অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা

জাতীয় ডেস্কঃ বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার অতিরিক্ত আইজিপি পদে (গ্রেড-২) ৭ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই ৭জন পুলিশের ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা। সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৭ জানুয়ারি সভার সুপারিশ প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি অনুমোদন দেন।

আজ শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত আইজি পদে ১২তম ব্যাচের কর্মকর্তারা হলেনঃ পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার।

অতিরিক্ত আইজি পদে ১৫তম ব্যাচের কর্মকর্তারা হলেনঃ অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প-পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৭ মে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে চারজন পদোন্নতি পান। তারা হলেন- পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ, নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের ডিআইজি এম খুরশীদ হোসেন ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

অনলাইনে ইনকাম করতে পারবেন যেসব সহজ উপায়ে

প্রযুক্তি ডেস্কঃ ইন্টারনেট এখন সহজলভ্য হওয়ায় অনলাইনে উপার্জন করাও বেশ সহজ। বিশেষ কোনো ডিগ্রি বা দক্ষতা না থাকলেও অনেকেই বাড়িতে বসে অনলাইনে ইনকাম করছেন। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন।

আসুন জেনে নিই  যেসব সহজ উপায়ে অনলাইনে ইনকাম করতে পারবেন-

PTC ওয়েবসাইট থেকে ইনকাম: আপনি NeoBux, BuxP-এর মতো পেইড-টু-ক্লিক (PTC) ওয়েবসাইটগুলোতে গিয়ে অ্যাডে ক্লিক করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। এই সাইটগুলো রেফারেন্স প্রোভাইডের মাধ্যমে আপনাকে টাকা রোজগার করতে সাহায্য করবে।

ভিডিও দেখে টাকা ইনকাম: আপনি আপনার সুবিধামতো কয়েকটি শর্ট ভিডিও দেখেও অনলাইনে টাকা রোজগার করতে পারেন। এর জন্য আপনি রিসার্চ ফার্ম Nielson-এর দ্বারস্থ হতে পারেন। এমনকি InboxDollars-ও আপনাকে ভিডিও দেখার জন্য অর্থ প্রদান করবে।

সোশ্যাল মিডিয়ায় স্পনসরড প্রোডাক্ট প্রোমোট করুন: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও আপনাকে অনলাইনে টাকা রোজগার করতে সাহায্য করতে পারে। কারণ এমন অনেক সংস্থা আছে যাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাহলে সংস্থাগুলো আপনাকে তার জন্য বেশ কিছু টাকা দেবে। এর জন্য আপনাকে Twitter, Instagram, বা Facebook-এর মতো সোশ্যাল মিডিয়ায় সংস্থাগুলোর প্রোডাক্ট সম্পর্কিত কিছু ছবি পোস্ট করার পাশাপাশি তাদের প্রোডাক্টগুলোর গুণগতমান সম্পর্কে বিশদে এবং ভালো রিভিউ দিতে হবে।

ওয়েবসাইট টেস্ট করা: আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট টেস্ট করে অর্থ উপার্জন করতে পারেন। ওয়েবসাইটগুলো কিছু সময় ধরে ঘাটাঘাটি করার পর সেগুলোর ভুলত্রুটি সম্পর্কে ডেভেলপারদের সহায়তা করলে আপনি সহজেই বেশ কিছু টাকা রোজগার করতে পারবেন। এর জন্য ওয়েবসাইটির লুক, সাইটটিকে দেখে আপনার কি প্রতিক্রিয়া, এবং সেটির কার্যকারিতা সম্পর্কে যাবতীয় বিবরণ ডেভলপারদেরকে প্রোভাইড করতে হবে। এরকম কয়েকটি প্ল্যাটফর্ম হল Enroll, UseTesting, এবং TestingTime।

নতুন অ্যাপ ইনস্টল করে ইনকাম: ScreenLift, Fronto, Slidejoy, Ibotta, Sweatcoin-এর মতো অ্যাপগুলো ইনস্টল করেও আপনি টাকা রোজগার করতে পারেন। পাশাপাশি এই ধরনের অ্যাপগুলো ইন্সটল করলে আপনি রিওয়ার্ড এবং ক্যাশব্যাকও পেতে পারেন।

গেম খেলা: আপনি গেম খেলেও কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল Mistplay, Lucktastic, Swagbucks এবং Second Life। এর মধ্যে কিছু সাইট PayPal বা গিফট কার্ডের আকারে আপনাকে অর্থ প্রদান করবে।

