মাস্ক না পরা ও রেস্তোরাঁয় টিকা সনদ যাচাই ছাড়া খাবার গ্রহণ-প্রদান করায় জরিমানা
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে নিজে মাস্ক পরি অন্যকেও মাস্ক পরতে সচেতন করি এই শ্লোগানে করোনা ভাইরাস (ওমিক্রনে) বিস্তার রোধ কল্পে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণ ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরা ও রেস্তোরাঁয় টিকা সনদ যাচাই ছাড়া খাবার গ্রহণ ও প্রদান করায় রেস্তোরাঁর মালিক ও ক্রেতাসহ ৯টি মামলা ও ড্রাগ আইনে ৩ টি মামলায় মোট ১৯ হাজার ৯’শত টাকা জরিমানা করা হয়েছে। এসময় রেস্তোরাঁর মালিক ও ক্রেতাদের টিকা সনদ ও মাস্ক পরা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। এখন থেকে আরো কঠোরভাবে বিধি নিষেধ প্রতিপালন হবে বলে জানা যায়।
মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর তত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল মোল্লা। এই অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানা পুলিশের একটি দল।
নওগাঁর আত্রাইয়ে শুটকি তৈরির ভরা মৌসুমেও শুটকি ব্যবসায়ীদের মাঝে লোকসানের আশঙ্কা
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ মৎস ভান্ডার খ্যাত উত্তরাঞ্চলের নওগাঁ জেলার আত্রাইয়ে এবার দেশীয় প্রজাতি মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে শুটকি তৈরির ভরা মৌসুমেও শুটকি ব্যবসায়ীদের মাঝে লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। মৌসুমের শুরুতেই শুটকি তৈরির জন্য সাজ-সরঞ্জাম প্রস্তুত করা হলেও মাছের অভাবে সে গুলো এখন মাছশূন্য ফাঁকা পড়ে রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারের মত এলাকায় তেমন বন্যা না হওয়ায় নদী, নালা, খাল বিলের পানি আগাম শুকিয়ে যাওয়ায় যে সময় দেশীও মাছ বাজার প্রচুর থাকার কথা। সে সময় দেখা মিলছে না দেশীও মাছ। ফলে শটকি ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা।
জানা গেছে, মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত স্থান সমূহের মধ্যে আত্রাই একটা বিখ্যাত স্থান। প্রতিদিন শত শত টন মাছ আত্রাই থেকে রেল পথে, সড়ক ও নৌ পথে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। সে অনুযায়ী শুটকি উৎপাদনেও আত্রাইয়ের যথেষ্ট সুনাম রয়েছে। রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের বগুড়া, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, সিরাজগঞ্জসহ দেশের প্রায় পনের/বিশ টি জেলাতে বাজারজাত করা হয় আত্রাইয়ের শুটকি মাছ। আর এ মাছের শুটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন প্রায় শতাধিক পরিবার।
আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুটকি তৈরিতে বিশেষ ভাবে খ্যাত। এ গ্রামের শতাধিক শুটকি ব্যবসায়ী এ পেশার সাথে সর্ম্পৃক্ত। শুধু বর্ষা মৌসুমে শুটকি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে তারা পরিবারের সারা বছরের ভরণ পোষণ নিশ্চিত করেন।। এবারে বন্যা কম হওয়ায় নদী, নালা, খাল-বিল আগাম শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে দেশীয় প্রজাতি মাছের সংকট। ফলে বাজারে মাছ কম কিন্তু মূল্য বেশি হওয়ায় শুটকি তৈরিতে খরচ অনেক বেড়ে যাওয়ায় শুটকি ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান।
ভরতেঁতুলিয়া গ্রামের ব্যবসায়ী শ্রী রামপদ শীল, মন্জুর মোল্লা, ওছমান শেখ,মোজাহার মোল্লা, নাফিকুল সরদার বলেন- শুটকি ব্যবসার সাথে আমরা দীর্ঘদিন থেকে জড়িত। শুটকি তৈরিতে অর্থ খরচের সাথে সাথে যথেষ্ট শ্রম ব্যয় হয়।সর্বপোরি রৌদ্র, বৃষ্টি, মাছের র্দূগন্ধ সবকিছুকে উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে এ পেশা চালিয়ে আসছি। পুঁটি, খলিশা, চাঁন্দা, রাইখর, শাঁটিসহ বিভিন্ন জাতের দেশি মাছের শুটকি আমরা তৈরি করি। এর মধ্যে বিশেষ করে পুঁটিও শাঁটি মাছের শুটকির ব্যপক চাহিদা রয়েছে। এবারে মাছ কম কিন্তু দাম বেশি হওয়ায় আমাদেদর লোকসান গুনতে হচ্ছে। অনেকে শুটকি তৈরির সাজসরঞ্জাম তৈরি করলেও মাছের অভাবে সে গুলো পড়ে রয়েছে। এবারে ব্যবসা মন্দা হওয়ায় সারা বছর পরিবার-পরিজন নিয়ে আমরা কি ভাবে চলবো তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন রয়েছি।
