শক্তিশালী পাসপোর্ট তালিকায় ৫ধাপ এগোল বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ শক্তিশালী পাসপোর্ট তালিকায় ৫ধাপ এগিয়েছে বাংলাদেশ। সম্প্রতি দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচকে এ উন্নতি ঘটেছে বংলাদেশের।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, আগাম ভিসা ছাড়াই বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশ ভ্রমণ করতে পারেন। বর্তমানে ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৩তম। লিবিয়া ও কসোভো রয়েছে একই অবস্থানে।

এর আগে গত ২০২১ সালের অক্টোবরে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম।

আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারা দেশের সংখ্যার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক ১২ বছরেরও বেশি সময় ধরে প্রকাশ করে আসছে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। প্রতি ৩ মাসে একবার এ সূচক প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে মালদ্বীপ। তালিকায় দেশটির অবস্থান ৫৮তম। আগাম ভিসা ছাড়াই ৮৮টি দেশে যেতে পারেন মালদ্বীপের পাসপোর্টধারীরা। এছাড়া ভারতে অবস্থান ৮৩তম, ভুটান ৯০তম, শ্রীলঙ্কা ১০২তম, নেপাল ১০৫তম, পাকিস্তান ১০৮তম এবং তালিকার সবার নিচে ১১১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।

অন্যদিকে, তালিকার শীর্ষে অবস্থান করছে যৌথভাবে জাপান ও সিঙ্গাপুর। তাদের পাসপোর্ট দিয়ে ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়া যাওয়া যায়। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। তাদের পাসপোর্ট দিয়ে যাওয়া যায় ১৯০ দেশে।

এছাড়া, শক্তিশালী পাসপোর্টের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চারটি দেশ-ফিনল্যান্ড, ইতালি, স্পেন ও লুক্সেমবার্গ। তাদের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই ১৮৯টি দেশে যাওয়া যায়।

কক্সবাজারে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া-ডুলহাজারা সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৫জন আহত হয়েছেন।

আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে উপজেলার পাগলিরবিল মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি ওসমান আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী মালবাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুলহাজারা পাগলিরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ২জন নিহত হন।

এ সংবাদ পেয়ে থানাসহ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ : বিশ্বব্যাংক

অর্থনীতি ডেস্কঃ চলতি ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ এবং আগামী ২০২২-২০২৩ অর্থবছরে ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে।

গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, প্রবৃদ্ধি অর্জনের এই হিসাবে নেপাল ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও ভারতের চেয়ে পিছিয়ে থাকবে বাংলাদেশ। এতে আরও বলা হয়, চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ৩ শতাংশ, পাকিস্তানের ৩ দশমিক ৪ শতাংশ এবং নেপালের ৩ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, করোনা সংক্রমণ ও সরবরাহ চেইনে বিঘ্ন ঘটার জন্য বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি লক্ষণীয়ভাবে গতিহীন হয়ে পড়বে। এতে বৈশ্বিক প্রবৃদ্ধি চলতি বছর কমে ৪ দশমিক ১ শতাংশ হবে।

এছাড়া প্রতিবেদনে আরো বলা হয়, করোনা মহামারি সংকটে কমেছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। মারণ ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে আগামী দিনে বৈশ্বিক প্রবৃদ্ধি ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। ২০২৩ সালের মধ্যে প্রবৃদ্ধি আরও কমবে। করোনা সংকটে উন্নয়নশীল অর্থনীতিতে ‘হার্ড ল্যান্ডিং’র ঝুঁকির মধ্যে মুদ্রাস্ফীতি, ঋণ এবং বৈষম্যে অনিশ্চয়তা তীব্র হবে।

প্রসঙ্গত, ২০২১-২২ সালে একটি শক্তিশালী প্রত্যাবর্তনের পরে বিশ্ব অর্থনীতি সুস্পষ্ট মন্দার মধ্যে প্রবেশ করছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নতুন হুমকি হয়ে আসছে। মুদ্রাস্ফীতি, ঋণ এবং আয় বৈষম্য বৃদ্ধির ফলে যা উদীয়মান এবং পুনরুদ্ধারকে বিপন্ন করতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।

বলিউডে করোনার থাবায় আক্রান্ত বহু তারকা

বিনোদন ডেস্কঃ ফের ভারতজুড়ে করোনাভাইরাস চালাচ্ছে তার তাণ্ডবলীলা। ভাইরাসটির ডেল্টা ধরনের সঙ্গে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। করোনার থাবা থেকে বাদ যাচ্ছেন না দেশটির মন্ত্রী, রাজনীতিক এমনকি বলিউড তারকারাও। ইতোমধ্যে প্রায় ৩০ জন বলিউড তারকা করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ তালিকায় আছেন-অভিনেত্রী নাফিসা আলি, কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী মানবী গাগরু, ঈশা গুপ্তা, জন আব্রাহাম, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর, একতা কাপুর, জাহ্নবী কাপুর, নোরা ফতেহি, অমৃতা অরোরা, শিল্পা শিরোদকর, প্রিয়দর্শন, মধুর ভান্ডারকর, সোনু নিগম, বিশাল দদলানি, প্রেম চোপড়া, মিথিলা পালকর, আলেয়া এফ, নকুল মেহেতা, অর্জুন বিজলানি, বরুণ সুদ, শারদ মালহোত্রা, শিখা সিং, ম্রুণাল ঠাকুরসহ আরও অনেকে।