মতামত শেয়ার: আপনি বাড়িতে থেকেই বেশ কিছু সাইটের অনলাইন সার্ভেতে অংশ নিয়ে খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন। Google Opinion Rewards, Poll Pay-এর মতো অ্যাপগুলো আপনাকে এই কাজে সাহায্য করবে।

পুরনো গিফট কার্ড বিক্রি করুন: আপনার কাছে যদি কিছু পুরনো গিফট কার্ড থেকে থাকে তাহলে সেগুলো বিক্রি করেও অনলাইনে টাকা রোজগার করতে পারেন। আপনার কাছে জমে থাকা গিফট কার্ডগুলোকে CardCash-এর মাধ্যমে অনলাইনে বিক্রি করে আপনি লোভনীয় ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন।

কোনো ফোকাস গ্রুপে যোগ দিন: টাকা রোজগারের জন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট টেস্টিং বা ফোকাস গ্রুপে যোগদান করুন। অনলাইনে অর্থ উপার্জনের জন্য FocusGroup.com, User Interviews, এবং Respondent.io-এর মতো গ্রুপগুলো রয়েছে।

ছবি বিক্রি: আপনার সংগ্রহে যদি পুরনো বা নতুন ছবি থেকে থাকে, তাহলে আপনি সেই ছবি স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করতে পারেন, যারা সবসময় বিভিন্ন ধরনের ছবি কেনে। আপনি Getty Images, Shutterstock-এর মতো জনপ্রিয় স্টক ফটোগ্রাফি সাইটগুলোতে ছবি আপলোড করতে পারেন। সাইট থেকে আপনার ফটোগুলো বিক্রি হওয়া মাত্রই তারা আপনার কাছে টাকা পৌঁছে দেবে।

বিঃদ্রঃ তবে অনলাইনে আয় করার নানা সুযোগ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হতে পারে। তাই অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারণার শিকার হওয়া থেকেও নিজেকে সতর্ক রাখতে হবে।

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দাহ প্রদেশের একটি কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। খবর-বিবিসি, আল-জাজিরা।

স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে সা’দাহ প্রদেশের একটি কারাগারে হামলা চালায় সৌদি সামরিক জোটের বিমান বাহিনী। ওই শিবিরে ইয়েমেনি বন্দি ছাড়াও বেশ কয়েকজন আফ্রিকান অভিবাসন প্রত্যাশী ছিলেন।

বিবিসি জানিয়েছে, বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠী হুতিদের শক্ত নিয়ন্ত্রণে থাকা সা’দাহ শহরের কারাগারটিতে শুক্রবার বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। অলাভজনক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এ তথ্য দিয়েছে। সংস্থাটির আল জামহুরি হাসপাতালে দুই শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। একেবারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা বেড়েছে। তাদের দাবি, হুতি বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব বলেছেন, উত্তেজনাকর পরিস্থিতি বন্ধ করতে হবে। এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও ইয়েমেনে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, সৌদি আরব হুদায়দাহ এলাকায় বিমান হামলার কথা স্বীকার করলেও সা’দাহ শহরে হামলার তথ্য সত্য নয় বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, আবু ধাবিতে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করার পাঁচ দিনের মাথায় এই  বিমান হামলা চালানো হলো। এছাড়া  গত সোমবার পৃথক আরেকটি বোমা নিক্ষেপের ঘটনায় অন্তত ৩ শিশু নিহত হয়েছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনে শিয়া মতাদর্শের মিলিশিয়া গোষ্ঠী হুতি’র বিরুদ্ধে যুদ্ধ করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ যুদ্ধে এখন পর্যন্ত লাখো মানুষের মৃত্যু হয়েছে। সরাসরি যুদ্ধের প্রভাবে ১০ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে।

অভিনেত্রী পূর্ণিমা ‘কোভিড পজিটিভ’

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ‘কোভিড পজিটিভ’ হয়েছেন। আজ শনিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

অভিনেত্রী পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘কোভিড পজিটিভ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন মুখে মাস্ক পরিহিত একটি ইমোজি। তার সেই পোস্টে সহকর্মী ও অনুরাগীসহ নেটাগরিকদের অনেকেই নায়িকার সুস্থতা কামনা করেছেন।

পূর্ণিমা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বাসাতে বিশ্রামে আছেন।

