অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে এ পজিশন অর্জন করেছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে ১৪৮ রানে অলআউট হয় আরব আমিরাত। বল হাতে বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল তিনটি এবং আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট পান। একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও আরিফুল ইসলাম।

জয়ের জন্য ১৪৯ রান টার্গেটে নেমে ২৪ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে ১১০ রান তুলতেই বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা আর মাঠে গড়ায়নি। তবে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৯ উইকেটে জয় ঘোষণা করা হয়।

দেশে তৈরি মুঠোফোন এখন নেপালে

সিএনবিডি ডেস্কঃ দেশের চাহিদা মিটিয়ে দেশে তৈরি মুঠোফোন এখন নেপালে রপ্তানি হচ্ছে। সিম্ফনি নিজেদের কারখানায় তৈরি মুঠোফোন ২০২১ সালের অক্টোবর মাস থেকেই রপ্তানি করছে। শনিবার সাভারের আশুলিয়ায় সিম্ফনি কারখানায় আনুষ্ঠানিকভাবে এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ডাক ও টেলিযোগাযোগসচিব মো. খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তার বক্তব্যে জানান, আমি প্রথমেই বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে এডিসন গ্রুপ এর সিম্ফনি মোবাইল ব্র্যান্ড কে অভিবাদন জানাই। বাংলাদেশে তারাই একটি মাত্র ব্র্যান্ড যারা কোন ধরনের বৈদেশিক বা সরকারী সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজস্ব উদ্যোগে এতো বড় একটি কারখানা পরিচালনা করছেন যা নিছকই দেশপ্রেম থেকেই এসেছে।দেশে তৈরি মুঠোফোন দ্বিতীয়বারের মতো বিদেশে রপ্তানি হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে তৈরি ডিজিটাল যন্ত্র ৫০টি দেশে রপ্তানি হবে। গুণগত মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে পারলে দেশে তৈরি মুঠোফোন শিগগিরই আন্তর্জাতিক বাজারে বড় একটা জায়গা তৈরি করতে পারবে।

মন্ত্রী আরো বলেন, সিম্ফনি মোবাইলকে অতি দ্রুত আরও ৫০টি দেশে দেখতে চাই এবং এর জন্য যে কোন ধরনের সাহায্য বাংলাদেশ সরকার করবে বলে আমি আশা করি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, বাংলাদেশ থেকে সিম্ফনি মোবাইলই প্রথম সরাসরি ব্র্যান্ড নেইম নিয়েই ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন রপ্তানি করছে। এটাকে তারা দেশের রপ্তানি খাতে নতুন এক মাইলফলক হিসেবে উল্লেখ করছে। প্রথমবার তিনটি মডেলের প্রায় ১৫ হাজার মোবাইল সরাসরি এ্যাপেক্স গ্রুপের কাছে পাঠানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মডেলের প্রায় ১০ হাজার করে পণ্য সিম্ফনি মোবাইলের হয়ে তারা নেপালে বাজারজাত করবে।

এদিকে, সিম্ফনির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ জানান, সিম্ফনি মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড। বাংলাদেশ থেকে আমরা প্রতি মাসেই ১০ হাজার প্রোডাক্ট নেপালের মার্কেটে রপ্তানি করব। আমাদের ফ্যাক্টরিতে প্রতি মাসে ১০ লাখ প্রডাক্ট আমরা উৎপাদন করতে পারি। এই ফ্যাক্টরিতে ১৫ শ মানুষ কাজ করছে কিন্তু এর পাশাপাশি প্রায় আরও কয়েক লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই উৎপাদন কার্যক্রম এর সঙ্গে জড়িত আছে। চলতি ২০২২ সালেই নেপাল বাদেও আমরা নাইজেরিয়া, সুদান, ভিয়েতনাম, শ্রীলংকায় আমাদের মোবাইল ফোন রপ্তানি করার পরিকল্পনা করছি।

অবশেষে আয়োজন করে রাজ-পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো

বিনোদন ডেস্কঃ অবশেষে আয়োজন করে রাজ-পরীমনির বিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। খুবই কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে গতকাল শনিবার বিয়ের সাজে বর-কনে হয়ে ধরা দিলেন এই নতুন দম্পতি।