অন্যদিকে, টালিউডে করোনায় আক্রান্তের তালিকা বেশ দীর্ঘ হচ্ছে। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, দেব, সোহম, রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এদের মধ্যে উল্লেখযোগ্য।

মেজর সিনহা হত্যা মামলার রায় আগামী ৩১ জানুয়ারি

সিএনবিডি ডেস্কঃ আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি ঘোষণা করা হবে বলে আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের বিচারক আগামী ৩১ জানুয়ারি আলোচিত এ মামলার রায়ের দিন নির্ধারণ করেছেন।

এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে আসামি ওসি প্রদীপসহ এ মামলার ১৫ জনকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গত রোববার বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়ে চলে বুধবার (১২ জানুয়ারি) পর্যন্ত।

তিনি আরও জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের এই তারিখ ঠিক করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

পরে ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

নতুন বছরে ভুড়ি কমানোর সহজ পাঁচটি টিপস

লাইফস্টাইল ডেস্কঃ নতুন বছরের অনেকেই অনেক কিছু পরিবর্তনের সংকল্প নিয়ে থাকেন। ভুঁড়ি কমানো এই তালিকায় প্রথমের দিকেই থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাবা যতটা সহজ, করা ততটাই কঠিন।

তবে আসুন জেনে নিন নতুন বছরে ভুঁড়ি কমানোর ঘরোয়া কিছু উপায়-

১। পানি খান বেশি করে। অবাক শোনালেও স্বাস্থ্য রক্ষা ও ওজন কমাতে পানি পানের বিকল্প নেই। শরীরে জলের ভারসাম্য বজায় রাখা মেদ ঝরাতেও অত্যন্ত প্রয়োজনীয়। পানির সঙ্গে সঙ্গে, গ্রিন টি, লাল চা, দুধ ছাড়া কফি বা ফলের রসও স্বাস্থ্যের পক্ষে ভালো। পানি দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে আর অসময়ে অস্বাস্থ্যকর খাবারের থেকে আপনাকে দূরে রাখে।

২| অতিরিক্ত মিষ্টি খাবেন না। মিষ্টান্ন বা ডেসার্টে থাকে অসম্পৃক্ত তেল এবং প্রচুর পরিমাণে চিনি। চিনি আমাদের শরীরে থেকে যায় অনেক বেশি সময় ধরে এবং ওজন কমতে দেয়ে না। এরই মধ্যে পরে কার্বনেটেড পানীয়ও।

৩| প্রোটিনের পরিমাণ বাড়ান। প্রোটিন হজম হতে সময় লাগে, তাই অসময়ে খিদে পায় না এবং একই সঙ্গে শরীরকে দেয় তেজ ও শক্তি। মাছ, মাংস, ডিমের বাইরে প্রোটিন থাকে ডাল, কাঠবাদাম, সবুজ সবজি এবং ওটসে।

৪| লবনের পরিমাণ কমান। এই কাজটি বেশ শক্ত হলেও খুব কার্যকর। লবনের সোডিয়াম থেকে হয় ব্লোটিং, বা পেট ফুলে যাওয়া। আর তাতে কমে যায় শরীরের বিপাকীয় গতি যার জন্য ভুড়ি কমানো হয়ে ওঠে কষ্টকর।

৫| সময় অনুযায়ী খান এবং যথেষ্ট ঘুমান। শরীরচর্চা করায় এটাই প্রথম পদক্ষেপ। অসময়ে খেলে, বিশেষ করে রাতে, ভালো ভাবে হজম হয়ে না খাবার আর তাতে বাড়ে ভুড়ি। ভালো করে, যথেষ্ট ঘুম সুস্থ জীবনের চাবিকাঠি।

সূত্র : আনন্দবাজার।

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরো ২৭ লাখ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৩৬ হাজার।

আজ বুধবার (১২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৭ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৭ লাখ ৩৬ হাজার ৮০৪ জন।

এর আগে গতকাল ৪ হাজার ৫১২ জনের মৃত্যু এবং ১৯ লাখ ৮০ হাজার ৫৪৫ জন রোগী শনাক্ত হয়েছিল। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ১১ হাজার ৬৩১ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ১২২ জন। রাশিয়ায় মৃত্যু ৭৮৩ জন এবং আক্রান্ত ১৭ হাজার ৫২৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৮২১ জন এবং মৃত্যু ৩৭৯ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ২০ হাজার ৫৩২ জন এবং মৃত্যু ২৯৪ জন। ফ্রান্সে আক্রান্ত ৩ লাখ ৬৮ হাজার ১৪৯ জন এবং মৃত্যু ৩৪১ জন। জার্মানিতে আক্রান্ত ৬১ হাজার ২০৫ জন এবং মৃত্যু ৩৮৭ জন। ইউক্রেনে আক্রান্ত ৫ হাজার ৪২৯ জন এবং মৃত্যু ২১৯ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩৯ জন এবং আক্রান্ত ৭১ হাজার ৪৪৭ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৩৭ জন, পোল্যান্ডে ৪৯৩ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৯ জন, মেক্সিকোতে ৭৮ জন এবং ফিলিপাইনে ২১৯ জন মারা গেছেন।

