বাংলাদেশের সেরা ১০ দর্শনীয় স্থান

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চির সবুজ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। জেনে নিন দেশের সেরা ১০টি দর্শীয় স্থান সম্পর্কে।

 

 

** সেন্টমার্টিন: সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা দেশের মূলভূখণ্ডের সর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে।

** কক্সবাজার: সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে বেড়িয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্রসৈকত কক্সবাজারের তুলনাই হয় না। রয়েছে নীল জলরাশির গর্জন। মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী, সেন্টমার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানী বিচেও।

** সুন্দরবন: প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের লীলাভূমি এই বিশ্বের ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ) সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়।

** সাজেক: সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। রাঙামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া- রুইলুই এবং কংলাক। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া ১,৭২০ ফুট উচ্চতায় অবস্থিত।

** রাতারগুল: রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এখানে হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে। বটও চোখে পড়বে মাঝেমধ্যে, মুর্তা গাছ কম। বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট যেগুলো, সেগুলো আবার শরীরের অর্ধেকই ডুবিয়ে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা।

** নাফাকুম: বান্দরবানের বিস্ময়কর সৌন্দর্য্যের নাম নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবান জেলা। ভ্রমণপিয়াসী মানুষদের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান। বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলার নাম থানচি। এই উপজেলার একটি এলাকার নাম রেমাক্রি।

** নিঝুম দ্বীপ: নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে।

** টাঙ্গুয়ার হাওর: টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরনা) এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি।

** বঙ্গবন্ধু সাফারি পার্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের পীরুজালী মৌজার খণ্ড খণ্ড শাল বনের ৪৯০৯.০ একর বন ভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণির জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত।

** কুয়াকাটা: কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা ‘সাগর কন্যা’ হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।

ইরাকের স্পিকারের বাসভবন লক্ষ্য করে চালানো রকেট হামলায় আহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের জাতীয় সংসদের স্পিকারের আল-আনবার প্রদেশের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া রকেটের আঘাতে অন্তত ২ শিশু আহত হয়েছে। প্রাদেশিক নিরাপত্তা সূত্র এই খবর দিয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সম্পর্কযুক্ত মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, টাইগ্রিস নদীর কূল থেকে স্পিকার মোহাম্মাদ আল-হালবুসির বাড়ি লক্ষ্য তিনটি কাতিউশা রকেট রকেট নিক্ষেপ করা হয়। ১ম রকেটটি শহরের পৌর সভার একটি গ্যারেজে গিয়ে পড়ে। ২য় রকেট স্ট্রিট ২০তে গিয়ে পড়ে এবং তৃতীয় রকেটটি আল-রাশাদ এলাকার একটি বাসভবনের সামনে পড়ে। এতে ২ শিশু আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র বলছে, তিনটি রকেটই স্পিকার হালবুসির বাড়ির ৫০০ মিটারের মধ্যে গিয়ে পড়ে।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, স্পিকার হালবুসি এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন তবে সে সময় তিনি বাড়ি ছিলেন কিনা তা নিশ্চিত নয়।

হামলায় আহত শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে নি। কেন এই হামলা চালানো হয়েছে তাও পরিষ্কার নয়। খবর-পার্সটুডে।

চট্টগ্রাম বারের আইনজীবীর বাড়ীতে সন্ত্রাসীদের হামলা-ভাংচুর

চট্টগ্রাম প্রতিনিধিঃ গত ২১ জানুয়ারী (শুক্রবার) দুপুরে রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামে জেলা আইনজীবী সমিতির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়াউদ্দিন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অনতিবিলম্বে এ ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।

সুত্রে জানা গেছে, ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের সামনের কাঁচ ভাঙচুর করে। প্রায় ৩০ মিনিট তাণ্ডব চালিয়ে দুর্বত্তরা চলে যায়। হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, এলাকায় কারো সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কেন এই হামলা, সেটাও বুঝতে পারছি না।

এ ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলা হলে হামলাকারীরা আমাদের আবার চড়াও হতে পরে। তাই মামলা করবো না। তবে বিষয়টি রাউজানের এমপি ও থানার ওসিকে জানানো হয়েছে।

আনুশকার সঙ্গে নেটফ্লিক্স-অ্যামাজনের ৪৫৮ কোটি টাকার চুক্তি!