এর আগের দিন শুক্রবার পরীর বাসভবনে গায়ে-হলুদের অনুষ্ঠানটাও সেরে নেন পরী-রাজ। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের কয়েকজন নির্মাতা। এরপর রাতেই তাদের গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমনি।

রাজ-পরীমনি দম্পতির বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানীর মতো। তবে পরী বিয়ের আসরে হটাৎ কেঁদে ওঠেন। তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেন রাজ। বাবা-মা হারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে দিলেন স্বামী রাজ। বিয়ের জন্য রাজ ও পরী পোশাকে বেছে নিয়েছিলেন সোনালী ও মেরুন রঙের। আর  দুজনে ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসনে।

সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। পরিচয়ের মাত্র ৭ দিনের মধ্যে প্রেম হয় তাদের। এরপর গেল বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা।। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।

প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমনির চতুর্থ স্বামী শরীফুল রাজ এর আগে সৌরভ কবির, তামিম হাসান ও কামরুজ্জামানকে বিয়ে করেছিলেন। তবে ঢাকাই সিনেমার এই নায়িকা অতীত ভুলে আগামীর সম্ভাবনার দিকে যেতে দোয়া চাইলেন সকলের।

উড়ে যায় পাখি,পড়ে থাকে পাখির পালক

কবি রফিক আজাদ তাঁর ‘দুঃখ-কষ্ট’ কবিতায় লিখেছেন- [icon name=”quote-left” prefix=”fas”]পাখি উড়ে চলে গেলে, পাখির পালক পড়ে থাকে…[icon name=”quote-right” prefix=”fas”]

পাখি উড়ে চলে গেলে, পাখির কয়েকটি পালক পূর্বের স্থানে ফেলে যায়। মানুষের মৃত্যু যেন পাখি উড়ে চলে যাওয়ার মতই। মানুষ মরে গেলে কর্মের মাধ্যমে স্মৃতি রেখে যায়। সেই স্মৃতিসমূহ স্মরণ করে মানুষ মৃতব্যক্তির প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। এই পৃথিবী থেকে আমাদের সকলকেই চলে যেতে হবে, আগে আর পরে। কেউই থাকবো না। কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়, বড় ব্যথা দেয়। কৃষিবিদ পরিবারের আত্মার আত্মীয় তিনজন বরেণ্য জননেতা কৃষিবিদ শওকত মোমেন শাজাহান; কৃষিবিদ আবদুল মান্নান এবং কৃষিবিদ বদিউজ্জামান বাদশা-র চিরপ্রস্থানের শূন্যতা গ্রাস করেছে বাংলাদেশের সকল কৃষিবিদকে।

১৯৮০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি হতে গিয়ে তাঁদের সাথে রাজনৈতিকভাবেই আমার পরিচয়। সেই থেকে একসাথে পথ চলা। জনাব শওকত মোমেন শাহজাহান সেসময়ে বাকৃবি ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ছিলেন শাহজালাল হলের (পশ্চিম) ২৪ নং কক্ষের আবাসিক ছাত্র, আমি (পশ্চিম) ২২ নং কক্ষের আবাসিক ছাত্র। আমাদের ব্যাচের নতুন ছাত্রদের ছাত্রলীগের পতাকাতলে সংগঠিত করার ক্ষেত্রে প্রায়ই শাজাহান ভাইকে তাগিদ দিতাম। তিনি বলতেন, ‘I want quality, not quantity.’ তুমি পাঁচটি quality পূর্ণ ছাত্র সংগঠিত করো। দেখবে, ওরাই বৃহৎ ছাত্রলীগকে সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত করবে’। তাঁরা প্রত্যেকেই এমনি জনসম্পৃক্ত নেতা ছিলেন যে, তাঁদের সাথে আমাদের সকল কৃষিবিদদেরই অসংখ্য স্মৃতি রয়েছে।

প্রয়াত এই তিনজন বরেণ্য কৃষিবিদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত ১৬ জানুয়ারি ২০২২ স্মরণসভার আয়োজন করেছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি-র সভাপতিত্বে সেই অনুষ্ঠানে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সচিব ও বিভিন্ন সংস্থার চেয়ারম্যান/ ডিজি-সহ অসংখ্য বরেণ্য কৃষিবিদ স্মৃতিচারণ করেছেন।

