ট্রাম্পের ছেলে ও মেয়েকে নিউইয়র্কের আদালতে তলব

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সন্তান বড় ছেলে ট্রাম্প জুনিয়র ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে তলব করেছেন নিউইয়র্কের একটি আদালত। নিউইয়র্ক আদালতের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের দুই সন্তানের ব্যবসায়ী সংক্রান্ত নথি চেয়ে তাদের তলব করেছেন।

স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) মার্কিন গণমাধ্যমগুলো ট্রাম্পের সন্তানদের আদালতে হাজির হওয়ার খবর প্রকাশ করে।

এর আগেও তাদের সম্পদের তথ্য চেয়ে একাধিকবার তলব করেন আদালত। কিন্তু তারা আদালতে হাজির হননি। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্প এবারও আদালতে হাজির হতে অস্বীকার করেছেন, বলে এবিসি নিউজ জানিয়েছে।

প্রসঙ্গত, ট্যাক্স ফাঁকি দিতে সম্পদের বিবরণীতে ভুল তথ্য দিয়েছে ট্রাম্প পরিবার। তাই তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত হয়েছেন। তার দেহে করোনার মৃদু উপসর্গ রয়েছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) এক টুইটার পোস্টে এ তথ্য জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে কেজরিওয়াল লেখেন, ‘আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে আইসোলেশনে থাকুন। করোনা পরীক্ষা করিয়ে নিন।’

ফের অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ, দোকান খোলা রাত ৮টা পর্যন্ত

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসতে চলেছে। একই সঙ্গে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় কমানোর সিদ্ধান্ত আসছে।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাস ও ওমিক্রনকে আমাদের রুখতে হবে। সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া রাত ১০টার পরিবর্তে ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার প্রস্তাব করা হয়েছে। আর আমাদের দেশেও ‘ওমিক্রন’ আক্রান্ত কিছু রোগী পাওয়া গেছে। আমরা লক্ষ্য করছি, সপ্তাহ খানেক ধরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ১০ দিন আগেও এটি ২০০ থেকে ২৫০-এর মধ্যেই ছিল। গতকালকে প্রায় পৌনে ৭০০ হয়ে গেছে। আজকের সংখ্যা এখনো পাইনি।

দেশে করোনা যেভাবে বাড়ছে এটা আশঙ্কাজনক মন্তব্য করে মন্ত্রী বলেন, ওইসব চিন্তাভাবনা করেই মন্ত্রিপরিষদের সঙ্গে গতকালই মিটিং হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব সেই সভা আহ্বান করেছিলেন। আমি ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সচিবরাও ছিলেন। বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, সিভিল সার্জনসহ অন্যান্যরা যুক্ত ছিলেন। উনাদেরকে বেশকিছু পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো এখনো ফাইনাল না, মন্ত্রিপরিষদ থেকে ফাইনাল চিঠিটা যাবে।

তিনি আরো বলেন, ফাইনাল হওয়ার আগে যে আলোচনা ও প্রস্তাবনা হয়েছে সেগুলো গতকালকেও বলেছি। করোনা এবং ওমিক্রনকে রুখতে হবে। সে কারণেই এ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। যানবাহনে (বাস, ট্রেন ও স্টিমার) মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে। এই সিদ্ধান্ত মোটামুটি হয়েছে, আমাদের প্রস্তাবনা রয়েছে। যাত্রীসংখ্যা বাসে ও অন্যান্য যানবাহনে অর্ধেক নেওয়ার প্রস্তাবনা করা হয়েছে। হোটেলে-রেস্টুরেন্টে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারেরও জরিমানা হবে, যে যাবে তারও জরিমানা হতে পারে।

তিনি বলেন, দোকানের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত। এটাও প্রস্তাবনা করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেলে খেতে হলে মাস্ক পরে যেতে হবে। হয়তো খাওয়ার সময় মাস্ক খুলে খাবে, তারপর আবার মাস্ক পরে চলে আসবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে। যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে স্কুলের বিষয়ে চিন্তাভাবনা করা হবে, স্কুল চালিয়ে রাখা যাবে কিনা।

চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশের রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশনা দিয়েছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ঢাকা কেন? চট্টগ্রামে মেট্রোরেল হতে হবে। যেসব শহরে সঙ্গে এয়ারপোর্ট আছে, সেইসব শহরে পর্যায়ক্রমে সংযুক্ত করে প্রকল্প নিতে হবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে। দ্রুত সময়ে সংশ্লিষ্টরা প্রকল্পটি একনেক সভায় পাঠাবেন।

এছাড়া,  আজ অনুষ্ঠিত একনেক সভায় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

ফু্লবাড়ী সীমান্তে অস্ত্রসহ ভারতীয় যুবক আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ এক ভারতীয় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা । সোমবার রাত সাড়ে ৯ টার দিকে  উপজেলার গংগাহাট সীমান্তের ৯৪২ নম্বর সীমানা পিলারের নিকটবর্তী আজোয়াটারি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আনারুল শেখ (২২)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনক  ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা চোর সন্দেহে ওই যুবককে আটক করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দেখতে পান । এক পর্যায়ে স্থানীয় হরেকৃষ্ণ রায় সহ কয়েকজন ধাওয়া করে ওই ভারতীয় যুবককে আটক করে। এসময়  ধারালো অস্ত্রের আঘাতে হরেকৃষ্ণ রায় মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা আহত হরেকৃষ্ণকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে আটক ভারতী যুবককে রাতেই অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, রাতে ওই এলাকার স্থানীয় লোকজন এক ভারতীয় যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করেন।

পরে আজ মঙ্গলবার সকালে বিজিবি বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করলে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩ জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার সদর উপজেলার শেরপুর নতুন বস্তিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (৩রা জানুয়ারি) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নতুন বস্তি এলাকার ময়না মিয়ার ছেলে জুবায়ের মিয়া (৮) এর সাথে বাড়ির পাশে খেলা করছিল ওয়াহিদ মিয়ার ছেলে আবু সুফিয়ান (১১)। এতে খেলাকে নিয়ে উভয় শিশুর মধ্যে মারামরি হয়। এ খবর পেয়ে উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের প্রায় ১৩জন আহত হয়।

আহতরা হলেন- মকবুল মিয়া (৬০), রুজিনা বেগম (২৫), মিলাদ মিয়া (৮), জাকারিয়া মিয়া (২৪), হানিফ মিয়া (২৩), জাহাঙ্গীর মিয়া (২৮), ওয়াহিদ মিয়া (৪৩), লাল উদ্দিন (৩২), শাহানা বেগম (৩৫), আফরিতা বেগম (২৬), মিজান মিয়া (৩৩), সেবিনা বেগম (২৫), জাহিরুল বেগম (৫০)।

তাৎক্ষণিক আহতদের মৌলভীবাজার ২৫০শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুজিনা বেগমকে মৌলভীবাজার ২৫০শয্যা সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম জানান, পুলিশ দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি তবে এখনও কোনো পক্ষের কেউ মামলা দায়ের করেনি।

রাজধানীর তুরাগে বসতবাড়িতে আগুন লেগে তিন ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার তুরাগে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সকালে তিন ভাই-বোনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চণ্ডালভোগ এলাকায় আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত। এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন ভাই-বোনের মৃত্যু হয়।

তুরাগ থানার এসআই সজল কান্তি রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রাজনীতি ডেস্কঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের আজ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৭ সালে দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়।

প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ ও ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়া নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সকাল ৯টায় কার্জন হলে কেক কাটা এবং দুপুর ২টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা।

৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার হবে প্রতিটি জেলা, মহানগর ও উপজেলার দলীয় কার্যালয়ে।