যেসব খাবার উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ঝুকিপূর্ণ
লাইফস্টাইল ডেস্কঃ উচ্চ রক্তচাপ থাকলে খাদ্যাভ্যাস থেকে কিছু খাবার এড়িয়ে চললে এড়ানো যেতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি। কারন উচ্চ রক্তচাপকে বলা হয়ে থাকে ‘নীরব ঘাতক’। সাধারণত খুব মারাত্মক অবস্থায় যাওয়ার আগে এটি প্রকাশ পায় না।
তাই চলুন আজ জেনে নেওয়া যাক যেসব খাবার উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ঝুকিপূর্ণঃ
আচারঃ আচার যেকোন খাবারের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এতে অনেক বেশি লবণ থাকে যা উচ্চ রক্তচাপের রোগীদের ঝুঁকির কারণ। তাই এসব রোগীদের আচার না খাওয়াই ভালো।
পনিরঃ পনিরে অনেক বেশি সোডিয়াম থাকে যা লবণের প্রধান উপাদান। কোন কোন পনিরে প্রতি আউন্সে ৩০০ গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে।
বিকনঃ বিকনে অনেক বেশি কোলেস্টেরল, ফ্যাট ও লবণ থাকে। তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে অবশ্যই এই খাবারটি এড়িয়ে চলবেন।
মিষ্টি পানীয়ঃ মিষ্টি পানীয় ওজন ও রক্তচাপ বৃদ্ধির জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলেন, যারা মিষ্টি পানীয় পান করেন তারা অনেক বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন।
ফ্রেঞ্চ ফ্রাইঃ রেস্টুরেন্টে যেসব ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় তাতে অনেক বেশি লবণ থাকে। একারণে শরীর থেকে অপ্রয়োজনীয় তরল পদার্থ বের হয়ে যাওয়ার ক্ষমতা কমে যায় এবং রক্তচাপ বেড়ে যায়।
সসঃ সসে অনেক বেশি লবণজাতীয় মসলা ব্যবহার করা হয়। এক চামচ সসে ১৯০ গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে। এটি যখন তেলে ভাজা খাবারের সঙ্গে খাওয়া হয় তখন লবণ গ্রহণের পরিমাণ অনেক বেড়ে যায়।
মিনারেল ওয়াটারঃ বোতলজাত মিনারেল ওয়াটারে প্রতি লিটারে ২০০ মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে যা উচ্চ রক্তচাপ রোগীদের অবশ্যই এড়িয়ে চলা উচিত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
ফুলবাড়ীতে ৯ জুয়ারী আটক
অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ০৯ জুয়ারীকে পুলিশ আটক করেছে। গত রবিবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের আবুবক্করের বাড়ী থেকে তাদের আটক করা হয়।
ফুলবাড়ী থানা পুলিশ সুত্র জানায়, গভীর রাতে ওই বাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালনো হয়। অভিযানের সময় তাস খেলারত অবস্থায় (১) শরিফ উদ্দিন (২) মোজাহার আলী (৩) শাহ আলম (৪) আব্দুল কাদের (৬) হাফেজ আলী (৭) সিরাজুল হক (৮) আহাম্মদ আলী ও (৯) আমিনুর ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার ৩শ টাকা ও দুই সেট তাস উদ্ধার করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে গতকাল সোমবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রশ্ন ফাঁসে অভিযুক্ত রুপাকে জেলা আওয়ামীলীগ থেকে অব্যাহতি
মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি) : বগুড়া জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মাহবুবা নাসরিন রুপার নামে সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র সরবরাহ করার অভিযোগ ওঠায় দলে থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত, ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সাথে জরিত বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরিন রুপার বিরুদ্ধে অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এহেন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এহেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জরিত থাকায় মাহবুবা নাসরিন রুপাকে বগুড়া জেলা আওয়ামীলীগের৷নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হলো।