এসকল গুণীজনদের আলোচনা ও স্মৃতিচারণের মাধ্যমে প্রতীয়মান হয়েছে যে, তাঁরা শুধু একটি করে নাম নন, কৃষিবিদদের অহংকার ও আশা-ভরসার প্রতীক। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এদেশের কৃষি, কৃষক ও কৃষিবিদদের জন্য নিবেদিত প্রাণ অকুতোভয় রাজনৈতিক নেতারা আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছেন । তিনজন নেতারই ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্য যা প্রয়োজন-তা হচ্ছে নেতৃত্ব, মেনুফ্যাষ্টো বা আদর্শ, নিঃস্বার্থ কর্মী ও সংগঠন’। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কৃষিবিদ ডঃ শেখ বখতিয়ার বলেছেন, উল্লিখিত সকল গুণাবলীই প্রয়াত এই তিনজন কৃষিবিদ নেতাদের মধ্যে বিদ্যমান ছিল।

মাননীয় মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম তাঁর আলোচনায় উল্লেখ করেছেন, ‘প্রয়াত এই তিনজন জাতীয় কৃষিবিদ নেতা জাতির খুব ক্রান্তিকালে রাজনীতি করেছেন। ক্রান্তিকালে রাজনীতি করার মত সাহস দলের অনেকেই রাখেন না। অনেক ক্রান্তিকালে দেখা গেছে অনেকেই সামনে আসেন না, ঝুঁকিও নেন না। কিন্তু এই তিনজন কৃষিবিদ নেতার রাজনৈতিক জীবনে বর্ণাঢ্য সেই ঐতিহ্য রয়েছে। ক্রান্তিকালকে কিভাবে মোকাবেলা করতে হয় সেই পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ’।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে হত্যার পর প্রবল প্রতিকূল রাজনৈতিক পরিবেশে খুনিচক্রের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কৃষিবিদ জনাব শওকত মোমেন শাজাহান, আব্দুল মান্নান ও বদিউজ্জামান বাদশা। এই তিনজন নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনায় বাকৃবি ছাত্রলীগের প্রথম সভাপতি বরেণ্য কৃষিবিদ আবুল ফয়েজ কুতুবী বলেছেন, ‘রাজনৈতিক প্রতিকূল পরিবেশে ছাত্রলীগের শীর্ষস্থানে নেতৃত্ব দিলেও অদৃশ্য কারণে রাজনৈতিক অনুকূল পরিবেশে কৃষিবিদ আব্দুল মান্নান ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশা-র রাজনৈতিক জীবন সুখকর হয়নি’।

কৃষিবিদ বদিউজ্জামান বাদশা-র রাজনীতির চারণক্ষেত্র শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান আতিক বলেছেন, ‘সারা বাংলাদেশের কৃষিবিদদের আত্মার আত্মীয় কৃষিবিদ বদিউজ্জামান বাদশা’র জানাজায় লক্ষাধিক মানুষ তারাগঞ্জ স্কুল মাঠে সমবেত হয়েছিল। বাদশা ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ সামনে রেখে স্মৃতিচারণ করার সময় সমবেত এলাকাবাসী ৫-৬ ঘন্টা পিনপতন নীরবতায় দাড়িয়েছিল। আমিও জানাজায় ছিলাম। দুর্ভাগ্য সেদিন তাঁর মৃত্যু সংবাদ প্রচারের জন্য স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে মাইকিং করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। এটা ছিল আমার দুর্ভাগ্য। আমি করতে পারি নাই। আমি (জানাজায়) গিয়েছিলাম। আমাদের অনেক নেতা গিয়েছিলেন। মানুষের চোখের পানি আর বুক চাপড়ানো ব্যথা সেদিন আমরা দেখেছি, মর্মে মর্মে আমি উপলব্ধি করেছি, ব্রহ্মপুত্র নদের উত্তর পারে গারো পাহাড়ের পাদদেশে এক ক্ষণজন্মা পুরুষ ছিলেন কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, যিনি আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন’।

কৃষিবিদ পরিবারের সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান বলেছেন, ‘উনারা তিনজনই নিজ নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তিন নেতাই নিজ নিজ সংসারের চেয়ে এলাকার উন্নয়ন, কৃষি পেশার উন্নয়ন ও কৃষিবিদদের কল্যাণে জীবনের বেশীরভাগ সময় ব্যয় করেছেন। যে যেটুকু করে, তার যদি মর্যাদা দেওয়া হয়, তাহলে সবাই উৎসাহী হয়। সবাই এগিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করে’।