এর আগে ২০২০ সালের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই অভিনেত্রী।

বর্তমানে পূর্ণিমা  ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন। কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য এটি আয়োজন করছে ‘টফি’ অ্যাপ। সেখানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর পূর্ণিমা অভিনীত নতুন সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পেয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কেবল বগুড়ার মধুবন সিনেমা হলে সিনেমাটি  মুক্তি পেয়েছে।

নবীনগরে গোপনাঙ্গে বিষ প্রয়োগ করে স্ত্রীকে খুন

মোঃ নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত স্ত্রীর নাম রিয়ামনি (২০)। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় স্বামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের সরকার বাড়ির মো. ফরিদ মিয়ার ছেলে নেয়ামত উল্লাহ বাবুর সঙ্গে একই গ্রামের মো. হুমায়ুন সরকারের মেয়ে রিয়ামনির বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের কারণে রিয়ামনি তার বাবার বাড়িতে বসবাস করতেন। গত বৃহস্পতিবার রিয়ামনি শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসেন। স্বামীর অনুরোধে শ্বশুরবাড়িতে থেকে যান রিয়ামনি। পরে ওই রাতে কৌশলে গোপনাঙ্গে বিষ ঢুকিয়ে দেন স্বামী নেয়ামত উল্লাহ বাবু। এ কারণে ভোর ৫টার দিকে রিয়ামনি ঘুম থেকে উঠে অনবরত বমি করাসহ ছটফট করতে থাকেন।

এমতাবস্থায় স্থানীয় লোকজন রিয়ামনিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সারা শরীরে বিষ ছড়িয়ে গেলে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রিয়ামনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় নিহতের মা মাজেদা বেগম বাদী হয়ে শুক্রবার (২১ জানুয়ারি) নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার এজাহারনামীয় আসামি রিয়ামনির স্বামী নেয়ামত উল্লাহ বাবুকে (২২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কক্সবাজারে ৫ কোটি টাকার আইসসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার রামু উপজেলাতে ৫কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দিবাগত রাতে মরিচ্যা-গোয়ালিয়া সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকায় বিজিবির অভিযানে এ মাদক উদ্দার করা হয়।

আটককৃতরা হলোঃ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে ছৈয়দুল আমিন (৩৪) এবং একই এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াছের ছেলে মোহাম্মদ ফরহাদ (১৬)।

বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক বলেন, মাদকপাচার প্রতিরোধে কক্সবাজার-টেকনাফ সড়ক ও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশাপাশি মরিচ্যা-গোয়ালিয়া উপসড়কেও বিজিবির তল্লাশি কার্যক্রম জোরদার রয়েছে। শুক্রবার রাতে রামু উপজেলার পশ্চিম গোয়ালিয়া পালং এলাকায় উখিয়ার কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা পৌঁছালে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় গাড়িতে থাকা তিনজন যাত্রীর মধ্যে ২ জন সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে পালানোর জন্য সড়কের পাশের পুকুরে ঝাঁপ দেয়। এতে বিজিবির সদস্যরা তাদের ধরার জন্য চিৎকার শুরু করলে স্থানীয়দের সহায়তায় ২ জনকে আটক করা সম্ভব হয়।

পরে তাদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে পাওয়া যায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

তিনি আরো জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির রামু ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

মা-বাবা হলেন প্রিয়াঙ্কা-নিক

বিনোদন ডেস্কঃ মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মা হওয়ার খুশির খবর দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে সন্তান এল প্রিয়াঙ্কা-নিকের কোলে। সবার দোয়া চেয়েছেন এই তারকা দম্পতি।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রিয়াঙ্কা-জোনাসের মেয়ে হয়েছে। তবে মেয়ে এখন কোথায় আছে, সে কথা প্রিয়াঙ্কা জানাননি। যদিও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে।

প্রিয়াঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবি সরতেই জল্পনায় মেতে উঠেছিল আন্তর্জাতিক বিনোদন মহল। ছড়িয়েছিল নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জনও। তার মধ্যেই মা হওয়ার বিভিন্ন ইঙ্গিতও দিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু অনেকেই তা বুঝতে পারেননি বলে জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছর বিয়ের তিন বছর উদযাপন করেছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রণয় থেকে পরিণয়, প্রতি ক্ষেত্রেই ছিল সমালোচনার ঝড়। প্রিয়াঙ্কার চেয়ে বয়সে ছোট নিক। ফলে তাদের দাম্পত্য জীবন কতটা টিকবে তা নিয়ে সন্দেহ ছিল সব মহলেই। রাজস্থানের উমেদ ভবন রাজবাড়িতে ধুমধাম করে হিন্দুধর্ম মতে বিয়ে হয় তাদের। পরে আবার খ্রিস্টান মতে বিয়ে করেন গির্জায় গিয়ে।