অন্যদিকে, আগামী দুই মাসে ইউরোপের অর্ধেকের বেশি জনসংখ্যা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হবেন বলে গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা জানিয়েছে। ডব্লিউএইচওর ইউরোপিয়ান অঞ্চলের ৫৩টি দেশ ও এলাকার মধ্যে ৫০টিতে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে বলেও জানিয়েছে ডব্লিউএইচও।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে সংস্থাটি একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ঢাকাসহ ২ জেলা করোনা সংক্রমণে রেড জোন ঘোষণা

সিএনবিডি ডেস্কঃ প্রাণঘাতি মহামারি করোনাভাইরাস সংক্রমণে ঢাকাসহ ২ জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন ভুক্ত জেলা দুটি হল ঢাকা ও  রাঙামাটি। এ ছাড়া মধ্যম পর্যায়ের ঝুঁকিতে রাখা হয়েছে যশোরসহ সীমান্তবর্তী ৬ জেলাকে।

আজ বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- রাজশাহী, রংপুর, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, যশোর। এসব জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে। আর রেড জোনে থাকা দুই জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ থেকে ১৯ শতাংশ।

অন্যদিকে সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। আর পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে।

ক্ষীণ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- চাঁদপুর, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, বগুড়া, গাজীপুর, কক্সবাজার, কুষ্টিয়া, নীলফামারী, বরগুনা, শেরপুর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, নড়াইল, মেহেরপুর, ঠাকুরগাঁও, ফেনী, সিরাজগঞ্জ, জামালপুর, পিরোজপুর, বাগেরহাট, নারায়ণগঞ্জ, নওগাঁ, ঝালকাঠি, খুলনা, পটুয়াখালী, কুড়িগ্রাম, নরসিংদী, খাগড়াছড়ি, ঝিনাইদাহ, পাবনা, জয়পুরহাট, ফরিদপুর, বরিশাল, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, রাজবাড়ী, সিলেট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, কিশোরগঞ্জ, গাইবান্ধা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, মাগুরা, সুনামগঞ্জ, নেত্রকোনা, ভোলা, টাঙ্গাইল।

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ- এই ৩ ভাগে ভাগ করে থাকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। তবে রেড জোন বা উচ্চ ঝুঁকি মানেই রেড অ্যালার্ট জারি নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধায় স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ইমরান আলী (২১) ও শিশু আব্দুল্লাহ বিন নাঈম (৬) নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার আরডিআরএস অফিস সংলগ্ন বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে বলে যানা গেছে।

ঘটনাস্থলেই শিশু আব্দুল্লাহ বিন নাঈম (৬) নিহত হয়। এ সময় বাবা ফারুক সামান্য আহত হলেও উক্ত শিশুর চাচা ইমরান গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জরুরী উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মারা যান ইমরান।

শিশু নাঈম বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের বাসিন্দা ও হাতীবান্ধা সাব রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ফারুক হোসেনের পুত্র ও ইমরান আলী ওই এলাকার আব্বাস আলীর পুত্র বলে জানা যায়।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।

আজ ঢাকায় ডি-৮ সম্মেলন শুরু

জাতীয় ডেস্কঃ কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে আজ বুধবার (১২ জানুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে উন্নয়নশীল দেশের জোট বা ডি-৮ মন্ত্রিপর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন। কারোনার কারণে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সপ্তম ডি-৮ সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এখন ডি-৮ ফোরামের সভাপতি। এ কারণে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ।

এছাড়া, বাংলাদেশ বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ) সভাপতি। এ সম্মেলনে ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচারের প্রমোশন নিয়ে আলোচনা হবে, সেজন্যও এ সম্মেলনটি গুরুত্বপূর্ণ।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। ব্রিফিংকালে কৃষি সচিব সায়েদুল ইসলাম ও অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এ উচ্চ পর্যায়ের সম্মেলনে জোটের সদস্য দেশ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের কৃষি ও খাদ্য মন্ত্রীরা এবং সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এছাড়া, আইডিবি, এফএও, আইএফএডি, আইআরআরআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।

মন্ত্রী আর জানান, এবারের সম্মেলনের মূল আলোচনার বিষয় হলো- কৃষি ও খাদ্য নিরাপত্তা, ক্লাইমেট স্মার্ট কৃষির উন্নয়ন। এক্ষেত্রে জোটভুক্ত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে। কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে করণীয়, যৌথ কৃষি গবেষণা, যান্ত্রিকীকরণ, এঅ্যাগ্রো-প্রসেসিং, ব্লু ইকোনমি, সার উৎপাদন, বীজ, অ্যানিমেল ফিড, ভ্যালু চেইন উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোকপাত করা হবে।