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এবার অ্যামাজন ও নেটফ্লিক্সের সঙ্গে ৪০০ কোটি রুপির চুক্তি করেছে। বাংলাদেশী টাকায় যার পরিমান দাঁড়ায় প্রায় ৪৫৮ কোটি টাকা। চুক্তি অনুযায়ী, নেটফ্লিক্স ও অ্যামাজনের জন্য ছবি, সিরিজ তৈরি করবে আনুশকার প্রযোজনা সংস্থা।

আনুশকা শর্মা তার ভাই কর্নেশ শর্মার সঙ্গে যৌথ উদ্যোগে ‘ক্লিন স্লেট ফিল্মস’ প্রযোজনা সংস্থার চালু করেছিলেন।

অ্যামাজন ও নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি প্রসঙ্গে কর্নেশ জানিয়েছেন, দুটি ওটিটি প্ল্যাটফর্মে তাদের প্রযোজনা সংস্থার তৈরি ৮টি ছবি মুক্তি পাবে। সিনেমা এবং সিরিজে নাম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নেটফ্লিক্স জানিয়েছে, আপাতত অনুশকার তিনটি ছবি মুক্তি পাবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে। যদিও অ্যামাজন প্রাইমের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘এনএইচ১০’ সিনেমা দিয়ে পথচলা শুরু হয় অনুশকার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’র। এরপর এই প্রযোজনা সংস্থার প্রযোজিত ‘পরী’, ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। বর্তমানে ‘মায়’, ‘কোয়ালা’ ওয়েব সিরিজ এবং ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদে এক্সপ্রেস’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

পূর্ব আফ্রিকায় মৌসুমি ঝড় ‘আনা’র আঘাতে ৩৭ জনের প্রানহানি

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফ্রিকায় মৌসুমি ঝড় ‘আনা’র আঘাতে মাদাগাস্কারে কমপক্ষে ৩৪ জন, মোজাম্বিকে ৩ জন  প্রাণ হারিয়েছে এবং মালাওইর অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মঙ্গলবার এই তিন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মাদাগাস্কারের পূর্ব উপকূল থেকে এই ঝড়ের সৃষ্টি হয়েছে। ‘আনা’র প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারনে ভূমিধ্বস ও বন্যা দেখা দিয়েছে। বন্যায় দ্বীপটির বিভিন্ন এলাকা ভেসে গেছে, কাদায় ডুবে গেছে রাজধানী আন্তানানারিভোর বিভিন্ন এলাকা। খবর এএফপির।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইউনিট পরিচালক জন রাজাফিমান্দিম্বি বলেছেন,  রাতভর উদ্ধারকাজ চলেছে। এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছে। এক সপ্তাহ ধরে সেখানকার প্রায় ৬৫ হাজার বাসিন্দা গৃহহীন। এ ছাড়া দেশটির যে জেলাগুলো অপেক্ষাকৃত নিচু, সেগুলোয় এখনো সতর্কবার্তা জারি রাখা হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের দেওয়া তথ্য অনুসারে, দেশটির ৩ হাজার ৮০০ মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দেশটির একটি ক্লিনিক ও স্কুলের ১৬টি শ্রেণিকক্ষ ধসে গেছে।

ঝড় আনা প্রসঙ্গে জাতিসংঘের পূর্বাভাসে বলা হয়েছে, এই ঝড়ের কারণে বন্যা ব্যাপক আকার ধারণ করতে পারে। এতে ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকে গৃহহীন হতে পারে।

এদিকে ঝড় আনার কারণে গত সোমবার মালাওইর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না। সেখানে বন্যার পানির উচ্চতা বেড়ে যাওয়ার বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের জেনারেটর বন্ধ রেখেছে। সূত্র : এএফপি

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের টেবিলে ৭ ধাপ এগিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। দোহায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৭৫ রানে হারানোর মধ্য দিয়ে ডাচদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো আফগানিস্তান।

গতকাল আফগানদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৯ রানে গুটিয়েং যায় ডাচরা। ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাজিবুল্লাহ জাদরান। পিটার সিলারদের বিপক্ষে ৩০ পয়েন্ট তুলে সুপার লিগের টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে আফগানরা। সিরিজ শুরুর আগে তারা অবস্থান করছিল ১২ নম্বরে।

৬ ম্যাচে রশিদ খানদের সংগ্রহ ৬০ পয়েন্ট। এ পয়েন্ট নিয়ে তারা টপকে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়াকে। টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৯৫ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৬ নম্বরে। ৭ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।