সূত্র: আনন্দবাজার।

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। এর পর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ, তৃতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপি। গত আসরে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, মোস্তাফিজের ছিল ১ কোটি রুপি। আর এবার সাকিব-মোস্তাফিজ দুজনকেই রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূলের ক্যাটাগরিতে।

এবারের আইপিএল ১৫তম আসরের জন্য নতুন করে আরও দুটি দল যুক্ত করে ৮ দলের পরিবর্তে ১০ দল করা হয়েছে। আসন্ন আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২১৪ জন খেলোয়াড়। ৮৯৬ জন ভারতীয়র সঙ্গে রয়েছেন ৩১৮ জন বিদেশি। এদের মধ্যে রয়েছে ২৭০ জন নতুন খেলোয়াড় ও ৪১ জন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড়। গতবারের মতো এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য ক্রিকেটারদের মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ১৭ জন, ৩২ জন রয়েছেন বিদেশি ক্রিকেটার।

তবে নিলামের আগে ৩৩ জন খেলোয়াড়কে রিটেনশনে ধরে রেখেছে দলগুলো। যার জন্য খরচ হয়েছে ৩৩৮ কোটি। পুরনো ৮টি দল ধরে রেখেছে ২৭ জনকে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি নিয়েছে ৬ জনকে।

সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোপি রুপি পাচ্ছেন যারা-

ভারতীয়ঃ রবীচন্দ্র অশ্বিন, ইয়ুজবেন্দ্র চাহাল, দিপক চাহার, শিখর ধাওয়ান, স্রেয়াশ আয়ার, দিনেশ কার্তিক, ইশান কিশান, ভুবনেশ্বর কুমার, দেবদুত পাডিক্কাল, ক্রুনাল পান্ডিয়া, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, রবিন উথাপ্পা এবং উমেশ যাদব।

বিদেশিঃ 
মুজিব জাদরান, অ্যাস্টন অ্যাগার, নাথান কাউল্টার-নেইল, প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, ম্যাথ্যু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাঙ, ফ্যাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, এভিন লুইস, ওডেন স্মিথ।

উল্লেখ্য, ২০১৮ সালের পর এবারই আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখান থেকে ১০টি ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াড গঠন করে নেবে। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের এই মেগা নিলাম।

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

সিএনবিডি ডেস্কঃ দেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। প্রবহমান হিমেল হাওয়ার কনকনে ঠাণ্ডায় বিপাকে এখন নিম্নআয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন। আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে শীত কিছুটা কমে গেছে। সকালেই দেখা দিয়েছে সূর্যের আলো তবে কোন উত্তাপ নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রংপুরে ১২.৫, সৈয়দপুরে ১১.৬ রাজারহাটে ১২.০ ডিমলায় ১১.৫, নওগাঁয় ১২.০, চুয়াডাঙ্গায় ১২.৯, রাজশাহীতে ১২.৬, লালমনিরহাটে ১৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

মুম্বাইয়ে বহুতল ভবনের আগুনে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। অগ্নিদগ্ধদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভির।

স্থানীয় সময় আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গাঁধী হাসপাতালের বিপরীতে বহুতল ভবনটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কমলা বিল্ডিং নামে ২০ তলা ভবনটির ১৮ তলায় সকাল ৭টার দিকে প্রথম আগুন নজরে আসে।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, আবাসিক ভবনটির ৬ বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছেন, ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একে তৃতীয় মাত্রার অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর দগ্ধ ৫ জন নাইর হাসপাতালে মারা যান, একজন কস্তুরবা হাসপাতালে ও আরেক ভুক্তভোগী ভাটিয়া হাসপাতালে প্রাণ হারান। বাকি আহত এবং অসুস্থদের মধ্যে ১২ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে ৩ জন রয়েছেন আইসিইউ-তে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মাণাধীন বহুতলে দুপুরে আগুন লেগে কয়েক জনের মৃত্যু হয়েছিল।