বাঞ্ছারামপুরে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ জানুআরি ) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, পৌর মেয়র তোফাজ্জল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শুভাশীস চাকমা,বাঞ্ছারামপুর  মডেল থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌশাদ মামুদ,ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার,তেজখালি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান একে এম শহিদুল হক বাবুল নানা, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নব নির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চুক্তিপত্র জমা দেন নব নির্বাচিত সদস্যবৃন্দ। ইউনিয়ন গুলো হলো তেজখালি, পাহাড়িয়া কান্দি, দরিকান্দি, ছয়ফুল্লাকান্দি, সোনারামপুর, বাঞ্ছারামপুর সদর,ফরদাবাদ, রুপসদী, ছলিমাবাদ, উজানচর, মানিকপুর ১১টি ইউনিয়নের নব নির্বাচিত পুরুষ ৯৯ জন ও মহিলা ৩৩ জন মোট ১৩২ জন সদস্য শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

লোহাগাড়ায় ওসি’র বিদায় ও বরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়া থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসেন মাহমুদকে বিদায় সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ। একই সাথে নবাগত অফিসার ইনচার্জ আতিকুর রহমানকে বরণ করে নেওয়া হয়।

রোববার রাতে এই উপলক্ষে থানা কম্পাউন্ডে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলার ইউএনও আহসান হাবীব জিতু, আ.লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান ইব্রাহীম কবির, প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কলেজে অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ-সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসেন মাহমুদ বক্তব্যে বলেন, আমি যত কাজ করেছি ডিপার্টমেন্টের দায়িত্ব আর আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার কর্মের কারণে আল্লাহ যাতে অসন্তুষ্ট না হয় সেইদিকে সব সময় খেয়াল রাখতাম। কর্ম কালীন সময়ে আমি কারও কষ্টের কারণ হয়ে থাকলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ পরকাল আমাকে পার পেতে হবে। আমার মেসেজটি সবাইকে পৌঁছিয়ে দিবেন।

নবাগত অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিংয়ের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কর্মের মাধ্যমে এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে চাই। তিনি সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর “স্পুটনিক ভ্যাকসিন”

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রাশিয়ার “স্পুটনিক ভি” ভ্যাকসিন ভালো কার্যকারিতা প্রমাণ করেছে।

স্থানীয় সময় শনিবার স্পুটনিক ভ্যাকসিনের টুইটার একাউন্টের বরাত দিয়ে রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টসেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এ কথা বলেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দিমিত্রিয়েভ বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে যে ভ্যাকসিন বর্তমান এবং ভবিষ্যতের মিউটেশনের বিরুদ্ধে কাজ করবে। সে ক্ষেত্রে স্পুটনিক বেশ ভালো কাজ করছে।

তিনি বলেন, বুস্টার ডোজ হিসেবে স্পুটনিক লাইটের পাশাপশি বিদ্যমান ভ্যাকসিনগুলোর সংমিশ্রণ করোনাভাইরাসের নতুন ভ্যারিয়ান্টগুলোর বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত কার্যকর।

উল্লেখ্য, “স্পুটনিক ভি” গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি দ্বারা প্রস্তুত করা কেভিড-১৯-এর একটি ভাইরাল ভেক্টর টিকা। ২০২০ সালের ১১ই অগাস্ট এই টিকা বিশ্বে এর আবির্ভাব ঘটে। সাধারণ সর্দিকাশি তৈরি করে, সেই অ্যাডেনোভাইরাসের উপাদান ব্যবহার করে রাশিয়ার এই টিকা তৈরি করা হয়েছে। শরীরে প্রয়োগের পর করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ সক্ষমতা তৈরি করতে শুরু করে এই টিকা। এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস (সবচেয়ে ভালো ৩-৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় রাখা যায়। ফলে এটি পরিবহন ও সংরক্ষণ করা সহজ।

ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলারের মামলা

সিএনবিডি ডেস্কঃ যুক্তরাজ্যে ফেসবুকের বিরুদ্ধে বাজারে আধিপত্য বিস্তার ও ৪৪ মিলিয়ন ব্যবহাকারীর ব্যক্তিগত ডেটা অপব্যবহার করার অভিযোগ উঠার কারনে ফেসবুককে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হয়েছে।

