বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে আছে : ড. হাছান মাহমুদ

চট্টগ্রাম প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে আছে। নয়াপল্টন অফিসের ঠিকানা দিয়ে তারা লবিস্ট ফার্মের সাথে চুক্তি করেছে। এ কাজের জন্য কিভাবে অর্থ বাংলাদেশ থেকে গেল সেগুলো তদন্ত ও দেখভাল সরকারের যে সমস্ত বিভাগ ও দপ্তর করে, তাদেরকে ইতিমধ্যে সেগুলো জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, যে ১২টি মানবাধিকার সংগঠন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দিতে চিঠি লিখেছে সেখানে দুই-তিনটি ছাড়া বাকিগুলো নামসর্বস্ব, এগুলোর নাম আমরাও আগে শুনিনি, আপনারাও শুনেছেন কিনা আমার জানা নাই। এই চিঠি দিয়েছে গত বছরের ৮ই নভেম্বর, দুই মাসের বেশি সময় অতিক্রান্ত হবার পর এটি হঠাৎ মিডিয়ায় কেন নিয়ে আসলো ? এটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মনওয়ার রিয়াদ মুন্নাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লবিস্ট ফার্ম নিয়োগ করে, তাদের অবৈধ অর্থ লবিস্ট ফার্মে লগ্নি করে, তারা দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করার জন্য, রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করার জন্য, দেশের সমৃদ্ধি-প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করার জন্য বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে জনগণের ওপর বিএনপির কোন আস্থা নাই, তাই তারা ষড়যন্ত্রের পথটাই বেছে নিয়েছে। সেই ষড়যন্ত্রের মধ্যে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বিদেশে লবিস্ট ফার্ম নিয়োগ। একটি রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে যখন এ ধরণের ষড়যন্ত্র করে, তারা দেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্নই এসে দাঁড়ায়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি দেশ থেকে অবৈধভাবে অর্থ পাচার করে, বিদেশের বিভিন্ন জায়গা থেকে অর্থ পাঠিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, দেশের রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করা এবং বাংলাদেশকে বিদেশের সামনে ভুলভাবে তুলে ধরার জন্য, সার্বিকভাবে বাংলাদেশের মানুষ এবং রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সেটি যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংসদে বললেন এরপর থেকে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

তিনি বলেন, কয়েকদিন বিএনপি নিশ্চুপ ছিল। কারণ কেউ যখন অপরাধ করে, তার অপকর্মগুলো যখন প্রকাশ পায়, তখন কি বলবে খেই হারিয়ে ফেলে। বিএনপিও কয়েকদিন নিশ্চুপ ছিল, কারণ কি বলবে খেই হারিয়ে ফেলেছিল তারা।

সাংবাদিকদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন বিএনপি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে হত্যা করার জন্য এফবিআই-এর এজেন্ট ভাড়া করেছিল। এফবিআই’র সেই এজেন্টকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বিএনপি নেতা আসলাম চৌধুরী ইসরায়েলি এজন্টের সাথে বৈঠক করেছিলেন, সে বৈঠকের ছবিসহ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করানোর জন্য বিএনপি-জামাত লবিস্ট নিয়োগ করেছিল। বিএনপি কি এগুলো অস্বীকার করতে পারবে ? তাদের অপকর্ম যখন আজকে বেরিয়ে এসেছে তখন তারা শাক দিয়ে মাছ ঢাকার জন্য আবোল-তাবোল বকছে, এর বেশি কিছু নয়।

নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আইন করা হচ্ছে সেটা জনপ্রত্যাশা পূরণ করবে না – টিআইবি’র এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠন এবং গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দল একটা আইন করার কথা বলেছেন। সেই প্রেক্ষিতে সরকার একটি আইন করার উদ্যোগ নিয়েছে, পুরো বিষয়টা হচ্ছে রাজনৈতিক। টিআইবি কাজ করে দুর্নীতি নিয়ে, এটির সাথে তো দুর্নীতির কোন সম্পর্ক নাই। রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে টিআইবি প্রমাণ করেছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে। টিআইবি’র এই বিবৃতির সাথে বিএনপির বিবৃতির মিল আছে। এতে প্রমাণিত হয় টিআইবি রাজনৈতিক ক্রীড়নক হিসেবে অনেক সময় কাজ করে। রাজনৈতিক ইস্যুতে টিআইবির বিবৃতি দেখে আমি নিজেও আশ্চর্য হয়েছি – বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, এমনেস্টি ইন্টারন্যাশনালকে দেখেছি যুদ্ধাপরাধীদের পক্ষে তাদের রক্ষা করার জন্য বিবৃতি দিতে। হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধপরাধীদের রক্ষার জন্য নানাভাবে চেষ্টা তদবির করেছে। অথচ ইসরাইলে ঢিল ছোড়ার প্রতিউত্তরে ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি করে নারী শিশুদের যখন হত্যা করে তখন এ সমস্ত সংগঠন কোন বিবৃতি দেয় না।