সুপার লিগে আফগানিস্তানের উপর আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, বাংলাদেশ আর ইংল্যান্ড। ৭ ধাপ উন্নতি করে এ যাত্রায় রশিদ-মুজিবরা পেছনে ফেলেছে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে।

নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধারসহ আটক ২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এনএসআই। গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআইয়ের যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে।

‘যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াতের ৮ লবিস্ট ফার্ম নিয়োগ’

জাতীয় ডেস্কঃ আজ বুধবার (২৬ জানুয়ারী) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশন শুরু হলে সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অভিযোগ করে বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং দেশের অগ্রগতি বন্ধে যুক্তরাষ্ট্রে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বিএনপি-জামায়াত।

সংসদে তিনি আরও বলেন, বিএনপির এমপি হারুন রশিদ এবং রুমিন ফারহানা আওয়ামী লীগের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করা নিয়ে সংসদে মিথ্যাচার করেছে। মূলত দেশের অগ্রগতি বন্ধ করে দেয়ার জন্য লবিস্ট নিয়োগ করেছে বিএনপি-জামায়াত। সে কারণে তারা যুক্তরাষ্ট্রেকে দিয়ে চাপ দিচ্ছে। যা দেশের জন্য মঙ্গলজনক নয়।

গত ২৩ জানুয়ারি জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু পররাষ্ট্রমন্ত্রীর কাছে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকা বিএনপির লবিস্ট নিয়োগের তথ্য চান। সে সময় বিস্তারিত তথ্যের জন্য তিনি সময় চেয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের, বিভিন্ন প্রতিষ্ঠানের লবিস্ট নিয়োগ দেশটির আইন অনুযায়ী বৈধ প্রক্রিয়া। ভারত, পাকিস্তান, কাতার, ইরান, ইরাক, তুরস্ক, শ্রীলঙ্কাসহ পৃথিবীর অনেক দেশ ও প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য লবিস্ট নিয়োগ করে থাকেন। জামায়াত-বিএনপি সর্বমোট আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে।

তিনি বলেন, এগুলো আমার তথ্য নয়, যেগুলো নিবন্ধন করেছে সে তথ্যগুলোই দেয়া হয়েছে। ২০১৪ সালে  জামায়াত একটি ফার্ম নিয়োগ করে যুদ্ধাপারাধীদের বিচার বন্ধ করার জন্য। এজন্য তারা দেড় লাখ ডলার দেয়। বিচার বন্ধে তারা আরেকটি লবিস্ট অফার্ম নিয়োগ করেছিল। আর যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করার জন্য পিস অ্যান্ড জাস্টিস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩২ হাজার ডলার দিয়ে নিয়োগ করে।

তিনি আরো বলেন, বিএনপি ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত চারটি ফার্মকে ২৭ লাখ ডলার প্রতি বছর প্রতি মাসে রিটেইনার ফি এক লাখ ২০ হাজার ডলার ব্যয় করেছে। ২০১৯ সালের অক্টোবরেও আরেকটি ফার্ম নিয়োগ দেয় বিএনপি। এই তথ্যগুলো যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে দেওয়া আছে। এই তথ্যগুলো আমি বানাইনি, এগুলো আমেরিকান ওয়েবসাইটে আছে। আপনারাও দেখতে পারেন। সেখান থেকেই আমরা সংগ্রহ করেছি। আমেরিকায় যে লবিস্ট নিয়োগ করা হয় তারা তাদের আইন অনুযায়ী কী কারণে নিয়েছে, কত টাকা নিয়েছে সেটা রেজিস্ট্রার করে। সেখান থেকে আমরা তথ্য পেয়েছি। আর খুবই তাজ্জবের বিষয় ২০১৯ সালের অক্টোবরে বিএনপির কিছু নেতারা আমেরিকায় গিয়েছেন। তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, আমাদের দেশের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জন্য। এটা খুবই দুঃখের বিষয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বলতে চাই যে, তারা যে লবিস্ট নিয়োগ করেছেন দুঃখের বিষয় হচ্ছে, তাদের লবিস্টরা এমন সব বক্তব্য তুলে ধরেছেন তা দেশের মানুষ জানলে দুঃখিতই শুধু হবে না, তাদের ধিক্কার দেবে। কারণ, লবিস্টরা চিঠি দিয়েছে, আমেরিকানদের বলেছে, তোমরা যে বাংলাদেশে সাহায্য-সহযোগিতা করো এগুলো তোমরা বন্ধ করে দাও। আর এগুলো বন্ধ করলে কী হবে? এই যে আপনারা যারা বিরোধী দলে আছেন, যে যেখানে আছেন, নাগরিকরা দু’বেলা খেতে পারে, ইলেকট্রিসিটি পায়, দেশের উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন যেন ব্যহত হয় এজন্য তারা ইউএস সরকারে বলছেন এগুলো। আমি বিশ্বাস করতে পারি না, নিশ্চই বিএনপির মাঠে ময়দানে যে কর্মীরা আছেন, তারা কেউই চাইবেন না দেশের অমঙ্গল হোক। তারা কেউই চাইবেন না ব্যবসা বাণিজ্য বন্ধ হোক। কিন্তু তাদের কিছু নেতৃস্থানীয় লোক তাদের অগোচরে এমন কাজ করেছেন যে, আমার বিশ্বাস, এখানে যারা সংসদ সদস্য আছেন তারা এক বাক্যে স্বীকার করেন এ ধরনের লবিস্ট তারা বাংলাদেশের জন্য চাইবেন না।

