নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করলেন মেয়র আতিকুল ইসলাম

সিএনবিডি ডেস্কঃ নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করলেন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এমন খবর এখন মানুষের মুখে মুখে। গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১টা ৬মিনিটে এমন ৫টি ছবি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এর ফেসবুক পেজে শেয়ার করা পর এখন এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।এসব ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ ও আলোচনা। সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কেন তিনি ড্রেনে নামলেন?

এমন প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম জানান, জনগণের পয়সায় শহর উন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয় এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মো. আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখছেন।

এ ছাড়াও উত্তর সিটির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন, মেয়র আতিকুল ইসলাম জনগণের কল্যাণে জনপ্রতিনিধিদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন। মেয়র বলেছেন, শহরের আর একটি জায়গাতেও অপরিকল্পিত নগরায়ণ হতে দেওয়া যাবে না। ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি কাজ হতে হবে পরিকল্পিত।

উল্লেখ্য, গেল তিনদিন ধরে রাজধানীর মোহাম্মদপুরের বছিলার লাউতলা খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তিন দিনভর অভিযান চালিয়ে খাল উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরই অংশ হিসেবে সেখানে পয়ঃনিষ্কাশন ড্রেন সংস্কার করার কাজের অগ্রগতি দেখতে নিজেই ড্রেনে নামেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

নীলফামারীর দারোয়ানীতে ট্রেনের ধাক্কায় ৭ হতাহত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ আজ বুধবার (২৬ জানুয়ারী) সকালে খুলনা থেকে চিলাহাটীগামী খুলনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিক্সায় থাকা উত্তরা ইপিজেডের ৭মহিলা শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে।
দারোয়ানী রেল ষ্টেশন সংলগ্ন মসজিদের ইমাম মাহামুদুল হাসান জানান, সকাল ৭টার দিকে প্রচন্ড কুয়াশার কারনে অরক্ষিত রেলঘুমন্টি পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক মহিলা শ্রমিক নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে আরো ২জন নিহত হন বলে জানা গেছে। গুরুত্বর অবস্থায় আরো ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থায় আশঙ্কাজনক।
নিহতরা হলেন শাহারা বেগম (৩০), রোমানা বেগম (২৮) এবং শেফালী বেগম (২৫)। তারা সকলেই সোনারায় ইউনিয়নের ধনিপাড়া এলাকার বাসীন্দা এবং উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীমঙ্গলে যানজট ও সড়ক প্রসস্তকরনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: চায়ের রাজধানী খ্যাত ও পর্যটন নগরীর এক নিদারুণ চা বাগান বেষ্টিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে শ্রীমঙ্গল পৌরসভার পোষ্ট অফিস রোডে ১৬টি স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে।

দীর্ঘদিন ধরে এ সড়কের জায়গা দখল করে কতিপয় ব্যবসায়ী ১৬টি দোকান নির্মাণ করে কাপড়ের ব্যবসা করে আসছিল। সড়কের জায়গা ছেড়ে দিতে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃক দখলদারদের এর আগেও কয়েক দফা নোটিশ দিলেও তারা অবৈধ স্থাপনা সড়িয়ে না নেয়ায় মঙ্গলবার সকাল থেকে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সচিব মাহবুব আলম পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তারা সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেয়।

এসময় তারা ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। পরে ব্যবসায়ীরা তাদের স্থাপনা নিজ নিজ দায়িত্বে সড়িয়ে নিতে রাজি হয়। পৌরসভা কর্তৃক ব্যবসায়ীদের নির্দিষ্ট সময় বেঁধে দিলে দুপুরের দিকে দখলদাররা তাদের স্থাপনা সড়িয়ে নেয়।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া বলেন, পৌরসভার ভিতরে ব্যস্ততম সড়ক পোষ্ট অফিস রোড়। এই সড়কে দিয়ে পাইকারী পন্য কেনাবেচার বিশাল অংশ ব্যবসা চালিয়ে আসছেন। আর এই অবৈধ স্থাপনার কারনে সড়কজুড়ে দিনভর যানজট লেগে থাকে। এই স্থাপনাগুলোর কারণে সড়কটি আরো সংকীর্ণ হয়ে পড়ে। এতে যানজট তীব্র আকার ধারণ করে।আর এই যানজটে পুরো শহড় জুড়ে ঝামেলার সৃষ্টি হয়। এজন্য স্থাপনাগুলো উচ্ছেদ জরুরী হয়ে পড়ে।

