টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক আটক

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নওগাঁর মান্দার মো. ফারুক হোসেন নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আপত্তিকর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।

গতকাল সোমবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে এলাকাবাসী ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রাতেই চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি এস নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ফারুক উপজেলার পূর্ব-চন্ডিপুর গ্রামের ছবর উদ্দিন হাজি বাড়ির আবু তাহের মুন্সীর ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর টিকটক ভিডিও ফেসবুকে পোস্ট করে ফারুক। বিষয়টি চন্ডিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চন্ডিপুর ওয়ার্ড মেম্বার রেজাউল করিম তছলিম মোল্লার নজরে আসলে স্থানীয় ব্যক্তিদের অবগত করে। রোববার সন্ধ্যার পরে স্থানীয় মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্যদের নিয়ে ওই বাড়িতে গেলে আলোড়ন সৃষ্টি হয়। এ সময় তাৎক্ষণিক গ্রামের লোকজন ফারুককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

মামলার বাদী চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি এস নজরুল ইসলাম বলেন, ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় আপত্তিকর লেখা শেয়ার ও ভিডিও আপলোড করে আসছিল। সে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও ফেসবুকে পোস্ট করেছে। এ জন্য স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে সাইবার অপরাধ কমে যাবে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) কর্তৃক আয়োজিত খুলনা ও যশোর অঞ্চলের সাংস্কৃতিক কর্মশালা-২৩ সম্পন্ন

সাবিক ওমর সবুজ, বগুড়াঃ সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ  নৈতিকতা সমৃদ্ধ সমাজ”এই স্লোগানে সসাস কর্তৃক সাংস্কৃতিক কর্মশালা সম্পূর্ণ হয়েছে। সারাদেশ ব্যাপি ইসলামি সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করছে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)। এরই ধারাবাহিকতায় খুলনা ও যশোর অঞ্চলের শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সাংস্কৃতিক কর্মশালা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত প্রোগ্রামে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সসাসের সম্মানিত উপদেষ্টা নুরুল ইসলাম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টাইফুন শিল্পীগোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান জাহিদুর রহমান নাঈম ও সসাসের সঙ্গীত পরিচালক রাশেদুল ইসলাম।

প্রশিক্ষক হিসেবে ছিলেন গীতিকার সুরকার ও বিশিষ্ট নাট্যকার মাসুদ রানা, বিশিষ্ট আবৃত্তিকার শাহ মাখদুম ও ক্বারী মাওলানা সোলাইমান।

সসাসের শিশু কিশোর সম্পাদক ও খুলনা যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক জাকির হোসাইন এর সমাপনি বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শেষ হয়।

দুর্ঘটনায় নিহত বন্ধুকে রাস্তায় ফেলে পালালো বন্ধুরা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লীতে অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয় এক বালক। নিহত বালকের মরদেহ বিবেক বিহার এলাকায় ফেলে যায় নিহতের তিন বন্ধু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বন্ধুরা মিলে অটোরিকশাতে যাওয়ার সময় অটোরিকশা উল্টে গেলে গুরুতর আহত হয়ে সেই বালক।

একজন পুলিশ কর্মকর্তা জানান, আহত অবস্থায় বালকটিকে তার তিন বন্ধু একই অটোরিকশাতে করে হাসপাতালে না নিয়ে, বিবেক বিহার এলাকায় ফেলে দেয়। আহত বালক পরে মারা যায়।

পুলিশ আরও জানায়, অটোরিকশাটি তিনজন বন্ধুর একজনের ছিল। বর্তমানে ওই তিন বন্ধুকে আটক করেছে পুলিশ এবং ঘটনাস্থলে তদন্ত চলছে।

মেডিকেল কলেজে ভর্তি শুরু ২৭ মার্চ থেকে

স্বাস্থ্য ডেস্কঃ সরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ। ভর্তি চলবে ৬ এপ্রিল পর্যন্ত। গতকাল সোমবার (১৩ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩৫০ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত সব মূল সনদপত্রগুলো যাচাই করবেন এবং মেডিকেল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। যার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজ থেকে জানা যাবে। এ ছাড়া আগামী ১৪ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। টেলিটক সীমের মাধ্যমে এক হাজার টাকা ফি দিয়ে মোবাইলেই এই আবেদন করা যাবে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কোনো পরীক্ষা হবে না

শিক্ষা ডেস্কঃ নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গতকাল সোমবার (১৩ মার্চ) অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি এরইমধ্যে সব আঞ্চলিক উপপরিচালককে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গাইডলাইন অনুযায়ী। এ গাইডলাইনের বিষয়ে পরে স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হবে।

মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে করতে হবে। শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোনো পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইডলাইন পাওয়া যাবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক, প্রতিষ্ঠান-প্রধান, উপজেলা বা থানা একাডেমিক সুপারভাইজার, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আঞ্চলিক উপপরিচালক এবং আঞ্চলিক পরিচালকদের নিয়মিত পরিবীক্ষণ জোরদার করতে হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট ও সচেতন থাকতে হবে। এ বিষয়ে কোনো রকমের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী থাকবেন।

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে মা-মেয়ে ও চার শিশুও রয়েছে। গতকাল সোমবার (১৩ মার্চ) দেশটির মানাউস শহরে এ ঘটনা ঘটে। দুর্যোগের পর অ্যামাজন সংলগ্ন অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কিছু লোক। ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।

জানা গেছে, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দলও। স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তারা ইতোমধ্যে কয়েকটি মরদেহ বের করে এনেছেন। তবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বেশ কিছুসংখ্যক লোক। জীবিত ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। এ বছরের ২৩ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা প্রায় ৪৬ জন নিহত হন। ২০২২ সালের ২৮ জানুয়ারি সৃষ্ট ভূমিধসে ১৯ জন এবং ১৬ ফেব্রুয়ারি বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটিতে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন ‘জলবায়ু পরিবর্তনের কারণে এমন বিপর্যয়’ ঘটেছে।

তেজকুনিপাড়া বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনলাইন ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে। গতকাল সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, রাত ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তেজকুনিপাড়া বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি জানতে আরও সময় লাগবে বলে জানান রাশেদ।

 

মা পরকীয়ায় ব্যস্ত থাকাকালীন সুইমিংপুলে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায় অবস্থিত ‘গার্ডেন পার্কের’ সুইমিংপুলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই পার্কে শিশুদের মা পরকীয়ায় ব্যস্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১১ মার্চ) রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত শিশুরা হলেন ফাহিম (৩) ও আদিজা (৫)। সম্পর্কে তারা ভাই-বোন।

সুত্রে জানা গেছে, শিশুদের পিতা মোখলেসুর রহমান মিন্টু পেশায় একজন রাজমিস্ত্রি। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের নকতনপুর এলাকায়। স্ত্রী সন্তানদের নিয়ে কেরানীগঞ্জের গদারবাগ এলাকার নবীন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে- জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে সন্তানদের নিয়ে শনিবার বিকেলে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে যান। পার্কে প্রবেশের পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। কিভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে তিনি তা জানেন না। এদিকে ঘটনার পর পরকীয়া প্রেমিক জুলহাস পালাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। আর ময়নাতদন্ত প্রতিবেদন পেলে দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে দুই শিশুর পিতা মোখলেছুর রহমান জানান, বিকেলে তার স্ত্রী ফোন করে জানায় দুই সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। পরে সন্ধ্যার দিকে দুই সন্তানের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, স্ত্রী পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।

দেশ সেরা অ্যাথলেটিক্স ফুলবাড়ীর সিয়াম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশ সেরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহপরান সিয়াম (১৪)। সিয়াম ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তিনি উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্ৰামের হোসেন আলী ও সাহেরা খাতুন দম্পতির ছেলে ‌।

জানা গেছে, ৩ মার্চ সোমবার ঢাকার বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত  শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার ‘ক’ বিভাগের দীর্ঘ লাফ (লং জাম্প) ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন সিয়াম। এ ইভেন্টে তিনি ৬ দশমিক ২৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। এর আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

সিয়াম বলেন, অ্যাথলেটিক্সে দেশ সেরা হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে সারা বিশ্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম ছিনিয়ে আনতে চাই।

সিয়ামের বাবা হোসেন আলী বলেন, শত অভাব অনটনের মধ্যে থেকেও আমার ছেলে দেশ সেরা হয়েছে।  এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।

উপজেলা নিবার্হী অফিসার সুমন দাস বলেন, সিয়াম  আমাদের অনুপ্রেরণার উৎস। সে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে এজন্য আমরা গর্বিত।

রাণীশংকৈলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং প্রশাসনের সহযোগিতায় সোমবার ১৩ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ খ্রিঃ পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও প্রাথমিক অধিদপ্তরের বিভিন্ন সহকারি কর্মকর্তা, প্রধান ও সহকারি শিক্ষক, সরকারি কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সফলভাবে শিক্ষা সপ্তাহ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।