বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে হুইলচেয়ার পেয়ে ৫ প্রতিবন্ধী চরম খুশি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত সোমবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ জন শারীরিক প্রতিবন্ধীকে ৫ টি হুইলচেয়ার দেয়া হয়েছে।

এদিন রাতে রাণীশংকৈল ডাক বাংলার নৈশ প্রহরী কামাল হোসেনকে প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার দিয়ে আসেন পৌরমেয়র মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের, কাউন্সিলর রুহুল আমীন, মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী উপস্থিত ছিলেন। কামাল সম্প্রতি পায়ে আঘাত পেয়ে বিছানায় পড়ে ছিলেন।

এর আগে এদিন সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শারীরিক প্রতিবন্ধী রায়হান (১৫) মেহেদী (১১) মেরিনা (১৩)ও বিশ্বজিৎ (৬) নামে ৪ জনকে চারটি হুইলচেয়ার ইউএনও’র প্রতিনিধি হিসেবে তাদের বাড়িতে পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ , প্রেসক্লাব (পুরাতন) এর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

সুবিধাভোগীদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউএনওকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

কাজাখস্থানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৬৪, আটক কয়েক হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ কাজাখস্তানে গত কয়েকদিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের জেরে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের দমাতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে ব্যাপক ধরপাকড়। কাজাখস্তানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সব মিলিয়ে সহিংসতার ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক বিদেশিসহ প্রায় ৬ হাজার মানুষকে আটক করা হয়েছে।

গত ২ জানুয়ারি জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় কাজাখস্তানে। পরে আরও কিছু দাবি আন্দোলনে যুক্ত হয়। একপর্যায়ে তা রূপ নেয় সহিংসতায়।

বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী আসকার মামিন। দেশজুড়ে জারি হয় দুই সপ্তাহের জরুরি অবস্থা। এতেও দমানো যায়নি বিক্ষুব্ধদের। এমন পরিস্থিতিতে আলমাতি শহরে চালানো হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। বলা হচ্ছে, ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর এমন পরিস্থিতি দেখেনি দেশটির জনগণ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে জানায়, রক্তক্ষয়ী এই সহিংসতায় আনুমানিক ১৯৮ মিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে। শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংক হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে এবং প্রায় ৪০০ যানবাহন ধ্বংস করা হয়েছে।

কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক জানায়, সহিংসতায় দুই শিশুসহ মোট ১৬৪ জন নিহত হয়েছেন। দেশটির প্রধান শহর আলমাতিতে সহিংসতা মারাত্মক আকার ধারণ করে। সেখানে ১০৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিক্ষোভ দমাতে দেশজুড়ে বড় পরিসরে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী নুর সুলতানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো।

এর আগে কাজাখস্তানে নিরাপত্তা বাহিনীকে সরকারবিরোধী বিক্ষোভকারীদেরকে কোনো রকম সতর্কতা ছাড়াই দেখামাত্র গুলির করার নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলান টুরগুমবায়েভ জানিয়েছেন, অবস্থা স্থিতিশীল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসবিরোধী আভিযান চালানো হচ্ছে।

দেশে আরও ৯ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

সিএনবিডি ডেস্কঃ দেশে আরও ৯ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশে মোট ৩০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। নতুন এই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআর,বি।

জানা গেছে, নতুন শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে ৩জন পুরুষ এবং ৬জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। গেল ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এর আগে ৮ জানুয়ারি ১জনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর ৩জনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ১জন ও একইদিন রাতে ৩জনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দেশে সর্বপ্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। বর্তমানে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফেসবুক-গুগলকে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গুগলকে তাদের ব্যবহারকারীদের ওপর নজর রাখায় ২১ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স সরকার। যা বাংলাদেশী মুদ্রায় ২ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার মতো। ‘কুকিস’ ব্যবহারে এ জরিমানা করা হয়েছে। ‘কুকিস’ ব্যবহার করে তাঁরা তাদের ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছিল বলে দাবি করেছে ফ্রান্স সরকার। ফলে গুগল ও ফেসবুক ছাড়াও ইউরোপজুড়ে চাপে পড়েছে অ্যাপল ও আমাজনের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

নতুন জরিমানার মোট অর্থের মধ্যে শুধু গুগলকে গুনতে হবে ১৫ কোটি ইউরো। ফ্রান্সের ইতিহাসে এর আগে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে এত জরিমানা করা হয়নি। ফেসবুকে জরিমানা গুণতে হবে ছয় কোটি ইউরো।