তিনি বলেন, শহরের যানজট নিরসনে সকল সড়কের দু’পাশের হকার উচ্ছেদ অভিযান চালানো হবে। নয়তো যানজট ঠেকানো সম্ভব হবে না। এজন্য সকলের সহযোগিতা ও সহমর্মিতার সাথে একত্রে কাজ করতে হবে।

ভুরুঙ্গামারীতে দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ দুর্নীতি মামলায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক আবু আক্কাস আহমেদ জানান।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  আলমগীর হোসেন জানান, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) একটি মামলায় পাথরডুবি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। তারই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার ২৫ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ও কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

এ ছাড়াও সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সমস্যা নিয়ে আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মাহবুব আলম, শরৎচন্দ্র রায়, আবুল কাসেম, ও জিতেন্দ্র নাথ বর্মন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, সরকারি গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি কুশমত আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে রাতোর ইউনিয়নে গরুচুরি ও চেতনানাশক স্প্রে করে বাড়িতে চুরি, রামরাই দিঘিতে গাঁজা ও জুয়ার আসর, কুলিক ব্রিজের আশপাশে মাদকসেবন, এলাকায় মোটর সাইকেল চুরি ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেন। এই সাথে তারা এলাকায় মাস্ক পরিধান জোরদার করার কথা বলেন।

ওসি তার বক্তব্যে মাদক ও জুয়া রোধে দ্রুত অভিযান পরিচালনা করার কথা বলেন। মোটর সাইকল চুরির ব্যাপারে ওসি অধিকাংশ ক্ষেত্রে থানায় অভিযোগ করা হয়না মর্মে উল্লেখ করেন। তবে এ নিয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান।

উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে মোটর সাইকেল চুরির ঘটনায় একটি চক্র সক্রিয় আছে মর্মে ওসির দৃষ্টি আকর্ষন করেন। তিনি বিভিন্ন হাটবাজারে ও প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের কথাও বলেন। সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক পরিধানসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

মৌলভীবাজারে ভ্রাম্যামান আদালতের অভিযানে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে নিজে মাস্ক পরি অন্যকেও মাস্ক পরতে সচেতন করি এই শ্লোগানে করোনা ভাইরাস (ওমিক্রনে) বিস্তার রোধ কল্পে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণ ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মাস্ক পরিধান না করা স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় ৬৭ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা ও তা আদায় করা হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিন ব্যাপি সংক্রমণ প্রতিরোধে জেলাব্যাপী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা ও আদায় করা হয়। জেলার এই অভিযানে প্রত্যেক থানা পুলিশের দল অভিযানে সহযোগিতা করেন।

সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রসাশন কতৃক নির্দেশ প্রদান করেন। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করা হবে বলেও জানান।