বঙ্গবন্ধুর আদর্শের মহান সৈনিক, কৃষিবিদ সমাজের প্রাণের নেতা এই তিনজন রাজনৈতিক নক্ষত্রের প্রয়াণে কৃষিবিদ পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা অনন্য সংগঠক ও বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁরা প্রত্যেকেই বহুমুখী প্রতিভার পরিচয় দিয়ে নিজেকে এক একটি প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছেন। ১৯৭৫ পরবর্তী দীর্ঘ দুঃসময়ে তাঁদের যোগ্য নেতৃত্বের কারণেই পেশাজীবী সংগঠনের মধ্যে কৃষিবিদ সংগঠনে আওয়ামীলীগের সমর্থক সবচেয়ে বেশি।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্যে প্রয়াত এই তিনজন নেতা দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা তাঁদের আদর্শকে লালন করে যদি তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে সত্যিকার অবদান রাখতে পারি তাহলেই তাঁদের বিদেহী আত্মা শান্তি পাবে।

ড. মোঃ আওলাদ হোসেন, ভেটেরিনারীয়ান, পরিবেশবিজ্ঞানী, রাজনৈতিক কর্মী ও কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ। 

রৌমারীতে সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল ঢুকানোর অভিযোগে ওসিএলএসডি বরখাস্ত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সরকারি খাদ্য গুদামে  নিম্নমানের চাল ঢুকানোর অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসিএলএসডি) মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন ।

জানা গেছে, মঙ্গলবার রাতে ৩০ কেজি ওজনের ১৭৩ বস্তা খাবার অযোগ্য চাল গুদামে ঢুকানো হচ্ছে এবং  আরও ৭৭ বস্তা চাল গুদামে ঢুকানোর  অপেক্ষায় রয়েছে এমন সংবাদ পান রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ১৭৩ বস্তা  চাল ও আগেই ঢুকানো ১৯ মেট্রিক টন চালসহ ১ নম্বর গুদাম সিলগালা করেন।
এ প্রসঙ্গে রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুস সালাম জানান, তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় অন্যান্য ব্যবস্থা গ্রহন করা হবে।

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শনিবার (২২জানুয়ারী) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াএর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোর্তোজা ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাস, পৌরসভার কাউন্সিলরগণ ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে বাস্তুহারা লীগের পক্ষ থেকে ৩ শতাধিক কম্বল বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় শনিবার (২২ জানুয়ারি) বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলামের পুত্রবধূ ডেনিস ইসলামের উদ্যোগে ৩ শতাধিক হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এদিন বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এ শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় বিতরণ কার্যক্রমে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

এ ছাড়াও ভানোর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সুমন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ট মোহন রায়, জাতীয় হিন্দু মহাজোট বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুজন ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম মামুনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

চলমান হাড় কাপানো শীতে কম্বল পেয়ে সুবিধাভোগীরা কেন্দ্রীয় বাস্তুহারালীগের সাংগঠনিক সম্পাদক ডেনিস ইসলাম ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে কাঠুরের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কু‌ড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে  এক কাঠুরের  মৃত‌্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হা‌তিয়া ইউনিয়নের কতমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাঠুরের নাম আমিন মিয়া (৪৪)। তিনি একই ইউনিয়নের অনন্তপুর মিয়াজী পাড়া গ্রামের মৃত জাবরু শে‌খের ছেলে।

এলাকাবাসী ও নিহতের প‌ারিবারিক সূত্র জানায়,  আমিন মিয়া ওই ইউনিয়নের কদমতলা গ্রামের বা‌সিন্দা সুরেশ মন্ডলের গাছ কাটতে যান। গাছ কাটার সময় একটি বড় ডাল তার মাথায় পড়ে।  এতে গাছ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়।

