দিনাজপুরে করোনার ভ্যাকসিন দিতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলারনবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় এর ১০ম শ্রেণীর ছাত্র হুমায়ুন কবির করোনা ভ্যাকসিন এর টিকা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে।

মৃত হুমায়ুন কবির ভাদুরিয়া ইউনিয়নের শিবরাম পুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

আজ ১৭/০১/২০২২ তারিখ রোজ সোমবার, সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় থেকে ৬/৭ জন সহপাঠীসহ অটো ইজিবাইক যোগে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে যাওয়ার পথে, ভাদুরিয়া টু নবাবগঞ্জ রাস্তায় শাল্টি মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রায় ১০০ গজ দক্ষিণে পৌঁছামাত্র অটো ইজিবাইক থেকে নেমে আবার ওঠার সময় অটো ইজি বাইক চালক কিছুটা নিয়ন্ত্রণ হারায়। এ দিকে পিছন দিক থেকে আসা একটি ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত চলন্ত অটো ইজি বাইকরে পিছনে মৃদু ধাক্কা দিলে,উক্ত অটো ইজি বাইক রাস্তার পার্শ্বে উল্টে গিয়ে হুমায়ুন কবিরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়।

অতঃপর স্থানীয় লোকজন হুমায়ুন কবিরকে ভ্যান যোগে, নবাবগঞ্জ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিয়া আসলে হাসপাতালে, কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ফের সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার (১৭ জানুয়ারী) উত্তর কোরিয়া আবার সাগরে স্বল্প-পাল্লার দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ নিয়ে চলতি জানুয়ারি মাসে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

আজ সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়ে বলেন, রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র দু’টি নিক্ষেপ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কতটা পথ পাড়ি দিয়েছে তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে যথাসম্ভব তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়ে বলেছেন, সাগরে অবস্থানরত জাহাজ এবং আকাশে চলাচলকারী বিমানের নিরাপত্তা রক্ষা করতে হবে।

জাপানের কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে দেশটির পানিসীমায় অবস্থানরত জাহাজগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়। কোস্ট গার্ড পরে জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো হয়তো আরো আগে সাগরে পড়েছে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শন করে আসছে। তবে দেশটি নিজে তাৎক্ষণিক ভাবে এসব পরীক্ষার খবর প্রচার করে না। গত সপ্তাহে উত্তর কোরিয়া জানায় দেশটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যেটির উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং-উন। মূল পরীক্ষার দু’দিন পর পিয়ংইয়ং এ খবর ঘোষণা করে। এরপর গত শুক্রবার উত্তর কোরিয়া একটি ট্রেন থেকে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্কঃ এবারের ১২তম স্প্যানিশ সুপার কাপে অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল রোববার (১৬ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে রিয়াল। রিয়ালের হয়ে গোল দুটি করেন যথাক্রমে লুকা মদ্রিচ এবং করিম বেনজেমা।

ম্যাচে খেলার প্রথমার্ধে ৩৮তম মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পরও ৫২ মিনিটে স্পট কিকে ফরাসি স্ট্রাইকার বেনজেমা নিজেই গোলটি করে ব্যবধান করেন দ্বিগুণ। নির্ধারিত সময়ের শেষ দিকে রাউল গার্সিয়ার হেড ডি বক্সের ভেতর এডের মিলিতাওয়ের হাতে লাগার পর রেফারি বিলবাওয়ের পেনাল্টির সংকেত দেন। ভিএআরের শরণাপন্ন হওয়ার পর মিলিতাওকে লাল কার্ড দেখানো হলে রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। তবে গার্সিয়ার নেয়া স্পট কিক দারুণ দক্ষতায় থিবো কর্তোয়া প্রতিহত করলে বিলবাও গোলের ভালো সুযোগ হাতছাড়া করে। কোনও সুযোগই কাজে লাগাতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।

ফলে একজনের কম দল নিয়েও শিরোপা জয়ের আনন্দে ভাসে রিয়াল। এই নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল। রেকর্ড ১৩ বার এই ট্রফি জিতেছে বার্সেলোনা।

