কমলগঞ্জে জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে একটি জলাশয় থেকে আফিয়া বেগম (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত আফিয়া বেগম আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে।

কমলগঞ্জ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফিয়া বেগমকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়। পরে দুপুরে আদমপুর বাজারের কোনাগাঁও সড়ক সংলগ্ন লন্ডনী মার্কেটের পাশে জলাশয়ে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন কমলগঞ্জ থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আফিয়া বেগমের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা জানান, আফিয়া বেগমের পরিবারের সদস্যরা জানিয়েছেন সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল। বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে না। সাধারণ মৃত্যু হয়েছে এ জন্য আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছে থানা পুলিশ।

ঠাকুরগাঁওয়ে নৈশকোচ চাপায় পথচারী নিহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন। ঠাকুরগাঁও- দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে ইসলাম পরিবহন নামের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হামিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত আব্দুল হামিদ সদরের জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে।

এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের সহায়তায় পরিস্থিত শান্ত হয়। কোচটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। হামিদের ছোট ভাই রশিদুল বলেন, সকালে আমার ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। পথে পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্য হয়। তিনি  পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। তার অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছিনা।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ইসলাম পরিবহণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে আটক করেছে র‍্যাব-৯।

র‌্যাব-৯ মৌলভীবাজারের শ্রীমঙ্গল আঞ্চলিক ক্যাম্প এর অভিযানে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মহাজেরাবাদ এলাকা থেকে ৬শ’ ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ এ কর্মকর্তা এসআই ইয়াকুব আলী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায় সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ টায় সযময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর আভিধানিক দল সামসু মিয়াকে আটক করে। শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাদের মৃত আলী আজগর এর ছেলে।শ্রীমঙ্গলকে আটক করে।

আটক ব্যাক্তিকে একই দিন রাত ৯ টায় থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

এ সময় উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী’কে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারামূলে হস্তান্তর করা হয় এবং শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা করা হয়। গতকাল গ্ৰেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়।

অবশেষ ইউএনও’র হস্তক্ষেপে বিধবা ভাতা পেলেন অঞ্জনা বালা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অঞ্জনা বালা (৬০) অনেকের কাছে ধরনা দিয়ে  অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে বিধবা ভাতাভুক্ত  হলেন। গত সোমবার ১৭ জানুয়ারি  বিকেলে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির সমাজসেবা কর্মকর্তাকে ডেকে এ ভাতার ব্যবস্থা করে দেন।

অঞ্জনা বালা উপজেলার বাচোর ইউনিয়নের গুয়াগাঁও গ্রামের মৃত সোনা রামের স্ত্রী। সোনা রাম ১৯৮৭ সালে সাপের কামড়ে মারা যায়। স্বামীহারা হয়ে ২ ছেলে ১ মেয়েকে নিয়ে এতদিন ধরে অনেক কষ্টের মধ্যে অঞ্জনা সংসার চালিয়ে আসছিলেন। প্রায় ১ যুগ ধরে তিনি  বিভিন্ন জন প্রতিনিধিদের কাছে আবেদন করেও শেষ পর্যন্ত ভাতা পাননি। কাউকে  টাকা দিতে পারেননি বলে তার ভাতা হয়নি বলেও তিনি জানান।

অঞ্জনা বালা ইউএনও’র কাছে আবেদন নিয়ে গেলে ইউএনও সবকিছু শুনে  সমাজসেবা অফিসারকে ডেকে বিষয়টি দ্রুত যাচাই বাছাই করে দেখতে বলেন।
ইউএনও’র নির্দেশের প্রেক্ষিতে   সমাজসেবা কর্মকর্তা সাবের আলম যথারীতি বিষয়টি দেখে অঞ্জনাকে ভাতার আওতায় নিয়ে আসেন।

নওগাঁর আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় কমিটির মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারী)সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুর রহমান।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা,সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, মুনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা-শেরই বিপ্লব, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার আকতারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

কুলাউড়ায় টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৫০ শয্যা হাসপাতালে গত ৪৮ ঘন্টায় ৯ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে হাসপাতালের করোনা টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (১৮ জানুয়ারি) করোনা টেস্টের প্রাপ্ত ফলাফল অনুসারে ৬৫ জনের মধ্যে ১৭ জন করোনা পজিটিভ আসে। এরমধ্যে হাসপাতালের কর্মকর্তা ৫ জন।

হাসপাতালের যেসকল কর্মকর্তা আক্রান্ত হয়েছেন তারা হলেন ডা: সুরভী সেন, এমটিইপিআই মো: আপ্তাব উদ্দিন, এসআই মো: জসিম উদ্দিন, পরিসংখ্যানবিদ মো: তোফাজ্জল আলী, ফার্মাসিস্ট সুমন দাস, স্টোর কিপার সুদীপ্ত দে, পরিচ্ছন্ন কর্মী রুনা বেগম, নার্স (পুরুষ) মো: সোহেল মিয়া, অফিস সহায়ক মনসুর মিয়া।

এ বিষয়ে কুলাউড়া আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের বাদ দিয়ে বিকল্প ব্যবস্থায় করোনা টিকাদান কার্যক্রম চালু আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা এলেই পরবর্তী করণীয় নির্ধারণ হবে বলে জানান।

অভিনেত্রী শিমু হত্যার রহস্য জানালেন এসপি

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর হত্যাকান্ড ঘটানোর রহস্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার। আজ মঙ্গলবার তিনি নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিমুকে হত্যায় তার স্বামী নোবেল ও লাশ গুমের ঘটনায় নোবেলের বন্ধু ফরহাদের সংশ্লিষ্টতার কথা গণমাধ্যমকে জানান।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই ঘটনার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মারুফ বলেন, এই ঘটনার পর আমরা শিমুর স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ থাকায় তাকে (শিমু) হত্যা করা হয়েছে বলে আমাদেরকে তথ্য দিয়েছেন নোবেল। আর হত্যার পর লাশ গুমে সে বন্ধু ফরহাদের সহযোগিতা নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোবেল তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ সুপার মারুফ হোসেন আরো বলেন, যে গাড়ি ব্যবহার করে লাশ গুমের চেষ্টা করা হয়েছে আমরা ইতিমধ্যেই সেই গাড়িটি জব্দ করে থানায় নিয়েছি এবং অন্যান্য আলামত সংগ্রহ করেছি। অভিনেত্রী শিমুর স্বামী নোবেল এবং তার বাল্যবন্ধু ফরহাদ বর্তমানে থানা হেফাজতে আছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে নিহত শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন গত রাতে জানিয়েছেন, তার ভগ্নিপতি নোবেল প্রায়ই শিমুকে মারধর করতেন। সে মাদকাসক্ত।

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে। পরে সেটি অভিনেত্রী শিমুর মরদেহ বলে শনাক্ত হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রাখা হয়েছে। সেখানেই শিমুর স্বামী ও গাড়িচালক ফরহাদ গেলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে দেয় র‌্যাব।

আফগানিস্তানে ভূমিকম্পে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি এএফপিকে বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। প্রদেশের মুক্বর জেলাতেও ক্ষতি হয়েছে তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়- ভূমিকম্পে নিহতের বিষয়টি নিশ্চিত করেআফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা মোল্লা জানান বলেছেন, ভূমিকম্পে ৭’শর বেশী বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি হয়।

বিপিএলে করোনার থাবা

স্পোর্টস ডেস্কঃ আর মাত্র ২ দিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে তার আগেই বিপিএলে থাবা মেরে বসল করোনাভাইরাস। যদিও এর মধ্যেই দলগুলো জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। তবে সুরক্ষা বলয়ে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্টে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের পজিটিভ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী। যদিও তিনি নিশ্চিত করে বলেননি কোন দলের কে কে আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

দেবাশীষ চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যে ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট শুরু করেছি। এখনো পুরোপুরি হয়নি। একটি ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ছাড়া সবার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের পজিটিভ আসে। আমরা এখনও নাম এবং কতজন আক্রান্ত সেটি বলতে পারছি না।

আগামী ২১ জানুয়ারি থেকে ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের অষ্টম বিপিএল। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। দুই দিন পর থেকে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও দলগুলো এখন পর্যন্ত প্রবেশ করেনি জৈব সুরক্ষা বলয়ে। খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সবাইকে করোনা পরীক্ষা দিয়ে আজ মঙ্গলবার টিমগুলোর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কথা রয়েছে। আর আগামী ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে অষ্টম বিপিএলের।

করোনা আক্রান্তদের ২০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত : গবেষণা

জাতীয় ডেস্কঃ বর্তমানে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের দেহে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে বলে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর জেনােম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপােষক (সুপারভাইজার) উপাচার্য অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন।

তিনি বলেন, কেভিড-১৯-এর জেনােম সিকোয়েন্সিং গবেষণার উদ্দেশ্য এর জেনােমের চরিত্র উন্মোচন, মিউটেশনের ধরন এবং বৈশ্বিক কোভিড-১৯ ভাইরাসের জিনােমের সঙ্গে এর আন্তঃসম্পর্ক বের করা এবং বাংলাদেশি কোভিড-১৯ জেনােম ডাটাবেস তৈরি করা। এই রিপোর্ট বিএসএমএমইউ-এর চলমান গবেষণার ছয় মাস ১৫ দিনের ফলাফল, আমরা আশা করি, পরবর্তী সপ্তাহগুলােতে চলমান হালনাগাদকৃত ফলাফল জানাতে পারব।

২৯ জুন ২০২১ থেকে ৮ জানুয়ারি ২০২২ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত সারা দেশব্যাপী রােগীদের ওপর এই গবেষণা পরিচালিত হয়। এই গবেষণায় দেশের সব বিভাগের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং করা হয়। গবেষণায় মােট ৭৬৯ কোভিড-১৯ পজিটিভ রােগীর ন্যাযযাফ্যারিনজিয়াল সােয়াব স্যাম্পল থেকে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করােনা ভাইরাসের জেনােম সিকোয়েন্সিং করা হয়। বিএসএমএমইউ-এর গবেষণায় ৯ মাস থেকে শুরু করে ৯০ বছরের বয়স পর্যন্ত রােগী অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে ২১ থেকে ৫৮ বছর বয়সের রােগীদের সংখ্যা বেশি। যেহেতু কোনও বয়সসীমাকেই কোভিড ১৯-এর জন্য ইমিউন করছে না, সে হিসেবে শিশুদের মধ্যেও কোভিড সংক্রমণ রয়েছে।

কোভিড আক্রান্ত রােগীদের মধ্যে যাদের কো-মরবিডিটি রয়েছে যেমন- ক্যান্সার, শ্বাসতন্ত্রের রােগ, হৃদরােগ, ডায়াবেটিস; তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি পেয়েছিলাম। পাশাপাশি ষাটোর্ধ্ব বয়সের রােগীদের দ্বিতীয়বার সংক্রমণ হলে সে ক্ষেত্রে মৃত্যুঝুঁকি বেশি পরিলক্ষিত হয়েছে।

তিনি আরো জানান, কোভিড-১৯-এর জেনােম সিকোয়েন্সিং বিশ্লেষণ গবেষণায় জুলাই ২০২১-এ দেখা যায়, মােট সংক্রমণের প্রায় ৯৮ শতাংশ হচ্ছে ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট। ১ শতাংশ হচ্ছে সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণ, ১ শতাংশ রােগীর ক্ষেত্রে আমরা পেয়েছি মরিসাস ভ্যারিয়েন্ট অথবা নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট। জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২১-এর প্রথম সপ্তাহ পর্যন্ত জিনােম সিকোয়েন্স এ প্রাপ্ত ডাটা অনুযায়ী ৯৯ দশমিক ৩১ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট, একটি করে ভ্যারিয়েন্ট অব কনসার্ন – আলফা বা ইউকে ভ্যারিয়েন্ট এবং বেটা বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট এবং অন্য একটি স্যাম্পল এ শনাক্ত হয় 20B ভ্যারিয়েন্ট, যা SARS-COV-2-এর একটি ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট।

৮ ডিসেম্বর ২০১১ থেকে ৮ জানুয়ারি ২০২২ এ পর্যন্ত সংগৃহীত স্যাম্পলের ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া যায়। পরবর্তী মাসে এই ওমিক্রন ভ্যারিয়েন্ট গুণিতক হারে বৃদ্ধির আশঙ্কা করা যাচ্ছে। প্রকৃত ফলাফল আমরা এ মাসেই আপনাদের অবগত করবাে।

ওমিক্রন ভাইরাস ডায়াগনােসিসের জন্য RT-PCR-এর মাধ্যমে ৩টি জিন- S, N2, E দেখা হয় (BBC রিসার্স)। এর মধ্যে S জিনটি ডিটেকটেড না হলে ওমিক্রনের সম্ভাবনা বেশি কিন্তু WIJO Guidlines অনুসারে জিনােম সিকোয়েন্সিং-এর মাধ্যমে করতে হবে।

