ইনিংস ব্যবধানে হেরে শেষ হল বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

স্পোর্টস ডেস্কঃ ক্রাইস্টচার্চের হাগলি ওভালে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের মাধ্যমে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষ হলো। মাত্র ১২৬ রানে অলআউট হওয়ার পর ইনিংস পরাজয় এড়াতে করতে হতো আরও ৩৯৫ রান। কিন্তু লিটন দাসের সেঞ্চুরি ছাড়া আর কেউই বড় কোন ইনিংস খেলতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে এক ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ।

তৃতীয় দিনে ফলোঅন ফলোঅন করতে নেমে দলীয় ২৭ রানেই সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। এই ওপেনার ব্যাটার ২১ রান করে কাইল জেমিসনের বলে উইকেটরক্ষক টম ব্ল্যান্ডেলের হাতে ক্যাচ তুলে দেন। এর পর মোহাম্মদ নাঈম ও নাজমুল হোসেন শান্ত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। নাঈম ও শান্ত মিলে ৪৪ রানের জুটি গড়ে তুলেন দুজন। তবে ওয়াগনারের বলে ট্রেন্ট বোল্ডের হাতে ক্যাচ দিয়ে শান্ত ২৯ রান করে মাঠ ছাড়েন। এরপর দলের সংগ্রহ ১০০ হওয়ার পর নাঈম (২৪) বিদায় নেন সেই ওয়াগনারের শিকার হয়েই।

নাঈমের সঙ্গে জুটি গড়ে দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। কিন্তু জুটিতে ৩৪ রানের বেশি আসেনি। এরপর মুমিনুলও (৩৭) ওয়াগনারের বলেই বিদায়ী টেস্ট খেলতে নামা রস টেইলরের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। এরপর ৫ রান যোগ হতেই ওয়াগনারের তৃতীয় শিকার হয়ে ফেরেন তরুণ ব্যাটার ইয়াসির আলী (২)।

১২৮ রানে ৫ উইকেট হারানোর পর হাল ধরেন লিটন ও নুরুল। ধীরেসুস্থে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ান দুজনেই। এর মধ্যে লিটন আগ্রাসী ব্যাটিং করে তুলে নেন দারুণ এক ফিফটি। মাত্র ৬৯ বলে ফিফটির দেখা পান তিনি। এই ডানহাতি ব্যাটার ফিফটি আগে জেমিসনের এক ওভারে ২ চার ও এক ছক্কা হাঁকান। ফিফটির পর ট্রেন্ট বোল্টের ওভারে ৪ চারে নেন ১৬ রান।

নুরুল আশা জাগিয়েও ইনিংস লম্বা করতে পারেননি। কিউই মিডিয়াম পেসার ডেরিল মিচেলের বলে বাজে শট খেলে ওয়াগনারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এর আগে তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৩৬ রান। লিটন ও নুরুলের জুটিতে ১০১ রান আসে। এরপর মেহেদী হাসান মিরাজ ৩ রান করেই সাজঘরে ফেরেন।

মিরাজ বিদায় নিলেও লিটন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন মাত্র ১০৫ বলে। তবে সেঞ্চুরির পর খুব বেশিদূর যেতে পারেননি লিটন। জেমিসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ১৪টি চার ও ১ ছক্কায় ১০২ রান করে। যদিও রিভিও নিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও কাজ হয়নি। এরপর জেমিসনের বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শরিফুল ইসলাম (০)। আর বিদায়ী টেস্টে বল হাতে তুলে সবাইকে অবাক করে দিয়ে ওভারের তৃতীয় বলেই ইবাদত হোসেনের উইকেট তুলে নেন টেইলর। আর তাতেই গুঁটিয়ে যায় টাইগারদের ইনিংস।

এর আগে ৬ উইকেটে ৫২১ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১২৬ রানেই অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ।

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ এর মৃত্যু

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ (২৫) মারা গেছেন।

সোমবার (১০ জানুয়ারি) রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ।

উল্লেখ্য, আগে গত ২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলার মোড়ে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মালগ্রাম দক্ষিণপাড়ার রেজাউল ইসলামের ছেলে অরেঞ্জ এবং একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মিনহাজ হোসেন আপেল। অরেঞ্জের চোখের নিচে আর আপেলের পেটে গুলি লাগে।

