বান্দরবানে কমান্ডারসহ ৯ জঙ্গি গ্রেপ্তার

চট্টগ্রামের বান্দরবানে টঙ্কাবতী এলাকায় জঙ্গী সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র এক প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ জনকে গ্রেপ্তারের করেছেন র‌্যাব। রোববার (১২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রোববার রাতে জঙ্গি সংগঠনটির পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

খন্দকার আল মইন জানান, গ্রেপ্তারকৃতরা নিকটাত্মীয়, স্থানীয় পরিচিত ব্যক্তি বা বন্ধু বান্ধবের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে ওই সংগঠনে যোগদান করে। তবে প্রাথমিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন সময়ে তাদেরকে সমতল থেকে পাহাড়ে সামরিক প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়। পার্বত্য অঞ্চলে তারা বিভিন্ন ধরণের অস্ত্র চালানো, অন্যান্য সশস্ত্র প্রশিক্ষণ, বোমা তৈরি বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিকূল পরিবেশে টিকে থাকা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে।

মইন আরও জানান, বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হওয়া কয়েকজন তরুণের বিষয়ে খোঁজ করতে গিয়ে নতুন এই জঙ্গি সংগঠনটির খোঁজ পাওয়ার পর গত বছরের অক্টোবর থেকে পাহাড়ে র‌্যাবের এই অভিযান চলছে।

জমকালোভাবে জর্ডানের রাজকন্যার বিয়ে অনুষ্ঠিত

জমকালোভাবে জর্ডানের রাজকন্যা দ্বিতীয় ইমান বিনতে আবদুল্লাহ’র বিয়ের অনুষ্ঠিত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তার বর জামেল আলেকজান্ডার থারমিওটিস। বিয়েতে ছিল আলোর ঝলকানি, ফুলের সমারোহ। দেশ-বিদেশের নামিদামি ব্যক্তিরা বিয়েতে অতিথি হয়ে এসেছিলেন। খবর আরব নিউজের।

গতকাল রোববার (১২ মার্চ) জর্ডানের রাজধানী আম্মানের বেইত আল-উরদন প্রাসাদে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ে হয়।

দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল রাজকন্যা ইমান বিনতে আবদুল্লাহর এই বিয়ের আয়োজনটি সরাসরি সম্প্রচার করে। টিভির পর্দায় বিশ্বের লাখো দর্শক এই বিয়ে দেখেন।

রাজকীয় এই বিয়ের আসরে প্রায় ১৫০ জন দেশি-বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ ঈশা বিন সালমান বিন হামাদ আল-খলিফা, মিসরের ফার্স্ট লেডি এন্তিসার আমে প্রমুখ। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়া আল-আবদুল্লাহ বিয়েতে আসা অতিথিদের স্বাগত জানান।

এই বিয়ের আসরে ২৬ বছর বয়সী কনে ইমান সাদা রঙের গাউন পরে উপস্থিত হয়েছিলেন। তাঁর মাথায় ছিল সাদা ওড়না, হাতে সাদা রঙের ফুল। বর জামেল কালো রঙের টাই-স্যুট পরে এসেছিলেন।

নন্দীগ্রামে পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

বগুড়ার নন্দীগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আজ সকাল ৮টায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩), নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২) ও শহিদুল ইসলাম মোমিন উপজেলার হাটধুমা গ্রামের বাসিন্দা।

আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকালে নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা বগুড়া শহর দিকে যাচ্ছিল। এ সময় নাটরোগামী পিকআপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ ৩ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মোমিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত পাঁচজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সবজি চাষে সবুজের মাসে আয় ৬০ হাজার!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সবুজ মিয়া মৌলভীবাজারের হাইলহাওর তীরে বিশাল এলাকাজুড়ে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। হাওরের বিলে এক প্রান্তে জেলেরা মাছ ধরছে আর আরেক প্রান্তে সবুজ মিয়া শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। প্রায় ৯ বছর প্রবাসে থেকে ২০২২ সালে দেশে ফিরে এসে তিনি কৃষি কাজ শুরু করেন।

হাওরপাড়ে শীতকালীন সবজি চাষ করে সফলতা পেয়েছেন মালদ্বীপ ফেরত যুবক কৃষক সবুজ। হওরের তীরবর্তী এলাকায় তিনি শীতকালীন সবজি চাষ করে সফলতার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন। তার সবজি চাষের ফলে নিজে লাভবান হওয়ার পাশাপাশি আশেপাশের প্রকৃতিকে সমৃদ্ধ করেছেন। তার দেখাদেখি এখন অনেকেই সবজি চাষের প্রতি আগ্রহী হচ্ছেন।

