দিনাজপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষ

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যালসংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। রেলগেট খোলা থাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেন চলে আসায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেললাইন থেকে পাশে উল্টে যায়। এ ঘটনার পর থেকে দিনাজপুরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

চীনে নির্মাণাধীন হাসপাতালের ভূমিধসে ১৪ শ্রমিক নিহত

আন্তুর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হাসপাতালের ভূমিধসে ১৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনার ঘটে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে এক হাজারের বেশি ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। ভূমিধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে প্রাদেশিক সরকার।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চল গুইঝৌ চীনের অনুন্নত প্রদেশ গুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তাহীনতা ও কর্মকর্তাদের অদক্ষ পরিচালনা নীতির কারণেই চীনে খনি ও নির্মাণস্থাপনা এলাকা এবং কল-কারখানায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, নির্বাচনের প্রার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুলকেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমের ৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ  ঘটনাস্থলে এসে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ২ জনকে আটক করে বিজিবি সদস্যরা। এ ছাড়া একই ইউনিয়নের দক্ষিণ করোলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় মহরম আলী নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

দীপ্ত টিভির চট্টগ্রাম প্রধান রুনা আনচারী গণমাধ্যমকে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী সংবাদ সংগ্রহ করার সময় কিছু যুবক আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। পরে তারা আমাদের বহনকারী গাড়িগুলো ভাঙচুর করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে।

করোনার নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত হলো ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশ ফ্রান্সে করোনা ভাইরাসের নতুন ধরন বি.১.৬৪০.২ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। নতুন এ ধরনটির নাম দেওয়া হয়েছে ‘আইএইচইউ’।

জানা গেছে, ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির গবেষকরা ১২ জনের নমুনায় ধরনটি শনাক্ত করেছেন, যারা আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে ভ্রমণ করেছেন।

গবেষকরা জানান, করোনাভাইরাসের ‘আইএইচইউ’ ধরনটিতে অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। তাই এর জন্য করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে। তবে নতুন ধরনটি কতটা সংক্রামক তা এখনও জানাননি গবেষকরা।

এক টুইটার পোস্টে মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং বলেন, করোনার নতুন ধরন একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে, সবগুলো ভয়ঙ্কর। মূল ভাইরাসের সঙ্গে মিউটেশন করে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে তা কতটা বিপজ্জনক হয়ে উঠবে।

সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া।

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১২

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১২জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খেয়াঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল ট্রলারটি। সকাল সাড়ে ৮টার দিকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মোহনার কাছে ঘন কুয়াশার মধ্যে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ এমভি সোবহানের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা যাত্রীদের অনেকে আশপাশের নৌযানের সহায়তায় এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু ১২ জনের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্বজনরা জানিয়েছেন।

তিনি আরো জানান,  ফায়ার সার্ভিসের ছয়জন ডুবুরি সেখানে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি নৌবাহিনী ও পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশিও চলছে। এখনও কারও মৃত্যুর তথ্য আমাদের কাছে নেই।

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলার বাঘেরা

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলার বাঘেরা। মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ল সাদা পোশাকে রঙিন মুমিনুল হকের দল। সকালের রক্তিম সূর্য উকি দেওয়ার আগেই যে রঙ ছড়িয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেটে। এ জয়টি যে বড্ড বেশি প্রয়োজন ছিল দেশের ক্রিকেটের জন্য। নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলার দামাল ছেলেরা।

এ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্টসহ তিন ফরম্যাটে মোট ৩৩ ম্যাচ খেলে একটি জয় না পাওয়া বাংলাদেশ অবশেষে জয়ের দেখা পেয়েছে। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে ৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইদের ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেলো প্রথম পয়েন্টের দেখা।

এই টেস্টের প্রথম থেকেই ব্যাটে-বলে কিউইদের শাসন করেছে বাংলাদেশ। বে ওভালে টস জিতে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। তবে ডেভন কনওয়ের ১২২, হেনরি নিকলসের ৭৫ ও উইল ইয়ংয়ের ৫২ রানে ভর করে প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে স্বাগতিকরা। ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ। ২ উইকেট নেন মুমিনুল হক আর ১টি উইকেট নেন এবাদত হোসেন।