তিনি বলেন, এ সমস্ত সংগঠন যেসব দেশে বসে কাজ করে সেসব দেশসহ পৃথিবীর অন্যান্য জায়গায় যখন এ ধরণের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় তখনও কোন বিবৃতি দেয় না। এ সমস্ত সংগঠন ইতিমধ্যেই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। সুতরাং র‌্যাবকে জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেয়ার তাদের যে আহবান খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।

রৌমারীতে গাঁজা গাছসহ বাড়ীর মালিক আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়ীতে গাঁজা চাষ করার অপরাধে গাঁজা গাছসহ বাড়ীর মালিককে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৪৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল বামনের চর এলাকায় অভিযান চালায়।  এসময় তারা কাইয়ুমের বাড়ি থেকে ২০ ফুট লম্বা দুটি গাঁজার গাছ উদ্ধার করে কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে আসে। গাঁজা গাছ দুটির ওজন প্রায় ৫২ কেজি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসীর বিল্লাহ জানান, আটককৃত আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গতকাল শুক্রবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সভা ও নৈশ্যভোজ অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। (২০জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধা ৭টায় শহরের আড্ডা কফিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার  আয়োজনে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শাখা সভাপতি হাসমত আলি, সহ- সভাপতি নূর নাহার সুষমা সাথী, সাধারন সম্পাদক লিজা প্রামানিক, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল রাজ, প্রচার সম্পাদক মেহেদী হাসান অন্তর প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুলতান মাহমুদ।

এ সময় বক্তারা বলেন, সাংস্কৃতি মানুষের মনের কথা বলে। বঞ্চিত, শোষিত ও নিপীড়িত জনগোষ্ঠীকে যেমন মুক্তির আস্বাদ অনুপ্রেরণা জুগায় সাংস্কৃতি। তেমনি বাংলা ও বাঙালির নিত্যকার হাসি-কান্না, হর্ষ- বিষাদ ও রাগ-অনুরাগের প্রাণবন্ত উপস্থিতি প্রকাশ পাওয়ার মাধ্যম সাংস্কৃতি। অপশক্তির বিরুদ্ধে সামনে আমাদের রুখে দাঁড়ানোর জন্য সংস্কৃতির উদাহরণ জরুরী। তা না হলে বাংলাদেশের মৌলিক চরিত্র আর চেহারা বদলে যাবে একদিন। এখন সময় ঘুরে দাঁড়ানোর। বাংলাদেশের সংস্কৃতি মাথা তুলে দাঁড়াবে বিশ্বের বুকে। সম্প্রতি এ অবস্থা থেকে উত্তরণের মানসে এলাকার সংস্কৃতিমনস্ক মানুষগুলো পুরোনো ঐতিহ্যকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখা।

সভা শেষে জন্মদিনের ফুলের শুভেচ্ছা জানানো হয় জেলা শাখার চিকিৎসা বিষয়ক সম্পাদক মরিয়ম খানম মৌটুষি ও সদস্য মেহেদী হাসান অর্নব কে।

পিপিএম পদক পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. সফি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ২০২০ইং সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. সফি আহমদসহ ৫০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। এতে বলা হয়- গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ও ৫০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হচ্ছে।

প্রজ্ঞাপনের ঘ. অনুচ্ছেদে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা ৪৫নং নাম রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. সফি আহমদ, বিপি-৯০১৪১৭১১৭৭।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়- বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

জানা যায়- আগামী ২৩ জানুয়ারি রাজারবাগে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এসব পদক তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিকে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ২০২০ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পান ১১৮ জন। ২০১৯ সালে ৩৪৯ জন পুলিশ সদস্যকে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছিল। এর আগে যথাক্রমে ২০১৮ সালে ১৮২ জন, ২০১৭ সালে ১৩২ জন, ২০১৬ সালে ১২২ জন, ২০১৫ সালে ৮৬ জন কর্মকর্তা বিপিএম-পিপিএম পদক পেয়েছেন।

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ওমিক্রন প্রতিরোধে এবং সরকারের দেয়া ১১টি বিধিনিষেধ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এরই অংশ হিসাবে এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ উপজেলা চত্বর থেকে শিবদিঘী মোড় পর্যন্ত প্রায় এক হাজার পথচারিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।সেই সাথে তিনি স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে চলাফেরাসহ ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

নওগাঁয় চেম্বারের সাধারন সভায় সদস্য জনপ্রতিনিধি ও দেশের খ্যাতিমান ব্যবসায়ীদের সম্বর্ধনা প্রদান

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর ৩৫তম সাধারনসভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার বেলা ১২টা থেকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নওগাঁ কনভেনশন সেন্টারে এক বর্নাঢ়্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ চেম্বারের সদস্য যারা উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাঁদের সম্বর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও নওগাঁর কৃতি সন্তান যাঁরা দেশের খ্যাতিমান ব্যাবসায়ী তাঁদের স্বর্নপদক প্রদান করা হয়েছে।

নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম ও নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