এদের মধ্যে সংগঠনের জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক অরেঞ্জকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) হয়। সেখানে ৮দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ১১টার দিকে অরেঞ্জ মারা যান। এছাড়া এ ঘটনায় আহত আপেল নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ৩ জানুয়ারি দুপুর একটার দিকে বগুড়া সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে মোট ১২ জনের বিরুদ্ধে এ মামলা করেন অরেঞ্জের স্ত্রী স্বর্নালী আক্তার।

মামলায় উল্লেখ করা আসামীরা হলেন- বগুড়া মালগ্রামের একরাম হোসেনের ছেলে রাসেল আহমেদ (৩২), রাসেলের ছোট ভাই রাছানী (২৭), শহরের ডাবতলা মোড় এলাকার মৃত রহমান ফকিরের ছেলে খাইরুল ইসলাম (৪৮), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে সুমন (২০), বেলতলা এলাকার মতিন শেখের ছেলে শাকিব (২২), মালগ্রাম এলাকার জাকির হোসেনের ছেলে হাবিব (২৪) এবং একই এলাকার আইনুল কসাইয়ের ছেলে টিপু (২৬)।

এছাড়াও অজ্ঞাতনামা ৪ থেকে ৫জনকে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মামলার ৭ নম্বর আসামী টিপুকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়া সদর থানার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, অরেঞ্জ মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আর এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজারের টেকনাফে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধার করা এসব মাদকের দাম আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের বলে জানিয়েছে বিজিবি।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়। পরে চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের দাম ১০ কোটি টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদককারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

দেশের উন্নয়নকে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না : মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি বলেন, চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাঁর দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনামতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতৃবৃন্দ শেখ হাসিনার প্রশংসা করছেন।

পরিবেশমন্ত্রী সাহাব উদ্দিন, ১০ জানুয়ারী সোমবার মৌলভীবাজারের বর্ণি ইউপি অফিস (ফকিরের বাজার) মনারাই মনাদি বাজার রাস্তার পার্শ্ববর্তী বরুদল নদীর উপর ৬৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দেশের মানুষের সার্বিক অবস্থার উন্নতির কথা উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, মানুষের প্রয়োজনে রাস্তা, ব্রিজ, হাসপাতাল, বিদ্যুৎ, ব্যাংক সবই নির্মাণ করা হচ্ছে। দেশে কেউই আর ভূমিহীন, গৃহহীন থাকছে না। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে, বেকার সমস্যার সমাধান হবে।

মন্ত্রী বলেন, ৭কোটি টাকা ব্যয়ে এখানে ব্রিজ নির্মাণের ফলে অনেকের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। মন্ত্রী এসময় স্থানীয় জনগণের চাহিদা মতো উন্নয়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

এরপূর্বে মন্ত্রী ফকিরের বাজার-দাসের বাজার রাস্তা হতে গোডাউন বাজার রাস্তা ভায়া হয়ে উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভারম্ভ করেন।

নওগাঁয় ভূর্তকীর পাওয়ার থ্রেসার মেশিন সরবরাহে কৃষি কর্মকর্তা ও নিবন্ধিত ওয়ার্কশপ মালিকদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি ভূর্তকীর পাওয়ার থ্রেসার মেশিন (মাড়াই মেশিন) সরবরাহে দাম বেশী ধরা সহ দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা ও নিবন্ধিত ওয়ার্কশপ মালিকদের বিরুদ্ধে।