কিউইদের ৩২৮ রানের জবানে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪৫৮ রান। মুমিনুল হকের ৮৮, লিটন দাসের ৮৬, মাহমুদুল হাসানের ৭৮ ও নাজমুল হোসেন করেন ৬৪রান। কিউই বোলারদের সামলে ১৩০ রানের লিড নেয় বাংলাদেশ। ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ৩ উইকেট নেন নিল ওয়াগনার।

১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা কিউই ব্যাটাররা চতুর্থ দিনেই খেই হারায় এবাদত, তাসকিনদের গতি আর নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে। চতুর্থ দিনের শেষ সেশনেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট। তবে রস টেলর ও উইল ইয়াং ৭৩ রানের জুটি গড়ে এগিয়ে নেন দলকে। ৫৪ ওভারে দলীয় ১৩৬ রানের মাথায় এবাদতের বলে ইয়াং ৬৯ রান করে ফেরার এক বল পরেই শূন্য রানে ফেরেন হ্যানরি নিকলস।

৫৬ ওভারের তৃতীয় বলে আবারও আঘাত এবাদতের টম ব্লান্ডেলকে ফেরান (শূন্য রানে) ১৩৬ রানের মাথায়। তাতে নিউজিল্যান্ডের দিন শেষ হয় ১৪৭ রানে ১৭ রানের লিড নিয়ে। কিউইদের একমাত্র ভরসা রস টেইলরকে পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই ৪০ রানে ফেরান এবাদত। টেইলরকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন এবাদত। এ ছাড়া ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পেসার রবিউল ইসলামের ৫ উইকেট নেওয়ার পর বাংলাদেশি কোনো পেসারের পাঁচ উইকেট পাওয়ার রেকর্ডও এটি।

টেইলরের বিদায়ের পর মাত্র ২২ রান যোগ করতেই সব উইকেট হারিয়ে ১৬৯ রানে শেষ হয় কিউইদের ইনিংস। এতে ৩৯ রানের লিড পায় স্বাগতিকরা। এবাদত নেন ৬ উইকেট, তাসকিন ৩টি ও মেহেদী মিরাজ নেন ১টি উইকেট।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম সাউদির করা ইনিংসের দ্বিতিয় ওভারে সাদমান ইসলাম বিদায় নেন ৩ রানে। এরপর ৩১ রানের জুটি গড়ে কাইল জেমিনসনের বলে ক্যাচ দিয়ে ১৭ রানে ফেরেন নাজমুল হোসেন। বাকিটুকু পথ পাড়ি দেন মুমিনুল-মুশফিক। মুমিনুলের ব্যাটে আসে ১৩, মুশফিক করেন ৫ রান। টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চার দিন দাপট দেখিয়ে পাওয়া এই জয় নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটের জন্য।

 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩২৮ ।

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫৮ ।

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ১৪৭/৫) ৭৩.৪ ওভারে ১৬৯ (টেইলর ৪০, রবীন্দ্র ১৬, জেমিসন ০, সাউদি ০, ওয়্যাগনার ০*, বোল্ট ৯*: তাসকিন ১৪-৩-৩৬-৩, শরিফুল ১২-২-৩০-০, মিরাজ ২২-৫-৪৩-০, ইবাদত ২১-৬-৪৬-৬, মুমিনুল ৪-০-৭-০) ।

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৪০) ১৬.৫ ওভারে ৪২/২ (সাদমান ৩, শান্ত ১৭, মুমিনুল ১৩*, মুশফিক ৫*; বোল্ট ৫-৩-৪-০, সাউদি ৫-২-২১-১, জেমিসন ৩.৫-১-১২-১, ওয়্যাগনার ৩-১-৪-০) ।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: এবাদত হোসেন চৌধুরি।

 

কুমিল্লায় আওয়ামীলীগ প্রার্থীর গাড়িতে তিন বাহিনীর স্টিকার!