দেশে আরও ২২ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত

সিএনবিডি ডেস্কঃ দেশে নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন।

আজ সোমবার (১৭ জানুয়ারি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।

জিআইএসএআইডি’র তথ্যমতে, নতুন করে আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৯ জন নারী। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাজধানীর মহাখালীর বাসিন্দা। ওই এলাকাতেই ১২ জনের বসবাস। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুজন এবং চাঁনখারপুল এলাকার চার জন রয়েছেন।

এর আগে, গত ১০ জানুয়ারি দেশে ৯ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর জানায় প্রতিষ্ঠানটি। তার আগে ৮ জানুয়ারি একজন, ৬ জানুয়ারি ১০ জন এবং গত ৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানানো হয়।

এদিকে গতকাল রোববার (১৬ জানুয়ারী) দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮ হাজার ১৪৪ জনে। একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ২২২ করোনা রোগী শনাক্ত হন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে থেকে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তবে তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

নাসিক নির্বাচনে কোন মেয়রপ্রার্থী কত ভোট পেলেন?

সিএনবিডি ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। প্রায় দ্বিগুণ ভোটে তৈমূরকে হারিয়ে তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হলেন। ২০১১ সালে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে দলীয় প্রতীকে ভোট হলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচিত হন।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ভোট গণনা শেষে ১৯২ কেন্দ্র থেকে আসা প্রাথমিক তথ্যে এ ফল নিশ্চিত হওয়া গেছে।

বার্তাশিটের তথ্যমতে, নাসিক নির্বাচনে ৫৬.৩২ শতাংশ ভোট পড়েছে। কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। নাসিকের ২৭টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫১জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৮২ জন। ভোট বাতিল হয়েছে ৪৭১টি। অর্থাৎ ৫৬.৩২ শতাংশ ভোট পড়েছে।

মেয়র পদে নির্বাচন করা ৭ জন প্রার্থীর মধ্যে- খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি) পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট, স্বতন্ত্র থেকে তৈমূর আলম খন্দকার (হাতি) পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাছুম বিল্লাহ (হাতপাখা) পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট।

এ ছাড়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) পেয়েছেন ১ হাজার ৯২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৩০৫ ভোট এবং বাংলদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা) পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূরের থেকে ৬৬ হাজার ৫৩৫ বেশি পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন আইভি।

হল ছাড়ছে শাবিপ্রবির শিক্ষার্থীরা, আহত শিক্ষার্থীদের শরীরে গুলির আঘাত!

সিএনবিডি ডেস্কঃ সিলেটে শাবিপ্রবিতে (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আহত শিক্ষার্থীদের শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় সকাল থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা।

এর আগে, গতকাল রবিবার (১৬ জানুয়ারী) রাতে পুলিশের হামলা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে প্রায় ৫’শর বেশী শিক্ষার্থী অংশ নিয়েছে।

তার আগে সন্ধ্যায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও আন্দোলনকারীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার প্রেক্ষিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে পুলিশ, শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন আহত হন। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদ জানিয়ে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ উপাচার্যের নির্দেশেই পুলিশ হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, গতকাল অবরুদ্ধ অবস্থা থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে তালা ভেঙে উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের তালা ভেঙে পুলিশি নিরাপত্তায় ভিসিকে বের করে আনা হয়। তারপরপরই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

‘রায়পুরে বহিরাগত ডাক্তার দ্বারা চলছে সিজার! সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের লাঞ্চিত’

মোঃ জ‌হির হোসেন, লক্ষ্মীপুরঃ নানা অনিয়ম আর অভিযোগের তোয়াক্কা না করেই টিকাদান কর্মসূচি ও বহিরাগত ডাক্তার এনে সিজারসহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে সেবাদান। তারই অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সেখানে যায় সংবাদ সংগ্রহ করতে। সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিকদের!