পররাষ্ট্রমন্ত্রী আরো অভিযোগ করেন, বিএনপির কিছূ কিছু লোক জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছেন বাংলাদেশের সংসদকে ‘অবৈধ’ ঘোষণা করার জন্য।

এসব অপপ্রচার বন্ধে ও অসত্য তথ্যের বিপরীতে সত্য তুলে ধরতে বাংলাদেশ সরকার সেখানে ‘পিআর প্রতিষ্ঠান’ নিয়োগ দিয়েছে বলেও সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে শরীরের তাপমাত্রা কমে ভূমধ্যসাগরে নৌকায় সাত বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স’র।

প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও’র বরাতে রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে ল্যাম্পেডুসার কাছে সারা রাত নৌকাটিকে ভাসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। এরপর তারা উদ্ধার অভিযান শুরু করেন। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও।

ল্যাম্পেডুসার মেয়র সালভাতোর মার্টেলো মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন, নৌকাটিতে ২৮০ জন অভিবাসী ছিল। যাদের অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।

ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এক হাজার ৭৫১ জন অভিবাসী নৌকার মাধ্যমে ইতালির বিভিন্ন বন্দরে পৌঁছেছেন।

প্রসঙ্গত, হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপে প্রবেশের জন্য ইতালি হচ্ছে প্রধান রুট। আফ্রিকার দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালির বিভিন্ন দ্বীপে প্রবেশের চেষ্টা করেন। গত কয়েক মাস ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এ বিপজ্জনক পথে প্রায়ই দুর্ঘটনার শিকার হন তারা।

মুহম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙলেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ অবশেষে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও দেশবরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর সহধর্মিণী ইয়াসমিন হক বুধবার সকাল ১০টা ২০ মিনিটে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

এর আগে, বুধবার (২৬ জানুয়ারী) ভোর ৪টায় শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ক্যাম্পাসে এসে পৌঁছান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক। ক্যাম্পাসে এসে তাঁরা শিক্ষার্থীদের বলেন, আজ উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আমার বাসায় আলোচনা হয়েছে। তাঁরা বাসায় এসেছিলেন। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা চাইছ, যে দাবি তোমাদের, সেটা পূরণ হবে। তোমাদের উছিলায় এবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে।

অনশনকারীদের মুখপাত্র শাহরিয়ার আবেদিন বলেন, আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। অনশনের আজকে সপ্তম দিন হতে যাচ্ছিল। আজ ভোরে জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন ম্যাম আমাদের সাথে দেখা করতে এসেছেন। তারা এসে বলেছেন, তাদের সাথে উচ্চপর্যায়ের অনেকের কথা হয়েছে। তারা স্যারকে আশ্বস্ত করেছেন আমাদের দাবির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন হক ম্যাম আমাদের কাছে খুব শ্রদ্ধার মানুষ। তাই তারা যেহেতু অনুরোধ করেছেন, তাদের ওপর শ্রদ্ধা রেখে ও আমাদের দাবির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে এই আশ্বাস পেয়ে আমরা আপাতত আজকে অনশন কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে উপাচার্যকে মুক্ত করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সে সময় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশ, শিক্ষক, শিক্ষার্থীসহ অর্ধশত আহত হন।