অনুষ্ঠানের চেম্বার অব কামর্সের নেতৃবৃন্দ ছাড়াও চেম্বারের সদস্য নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজমুল হক সনি, সদর উপজেলার বলিহার ইউনিয়নের চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন, মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ নাহিদা সুলতানা তৃপ্তি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহজাহান আলী, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজহার আলী, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজমুল হক সনি, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, সদর উপজেলার বলিহার ইউপি চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন, মহাদেবপুর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, সাপাহার উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম, পোরশা উপজেলার নীতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, বদলগাছি উপজেলার মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপি চেয়ারম্যান এস এম সবেদুল ইসলাম রনি এবং সান্তাহার ইউপি চেয়ারম্যান মোছাঃ নাহিদা সুলতানা তৃপ্তিকে সম্বর্ধনা দেয়া হয়।

এ ছাড়াও ব্যবসার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখায় নওগাঁ’র কৃতি সন্তান যাঁরা দেশের খ্যতিমান ব্যবসায়ী তাঁদের মধ্যে রানার গ্রুপের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান খান, ভিয়েলা টেক্সট গ্রুপের চেয়ারম্যান রেজাউল হাসনাত ডেভিড এবং বেলকন গ্রুপের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেনকে স্বর্নপদক প্রদান করা হয়।

মৌলভীবাজারে ট্রাফিক পুলিশদের নবনির্মিত ব্যারাকের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গত বৃহস্পতিবার (২০ জানুয়ারী) রাত ১০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের জন্য শহরতলীর কোর্ট রোড এলাকায় একটি নবনির্মিত ব্যারাকের শুভ উদ্বোধন করা হয়েছে।

আধুনিক টয়লেট, রান্নাঘর, ডাইনিং ও বসবাসের সুযোগ সুবিধা সম্বলিত ব্যারাকটিতে রয়েছে মানসম্মত বসবাসের সুযোগ। আর এই ব্যারাকের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এতে করে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সদস্যদের আবাসন সমস্যার সমাধান হবে বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহীদুল হক মুন্সী, টিআই (প্রশাসন) মোহাম্মদ উল্লাহ ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের টিআই, সার্জেন্ট ও বিভিন্ন পদমর্যাদার মৌলভীবাজারের পুলিশের সদসবৃন্দ।

৫ জোড়া জমজ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্কঃ এ এক অসাধারণ ঘটনা। একসঙ্গে ১০ শিশুর জন্ম দেয়া, তাও আবার জমজ। গত ১২ জানুয়ারি সৌদি আরবের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই প্রাকৃতিভাবে ৫ জোড়া জমজ সন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী এক সৌদি নারী। নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকদের সবাই সুস্থ আছে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ১০ সন্তানের জন্ম দিয়েছেন মা। শিশুদের ওজন ৯৫০ থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে রয়েছে।

সশস্ত্র বাহিনীর হাসপাতালটির অবস্টেরিক্স ও গাইনোকলজি বিভাগের প্রধান মেজর জেনারেল আত্তিয়া আল-জাহরানি ব্যাপক প্রশংসা পেয়েছেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এই খবর শেয়ার করেছে। টুইটার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। তবে সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

সুত্রঃ সৌদি গেজেট।

নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ তথ্যমন্ত্রীর

জাতীয় ডেস্কঃ দেশে যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেসব বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এসব সংবাদ প্রচার করতে পারে না। কিন্তু দেশের কোনো কোনো জায়গায় এখনো আইপিটিভির মাধ্যমে সংবাদ প্রচার করা হয় এবং ইউটিউবের মাধ্যমেও সংবাদের বুলেটিন প্রচার করা হয়। এটি আমাদের সম্প্রচার নীতিমালা অনুযায়ী করতে পারে না।

তথ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের আমরা বলেছি, অনেক আইপিটিভি স্থানীয়ভাবে অনেক পপুলার। মানুষ তাদের চেনে এবং নিয়মিত তাদের খবর প্রচার করছে। আমি বলছি, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এটা পারে না এবং তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।

জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, গত বছর ক্লিন ফিড বাস্তবায়নের যেভাবে ডিসিরা মোবাইল কোর্ট পরিচালনা করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছি। গত বছরের পহেলা অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়ন করা হয়েছে। এখনও তাদের সে ব্যাপারে নজর রাখতে বলেছি। যারা কেবল নেটওয়ার্ক প্রচার করেন তারা যেন স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসেবে কোনো অনুষ্ঠান প্রচার না করে সেই ব্যাপারেও সজাগ থাকতে জেলা প্রশাসকদের বলেছি।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সস্ত্রীক করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্কঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল  বুধবার রাতে অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি। এর আগে গত মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ।

হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, প্রধান বিচারপতি এবং তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তারা সুস্থ আছেন।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারকের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

উল্লেখ্য, দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে গত বছর ৩০ ডিসেম্বর নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন বছর ২০২২ সাল থেকে দায়িত্ব পালন শুরু করেন তিনি।