রবিবার (১৬ জানুয়ারি) সকালে একজন প্রসূতির সাথে অনিয়মের অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায় ৫০ শয্যা বিশিষ্ট রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়ে দেখা যায় রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের (অবশ) ডাক্তার মোবারক হোসেন কারো অনুমতি না নিয়েই নিজের স্ত্রী (বহিরাগত ডাক্তার) ও বহিরাগত কামাল (সহযোগী) নামে দু-তিনজনকে নিয়ে গর্ভবতী রোগীদের সিজার কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টি নিয়ে সেই ডাক্তারের নিকট জানতে চাইলে সে সাংবাদিকদের সন্ত্রাসী বলে হুমকি প্রদানসহ ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে ওটির সামনে থেকে তাড়িয়ে দেয়।

বিষয়টি নিয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম বলেন, আমরা বসে বিষয়টি সমাধান করে দেব। সংবাদ প্রচারের প্রয়োজন নেই।

উল্লেখ থাকে যে, এই ডাক্তার মোবারক রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই রোগী ও স্বজনদের কারনে অকারণে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং শেষ পর্যন্ত সাংবাদিকদেরও ছাড় দেননি তিনি।

ফুলবাড়ীতে ৩৮ কেজি গাঁজা ও দুইটি মোটরসাইকেল সহ আটক-২

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রবিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জকুরটল এলাকায় ফুলবাড়ী- টু-বালারহাট সড়কে লালমনিরহাটগামী দুইটি মোটরসাইকেলের গতিরোধ করেন ফুলবাড়ী থানার পুলিশ। এ সময় তল্লাশি করে দুইটি মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামের গোলাম মোস্তাফার ছেলে আব্দুল জলিল (৩৫) ও শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডেরহাট এলাকার আব্দুল খালেকের ছেলে ছাইফুল ইসলাম বাবু (১৯)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের বিকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কৃষক মোস্তফা শেঠের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-ঠাকুরগাও পাকা সড়কে আবাদতাকিয়া মাদ্রাসার কাছে রবিবার ১৬ জানুয়ারি বিকেলে অজ্ঞাত পরিচয় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন স্থানীয় বিশিষ্ট কৃষক গোলাম মোস্তফা( ৬০) ওরফে মোস্তফা শেঠ।

ঘটনাস্থল পরিদর্শনকারী রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেঠের ছেলে।

পারিবারিকসূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে মোস্তফা বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে তার গমক্ষেত পরিদর্শন করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পাকা রাস্তা পার হবার সময় অজ্ঞাত পরিচয় যানবাহন তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণ নিয়ে তাকে পরিবারের লোকজন রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তফা ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না শফিকুলের, সহায়তার আর্তি স্ত্রী-সন্তানের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কিশামত শিমুলবাড়ী গ্রামের মৃত অনিল উদ্দিনের ছেলে ট্রলি চালক শফিকুল ইসলাম (৪২)। দুই মেয়ের জনক তিনি। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন ৩ বছর আগে। ট্রলি চালানোর আয় রোজগারে ছোট মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী সাথী আক্তার ও স্ত্রী পারভীন বেগমসহ ৩ জনের সংসার ভালই চলছিল। কিন্তু আড়াই মাস আগে হঠাৎ অসুস্থ হন শফিকুল। স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিলেও সুস্থ হননি।

পরে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে পরীক্ষা করে দেখা যায় তার দুটি কিডনিই আকারে ছোট হয়ে গেছে। দুই মাস ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ বি এম মোবাশ্বের আলমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। এই দুই মাসের ডায়ালাইসিস চার্জ ও চিকিৎসা খরচ মেটাতে শেষ হয়ে যায় পরিবারের সর্বস্ব। ভিটেমাটি ছাড়া কিছুই অবশিষ্ট আর নেই। তাই চিকিৎসার খরচ বহন করতে না পেরে গত শুক্রবার রংপুর থেকে রোগীকে বাড়ীতে নিয়ে এসেছেন স্বজনরা। এখন অর্থাভাবে চিকিৎসা বন্ধ অবস্থায় বাড়ীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শফিকুল।

তাই অসুস্থ শফিকুলকে বাঁচাতে তার মেয়ে সাথী আক্তার ও স্ত্রী পারভীন বেগম সরকারসহ সমাজের সর্বস্তরের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানো ঠিকানাঃ- শফিকুল ইসলাম ও স্ত্রী পারভীন বেগম মোবাইল/বিকাশ-০১৭৭৪৫০৮৯৮৭