উল্লেখ্য, মাহবুবা নাসরিন রুপা বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্কঃ প্রয়োজনীয় ক্ষমতা না থাকার অজুহাতে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সার্কসিয়ান। ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি বলেছেন, জাতীয় দুর্যোগের মুহূর্তগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় তিনি সাংবিধানিক ক্ষমতার অভাব অনুভব করেছেন।
সার্কসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি আবেগতাড়িত হয়ে এ সিদ্ধান্ত নেননি বরং সুনির্দিষ্ট কারণে পদত্যাগ করেছেন। বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় চার বছর ধরে চিন্তাভাবনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আর্মেনিয়ার সংবিধান দেশের প্রেসিডেন্টকে কাজ করার যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেয়নি।
তিনি আশা প্রকাশ করে বলেন, সংবিধান সংশোধন করে দেশের জন্য এমন আইন প্রণয়ন করা হবে যাতে পরবর্তী প্রেসিডেন্ট ও তার প্রশাসন আরো বেশি ভারসাম্যপূর্ণ পরিবেশে কাজ করতে পারবে।
উল্লেখ্য, ২০১৮ সালে আর্মেনিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সার্কসিয়ান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী তার ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি সরে দাঁড়ালেন।
ফরচুন বরিশালকে হারিয়ে প্রথম জয় মিনিস্টার ঢাকার
স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসরে প্রথম জয়ের স্বাদ নিল মিনিস্টার ঢাকা। তবে আসরের শুরুটা মোটেই ভালো হয়নি মিনিস্টার ঢাকার। তারকাবহুল দল গড়েও নিজেদের দুই ম্যাচ হেরে যায় মাহমুদউল্লাহরা। অবশেষে টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল ঢাকা।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল।
আজ সোমবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ গড়ে ফরচুন বরিশাল। জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।
খেলার শুরুতেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়া ঢাকাকে খেলায় ফেরান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং শুভাগত হোম। দু’জনের ব্যাটে ইনিংসে ৮ম ওভারে দলীয় রান ৫০ রান পার করে ঢাকা। তবে ১৪তম ওভারে ব্রাভোর প্রথম বলে ক্যাচবন্দি হন শুভাগত হোম।
২৫ বলে ২ চারে ২৯ রান করেন শুভাগত। দলের ব্যাটিং ধসে হাল ধরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ৬৯ রানে জুটি গড়েন তিনি। শুভাগত হোম ফিরে গেলে দলীয় ৭৯ রানে পঞ্চম উইকেট হারায় ঢাকা। পরের ওভারেই ১৯ রান তুলে নেয় ঢাকা। আলজারি জোসেফের করা ইনিংসের ১৫তম ওভারে রাসেল ১১ এবং রিয়াদ ৮ রান নেন। ওই ওভারেই ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেয় ঢাকা। ১৫তম ওভার শেষে ঢাকার দলীয় সংগ্রহ দাঁড়ায় ১০২ রান।
তাইজুলের করা ১৭তম ওভারের শেষ তিন বলে রাসেলের দুই চার ও এক ছয়ে জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। সাকিবের করা ১৮তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলীয় স্কোর সমান করেন ম্যাচ সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দ্বিতীয় বলে ক্যাচবন্দি হয়ে সাজঘরে ফিরেন তিনি। জয় থেকে মাত্র রান দূরে থাকতে ব্যাট হাতে মাঠে নেমে বাকি কাজটুকু সারেন ইসুরু উদানা (১*)। ব্যাট হাতে অপর প্রান্তে ৩১ অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় এ রান করেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফরচুন বরিশাল সংগ্রহ করে ৮ উইকেটে ১২৯ রান। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫ রান করে ফেরেন শুভাগত হোমের বলে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে।
