ হত্যার অভিযোগে দুই পাকিস্তানি এবং একজন বাংলাদেশিকে আটক করেছে। ঘাতক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে হত্যার কথা স্বীকার করেছে। বুধবার কুমিল্লার চান্দিনা উপজেলায় বশিরের বাড়িতে গিয়ে যুবকের মৃত্যুতে আত্মীয়-স্বজন ও গ্রামের মানুষদের ভিড় দেখা গেছে।

মোঃ বশির আহম্মেদের পরিবার জানায়, বশির প্রায় ৫ বছর আগে উন্নত জীবনযাপনের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশে গিয়েছিলেন। তিনি সেখানে একটি কোম্পানিতে চাকরি পেয়েছিলেন এবং একটি ক্যাম্পে তার সহকর্মীদের সাথে থাকতেন। গত রবিবার বশিরের পরিচিত কয়েকজন তাকে কোভিড -১৯ টিকা দেওয়ার ভান করে নির্জন জায়গায় নিয়ে যায় এবং গলা কেটে হত্যা করে। ক্যাম্পের অন্যরা পরদিন সোমবার বশিরকে খুঁজে না পেয়ে পুলিশের সাথে যোগাযোগ করে এবং পরে পুলিশ দুই পাকিস্তানি ও একজন বাংলাদেশিকে আটক করে।

এই মর্মান্তিক হত্যা কান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা। তারা সৌদি আরবের শরীয়া আইন অনুযায়ী খুনিদের উপযুক্ত শাস্তির প্রত্যাশা করছে।

ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমারা : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন বুধবার তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে অভিযোগ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশভীতি ছড়িয়ে দিচ্ছে। এছাড়া, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের দেশগুলো অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে।

ইউক্রেন নিয়ে রাশিয়ার এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগ আনা হলো।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কো বলছে, ভিত্তিহীন অজুহাত তুলে রাশিয়ার দোরগোড়ায় সেনা মোতায়েনের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ও তার মিত্ররা বলেছে, তারা তাদের সেনাদেরকে প্রস্তুত রেখেছে এবং পূর্ব ইউরোপে অস্ত্র মোতায়েন বাড়িয়েছে।

মস্কো বলছে, কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ সীমান্তবর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা মোতায়েন করছে তার যৌক্তিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই।

এর আগে, গত সোমবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, রুশ আগ্রাসন মোকাবেলার জন্য পূর্ব ইউরোপে মোতায়েন করতে তাদের সাড়ে ৮ হাজার সেনা উচ্চ সতর্কাবস্থায় রখা হয়েছে।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে মুসলধারে বৃষ্টির ফলে নেমেছে তীব্র শীত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিকাল ৪টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার কারণে বইছে হিমেল হাওয়া। মাঘ মাসের বৃষ্টিকে মঙ্গলজনক মনে করা হলেও বুধবারের বৃষ্টিতে বিপাকেও পড়েছেন অনেকে। বৃষ্টিতে রাস্তা-ঘাট কর্দমাক্ত হয়ে পড়ছে।
অনেকের আশংকা মৌসুমি সবজি ও শীতের ফুল গাছের ক্ষতি হতে পারে এ বৃষ্টিতে। যারা শীতের গরম কাপড় না নিয়ে দৈনন্দিন কাজের উদ্দেশ্য বের হয়েছেন তারা আকস্মিক বৃষ্টি ও ঠান্ডায় বিপাকে পড়েছেন। টানা বৃষ্টিতে ঘরমুখী মানুষজনকে দুর্ভোগে পড়তে হয়েছে। ঠান্ডার কারনে মানুষজনের চলাচল কম থাকায় সড়কগুলোতেও যান চলাচল কমে গেছে।
এদিকে হিমেল বাতাস ও ঘনকুয়াশা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। তীব্র শীতের কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শীতের মধ্যে কাজ করতে বের হয়ে কাজ না পেয়ে ও শীতের মাঝে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার নাইট গার্ডদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) শহরের জান-মাল রক্ষার্থে কর্মরত অবহেলিত শীতার্ত নাইট গার্ডদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন মার্কেট, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় নাইটগার্ডদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হাসমত আলী,সাধারণ সম্পাদক লিজা সুলতান, সহ-সভাপতি উত্তম সরকার, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী সিটু, সহ সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি নুর নাহার সুষমা সাথী, প্রচার সম্পাদক মেহেদী হাসান অন্তর আহমেদ, আইন বিষয়াক সম্পাদক সাদেকুর রহমান বাঁধন, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা রিক্তা, সাংগঠনিকসম্পাদক শাহজালাল রাজ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

বগুড়ার শেরপুরে বাস-অটোরিক্সা সংর্ঘষে নিহত ৫

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি) : বগুড়ার শেরপুরে বাস- অটোরিক্সা সংর্ঘষে ৫ জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিক্সার যাত্রী।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া- ঢাকা মহাসড়কে মীর্জাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একজন নারী ও ৪ জন পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানাযায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতলা নামক স্থানে বিপরীত মুখি একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৫ জন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পরপর বাসের চালক হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নওগাঁয় ভাষা সংগ্রামী শেখ নূরুল ইসলামের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভাষা আন্দোলনের সংগ্রামী নেতা মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক কর্মী প্রয়াত শেখ নূরুল ইসলাম ভগলুর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল।

জেলা বাসদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিক আলতাফুল হক চৌধুরী নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কায়েস উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, জাহিদ রব্বানী রশিদ, জহির রায়হান চলচ্চিত্র সংসদের রহমান রায়হান, শাহিনা আকতার, রাবেয়া খাতুন বেলী, শেখ নূরুল ইসলামের কন্যা নূর নাহার সাথী, নাতনী ফারিয়া চৌধুরী সম্প্রীতি।

বক্তাগন শেখ নূরুল ইসলামের রাজনৈতিক, সাংস্কৃতিক জীবন এবং ক্রীড়া জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা ও স্মৃতিচারন করেন।

পরিস্কার রাখলে মিলবে পুরস্কার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে শুরু হয়েছে মাসব্যাপী পরিছন্নতা কর্মসূচি। ‘আমরা প্রত্যেকে সচেতন হই, আমাদের নিজেদের আঙ্গিনা নিজেরা পরিষ্কার রাখি’- এই স্লোগান নিয়ে সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়েছে।

যারা তিনমাস মানুষকে পরিপূর্ণভাবে সচেতন রাখতে পারবেন। নিয়মিত ফলোআপে রাখতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন নির্বাহি কর্মকর্তা সদর উপজেলা সাবরীনা রহমান।

মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায়, উপজেলার ১২টি ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, বাজার কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনগুলো কাজ করছেন।

পরিছন্নতা কর্মসূচির আহবায়ক ২০২২ হিসেবে রয়েছেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরীনা রহমান। সমন্বয়ক হিসেবে রয়েছেন শেখ বোরহান উদ্দিন (রহ.)  ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ।