শীতে ত্বকের যত্নে কেন প্রয়োজন অলিভ অয়েল?

লাইফস্টাইল ডেস্কঃ শীত আসলেই আমাদের ত্বকের প্রতি বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। এজন্য আমরা বিভিন্ন তেল, ক্রিম ও লোশন ব্যবহার করে থাকি। কিন্তু ত্বকের জন্য সব দিক দিয়েই বেশ উপকারি হলো অলিভ অয়েল। ত্বকের যত্নে অলিভ অয়েলের ব্যবহার বেশ পুরোনো। রূপচর্চার একটি অপরিহার্য অংশ এটি।এতে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্টস, ভিটামিন ই ও সি। এসব উপাদান আমাদের ত্বক ভালো রাখার পক্ষে যথেষ্ট সহায়ক। এটি পুষ্টি জোগায় ত্বকের ভেতর থেকে। যে কারণে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।  ত্বক বুড়িয়ে যাওয়া, বলিরেখা, নির্জীব হওয়া থেকেও এটি রক্ষা করে। শুষ্ক, স্বাভাবিক ও তৈলাক্ত যেকোনো ত্বকের জন্যই অলিভ অয়েল খুব ভাল। এমনকি যাদের ত্বক খুব স্পর্শকাতর তারাও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

আসুন ত্বকের যত্নে অলিভ অয়েল কীভাবে ব্যবহার করা যেতে পারি আজ জেনে নিই-

ত্বক নরম ও কোমল রাখতেঃ অলিভ অয়েলে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এই তেল দিয়ে ত্বকে মাসাজ করলে তা ত্বককে আরও নরম ও কোমল করে। সেইসঙ্গে বজায় রাখে ত্বকের আর্দ্রতা। এটি শুধু রক্ত সঞ্চালনই বাড়ায় না, সেইসঙ্গে পুষ্টিও পৌঁছে দিতে কাজ করে। এই শীতে ত্বকের বাড়তি যত্ন হিসেবে অলিভ অয়েলের ব্যবহার করুন।

ত্বক উজ্জ্বল করতেঃ আপনার প্রতিদিনের রূপচর্চার অংশ হিসেবে অলিভ অয়েল রাখুন। এটি ত্বকের পোরসে জমে থাকা তেল ও ময়লা বের করে আনতে কাজ করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে অলিভ অয়েল ব্যবহার করুন।

বডি লোশন হিসেবেঃ গোসলের পর ত্বক ভেজা থাকা অবস্থাতেই সারা শরীরে অলিভ অয়েল লাগাতে পারেন। এতে ত্বক পুষ্টি পায়, কোমল ও মসৃণ হয়। শুধু তাই নয়, নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

চুলের যত্নেঃ অলিভ অয়েল সামান্য গরম করে স্কাল্পে ও চুলে লাগিয়ে নিন। হালকা ম্যাসেজ করে ১০-২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

ঠোঁটের যত্নঃ এক-চামচ অলিভ অয়েল, সামান্য পাতিলেবুর রস ও বড় দানার চিনি একসাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। চিনি গলে না যাওয়া পর্যন্ত ম্যাসাজ করুন। এটি ঠোঁটের মরা কোষ দূর, কোমল ও শীতে ঠোঁট ফাটা থেকেও রক্ষা করে।

চোখের যত্নেঃ প্রতিদিন হাতের আঙুলে অল্প অলিভ অয়েল নিয়ে চোখের চারপাশে হালকা করে ১ মিনিট ম্যাসেজ করুন। ১৫ মিনিট পর ভেজা তুলা দিয়ে হালকা করে মুছে নিন। ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে।

স্ট্রেচ মার্ক দূর করতেঃ স্ট্রেচ মার্ক নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। মোটা থেকে চিকন হলে কিংবা মাতৃত্বের পর এই সমস্যা বেশি দেখা যায়। স্ট্রেচ মার্ক বা শরীরের ফাটা দাগ দূর করতে বেশ কার্যকরী একটি উপাদান হলো অলিভ অয়েল। এই তেল স্ট্রেচ মার্কের জায়গায় নিয়মিত মাসাজ করলে দাগ দূর হবে দ্রুতই।

মেকআপ রিমুভারঃ মেকআপ রিমুভার হিসেবে অলিভ অয়েল দুর্দান্ত কাজ করে। এটি ত্বক নরম রাখে এবং সেইসঙ্গে ত্বক থেকে মেকআপের উপাদান তুলে ফেলতে কাজ করে। এক টুকরো পরিষ্কার তুলো নিয়ে সেটি অলিভ অয়েলে ডুবিয়ে নিন। এরপর ধীরে ধীরে ঘষে মেকআপ তুলে নিন। মেকআপ পুরোপুরি তোলা হয়ে গেলে ফেসওয়াশের সাহায্যে মুখ ‍ধুয়ে নিন।

ইনগ্রোন হেয়ার রিমুভারঃ মুখের অবাঞ্ছিত লোম বা ইনগ্রোন হেয়ার দূর করতেও কাজ করে অলিভ অয়েল। প্রথমে এক টেবিল চামচ অলিভ অয়েল নিন। এরপর তার সঙ্গে মেশান দশ ফোঁটার মতো টি ট্রি অয়েল। সবশেষে এতে মিশিয়ে নিন ব্রাউন সুগার। পুরো মিশ্রণটি মুখে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন। এটি মুখ থেকে অবাঞ্ছিত লোম দূর করবে।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালীগঞ্জ ও পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আড়িখোলা ও পূবাইল রেলওয়ে স্টেশনের অদূরে মধ্য চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমাইদুল জিহাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ২ যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর ও অন্যজনের ৩৫ বছর হবে।

তিনি আরও বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফূলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিল অজ্ঞাত ১ যুবক। পরে ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় ট্রেন জাম্প করলে তিনি পড়ে যান। একই রেলসড়কে চট্টগ্রামগামী সোনারবাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পূবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরও ১ যুবক নিহত হয়েছেন।

তিনি আরও জানান, যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেখান থেকে ময়নাতদন্তের পর নাম পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেলের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

শিক্ষা ডেস্কঃ চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমানে ওমিক্রনসহ সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে পরীক্ষার দিনক্ষণে পরিবর্তন আসতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ১-২ সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

সুত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি সর্বমোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে সর্বমোট আসন সংখ্যা ১০হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, প্রাথমিকভাবে আগামী ১ এপ্রিল ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

উল্লেখ্য, গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেন ৪৮ হাজার ৯৭৫ জন।

আর ভর্তি পরীক্ষার ফলাফলের পর জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ও পরবর্তী সময়ে বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৩৪৭টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়।

নৌকাডুবি: মরক্কো উপকূলে শিশুসহ ৪৩ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলের তারফায়া উপকূলে উপকূলের নিকটে নৌকা উল্টে ৩ শিশুসহ ৪৩ অভিবাসন নিখোঁজ হয়েছেন। তারা কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কামিনানদো ফ্রনটেরাস নামের একটি স্প্যানিস সংস্থা।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) ফরাসি বার্তা সংস্থা এফএফপি এ খবর জানিয়েছে।

খবরে জানানো হয়, অভিবাসীরা তারফায়া থেকে ১০০ কিলোমিটার দূরবর্তী স্পেনের ক্যানারি দ্বীপের অভিমুখে যাত্রা করেছিলেন। পথে রবিবার নৌকা উল্টে যায়। এরপর অভিবাসীরা উদ্ধার সহায়তা চেয়ে ফোন করলে সোমবার মরক্কোর কর্তৃপক্ষ তাদের উদ্ধার কাজে এগিয়ে আসে। পরে ১০ জনকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্প্যানিস সংস্থা কামিনানদো ফ্রনটেরাস জানিয়েছে, দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবার সকালে নৌকাডুবে যাওয়ার পর বেঁচে যাওয়া লোকজন সাহায্য চাইছিলেন। তারা সাহায্যের জন্য যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। ঘটনাস্থল শনাক্ত করতে এবং লোকজনকে উদ্ধারে কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগেছে। নিহত ৪৩ জনের মধ্যে মাত্র দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছিলেন ওই অভিবাসনপ্রত্যাশীরা। তারফায়া থেকে ওই দ্বীপপুঞ্জের দূরত্ব ১০০ কিলোমিটার (৬২ মাইল)।

তারা আরো জানায়, ২০২০ সালের তুলনায় গত বছর প্রায় দ্বিগুণ সংখ্যক অভিবাসন প্রত্যাশী স্পেনে আসার পথে মারা যায়। ওই বছর ৪ হাজার মানুষ মারা গিয়েছিল।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২০২১ সালে সাগরপথে ৩ লাখ ৭৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটিতে প্রবেশ করেছে।

উল্লেখ্য, ইউরোপে প্রবেশের অন্যতম ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এক সময়ের স্পেনিশ উপনিবেশ দক্ষিণ আফ্রিকার দেশ মরক্কো।

বাঞ্ছারামপুরের বুধাইরকান্দি প্রিমিয়ার লীগ-২০২২ শর্ট নাইট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ “খেলা ধর মাদক ছাড়ো, কলম ধর জীবন গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি প্রিমিয়ার লীগ-২০২২ শর্ট নাইট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ই জানুআরি )সন্ধ্যা ৮টায় বুধাইরকান্দি দক্ষিণ -পশ্চিম পাড়া বালুর মাঠে যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটি চাঁন বাদশা সরকার একাদশ বনাম আমির সরকার একাদশের মাঝে অনুষ্ঠিত হয়। টসে জিতে আমির সরকার একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য চাঁন বাদশা সরকার একাদশকে জয়ের জন্য ৫৪ রানের টার্গেট দেয় আমির সরকার একাদশ।

নির্ধারিত ষোল ওভারে ব্যাটিংয়ে নেমে চাঁন বাদশা সরকার একাদশ ৮ উইকেট হারিয়ে ৩৬ রান করে ১৭ রানে হেরে যায় এবং আমির একাদশ জয়ের লক্ষ্যে পৌছে যায়।

উজানচর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইলিয়াস সরকার ও ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি মো.দুলাল শাওন এর পরিচালনায়, শুরুতে ম্যাচের উদ্বোধন করেন নব নির্বাচিত ইউপি সদস্য মো.শহীদুল ইসলাম সরকার ও হাবিবুর রহমান।

উজানচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আক্কাছ আলী, মাঞ্জু সরকার, মুক্তু বেপারি, হেলাল খাঁন, হাবি সরকার, ফরিদ সরকার, জয়নাল সরকার, শাহআলম, আয়েছ আলী, শামীম সিকদারসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁন বাদশা সরকার একাদশের অধিনায়ক ছিলেন রাসেল সরকার ও আমির সরকার একাদশের অধিনায়ক ছিলেন সাইদুর সরকার।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মোল্লা,বাদল সরকার, আনোয়ার সরকার,ইসমাইল সরকার,ওয়াশকুরুনী মোল্লা, মো.ফরহাদ মিয়া, মোকলেস সরকার, হাসান মোল্লা,মো. অলিম, মো. জনি,লালন সরকার, উসমান মোল্লাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

খেলা শেষে আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, প্রতি বছর জানুআরি  মাসে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এ বছর শুরু হওয়া এবারের টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।

চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ কেরাণীগঞ্জে উদ্ধার, স্বামী গ্রেফতার

বিনোদন ডেস্কঃ নিখোঁজের একদিন পর চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৪৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মরদেহ নেওয়া হয় ঢাকার মিটফোর্ড হাসপাতালে। গেল দুদিন ধরে নিখোঁজ ছিলেন শিমু ৷ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করে র‍্যাব। গতকাল দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি গাড়িও জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শিমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, নিখোঁজের পর অভিনেত্রীর ভাই শহিদুল ইসলাম খোকন আমার কাছে ছুটে আসেন। বলেন, শিমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি একজন পুলিশ কর্মকর্তাকে ফোন করি তথ্যের জন্য। পরে খোকন মিটফোর্ড হাসপাতলে গিয়ে শিমুর মরদেহ শনাক্ত করে আমাকে ফোন করে জানায়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আবু সালাম মিয়া বলেন, সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমু নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেয়া হয়।

এদিকে নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী শাখাওয়াত আলী নোবেলসহ দুইজনকে র‍্যাব গ্রেফতার করেছে বলে জানিয়েছেন নায়ক জায়েদ খান। রক্তমাখা গাড়িও উদ্ধার হয়েছে বলে দাবী তার। এ ঘটনায় দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন। নিহতের ভাইকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন নায়ক জায়েদ খান।

শিমুর ভাই জানান, প্রথম আসামি আমার বোন জামাই নোবেল। সে এবং ফরহাদ নামের একজন এ কাজ করেছে। তাদেরকে র‍্যাব গ্রেফতার করেছে, কেরাণীগঞ্জ থানার ওসি আমাদের হেল্প করেছেন। এর আগে আমার কাছে লাশ শনাক্ত করার জন্য একটা ফোন আসে কেরাণীগঞ্জ থেকে। সেখানে গিয়ে আমি নিজে আমার বোনের লাশ শনাক্ত করেছি।

ভগ্নিপতিকে সন্দেহ করা প্রসঙ্গে খোকন বলেন, তার গাড়ির মধ্যে রক্ত, তারা আটটা থেকে দশটা পর্যন্ত ছিল না, এই সময়ের মধ্যেই লাশ ফেলে দিছে, ড্রাইভার সব বলছে। আমার ভগ্নিপতি অ্যাডিক্টেড, আমি আর কিছু বলতে চাই না।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কাজী হায়াতের ‘বর্তমান’ সিনেমায় প্রথম অভিনয় করেন শিমু। এরপর ২০০৪ সাল পর্যন্ত দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ আরও বেশ কিছু পরিচালকের প্রায় ২৫ সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া টুকটাক নাটকেও কাজ করতেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ফ্যামিলি ক্রাইসিস নামে একটি ধারাবাহিক নাটকেও কাজ করেছেন নায়িকা শিমু।

কুমিল্লার মুরাদনগরে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ও ব্যানার আগুনে পুরিয়ে ফেলার অভিযোগ

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলা ও আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে নৌকা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে।

সোমবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নে নিবার্চনী প্রচারনাকালে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সওকত আহমেদ(টেলিফোন) প্রতীক মনোনীত প্রার্থী সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন নৌকার প্রার্থী শফিকুল ইসলামের বিরুদ্ধে।

উপজেলার জাহাপুর ইউনিয়নের নৌকার প্রার্থী শফিকুল ইসলামের নিজ গ্রাম সাতমোড়া, শুশুন্ডা এবং পায়ব গ্রামে অসংখ্য পুস্টার ও ব্যানার ছিড়ে ফেলে দুর্বৃত্তরা। এলাকার জনপ্রিয় প্রার্থী সওকত আহমেদ কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তিনি একজন মানবাধিকার কর্মী এবং ব্যবসায়ী।

স্বতন্ত্র প্রার্থী সওকত আরো বলেন, প্রশাসন এবং নির্বাচন কমিশনের দেয়া সুষ্ঠ ভোটের প্রতিশ্রুতির প্রেক্ষিতে আমি মুরাদনগর উপজেলার জাহাপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছি। কিন্তু প্রচার-প্রচারণার প্রথম দিন থেকেই প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা আমার কর্মীদেরকে হুমকি-ধূমকি প্রদান করছে। এছাড়া বিভিন্ন সময় আমার গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে রোববার রাতে ইউনিয়নের সাতমোড়া, শুশুন্ডা এবং পায়ব গ্রামে যত পোস্টার-ব্যানার ছিল সব গুলো ছিড়ে ও আগুনে পুড়ে ফেলা হয়েছে। আমি বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই নির্বাচন যেন সুস্থ অবাধ নিরপেক্ষ হয়। জনসাধারণ যেন সুষ্ঠভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

অভিযুক্ত নৌকার প্রার্থী সফিকুল ইসলাম সমস্থ অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার ছিড়েছে তা আমার জানা নেই। অনেক স্থানে আমার (নৌকা)’র পোস্টার ছিড়ে ফেলেছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাসুদ আহমেদ শিকদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি) : বগুড়ায় সদর উপজেলার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনিষা রহমান স্বর্ণা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