সবুজের কৃষি জমিতে লাউ, মিষ্টি কুমড়া, কচুরলতি, লালশাক, শসা, টমেটোসহ নানা প্রজাতির শীতকালীন সবজির চাষ হচ্ছে। প্রতিটি ডগার মধ্যে ঝুলে রয়েছে বিশাল আকৃতির বড় বড় লাউ। ক্ষেতের প্রতিটি সারিতে থরে থরে ঝুলছে লাউ। সবজি চাষের পাশাপাশি তিনি দেশি-বিদেশি গরু-ছাগলের খামারও গড়ে তুলেছেন। সপ্তাহে দু’দিন গাড়িতে করে লাউ, মিষ্টি কুমড়া, লতি, লালশাক ও শসা নিয়ে যাওয়া হয় জেলা শহর মৌলভীবাজার, শ্রীমঙ্গলসহ আশেপাশের গ্রামীণ হাটবাজার গুলোতে।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সবুজ মিয়া বলেন, দীর্ঘ ৯ বছর বিদেশে থাকার পর ২০২২ সালে দেশে ফিরে আসি। প্রথমে শখের বশে ৪৫টি বিদেশি প্রাজতির গাভী কিনে খামার গড়ে তুলি। খামারে বার্মা ও শাহিওয়াল প্রাজাতির গরুই বেশি। এখন পর্যন্ত গরুর খামার থেকে প্রায় ৫ লাখ টাকা আয় করেছি। এর পাশাপাশি হাইল হাওরের তীরের কাছে শীতকালীন সবজি চাষ করা শুরু করি। আমার জমিতে উৎপাদিত সবজি বিক্রি করে মাসে প্রায় ৫০-৬০ হাজার টাকা আয় করতে পারি। শীতকালীন সবজি চাষ করে আমি সফল হয়েছি।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিলুফা ইয়াছমিন মোনালিসা সুইটি বলেন, কৃষকরা ধীরে ধীরে সবজি চাষে ঝুঁকছেন। শীতকালীন সবজি কৃষকরা লাভবান হওয়ায় অগ্রহ বাড়ছে অন্যদের মধ্যেও।

শুধু সবুজ মিয়া নয়, হাইলহাওরের তীরঘেঁষা পুরো কান্দিপারা গ্রামের বেশিরভাগ কৃষকই শীতকালীন সবজি চাষ করে আসছেন বহুকাল থেকে। আমরা কৃষকদের মাঠ পর্যায়ে গিয়ে সহযোগিতা করছি। কৃষকরা বাণিজ্যিকভাবে সবজি চাষ করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হতে পারছেন।

ফুলবাড়ীতে ৯ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ মাস বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা  পুলিশ। সোমবার রাত ৩ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামে ওই শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আব্দুর রহমান। সে ওই গ্রামের লিমন ইসলাম ও মৌসুমি বেগম দম্পতির একমাত্র সন্তান। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করে সোমবার দুপুরে পুলিশ ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।

নিহত শিশুর মা মৌসুমি বেগম বলেন, চার – পাঁচদিন ধরে আমার বাচ্চাটি জ্বর, শ্বাসকষ্ট ও মুখের ঘা রোগে ভুগছে। স্থানীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে তার। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে সে খুব কান্নাকাটি করে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। এসময় তার বাবা বাড়ীতে ছিলেন না। আমি বাচ্চাকে বিছানায় শোয়ায়ে রেখে রান্না ঘরে যাই। রান্না শেষে রাত ৯ টার দিকে ঘরে এসে দেখি আমার বুকের ধন মারা গেছে।

নিহত শিশুর দাদী হাছিনা বেগম জানান, নাতিটা কয়েকদিন থেকে অসুস্থ। গতকাল রাতে ছেলের বউয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সে মারা গেছে।

স্থানীয় রাবিয়া বেগম, রুবিনা খাতুন ও হাশেম আলী বলেন, বেশকিছু দিন থেকে শিশুটি নানান রোগে ভুগছে। গতকাল রাতে চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি শিশুটি মারা গেছে। পরে রাতে পুলিশ এসে শিশুটির লাশ থানায় নিয়ে গেছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ৯৯৯ এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে শিশুটির মৃত্যুর সঠিক কারন উদঘাটন করা সম্ভব হয়নি। তাই মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