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর প্রতিনিধি : কুমিল্লা চান্দিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আওয়ামী লীগের প্রার্থীর গাড়িতে বিজিবি,পুলিশ ও ডিবি পুলিশের স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদন্ড ও প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৫ জানুয়ারী)  সকাল সাড়ে  ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্র  থেকে তাকে আটক করা হয়।

এ সময় গাড়ি চালক মোহাম্মদ আলী (৩০) নামের এক গাড়ি চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবিনা ইয়াসমিন।

আটক গাড়ি চালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলাম এর ছেলে। নৌকা প্রতীক প্রার্থী আকুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

তিনি জানান, নৌকা প্রতীক প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশের ডিবি পরিচয়ের স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত ৪শ গজের মধ্যে প্রবেশ  করায় ভ্রাম্যমান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাকে আটক করেন। এসময় তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাজা ও জরিমানার ব্যবস্থা গ্রহণ করেন।

জীবন রক্ষার্থে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব শক্রুতার জের ধরে চৈত্রঘাটে নাজমুল হাসান নিহতের ঘটনায় নেপথ্যের কাহিনী তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

৪ জানুয়ারী বিকালে ভুক্তভোগী আংগুরা বেগম ও তার মেয়ে নার্গিস বেগম লিখিত বক্তব্যে জানান- গত ৩১ অক্টোবর নাজমুল হাসান সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার বড় ভাই শামসুল হক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা ( নং- ০১/১৮৩) দায়ের করেন। তার মৃত্যুর পর তাদের বাহিনীর লোকজন চৈত্রঘাট বাজারে আহাদ এন্ড সন্স নামীয় দোকানে ও গুদামে লুটপাট, নগদ টাকা, কাগজপত্র, বিভিন্ন প্রজাতির গাছ, পুকুরের মাছ লুট করে বিষ প্রয়োগ করে। এ ঘটনায় আদালতে মামলা হয়। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছেন। তাদের ভয়ে কেউ এই সমস্ত ঘটনার স্বাক্ষী দিতে চায় না। বিগত ৩রা নভেম্বর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িতে প্রবেশ করে নগদ ৫ লাখ ২০ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ন ও মুল্যবান মালামাল লুট করে এবং মেয়েদের শীলতাহানী করে। এর পর থেকেই এ পরিবারটি বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় আদালতে আংগুরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী আরো জানান যোদ্ধের সময় আঙ্গুরা বেগম এর ভাসুর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছমরু মিয়াসহ এলাকায় অনেক ঘরবাড়ি, দোকান লোটপাট ও অগ্নিসংযোগ করে নাজমুলের পরিবার। এ ঘটনা দেখে মোঃ আয়াজ উল হার্ড এ্যাটাক্ট করে মারা যান। তাদের এহেন আচরন এলাকার লোকজনদের অতিষ্ট করে তুলেছিল। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দ্বারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে জমি দখল, বালু উত্তোলন, খুন, রাহাজানী, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম অবনতিসহ পরিস্থিতির কারণে ১নং রহিমপুর ইউনিয়ন চেয়ারম্যানসহ পরিষদ বিগত ২১ জুন হারুনুর রশিদ, আল-আমিন, রুহুল আমিন, সাইফুল ইসলাম, ওয়াশিদ মিয়া, সাজু মিয়া, শাওন মিয়া, নাজমুল মিয়া, রোমান আহমদ, শামসুল মিয়া, হাছান আহমদ,শাহান মিয়া, আকলিছ মিয়া, ফারুক মিয়া, মো:মোস্তাকিনসহ ৮/১০ জনের বিরুদ্ধে র‌্যব-৯ শ্রীমঙ্গল, উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলগঞ্জ থানায় জরুরী ভিক্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহনের জন্য অনুরোধ করেন।

নাজমুলসহ তাদের গংদের বিরোদ্ধে মামলা (নং- ১২৬/১৪, (কমল), মামলা (নং- ১০/ ১৪ইং), মামলা (নং-১১/১৪ইং), মামলা (নং-২৭৫/১৪ কমলগঞ্জ), (মামলা নং-১৬/১৫ইং), (মামলা নং-১৭/১৪ইং) ও ১০৭ ধারায় মামলা,মামলা নং- ১৫৯/১৪, নারী ও শিশু নির্যাতন দমন ১৩৫/০৮, জি,আর-২৯/১৩,জি,আর-৫৯/১৩,সি,আর-২২৩/১২ইং,  মের্সাস আব্দুল আহাদ এন্ড সন্স প্রতিষ্টানে চাঁদা না দেওয়ায় আব্দুল মুমিন জুয়েল, তার ভাই রাসেল ও চাচাত্ব ভাই মাসুদকে অমানবিক ভাবে মেরে মৃত ভেবে পানিতে ফেলে দেয়। এ ঘটনায় (মামলা নং-১৬) দায়ের করা হয়। আব্দুল মোমিন জুয়েলকে মেরে পঙ্গু করে দেয়। তার পা হাড় কেটে ফেলে পাত লাগানো হয়। মামলায় জেলে থাকার কারনে পা টি নষ্ট হওয়ার আশংঙ্খা রয়েছে।