মেশিনের দাম বেশী ধরার প্রতিবাদ করায় বরাদ্দকৃত ভূর্তকীর সুবিধা বাদ দেওয়া হয়েছে। ৯ জানুয়ারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন ভূর্তকী বঞ্চিত উদ্যোক্তা আশরাফুল ইসলাম। তিনি জেলার বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মৃত ছামসুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষিতে চাষাবাদে কৃষকদের সুবিধার জন্য সরকার ভূর্তকীর ব্যবস্থা করেছে। কৃষিকে আধুনিকায়ন করতে চলতি অর্থ বছরে জেলার বদলগাছী উপজেলায় ১০টি পাওয়ার থ্রেসার মেশিন বরাদ্দ দেয়া হয়েছে। যার একটি ওই উদ্যোক্তার নামে। বরাদ্দ আসার পর অফিসে যোগযোগ করলে উপজেলা কৃষি অফিসার জানান কৃষি মন্ত্রনালয় হতে নিবন্ধনকৃত ওয়ার্কশপ হতে ক্রয় করতে হবে।

জেলায় ৮০টির মত পাওয়ার থ্রেসার মেশিন তৈরীর ওয়ার্কশপ থাকলেও মাত্র দুইটি ওয়ার্কশপ এর নিবন্ধনভুক্ত। যা পত্নীতলা উপজেলার নজিপুর বাজারের এম.আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও ভাই-ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দুজনই সম্পর্কে আপন চাচা-ভাতিজা ও পত্নীতলা উপজেলা কৃষি অফিসের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার আত্নীয়। কৃষি অফিসের তথ্যানুযায়ী উদ্যোক্তা আশরাফুল ওই দুই ওয়ার্কশপে যোগাযোগ করেন। সময় উপযোগি পাওয়ার থ্রেসার মেশিনের দাম ২ লাখ ৭৫ হাজার টাকা দাম বলে জানানো হয়। যেখানে সরকারের ভূর্তকীর ১ লক্ষ ১৫ হাজার টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকা দাবী করা হয়। অথচ একই মানের একটি পাওয়ার থ্রেসার মেশিন অন্য ওয়ার্কশপগুলো ২ লক্ষ ৪০হাজার হতে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। নিবন্ধিত ওয়ার্কশপ দুইটির নির্ধারিত দামের তুলনায় ৩০ হতে ৩৫ হাজার টাকা কম। বিষয়টি জানিয়ে কিছু দাম কমানো জন্য অনুরোধ করলে তারা পরিস্কার জানিয়ে দেয় এক টাকাও কমাতে পারবে না। কেননা ভূর্তকীর টাকা উত্তোলনের জন্য উপজেলা কৃষি অফিসারসহ দপ্তরের বিভিন্ন জায়গায় ফাইল স্বাক্ষর করাতে অতিরিক্ত টাকা খরচ হবে।

অভিযোগকারী আশরাফুল ইসলাম বলেন, কৃষি শ্রমকে আধুনিক যন্ত্রের মাধ্যমে সহজলভ্য করার লক্ষ্যে উদ্যোক্তা হওয়ার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে জমি চাষকে সহজলভ্য করতে চাষের জন্য ট্রাক্টর কিনে কৃষকদের সেবা দেওয়া ও স্বল্পমূল্যে গভির নলকূপের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা করেছি। ভূর্তকীর পাওয়ার থ্রেসার মেশিনের জন্য কৃষি অফিসে যোগাযোগ করা হলে আমার নামে একটি বরাদ্দ আসে। পরবর্তীতে মেশিনটি ক্রয়ের জন্য নিবন্ধিত ওয়ার্কশপে যোগাযোগ করা হলে বাজার তুলনায় অতিরিক্ত দাম চাওয়া হয়। দাম কিছুটা কমানোর জন্য উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়ে দেন ২ লাখ ৭৫ হাজার টাকার নিচে কোন কম হবে না। আর এ বছর প্রকল্পের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। চাইলেও আর ভূর্তকীর সুবিধে নিতে পারবেন না। আগামী বছর নিতে পারেন বলে জানানো হয়।

তিনি বলেন, বাজার মূল্যের চাইতে দাম বেশি ধরার প্রতিবাদ করায় আমাকে ভূর্তকীর সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আমি এর প্রতিকার চাই। জেলার সকল ভূর্তকী সুবিধাভোগির নিকট হতে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার সুব্যবস্থা গ্রহনসহ দূর্নীতির সঙ্গে জড়িত কৃষি কর্মকর্তা ও ওয়ার্কশপ মালিকদের বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।