নাসের রহমানসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের ওপর শনিবার দুপুরে যুবলীগ-ছাত্রলীগের অর্তকিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১২ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের গুহ রোড-ভানুগাছ রোড প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন-জেলা যুবদলের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান মারুফ, সহ-সভাপতি মকবুল হোসেন রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ, যুবদল নেতা ভুট্টু আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান নওশাদ, সৈয়দ মোরশেদ সালেহীন নাবিল, পৌর যুবদলের সদস্য কুতুব আহমেদ ফাহিম,উপজেলা ছাত্রদল নেতা ইমরান খান ও শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমসহ উপজেলার নেতৃবৃন্দের আরো অনেকে।

সমাবেশে বক্তারা যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার হরণকারী অবৈধ ফ্যাসিষ্ট সরকারের সাধারণ মানুষের প্রতিবাদের মিছিল যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঠিক তখনই নিজেদের গদি রক্ষার জন্য সর্বশেষ অপচেষ্ঠার পথ খুঁজে নিয়ে মানবন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দান ও হামলা মামলা করছে।

তারা বলেন-গত শনিবার দুপুরে মৌলভীবাজারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচীর শুরুর প্রাক্কালে কর্তৃত্ববাদী এই বাকশালী সরকারের পেটোয়াবাহিনী ছাত্রলীগ-যুবলীগের দেশীয় অস্ত্রশস্ত্র লাটিসোটা হাতে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি এম নাসের রহমানের ওপর হামলা চালায়। যাহা মৌলভীবাজার জেলাবাসীকে আহত করেছে। এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ অসংখ্য নেতাকর্মীদের ওপর হামলা করে গুরুতর আহত করে রাজপথ রক্তে রঞ্জিত করে রাজপথ রক্তে রাঙানো হয়েছে। বক্তারা অবিলম্বে এই কাপুরুষিত নগ্ন হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান

এবারের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান। আজ রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফলাফল ঘোষণার পর এ তথ্য জানিয়েছেন তিনি।

রাফসান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তিনি ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এবার ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন পরীক্ষার্থী।

এদিকে শিক্ষার্থীরা এবার তিনভাবে ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

<<< ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানুন>>>


 

পকিস্তানের লাহোরে আবারও ১৪৪ ধারা জারি

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আবারও ১৪৪ ধারা জারি করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে শনিবার (১১ মার্চ) গভীর রাতে এই ১৪৪ ধারা জারি করা হয়।

স্থানীয় সময় আজ রোববার (১২ মার্চ) লাহোরে ইমরানের ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের সমাবেশকে ঘিরে সহিংসতার আশঙ্কার কারণে লাহোরে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার। রোববারের এই সমাবেশের আগে শনিবার গভীর রাতে এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।

এ ছাড়া পাঞ্জাব সরকার সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে’ সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে।

এদিকে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘আইন নিজের হাতে তুলে না নেওয়ার’ অনুরোধ করেছেন। সংবাদ সম্মেলনে প্রাদেশিক রাজধানী লাহোরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, কাউকে এখানে জড়ো হতে বা জনসমাবেশ করতে দেওয়া হবে না।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তথ্যমন্ত্রী আমির মীর আরো উল্লেখ করেছেন, রোববার লাহোর শহরে এইচবিএল পিএসএলের একটি ম্যাচ, ম্যারাথন এবং একটি সাইকেল রেসও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি বলেছেন, এসব ইভেন্ট আয়োজনের পরিকল্পনা এক মাস আগেই করা হয়েছিল। আর তাই সেগুলো সেভাবেই আয়োজন করা হবে।

আমির বলেন, এসব ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সত্ত্বেও ইমরান ‘হঠাৎ’ তার রাজনৈতিক সমাবেশ ঘোষণা করেছেন। এছাড়া লাহোরে ১৪৪ ধারা জারির অন্যতম প্রধান কারণ হিসেবে পিএসএলের ক্রিকেট দলের নিরাপত্তা দেওয়ার বিষয়কে উল্লেখ করেছেন।

যদিও পিটিআই দাবি করেছে, পিএসএলের ম্যাচটি যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই তারা সমাবেশের রুট পরিবর্তন করেছে।

এর আগে গত ৮ মার্চ লাহোরে ইমরান খানের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিনও ১৪৪ ধারা জারি করে প্রাদেশিক কর্তৃপক্ষ। তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী বলছেন, নারী দিবস উপলক্ষে আওরাত মার্চ এবং একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আগেই ঘোষণা করা হলেও পিটিআই পরে সমাবেশের কথা ঘোষণা করে।