নিহত মনিষা নারুলী ধাওয়াপাড়া এলাকার সোহেল রানার মেয়ে এবং চেলোপাড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে ছাত্রী।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বর্ণার আত্মীয় জানান, স্বর্ণার মানসিক সমস্যা ছিল। সংসারের কাজ বেশি করার কারণে সকাল মায়ের উপর অভিমান করে আকাশতারা এলাকায় দিনাজপুর থেকে সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে। রেলওয়ে পুলিশের উর্ধবতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রায়পু‌রে শীতার্ত‌দের মা‌ঝে বি.এম সাবাব ফাউ‌ন্ডেশ‌নের শীতবস্ত্র বিতরন

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ মানব সেবা যারা কাজ ক‌রেন তা‌দের প্রকৃত সুখই যে‌নো মানব সেবা ক‌রে, তারা মানব সেবা করেই  প্রকৃত সুখ খু‌জে নেন। লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে বি.এম সাবাব ফাউ‌ন্ডেশন শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরন ক‌রে‌ছে। ‌সোমবার (১৭ জানুয়া‌রি ) রায়পুর ৩ নং চর‌মোহনায় ৮ নং ওয়া‌র্ডে বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশ‌নের সা‌র্বিক সহ‌যোগীতায় বি.এম সাবাব ফাউ‌ন্ডেশন কম্বল বিতরন ও দারুল উলুম এমদাদীয়া কওমি মাদ্রাসার ছাত্র‌দের মা‌ঝে শিক্ষা সমাগ্রী বি‌ক্রি ক‌রে।

এসময় বি.এম সাবাব ফাউ‌ন্ডেশ‌নের প‌রিচালক “সাবাব” ব‌লেন আমরা আমা‌দের সামর্থ অনুযায়ী বাংলা‌দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তে অসহায় অক্ষম‌দের বি‌ভিন্ন ধর‌নের সহায়তা এবং সামা‌জিক সহ‌যোগীতামুলক কাজ ক‌রে যা‌চ্ছি দোআ কর‌বেন আমরা সবসময় যে‌নো মানব কল্যা‌নে কাজ করতে পা‌রি।

রায়পু‌রে মানব‌সেবায় সফলতার আ‌রেক নাম বাবুরহাট ব্লাডফাউ‌ন্ডেশন। মানবতার ডা‌কে যে‌নো সর্বদা নি‌য়ো‌জিত সংগঠন‌টি। সংগঠন‌টি প্রতিষ্ঠা লগ্ন থে‌কে রায়পু‌রের আ‌শেপা‌শে বি‌ভিন্ন ভা‌বে অসহায়‌দের বি‌ভিন্ন ধর‌নের সহ‌যোগীতা ক‌রে আস‌ছে। তারই ধারাবা‌হিকতায় শী‌তে যখন মানুষ কাঁপ‌ছে ঠিক তখ‌নি কিছু শীতার্ত‌দের ভরসার আ‌লো জা‌লি‌য়ে ক‌য়েক ধা‌পে শীতবস্ত্র বিতরন ক‌রে সংগঠন‌টি।

সভায় উপ‌স্থিত ছি‌লেন বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশ‌নের প্রধান উ‌দ্যোক্তা জালাল উ‌দ্দিন রানা, বাবুরহাট ব্লাডফাউ‌ন্ডেশ‌নের উপ‌দেষ্টা নাজমুল ইসলাম জালল উ‌দ্দিন রানা সহ সংগঠ‌নের সম্মানীত সদস্যগন।

করোনায় আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল

জাতীয় ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন।

আজ সোমবার (১৭ জানুয়ারী) করোনা আক্রান্তের বিষয়টি আমিন উদ্দিন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আমিন উদ্দিন জানান, গতকাল পরীক্ষা করে করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ আসে। বাসাতেই আছি। সবাই দোয়া করবেন।

আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন। তিনি ২০১৯-২০২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার আগে তিনি সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হন। সভাপতি পদে এবার পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন আমিন উদ্দিন।

আর গত বছরের ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।