ভাই-ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক হারুনুর রশিদ বলেন, নিবন্ধনের বিষয়ে কিছু জানতে চাইলে আপনারা উপজেলা কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। দাম বেশী ধরার কারণ মূলত আপনারা তো বোঝেন অনেক খরচাপাতি আছে। এখানেও ভেজাল ভাই। সব কথা তো বলা যায় না। আপনাকে বুঝে নিতে হবে।

এম.আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মো. রবিউল ইসলাম বলেন, আমি যেসব যন্ত্রাংশ দিয়ে মাড়াই মেশিন তৈরী করছি যা অন্য কেউ ওই দামে তৈরী করতে পারবে না। তবে আমার পক্ষে কম দামের মধ্যে তৈরী করা সম্ভব না। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী বলেন, ভূর্তকীর বেঁধে দেওয়া সময় মত মেশিন ক্রয় করতে পারেনি এটা তার ব্যার্থতা। আর দাম কম-বেশী ধরার বিষয়ে আমার কিছু করার নেই। অধিদপ্তর ও নিবন্ধিত ওয়ার্কশপ মালিকরা এ বিষয়ে ভাল বলতে পারবেন।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ বলেন, অভিযোগ পেয়েছি। তবে সময়ের মধ্যে অভিযোগকারী মাড়াই মেশিন নিতে পারেননি। মেশিন নিতে না পারায় তিনি বিভিন্ন অভিযোগ করছেন। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।

চলতি বছরের মার্চেই করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রনের টিকা আনছে ফাইজার

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের মার্চেই করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে লক্ষ্য করে তৈরি টিকা আনা সম্ভব হবে বলে আশা করছে ফাইজার। মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা স্থানীয় সময় সোমবার সিএনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এরই মধ্যে ফাইজার ওমিক্রন থেকে সুরক্ষাদানকারী টিকাটির উৎপাদন শুরু করেছে বলেও জানিয়েছেন সিইও অ্যালবার্ট বোরলা।

বোরলা বলেন, ‘মার্চেই এই টিকা প্রস্তুত হয়ে যাবে। আমরা এখন নিজেদের ঝুঁকিতে একটা পরিমাণ টিকা উৎপাদন করছি।’

অ্যালবার্ট বোরলা বলেন, দেখা গেছে, বর্তমান টিকায় তৃতীয় ডোজ নিয়েও ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা মিলছে না। ফাইজার আশা করছে, ১০০ দিনের মধ্যে ফাইজার বিশেষভাবে ওমিক্রনের জন্য তৈরি টিকাটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে উৎপাদন করতে পারবে।

এদিকে সোমবার (১০ জানুয়ারি) পৃথক সাক্ষাৎকারে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেন, ওমিক্রন এবং অন্যান্য নতুন ধরনগুলোর জন্য কোম্পানিটি বুস্টার ডোজ তৈরি করছে এ বছরের মধ্যে।

ব্যানসেল আরও বলেন, ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরের জন্য শক্তিশালী বুস্টারের জন্য আমাদের কৌশল কী হবে, সে বিষয়ে আমরা বিশ্বের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি। ভাইরাসটির পেছনে নয়, আমাদেরকে সতর্কতার সঙ্গে ভাইরাসটি থেকে এগিয়ে থাকা জরুরি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনায় আক্রান্তদের মধ্যে ওমিক্রন ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউসের প্রধান চিকিৎসাবিষয়ক উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি গত ডিসেম্বরেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রে প্রধান ভ্যারিয়েন্ট হতে যাচ্ছে ওমিক্রন। এ জন্য ওমিক্রন-বিশেষায়িত টিকা প্রয়োজন, সে কথা বলেননি তিনি। তবে বুস্টার ডোজ নেওয়ার প্রতি গুরুত্বারোপ করে আসছেন ড. ফাউচি।

সাংসদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে রহিমপুর ইউনিয়নের নৌকার প্রধান নির্বাচনী অফিস ও স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মাধবপুর বাজার ও পাত্রখোলা চা বাগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারী) বিকাল ৪টায় মাধবপুর বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাধবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আসিদ আলী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ণ সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, মতিউর রহমান, মতুর চাষা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান, যুবলীগ নেতা আরিফ মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

এর পর বিকাল সোয়া ৫টায় পাত্রখোলা চা বাগানে মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে পৃথক আরেকটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ৬ বারের নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

উল্লেখ্য, মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল শহরে ফেরার পথে উপজেলার মুন্সীবাজারে গত ২রা জানুয়ারি রাত ১০টায় ৫ম ধাপের রহিমপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রধান নিবার্চনী কাযার্লয় ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হামলা চালান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার ও তার কর্মীসমর্থক গোষ্ঠী। হামলায় এমপি অক্ষত অবস্থায় থাকলেও দুপক্ষের সংঘর্ষে স্থানীয় এমপির গানম্যান, গাড়ি চালক ও ব্যক্তিগত একান্ত সহকারীসহ ৭জন আহত হন। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সংসদ সদস্যের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল। এ ঘটনায় দায়ের করা মামলায় গত রোববার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে মামলার প্রধান আসামি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জুনেল আহমেদ তরফদারসহ ৬ জনের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছে আদালত।

রাজধানীর মতিঝিলে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদকঃ আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা এবং দীল বাহার।

এ বিষয়ে ডিবি লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ওই ৩ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের নামে মতিঝিল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে আজই তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর করোনায় বাবা হারানো শিশু মরিয়মের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় শিশু মরিয়ম খাতুনের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাভি-বাছুর দিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। গেল রোববার বিকালে উপজেলার নীতপুর ইউনিয়নের চকবিষ্ণুপুর কলনীবাজার গ্রামে শিশুটির মা তানজিলা বেগমের হাতে দুটি গাভি ও দুটি বাছুর এবং একমাসের পশুখাদ্য তুলে দেওয়া হয়।

এ ছাড়া প্রশাসনের উদ্যোগে গরু রাখার জন্য বাড়ির সঙ্গে একটি শেডও (গোয়ালঘর) তৈরি করে দেওয়া হয়েছে।

পরিবারটিকে সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, ‘সমাজে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়। এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা চেয়েছি, পরিবারটির জন্য স্থায়ীভাবে আয়বর্ধক কিছু একটা করে দিতে। সেই সিদ্ধান্ত থেকে অসহায় পরিবারটিকে দুটি গাভি ও দুটি বাছুর উপহার দেওয়া হলো। আশা করি গাভি-বাছুর লালন-পালন করে তারা স্বাবলম্বী হতে পারবে। এ ছাড়া মরিয়মের মায়ের জন্য বিধবাভাতারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’

২০২১ সালের ৫ জুলাই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের পাশে একটি শিশুর আর্তনাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিতে দেখা যায়, শিশু মরিয়ম তার বাবার লাশের পাশে বসে অনবরত কাঁদছে। সে সময় পরিবারের আর কেউ না থাকায় সে একাই বাবার লাশ পাহারা দিচ্ছে। ওই ভিডিওর সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে অনেকেই শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেন।

উপহার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

‘মুজিব’স বাংলাদেশ কনসার্ট’ মৌলভীবাজারে অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় কনসার্ট (১০ জানুয়ারী) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়। ক্লোজআপ শিল্পী ও ব্র‍্যান্ড দলের গান পরিবেশনার পাশাপাশি সরকারি শিশু পরিবারের শিশুরা এ আয়োজনে নৃত্য পরিবেশনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। এছড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মোছা. হাজেরা খাতুন।
আলোচনা সভা শেষে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন সদর উপজেলার ইউএনও ও ক্লোজ আপ তারকা সাবরিনা রহমান বাঁধন, মৌলভীবাজারের ব্যান্ড দল টিউনস এবং আইরিন মুন্নি। অনুষ্ঠানে উপস্থাপনা করেন জেলা শিশু কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।