এরপর আরেক ওপেনার সৈকত আলীকে ১৫ রানে ফেরান হাসান মুরাদ। তিন নম্বরে নেমে সাকিব আল হাসান রান তুলেছেন ধীরগতিতে। শূন্য রানে আউট হয়ে হতাশ করেন তৌহীদ হৃদয়। সাকিব ১৯ বলে ২৩ রান করে ক্যাচ দেন রুবেল হোসেনের বলে। তবে গেইল শুরুতে দেখেশুনে খেললেও শেষ পর্যন্ত ৩০ বলে ৩ চার ও ২ ছয়ে করেন ৩৬ রান। ইশুরু উদানার বলে মাহমুদউল্লাহ রিয়াদের কাছে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।দলের বিপাকে হাল ধরেন ডোয়াইন ব্রাভো। ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে দলকে এনে দেন লড়াই করার পুঁজি।
ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও ইশুরু উদানা। এক উইকেট করে নেন রুবেল হোসেন, শুভাগত হোম, হাসান মুরাদ ও মাহমুদউল্লাহ।
ওহিওতে ইন্টেলের বিশ্বের বৃহত্তম চিপ উৎপাদন কারখানা তৈরি
সিএনবিডি ডেস্কঃ সম্প্রতি এক বিবৃতিতে ইন্টেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওহিওতে ২ হাজার কোটি ডলার ব্যায়ে চিপ হাব তৈরি করা হবে। ওহিওতে কারখানা তৈরি হলে এটাই হবে বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর হাব। সেমিকন্ডাক্টরের বৈশ্বিক ঘাটতি স্মার্টফোন থেকে গাড়ি পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে বলে এত বড় বিনিয়গের কারণ হিসেবে জানিয়েছে ইন্টেল।
ওই বিবৃতিতে ইন্টেল জানিয়েছে, ওহিওর নিউ অ্যালবানি শহরে ১ হাজার একর জায়গায় দু’টি কারখানা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সাল নাগাদ কারখানা দু’টি চালু হবে। এসব কারখানায় সবচেয়ে উন্নত প্রযুক্তির সেমিকন্ডাক্টর তৈরি করা হবে। এ কারখানা দু’টি উৎপাদনে গেলে বিশ্বে চিপ সরবরাহে যুক্তরাষ্ট্রের অংশিদারিত্ব ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাবে।
ইন্টেল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট গেলিসিঞ্জার বার্তাসংস্থা রয়টার্সকে এ ব্যাপারে বলেন, “প্রাথমিকভাবে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। ওহিওর ইতিহাসে এ অঙ্কের বিনিয়োগ সর্বোচ্চ। ১ হাজার একরজুড়ে তৈরি দু’টি কারখানা ৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। পরে কারখানাগুলোতে বিনিয়োগের পরিমাণ ১০ হাজার কোটি ডলার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে।”
প্রসঙ্গত, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের ব্যাপক সংকট চলছে। এ প্রযুক্তি পণ্যের সংকটে বিশ্ব অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়েছে। স্মার্টফোন, গেমিং ডিভাইস থেকে শুরু করে গাড়ি-সেমিকন্ডাক্টর ছাড়া উৎপাদন হয় না। চিপ সংকটে এসব পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। ইন্টেলের মতো প্রতিষ্ঠানের চিপ উৎপাদন হ্রাস পাওয়ায় এ সংকট আরও ত্বরান্বিত হয়েছে। তবে চিপ তৈরির এমন কারখানা নির্মাণ সময়সাপেক্ষ। ২০২৫ সালের আগে ইন্টেলের কারখানা উৎপাদনে আসবে না।
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ ব্যবসায়ীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ঈশ্বরদীগামী লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৩ মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে ওই এলাকার হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকার নাইমুল (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ভুতপুকুর এলাকার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচান আলী (৪৬) ও একই এলাকার মৃত রইসউদ্দিনের ছেলে সেহের আলী (৪৮)।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনের ধাক্কায় মারা যাওয়া তিনজনই মাছ ব্যবসায়ী। তারা মাছ বিক্রি করে ভটভটিতে করে বাড়ি ফিলছিলেন। রাস্তা পারারের সময় হঠাৎ রাজশাহীর ঈশ্বরদীগামী সিক্সডাউন মেইল ট্রেনটি তাদের ভটভটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।