ব্রিটেনের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) জ্যেষ্ঠ উপদেষ্টা লিজা লোভডাহল গর্মসেন বলেছেন, ব্রিটেনে যারা ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ফেসবুক ব্যবহার করেছেন তিনি তাদের পক্ষে মামলাটি করেছেন।

লন্ডনের কম্পিটিশন আপিল ট্রাইব্যুনালের দ্বারা শুনানি করা মামলাটিতে অভিযোগ করা হয়েছে যে, ফেসবুক অন্যায্য শর্তাদি আরোপ করে বিলিয়ন পাউন্ড আয় করেছে। ভোক্তাদের নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য মূল্যবান ব্যক্তিগত ডেটা দিতে হয়েছে। ফেসবুককে লোভডাহল গর্মসেনের প্রতিনিধি দল এই অভিযোগের কথা জানিয়েছেন।

এদিকে ফেসবুক বলছে, মানুষ তাদের সেবা ব্যবহার করছে, কারণ এজন্য ব্যবহারকারীরা সুবিধা পাচ্ছে। মেটার প্ল্যাটফর্মে এবং তারা কার সাথে কী তথ্য ভাগ করে তার পরিপূর্ণ তথ্য দেওয়া আছে।

তবে এই অভিযোগ খারিজ করার জন্য ফেসবুক আদালতের কাছে অনুরোধ জানালে তা প্রত্যাখ্যান করেন বিচারক।

করোনায় আক্রান্ত হয়েছেন জিএম কাদের

রাজনীতি ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য করোনা পরীক্ষা করা হলে আজ রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে।

আজ রবিবার (১৬ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উত্তরা নিজ বাসভবনে বিশ্রামে আছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন।

তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১২ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ২২৫

আন্তর্জাতিক ডেস্কঃ কাজাখস্তানে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত ২২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর ১৯ জন সদস্য রয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) দেশটির প্রোসিকিউটর কার্যালয়ের ফৌজদারি মামলার প্রধান সেরিক শালাবায়েভ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সশস্ত্র ‌‘দুর্বৃত্তরা’ অন্তর্ভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সহিংসতার পর অনন্ত ২ হাজার ৬০০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৬৭ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বাধীনতার ইতিহাসে এটি সবচেয়ে বড় সহিংসতার ঘটনা বলে মনে করা হচ্ছে।

কাজাখস্তানের কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা বহিরাগত ‘সন্ত্রাসী’। তারা বৃহত্তম শহর আলমাতিতে বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয়ে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড চালায়।

এর আগে চলমান অস্থিরতা নিরসনে সিএসটিও-ভুক্ত (কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন) দেশগুলোর কাছে সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। এরপরই প্রতিবেশী দেশে সৈন্য পাঠানোর পদক্ষেপ নেয় রাশিয়া।

উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় দেশটিতে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে গত ৫ জানুয়ারি কাজাখস্তানে সরকারের পতন ঘটে। প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ দেশটির প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেন। একই সঙ্গে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। সূত্র: আল-জাজিরা, ভয়েস অব আমেরিকা।

রাতে শীত বাড়ার সাথে সাথে বইতে পারে শৈত্যপ্রবাহ

সিএনবিডি ডেস্কঃ  সারাদেশে রাতে শীত বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন জেলায় নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (১৬ জানুয়ারি) এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাস থেকে জানা গেছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া, দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, কুড়িগ্রাম এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেছেন, আগামী ৩ দিন শীত অব্যাহত থাকবে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আর আজও কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ ছিল।