ইন্টারনেট ব্যবহারকারীরা কম্পিউটার বা মুঠোফোন থেকে কোনো ওয়েবসাইটে ঢুকলে এ-সংক্রান্ত কুকিস ওয়েব ব্রাউজারে সংরক্ষিত হয়ে থাকে। এগুলো গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছে বেশ মূল্যবান। কারণ ব্যবহারকারীদের এসব তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপন দিয়ে বিশাল অঙ্কের মুনাফা কামিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এর মধ্য দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জরিমানা নিয়ে সিএনআইএল বলছে, ফ্রান্সে ফেসবুক, গুগল ও ইউটিউব ব্যবহারকারীদের কুকিসের ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ রাখেনি। ফলে একপ্রকার বাধ্যতামূলকভাবেই তা চলে যাচ্ছে প্রতিষ্ঠানগুলোর হাতে। ফেসবুক ও গুগলের এই চর্চা থামাতে তিন মাস সময় দেওয়া হয়েছে। এরপরও আগের পথে হাঁটলে তাদের প্রতিদিনের জন্য ১ লাখ ইউরো জরিমানা দিতে হবে।

ফ্রান্সের এমন কড়া পদক্ষেপের পর অবশ্য কুকিস ব্যবহারের চর্চা বদলের ইঙ্গিত দিয়েছে গুগল। এএফপিকে বিষয়টি নিশ্চিতও করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: এএফপি।

কুষ্টিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষ, নিহত ৪

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলায় বটতৈল দক্ষিণপাড়া এলাকায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

আজ সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)।

এ ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ চারটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত হন। পরে মরদেহ চারটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১২৬ রানে

স্পোর্টস ডেস্কঃ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড পেসারদের তোপে ধ্বস নেমেছে বাংলাদেশ দলের ব্যাটিং এ। প্রথম ইনিংসেই তারা গুটিয়ে গেছে মাত্র ১২৬ রানে। সফরকারীরা পিছিয়ে আছে ৩৯৫ রানে।

বাংলাদেশ দল মাত্র ১১ রান তুলতে হারায় টপ অর্ডারের ৪ উইকেট! কিছুই করতে পারেননি সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল। নাঈম তো অভিষেক টেস্টের প্রথম ইনিংস মোটেও স্মরণীয় করতে পারলেন না। সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এর সাথে শান্তও ব্যর্থতার মিছিলে যোগ দেন। বোল্টের দ্বিতীয় শিকার হয়ে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

দলের এ অবস্থায় অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব ছিল মুমিনুলের। কিন্তু তিনি নিজেই রানের খাতা খুলতে পারলেন না! সাউদির বলে বোল্ড হয়ে ফিরেছেন খালি হাতে। ব্যর্থতার মিছিলে তার পর যোগ দেন লিটন দাস। বিগত ইনিংসগুলোয় ধারাবাহিক এই ব্যাটার ১৮ বল খেলে করতে পেরেছেন ৮ রান। তাকে ব্লান্ডেলের গ্লাভসবন্দি করিয়েছেন বোল্ট। মাত্র ২৭ রানে পড়েছে টপের ৫ উইকেট।

ইয়াসির আলী ও নুরুল হাসান মিলে প্রাথমিক ধাক্কা সামলানোয় দলীয় স্কোর শত রানের কাছে পৌঁছায়। কিন্তু দলীয় ৮৭ রানে টিম সাউদির দুরন্ত গতির কাছে পরাস্ত হতেই হয় নুরুল হাসানকে। লেগ বিফোরে আম্পায়ার আঙুল তুলে দেন সরাসরি। নুরুল হাসান রিভিউ নিলেও রক্ষা হয়নি। আম্পায়ার্স কলে বিদায় নিতে হয়েছে। ফেরার আগে ৬২ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন নুরুল হাসান। এই জুটিতে যোগ হয় গুরুত্বপূর্ণ ৬০ রান। তার পর মিরাজ ছিলেন শেষ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। কিন্তু অফস্পিনার অলরাউন্ডার টিকে থাকার ধৈর্য দেখাতে পারলেন না। ৩৩ বল খেলা এই ব্যাটারকে বোল্ড করেছেন ট্রেন্ট বোল্ট। আর এই উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেলেন কিউই পেসার।

একপ্রান্ত আগলে ইয়াসীর শুধু নিজের ব্যাটিং দক্ষতার প্রদর্শনী করতে পেরেছেন। তুলে নিতে পেরেছন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিও। তবে ৫৫ রান করার পর আগ্রাসী হতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন জেমিসনের বলে।৯৫ বল খেলা ইয়াসিরের ইনিংসে ছিল ৭টি চার। তার বিদায়ের পর শরিফুলও বোল্ড হলে ১২৬ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং ছিল ট্রেন্ট বোল্টের। ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ২৮ রানে ৩টি নিয়েছেন টিম সাউদি। ৩২ রানে দুটি নিয়েছেন কাইল জেমিসন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে রাজত্ব করেছে নিউজিল্যান্ড। ৬ উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণার পথে দুর্দান্ত ব্যাটিংয়ে ল্যাথাম খেলেছেন ২৫২ রানের ঝলমলে ইনিংস। বাংলাদেশের দুই পেসার শরিফুল ও এবাদত দুজনই পেয়েছেন ২টি করে উইকেট। আর ১ উইকেট শিকার করেছেন মিরাজ।

ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চির ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ নানা অভিযোগের মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার (১০ জানুয়ারী) দেশটির একটি আদালত এ রায় ঘোষণা করে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে ৬ ডিসেম্বর ‘গণ-অসন্তোষে’ উসকানি ও করোনাভাইরাসের আইন ভাঙার দায়ে প্রাকৃতিক দুর্যোগ আইনে সু চিকে চার বছরের কারাদণ্ড দেয় দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রণাধীন আদালত।

ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে দেশটির জান্তা সরকার বিভিন্ন অভিযোগে এক ডজনের বেশি মামলা করেছে। যদিও সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

মিয়ানমার সেনাবাহিনী সু চির বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি, প্রতারণা, করোনাভাইরাস মহামারিকালীন বিধিনিষেধ উপেক্ষা, অবৈধ ওয়াকিটকি আমদানিসহ নানা অভিযোগ তুলেছে। সর্বশেষ তার বিরুদ্ধে হেলিকপ্টার কেনা ও ভাড়া দেয়ায় দুর্নীতির অভিযোগও আনা হয়।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী; আটক করে শান্তিতে নোবেলজয়ী সু চি, প্রেসিডেন্ট উইন মিন্তসহ অনেককে। তাদের গ্রেফতারের পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে কঠোর হয় সেনাবাহিনী। দেশটিতে ১ হাজার ২০০-এর বেশি মানুষকে হত্যা এবং ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স।

নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলারডুবি: আরও ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ৬দিনের মাথায় নিখোঁজদের মধ্য থেকে আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে ভাসমান অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়।

এর আগে, গতকাল রবিবার নিখোঁজ ১০ যাত্রীর মধ্যে ৬জনের মরদেহ উদ্ধার করা হয়। সোমবারের উদ্ধার হওয়া ২জন নিয়ে মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদীতে ষষ্ঠ দিনের উদ্ধার কার্যক্রম শুরু করে। মরদেহ ভাসতে দেখে এক শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা মা ও সন্তান।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকালে ফতুল্লার বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ধলেশ্বরী নদীর মাঝখানে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগলে ডুবে যায় ট্রলারটি। এ সময় ৩০-৪০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও একই পরিবারের চারজনসহ আরও ৬ যাত্রী নিখোঁজ হন।

শিক্ষার্থীদের করোনার টিকা নিতে এখন থেকে লাগবে না নিবন্ধন

সিএনবিডি ডেস্কঃ এখন থেকে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে আর নিবন্ধন লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১২ বছরের ঊর্ধ্বে যেকোনো শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।

আজ সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে করোনার টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারো আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড অথবা ভর্তি ফরম দেখালে টিকা দেওয়া হবে। ১২ বছরের বেশি বয়সী যেকোনো শিক্ষার্থী টিকা কেন্দ্রে গেলে টিকা পাবে। এছাড়া আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলেও জানান তিনি।

ডা. দীপু মনি বলেন, যেভাবে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছিল সামনের দিনগুলিতে সেভাবেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা দেবে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।

তিনি বলেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোনো টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। পরিস্থিতি কঠিন না হলে সীমিত পরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে।

নৌকার প্রধান কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের গাড়ি বহরে হামলায় অভিযুক্ত ৬জন জেলে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহাদেব বাঁচাল।

আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও পরাজিত বিদ্রোহী প্রার্থী জুনেল আহমেদ তরফদার (৪৭), উপজেলা আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান চৌধুরী বাবর (৪৫), মিজানুর রহমান (৪৬), মুস্তাক আহমেদ মস্তান (৩৮), বেলাল মিয়া (৩৩) ও হারুনুর রশিদ (৩৮)।এর আগে এই মামলায় এজাহারভুক্ত দুই আসামি রাসেল মিয়া (৩২) ও ওয়াহিদ মিয়াকে (৩৭) পুলিশ গ্রেপ্তার করেছিল।

আদালত সূত্রে জানা যায়, অদ্য রোজ রোববার (৯ জানুয়ারি) দুপুরের শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ২৮ জন আসামি জামিন আবেদন করেন। এ সময় ২২ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও মামলার প্রধান আসামিসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মুন্সীবাজারে গত ২রা জানুয়ারি রাত ১০টায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংসদ সদস্যের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে ৪০ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।