প্রাদেশিক এই তথ্যমন্ত্রী দাবি করেছেন, তারা পিটিআই নেতৃত্বকে তাদের রাজনৈতিক কর্মসূচি পরবর্তী তারিখে আয়োজনের অনুরোধ করলেও তারা তা করতে অস্বীকার করে। আর তাই সর্বশেষ ঘোষণার পর পিটিআইয়ের পক্ষ থেকে কোনও প্রতিরোধ করা হলে জারিকৃত ১৪৪ ধারার প্রয়োগ আরও বাড়ানো হবে সতর্ক করে দিয়েছেন আমির মীর। এছাড়া ৮ মার্চ ইমরানের সমাবেশে পিটিআই কর্মী বিলালের মৃত্যুর জন্য সরকার দায়ী বলে যে অভিযোগ উঠেছে সেটিও অস্বীকার করেন তিনি।

অবশেষে আটকা পড়লেন জিনের বাদশা

অবশেষে আটকা পড়লেন কথিত গুপ্তধন পাইয়ে দেওয়া জিনের বাদশা। দিনাজপুরের ঘোড়াঘাট থেকে কলসিভর্তি সোনাদানা ও গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই জিনের বাদশা ইমরান হোসেন কবিরাজকে আটক করেছে র‌্যাব।

গতকাল শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। ইমরান হোসেন ওই এলাকার মৃত আক্তার নবাব খানের ছেলে।

জয়পুরহাটে র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, একমাস আগে জয়পুরহাট জেলা সদরের সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যক্তি কথিত জিনের বাদশা ইমরান কবিরাজের কাছে চিকিৎসা নিতে যায়। একপর্যায়ে ইমরান জিনের মাধ্যমে তার চিকিৎসা দিয়ে রোগ নিরাময় ও অনেক ধনসম্পদ, গুপ্তধন পাইয়ে দেবে বলে আশ্বাস দেয়। শর্ত হিসেবে তাকে ৫ লাখ টাকা অগ্রিম দিতে হবে বলে জানায়।

তিনি জানান, ভুক্তভোগী কবিরাজকে ৩ লাখ টাকা দিয়ে গুপ্তধন পাওয়ার পর ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকা নেওয়ার পর কবিরাজ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে ফোন বন্ধ করে রাখে। পরে ভুক্তভোগী জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সাহায্যে কবিরাজের অবস্থান শনাক্ত করে। শনিবার অভিযান চালিয়ে তাকে প্রতারণার বিভিন্ন উপকরণসহ আটক করা হয়।

তিনি আরও জানান, ইমরান হোসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে বিকাশ, নগদ ও অন্যান্য মাধ্যমে জিনের কলসি ভর্তি সোনাদানা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে স্বীকার করে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ চলছে ইসরায়েলে

ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ চলছে ইসরায়েলে। নেতানিয়াহুর আইনী সংস্কার পরিকল্পনার প্রতিবাদ আর বিক্ষোভে ফেটে পড়ছে তেল আবিব। দেশটির কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে বিক্ষোভ সমাবেশে।

গত ১০ সপ্তাহ ধরে ইসরায়েলজুড়ে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। জানা গেছে, রেকর্ড সংখ্যক মানুষ হাইফা শহরে বিক্ষোভে অংশ নেন। একই সঙ্গে তেল আবিবে বিক্ষোভে জড়ো হন ২ লাখের বেশি মানুষ।

সমালোচকরা বলছেন, এই আইনী সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো।

ইসরায়েলের নতুন সরকার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেওয়ার ক্ষমতার বিষয়ে প্রস্তাব এনেছে। বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার। এরই জেরে চলছে প্রতিবাদ। এই সংস্কার বিরোধীদের দাবি, প্রস্তাব পাস হলে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে।

বিক্ষোভের সমন্বয়কারীরা জানিয়েছেন, প্রায় ৫ লাখ গণতন্ত্রপন্থি বিক্ষোভকারী শনিবার দেশব্যাপী রাস্তায় নেমেছিল। এই প্রতিবাদ কর্মসূচিকে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ ‘দেশের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ’ বলে অভিহিত করেছে।

বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ের শেভাতে বলেন, দেশটি তার ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হচ্ছে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের ঢেউ আমাদের আঘাত করছে, আমাদের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে, দেশ থেকে অর্থপাচার হচ্ছে।

ইরান ও সৌদির চুক্তি স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, গতকাল সৌদি আরবের সঙ্গে ইরান একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। কিন্তু এই সরকারের একমাত্র চিন্তা ইসরায়েলি গণতন্ত্রকে চূর্ণ করা।