এছাড়া তিনি আরো জানান, ডেল্টা ভ্যারিয়েন্ট-এর চেয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট-এ অনেক বেশি ইনফেকশন ছড়াচ্ছে বলে প্রতীয়মান। ওমিক্রন ভ্যারিয়েন্ট ভাইরাসের জেনেটিক কোড এ ডেলটা ভ্যারিয়েন্ট এর চেয়ে বেশি ডিলিশন মিউটেশন পাওয়া গেছে, যার বেশিরভাগ ভাইরাসটির স্পাইক প্রােটিন রয়েছে। এই স্পাইক প্রােটিন-এর ওপর ভিত্তি করে বেশিরভাগ ভ্যাকসিন তৈরি করা হয়। স্পাইক প্রােটিন-এর বদলের জন্যই প্রচলিত ভ্যাকসিনেশনের পরেও ওমিক্রন সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। আমাদের জিনােম সিকোয়েন্সিং-এ কোনো কোনাে ওমিক্রন আক্রান্ত রােগীর দুই ডােজ ভ্যাকসিন দেওয়া ছিল। তৃতীয়বারের মতো সংক্রমণ রােগী পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি রােগী থেকে সংগৃহীত স্যাম্পলে আমারা জিনােম সিকোয়েন্স করে পেয়েছি ডেল্টা ভ্যারিয়েন্ট। যেহেতু ওমিক্রন সংক্রমণে মৃদু উপসর্গ হয়েছে, সেটা হাসপাতালে ভর্তি রােগীতে ওমিক্রন না পাবার কারণ হতে পারে।

পাশাপাশি মৃদু উপসর্গের রােগীদের মধ্যে টেস্ট না করার প্রবণতাও দেখা যাচ্ছে। তাই আমাদের প্রাপ্ত ফলাফলের চেয়েও অনেক বেশি ওমিক্রন আক্রান্ত রােগী আনডিটেক্টেড অবস্থায় আছে বলে মনে করছি। প্রত্যেক করােনা ভাইরাস ভ্যারিয়েন্ট বিপজ্জনক এবং তা মারাত্মক অসুস্থতা এমনকি মৃত্যুও কারণও হতে পারে। পাশাপাশি ভাইরাসের নিয়মিত মিউটেশনের আমাদের প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করতে পাওে তাই করােনা সংক্রমণ প্রতিরােধে স্বাস্থ্যবিধি ও টিকা গ্রহণ করতে হবে।

করােনা জেনােম সিকোয়েন্সিং বিএসএমএমইউ-এর সম্মানিত গবেষকবৃন্দ- সুপারভাইজার: অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, মাননীয় উপাচার্য, বিএসএমএমইউ। প্রধান গবেষক ডা. লায়লা আনজুমান বানু, অধ্যাপক, জেনেটিক্স এন্ড মলিকিউলার বায়ােলজি ও চেয়ারম্যান, এনাটমি বিভাগ, বিএসএমএমইউ। করােনা জেনােম সিকোয়েন্সিং বিএসএমএমইউ-এর সাথে যুক্ত গবেষণা টিম এর অন্যান্য সদস্যবৃন্দ- ডা. জিন্নাত আরা ইয়াসমীন, সহযােগী অধ্যাপক, এনাটমি বিভাগ, ডা, বিষ্ণু পদ দে, সহকারী অধ্যাপক, প্যাথলজি বিভাগ, ডা. মাে। মহিউদ্দিন মাসুম, সহকারী অধ্যাপক, এনাটমি বিভাগ, ডা, ইলােরা শারমিন, সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগ, ডা, আবিদা সুলতানা, রেসিডেন্ট, ফেইজ- বি, এনাটমি বিভাগ, ভা, নাহিদ আজমীন, এমফিল, থিসিস, এনাটমি বিভাগ, অধ্যাপক ডা. আফজালুন নেছা, অধ্যাপক ও চেয়ারম্যান, ভাইরােলজি বিভাগ, সােয়েব হােসেন, মেডিক্যাল টেকনােলজিস্ট, জেনােম রিসার্চ সেন্টার, বিএসএমএমইউ, শ্যামল চন্দ্র বিশ্বাস, ল্যাব এ্যাটেনডেন্ট, জেনােম রিসার্চ সেন্টার, বিএসএমএমইউ, অমল গনপতি, ফ্ল্যাবােটমিষ্ট, ল্যাবরেটরি সার্ভিস সেন্টার, বিএসএমএমইউ। করােনা জেনােম সিকোয়েন্সিং বিভাগ।