লোহাগাড়ায় কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ফারুক কন্ট্রাক্টর নামক এক ব্যক্তির বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার আপন ভাই প্রবাসী মোঃ সমশুল আলম। ২৫ জানুয়ারী বিকেল ৩ টায় লোহাগাড়া প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী সামশুল আলম লোহাগাড়া ০৬নং ওয়ার্ডস্থ সদর ইউনিয়নের আব্দুল আলমের পুত্র । লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার দীর্ঘ ২৬ বছর প্রবাসে জীবনের অতি কষ্টে অর্জিত অর্থ থেকে নিজ এলাকায় জমি,দোকান ও ফ্লাট ক্রয়,গাছ বাগান ক্রয়,কবরস্থান নির্মাণ ও নগদ টাকা ধার নেওয়া সহ বিভিন্ন অজুহাতে আমার আপন বড় ভাই মোহাম্মদ ফারুক প্রকাশ ফারুক কন্ট্রাক্টর আমার কাছ থেকে ধাপে ধাপে ১ কোটি ১৪ লক্ষ টাকা নিয়েছিল। এর মধ্যে আমাদের এলাকার আমির হামজার কাছ থেকে ৪ লক্ষ ১৫ হাজার টাকা, আজিজ নগর গাছ বাগান ক্রয়ের কথা বলে ৪ লক্ষ ৪০ হাজার টাকা, কক্সবাজার টেকনিক্যাল কলেজের পিছনে জায়গা ক্রয়ের কথা বলে ৩ লক্ষ ৫০ হাজার, ২০১৮ সালের ১৬ই জানুয়ারি আমার কাছ থেকে নগদ ধার ৪ লক্ষ টাকা, কালোয়ার পাড়া নতুন কবরস্থান নির্মাণ করবে বলে ১ লক্ষ ৬০ হাজার টাকা, ছাবেরা খাতুনের কাছ থেকে জমি ক্রয় বাবদ ১৮ লক্ষ টাকা নিয়েছিল। আর.এফ বিল্ডার্সের মালিক আহমদ সফির কাছ থেকে ফ্ল্যাট ও দোকান ক্রয়ের কথা বলে ফারুক আমার কাছ থেকে ৪৯ লক্ষ টাকা নিয়েছিল।

এছাড়া ফারুক আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে ১৯ লক্ষ ৮৬ হাজার টাকা ধার নিয়েছে এবং এলিভেইট প্রপার্টিজ লিঃ এর কাছ থেকে দোকান নেওয়ার কথা বলে ফারুক আমার কাছ আরও থেকে ৬ লক্ষ টাকা নিয়েছে। উপরোক্ত মোট টাকার মধ্যে ১০ লক্ষ টাকা আর. এফ বিল্ডার্স এর মালিক আহমদ সফি কে দেওয়ার জন্য ফারুক কে হাতে নগদ দিয়েছিলাম এবং ১ কোটি ৪ লক্ষ টাকা ফারুকের ডাচ্ বাংলা ব্যাংক লোহাগাড়া শাখার হিসাব নং- ০৪৬১১০৭৬০ এই নাম্বারে লেনদেন করেছি। যাহার ব্যাংক ষ্টেইটমেন্ট আমার কাছে আছে।

প্রতারক ফারুকের সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে আর.এফ বিল্ডার্সের মালিক আহমদ সফির কাছ থেকে ফ্ল্যাট ও দোকান ক্রয় বাবদ ৪৯ লক্ষ টাকা নিয়ে আমাকে শুধুমাত্র ৯ লক্ষ টাকার ডকুমেন্টস দিয়েছে। এক্ষেত্রে ফারুক নগদ ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। অন্যদিকে ফারুক ছাবেরা খাতুনের কাছ থেকে আমার নামে ২৫ গন্ডা ক্রয়ের কথা বলে ফারুক ৫ গন্ডা জায়গা তার নিজ নামে দলিল করে হাতিয়ে নিয়েছে। আমার সাথে ফারুকের প্রতারণা ও আত্মসাৎ’র বিষয়ে দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় কোন টাকা না পাওয়ায় আমি অসহায় হয়ে লোহাগাড়া ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ দিয়েছিলাম।

আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে লোহাগাড়া সদর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ৪জন পরিষদ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে গ্রাম্য আদালত শালিশী বোর্ড গঠন করে একটি আদেশ জারি করে। আদেশপত্রে উল্লেখ থাকে যে, ফারুক ও স্বাক্ষীগণের স্বীকারোক্তি মতে আমার কাছ থেকে যে টাকা নিয়েছে তার মধ্যে ৩৮ লক্ষ ৭২ হাজার টাকার হিসাব দেখালেও ৫০ লক্ষ টাকার কোন কাগজপত্রের হিসাব দেখাতে পারেনি। এ টাকার বিষয়ে ফারুক বলে যে, তিনি উক্ত ৫০ লক্ষ টাকা লোহাগাড়া নিবাসী নূর আহমদ সওদাগরের পুত্র আর.এফ বিল্ডার্সের মালিক আহমদ সফি কে দিয়েছেন। তাই ফারুকের স্বীকারোক্তি মতে আহমদ সফির ৫০ লক্ষ টাকার বিষয়ে আমার সাথে একটি চুক্তি সম্পাদন করে দেওয়ার জন্য ফারুককে আদেশ দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত ফারুক ঐ টাকার মধ্যে ৯ লক্ষ টাকার চুক্তি করে দিলেও এখনো বাকী ৪১ লক্ষ টাকার কোন হিসাব দিচ্ছে না। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতি ও হুমকীর অভিযোগে থানায় জি.ডি করেছিলাম। আমার টাকার হিসাব ও আমার টাকায় ফারুকের নামে ক্রয়কৃত জমি ফেরৎ চাওয়ায় আমাকে সে আমাকে প্রাণনাশের ভয়-ভীতি দেখায়।

ইতিমধ্যে ফারুক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমি ও আমার পরিবারের উপর হামলা চালিয়েছে। এমনকি ফারুকের ভাড়াটে সন্ত্রাসীরা গত ১৯ জানুয়ারি বুধবার রাতে আমাকে স্ব-পরিবারে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। অন্যথায় আমি ও আমার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করারও হুমকী দিয়েছে। এ ঘটনায় আমি ৯৯৯ এ ফোন করলে লোহাগাড়া থানা পুলিশ আমার বাড়িতে পৌঁছার আগ মুহুর্তে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে আমার প্রবাস জীবনের অর্জিত অর্থ ফিরে পেতে চাই প্রতারক ফারুক কন্ট্রাক্টর থেকে  এবং আমার পরিবারের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি এবং আমি এ ঘটনার ন্যায় বিচার চাই।।”

আত্রাইয়ে প্রচন্ড শীতকে উপেক্ষা করে চলছে ইরি-বোরো ধান রোপন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ উপজেলার আশপাশের অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত প্রবাহ। আর উত্তরের হিমেল হাওয়া সেই শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে কয়েক গুন।লাগাতার এই শীতে কাহিল হয়ে পড়েছে নওগাঁর আত্রাইয়ের সর্বস্তরের জনজীবন। এমন দূর্যোগেও উপজেলার মাঠ জুরে চলছে ইরি-বোরো ধান রোপনের কার্যক্রম। প্রচন্ড শীতকে উপেক্ষা করে কৃষকরা তাদের প্রধান ফসল ইরি-বোরো ধান রোপনের জন্য জমি প্রস্তুত করতে আবার কেউ ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন। খেটে খাওয়া দিন মজুর শ্রমিকরাও জীবিকা নির্বাহের লক্ষে প্রচন্ড শীতকে উপেক্ষা করে ধানের মাঠে কাজ করছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে সতের হাজার আট শত আট হেক্টর জমি ইরি বোরো ধান চাষের জন্য নির্ধারণ করা হয়েছে।তবে এই লক্ষ্যমাত্রর চেয়েও বেশি জমিতে ইরি-বোরোধান চাষ হওয়ার আশা করছে কৃষি বিভাগ। বোরো চাষে সরকারের পক্ষ থেকে উপজেলার প্রান্তিক পর্যায়ের ছয় হাজার কৃষককে কৃষি প্রণোদনার আওতায় উন্নত জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। তবে আবহাওয়ায় ধান রোপনের অনুকুলে থাকায় ও ঘন কুয়াশা র্দীঘ সময় না থাকায় বোরো বীজতলার তেমন ক্ষতি না হওয়ার উপজেলার কৃষকদের চারা সংকটে পড়তে হবে না বলেও জানায় কৃষি বিভাগ।

উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা গ্রামের কৃষক ময়নুদ্দিন বলেন, প্রচন্ড শীতকে উপেক্ষা করেও আমরা ইরি-বোরো ধান রোপন করছি।
রোপনে দেরি হলেও ধানের ফলন ভালো হবে। তাই অনেক কষ্ট হলেও ধান রোপনের কাজ করছি। এ ছাড়া কৃষি অফিস থেকে সর্ব সময় সার্বিক সহযোগিতা পেয়েছি। ধানবীজ ও সারও পেয়েছি। এতে করে আমার অনেক উপকার হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন বলেন এই বৈরী আবহাওয়ায় বোরো বীজতলায় কি ভাবে পরিচর্যা করতে হবে কোন সময় কি ভাবে ধান রোপন করলে ধানের ফলন ভালো হবে ইত্যাদি বিষয়ে আমি সহ মাঠ পযায়ের উপ-সহকারী কৃষিঅফিসাররা সবদাই কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। আশা রাথি বড় ধরনের কোনো দূর্যোগ না এলে আর আবহাওয়া ধান চাষের অনুকুলে থাকলে চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি।

ঠাকুরগাঁওয়ের রানীশংকলে ইয়াবাসহ গ্রেফতার-২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকলে মিঠুন (২৮) এবং শাহাজামাল (৩০) নামে দুই মাদক কারবারিকে মঙ্গলবার ২৫ জানুয়ারি ভোররাতে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ। মিঠুন উপজেলার দোশিয়া গ্রামের এন্তাজের ও শাহাজামাল পশ্চিম ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে।
থানা সুত্র জানা গেছে, থানা পুলিশের একটি মাদক অভিযান পরিচালনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের রাজবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে মিঠুনকে ২২ পিস এবং শাহাজামালকে ৫৪ পিস ইয়াবাসহ  গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা ওসি তদন্ত আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭৬ পিস ইয়াবাসহ মিঠুন ও শাহাজাহানকে গ্রফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলা জেল পঠানো হয়েছে।

ছোট কাঁধে জনসেবার গুরুদায়িত্ব নিতে চান খর্বকায় মোশারফ হোসেন মশু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে খর্বকায়  মোশারফ হোসেন মশু সাধারণ সদস্যপদে প্রার্থী হয়েছেন। আড়াই ফুট উচ্চতার এই ব্যক্তি প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ভোটাররা নিজের টাকা ব্যয় করে চালাচ্ছেন মশুর নির্বাচনি প্রচার- প্রচারণা।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর বাগভান্ডার ওয়ার্ডের হরমুজ আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী মোশাররফ হোসেন মশু (২৬)’র উচ্চতা আড়াই ফুট। ভোটের লড়াইয়ে জয়ী হয়ে ছোট কাঁধে জনসেবার গুরুদায়িত্ব নিতে চান তিনি। তার নির্বাচনি প্রতীক ভ্যানগাড়ি।

বাগভাণ্ডার কদমতলা এলাকার ভোটার শাহীন আহম্মেদ, রেজাউল করিম, ইসমাইল হোসেন বলেন, আগে যারা ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে জনগণ কাঙ্ক্ষিত সেবা পায়নি। এবার একজন শারীরিক প্রতিবন্ধীকে ভোট দিয়ে দেখি না কি হয়। তাছাড়া মশু একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সে যেন সমাজের মূলধারায় আসতে পারে, তাই এলাকাবাসী মশুকে প্রার্থী করেছে। মশু নির্বাচিত হলে অন্য প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবে।

প্রার্থী মোশারফ হোসেন মশু বলেন, এলাকাবাসী আমাকে ভালোবেসে প্রার্থী করেছেন। তারাই আমার প্রচার চালাচ্ছেন। আমি নির্বাচিত হলে গরিবের হক বিনাপয়সায় তাদের ঘরে পৌঁছে দেব। আমার প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই।

ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত আনোয়ার হোসেন বলেন, মোশারফ হোসেন মশুর প্রার্থী হতে আইনি কোনো বাধা নেই। তার মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি ভ্যানগাড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন। তার জন্য শুভ কামনা রইল।