এই গংদের উপর একাধিক চাঁদাবাজি, ভূমি জবর দখল,টেন্ডার বাজি সহ একাদিক মামলা রয়েছে। চৈত্রঘাট বাজারে স,মিল, দোকান লুপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। জালাল মেম্বারের পুত্র নুরুল মিয়া তাদের অত্যাচারের বিচার না পেয়ে অভিমানে আত্মহত্যা করেন। জেলা প্রশাসন,

পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন- র‌্যাব-৯ এর ক্রসফায়ারে নিহত তোফায়েল মিয়া দীর্ঘ দিন যাবৎ দক্ষিন আফ্রিকা বসবাস করে আসছিলেন। উদ্দেশ্য প্রনোনীত ভাবে তাকে মামলায় জড়ানো হয়। তার বিয়ের ১১ দিনের মাথায় তিনি নিহত হন। নাজমুল হত্যার ঘটনায় যে বা যারা ঘটিয়েছে তার মূল কারন মৃত নাজমুলের অত্যাচারে এলাকার মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। এলাকার মানুষ তাদের চাঁদাবাজি, খুন খারাবিসহ জমি দখল ইত্যাদি বিষয়ে অতিষ্ট হয়ে উঠেছিল। এই বাহিনীর কাজ হলো এলাকায় কোন মারামারি বা ঝগড়া বিবাদ ঘটলে লুটপাট করা। নিহত নাজমুলের ঘটনায় ঢাকায় ও মৌলভীবাজারে র‌্যাব-পুলিশের পৃথক সংবাদ সম্মেলনে নাজমুল ও তার সহযোগীদের অতীত রেকর্ড ভালো ছিলোনা মর্মে স্বীকার করেছেন।

নওগাঁর আত্রাইয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বাষিকী পালন

নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আনোদলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়েছে মঙ্গলবার (৪ জানুয়ারী)।

বাংলা, বাঙ্গালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের চার জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বাষির্কী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ ছাত্র লীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ ভাষা আন্দোলন, ৫৪ প্রাদেশিক পরিষদের নিবাাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ছয় দফার পক্ষে গন অংশগ্রহনের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা হয়,৭০ নিবাচনে আওয়ামীলীগের নিরস্কুশ জয়লাভ এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভ’মিকা পালন করে।

৭৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রলীগ বিভিন্নকর্ম সূচি হাতে নেয়। সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয়পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী মসনদ স্বরুপের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শেখ হাফিজুর রহমান হাফিজ, রানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রাহিদ সরদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের সদস্য ফেরদৌসি ইয়াছমিন ডেজি,আত্রাই জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম কালু প্রমূখ।

আলোচনাসভা উপস্থাপনা করেন উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ। আলোচনা সভাশেষে কেক কাট হয়।

রাণীশংকৈলে বণার্ঢ্য আয়োজনে ছাত্র লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়।

এ  উপলক্ষে মঙ্গলবার ৪ জানুয়ারি  সকালে উপজেলা আ’লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে  ছাত্রলীগের উদ্যোগে পাঁচ শতাধিক নেতাকর্মিদের নিয়ে বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ওই চত্বরেই কেক কাটা হয়।

পরে জেলা ছাত্রলীগ সহ সভাপতি ও  প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয় মোস্তাফিজুর রহমান, সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির যুগ্ন আহবায়কবৃন্দ প্রমুখ।

এছাড়াও উপজেলা আ’লীগ, ছাত্রলীগসহ  অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মিদে মাঝে খাবার হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়।