উলিপুর থানার ওসি ইম‌তিয়াজ ক‌বির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুলাউড়া পুলিশের অভিযানে ২ চোরাসহ ৪টি গরু উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গত ১২ জানুয়ারী রাত্রিবেলা কুলাউড়া থানাধীন হাজীপুর গ্রামের জনৈক আরমান আলী (৮০) এর গোয়াল ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা ৪টি গরু চুরি করিয়া নিয়া যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে গরুর মালিক আরমান আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করিলে কুলাউড়া থানা পুলিশ চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিশেষ একটি দল তৈরী করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় শনিবার (২১ জানুয়ারী) এসআই কামরুল হাসান সহ সঙ্গীয় দলের অভিযান পরিচালনা করিয়া হাজীপুর এলাকা হইতে আসামী আব্দুল হাকিম (১৯), ও মনোয়ার মিয়া ২জনকে গ্ৰেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়ার পাবই গ্ৰামের আব্দুল বারীর ছেলে আব্দুল হাকিম। একই উপজেলর দক্ষিণ পাবই গ্ৰামের সামছু মিয়া প্রকাশ ফচই মিয়ার ছেলে মনোয়ার মিয়া। আসামীদ্বয়কে গ্ৰেফতার করে তাদের দেওয়া তথ্যমতে হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানার অন্তর্গত ১১নং গজনাইনপুর ইউপিস্থ সাতাইহাল গ্রাম হইতে বাদীর চোরাই যাওয়া একটি চিত্রা রংয়ের গাভী গরু, একটি ন্যাড়া লাল রংয়ের ষাড়(ডেকা) বাছুর, একটি চিত্রা রংয়ের চাঁন কপালী গাভী(ডেকি) বাছুর ও একটি ন্যাড়া লাল রংয়ের গাভী গরুসহ মোট ৪টি গরু উদ্ধার করেন।

এ বিষয়ে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষন রায় জানান, আসামীদের গ্ৰেফতারসহ গরু ৪টি উদ্ধার করা হয় এবং শনিবার (২২ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কুলাউড়ায থানা এলাকার চুরি, ডাকাতি প্রতিরোধ ও মাদক নিমূর্লের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নতুন বাই সাইকেল ও কম্বল পেয়ে খুশি আত্রাইয়ের গ্রাম পুলিশরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার জেলা প্রশাসনের দেওয়া বাই সাইকেল ও একটি করে শীতবস্ত্র কম্বল পেয়েছে আত্রাই উপজেলার ৮০ জন গ্রাম পুলিশ। নতুন বাই-সাইকেল পেয়ে ভীষণ খুশি এ সকল গ্রাম পুলিশরা। নতুন বাই- সাইকেল পাওয়ায় তাদের কাজের গতি আরো বেড়ে যাবে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেন তারা।

শনিবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় আত্রাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাই সাইকেল ও কম্বল বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরের স্থানীয় সরকারের অর্থায়নের নওগাঁর আত্রাই উপজেলার আটটি ইউনিয়নের ৮০ গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বাই-সাইকেল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দুলাল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইপি চেয়ারম্যান আক্কাছ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মোঃ ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ গ্রাম পুলিশ সভাপতি মোঃ বিশু দেওয়ান সহ প্রমূখ।

প্রধান অতিথি নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল বলেন, ইউনিয়নের সকল কাজে গ্রাম পুলিশরা নিযোজিত থাকেন। তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়।তাই গ্রামাঞ্চলে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন ও প্রতিটি জায়গার প্রত্যেকটি মানুষের জন্ম ও মৃত্যুর নিবন্ধন ৪৫ দিনের মধ্যে তালিকাভূক্ত করার কাজে, মাদক মুক্ত ইউনিয়ন, বাল্য বিবাহ রোধ, সন্ত্রাস মুক্ত সমাজ/গ্রাম গড়তে এই সকল কাজে তাদের এই বাই-সাইকেলটি বিতরণ করা হয়েছে। এ ছাড়াও গ্রাম পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারের পক্ষ থেকে তাদের এই বাই-সাইকেল দেওয়া হয়।

আত্রাই উপজেলার গ্রাম পুলিশের সভাপতি মোঃ বিশু দেওয়ান বলেন, গ্রাম-পুলিশরা এতোদিন হেঁটে হেঁটে কাজ করতো। গ্রাম পুলিশদের এমন কষ্টের কথা চিন্তা করায় প্রধানমন্ত্রীর উপহার বাই-সাইকেল ও শীতবস্ত্র গ্রাম পুলিশদের মাঝে বিতরণ করায় মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়কে গ্রাম পুলিশের পক্ষ থেকে অভিনন্দন। এখন থেকে আমাদের কাজের গতি আরও অনেক বৃদ্ধি পাবে বলে আশা করছি।

এরপর সন্ধ্যায় সাহেবগঞ্জ-মধুগুড়নই প্রধানমন্ত্রীর উপহার গুচ্ছগ্রামের অসহায় দরিদ্র ৮৪টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।