দেশে বনাঞ্চলে আচ্ছাদিত ২২দশমিক ৩৭ শতাংশ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ ২২ দশমিক ৩৭ শতাংশ বলে জানিয়েছেন পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে দেশবরেণ্য প্রকৃতিবিদ তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পরিবেশের উন্নয়নে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে ২০০৯-২০১০ হতে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত বন বিভাগের মাধ্যমে মোট ১ লাখ ৬৩ হাজার ৩৭৮ হেক্টর ব্লক বাগান, ২৬ হাজার ৪৫৩ সিডলিং কি.মি. স্ট্রিপ বাগান সৃজন এবং ১হাজার ৫৯ লাখ চারা বিতরণ ও রোপণ করেছে। উপকূলীয় সবুজ বেষ্টনী সৃজন এবং সমুদ্র ও নদী মোহনা এলাকায় জেগে ওঠা নতুন চর স্থায়ীকরণের লক্ষ্যে বনায়ন কার্যক্রমের আওতায় বর্ণিত সময়ে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে। এছাড়াও চলতি ২০২১-২২ অর্থবছরে ৭ হাজার ৫০০ হেক্টর ব্লক ও ১ হাজার কি.মি. স্ট্রিপ বাগান এবং ১২ হাজার ২৬৫ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজনের লক্ষ্যে বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। বনায়ন কার্যক্রম ও বৃক্ষরোপণের ফলে দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশে উন্নীত হয়েছে বড়লেখা।
মৌলভীবাজারে জন্মগ্রহণকারী নটরডেম কলেজের সাবেক অধ্যাপক, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক, বিশিষ্ট প্রকৃতিবিদ দ্বিজেন শর্মাকে দেশের কৃতিসন্তান উল্লেখ করে বনমন্ত্রী বলেন, প্রকৃতি ও পরিবেশের উন্নয়নের জন্য তাঁর মতো প্রকৃতি প্রেমিক নাগরিক এখন অনেক বেশি প্রয়োজন। প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য এবং প্রকৃতি সংরক্ষণের মাধ্যমেই নিশ্চিত করতে হবে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বসবাস যোগ্য টেকসই ভবিষ্যৎ। সকলের সমবেত প্রচেষ্টার মাধ্যমে আমরা এ দেশের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ঘটাতে সক্ষম হলে দ্বিজেন শর্মার মতো দেশপ্রেমিক প্রকৃতি বিদদের স্বপ্ন সফল হবে।
তরুপল্লবের সভাপতি এবং বিপিএটিসির বঙ্গবন্ধু চেয়ার বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড.আইনুন নিশাত, সিটি ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান এবং  তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী ‘দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১’ প্রাপ্ত দের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করেন।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চিলাপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও একজন।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বাবা-ছেলের বাড়ি উপজেলার চন্ডিপুর গ্রামে।

পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানায়, সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটর সাইকেলে নিয়ে ঠাকুরগাও থেকে পীরগঞ্জে আসছিলেন। পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।

এতে পিতা ঘটনাস্থলেই মারা যায় এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহত হয় পয়গাম আলী নামে আরও একজন। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে।

একাদশে শ্রেনীতে ভর্তির জন্য ১৫ লাখ আবেদন

শিক্ষা ডেস্কঃ সারাদেশ থেকে চলতি বছর একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ১৫ লাখের বেশি শিক্ষার্থী অনলাইন আবেদনে করেছে। সরকারি-বেসরকারি কলেজ-মাদারাসায় গত ৮ জানুয়ারি থেকে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ ছিল।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একাদশে ভর্তির জন্য ১৫ লাখ ৭৯৫টি আবেদন জমা হয়েছে। তার মধ্যে প্রায় ৯০ লাখ কলেজ নির্বাচন করা হয়েছে। আমাদের প্রত্যাশার বেশি প্রথম ধাপে আবেদন জমা হয়েছে। গত ১১ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বেশি আবেদন এসেছে।

মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এসএসসি পাস সবাই কলেজে ভর্তি হবে না। তার মধ্যে একটি অংশ কারিগরিতে ভর্তি হবে। কেউ কেউ মেডিকেল ডিপ্লোমা, কৃষিতে ভর্তি হবে। তারপরও কেউ কেউ ভর্তির বাইরে থাকবে। স্বাভাবিক কারণে কিছু শিক্ষার্থী ঝড়ে পড়বে। তবে তিন ধাপে সারাদেশে চলতি বছর ও আগের বছরে পাস করা ২০ লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে একাদশে ভর্তি আবেদন করতে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ টাকা দিয়ে ৫ থেকে ১০টি কলেজে আবেদন করা যাবে। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২২৮ টাকা।