৬ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, বিকাল ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া ৭ জানুয়ারি বিকেল ৩টায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৮ জানুয়ারি বেলা ১১টায় ঢাবির অপরাজেয় বাংলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করতে ইউনিটের (জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও কলেজ) নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিদ্রোহীর হামলাঃ নৌকার কার্যালয় ভাঙচুর ও এমপির গাড়ি বহরে হামলা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের গাড়িবহরে হামলা চালিয়েছেন বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ ও তার সমর্থকরা। এমপি অক্ষত অবস্থায় থাকলেও দুই পক্ষের সংঘর্ষে এমপির গানম্যান, গাড়িচালক ও ব্যক্তিগত একান্তসহকারীসহ ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে নিরাপদে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেটে রেফার্ড করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি রবিবার রাত ১০টায় উপজেলার মুন্সিবাজারে ঘটেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদশীরা জানান, রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় এমপি আব্দুস শহীদের ছোট ভাই ইফতেখার আহমদ নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর চেয়ারম্যান পদপ্রার্থী বিদ্রোহী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার। রবিবার রাতে ব্যক্তিগত একটি অনুষ্ঠান শেষ করে মৌলভীবাজার ফেরার পথে মুন্সিবাজারস্থ নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে এলে এলাকাবাসীর অনুরোধে চা খাওয়ার সময় বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার তার সমর্থকদের নিয়ে নৌকার প্রধান নির্বাচনী অফিসে হঠাৎ আচরণবিধির অজুহাতে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন অফিসে বসা নৌকার লোকজন এগিয়ে গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। হামলার সময় অফিসের শাটার বন্ধ করে দেওয়া হয়। বাইরে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুনেল আহমদের সমর্থকরা অফিসের সামনে রাখা এমপির গাড়িতে লাটিসোঁটা দিয়ে আঘাত করে। সমর্থকদের হামলায় এমপি আব্দুস শহীদের গানম্যান তরিকুল, গাড়িচালক স্বপন, ব্যক্তিগত একান্ত সহকারী ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গলের আওয়ামী লীগ নেতা খালেদ সাইফুল্লাহসহ পাঁচজন আহত হন। তাদের একজনের মাথা ফেটে গেছে এবং একজনের হাত ভেঙে গেছে। পুলিশ এসে আব্দুস শহীদ এমপিকে নিরাপদে সরিয়ে নেয়। পুলিশ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে নিয়ে এলে গুরুতর আহত গানম্যান তরিকুল, গাড়িচালক স্বপন ও ব্যক্তিগত একান্ত সহকারী ইমাম হোসেনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। মুন্সিবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আহতদের দেখতে কমলগঞ্জ হাসপাতালে অবস্থান করেন। পরে রাত ১২টায় শ্রীমঙ্গলে নিজ বাসায় চলে যান।

এদিকে ঘটনার পর বিদ্রোহী প্রার্থী ও সমর্থকরা বাজার এলাকা থেকে সরে যান। তবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আহত হয়েছেন বলে চেয়ারম্যান জুনেল আহমদ তরফদার দাবি করেছেন। স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সঙ্গে কথা বলার চেষ্টা করলে মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি। কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমপি সাহেব যাওয়ার সময় তার গাড়িতে হামলা করা হয়। তিনি অক্ষত আছেন। তার গানম্যান ও গাড়িচালক আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

নওগাঁ জেলায় প্রাথমিক পর্যায়ে ১৩ লক্ষ ১ হাজার ২২৩ এবং মাধ্যমিক পর্যায়ে ৩৬ লক্ষ ৩২ বই বিতরন কার্যক্রম চলছে

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় চলতি ২০২২ শিক্ষা বর্ষে ২ লক্ষ ৭২ হাজার ৭শ ৭২ জন শিক্ষার্থীদের মধ্যে ১৩ লক্ষ ১ হাজার ২শ ২৩ টি বই বিতরনের কর্যক্রম চলছে। অপরদিকে মাধ্যমিক পর্যায়ে ২ লক্ষ ৭৪ হাজার ২১৪ টি বই বিতরন অওতায় রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ  ইউনুস রেজা জানিয়েছেন, জেলার ১১টি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারদের তত্বাবধানে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ‍্যে বই বিতরন চলছে।

তিনি আরো বলেছেন, জেলার চাহিদা অনুযায়ী শতভাগ বই বরাদ্দ পাওয়া গেছে। সূত্র মতে প্রথম শ্রেণীর ৫৭২৪৫ জন শিক্ষার্থীর জন‍্য ১ লক্ষ ৭১ হাজার ৭ শ ৩৫ টি বই, দ্বিতীয় শ্রেণীর ৫৬৫৫৮ জন শিক্ষার্থীর জন‍্য ১ লক্ষ ৬৯ হাজার ৬ শ ৭৪ টি বই, তৃতীয় শ্রেণীর ৫৫২৮২ জন শিক্ষার্থীর জন‍্য ৩ লক্ষ ৩১ হাজার ৬শ ৯২ টি বই, চতুর্থ শ্রেণীর ৫৩৮৯৯ জন শিক্ষার্থীর জন‍্য ৩ লক্ষ ২৩ হাজার ৩শ ৯৪ টি বই, পঞ্চম শ্রেণীর ৫০ হাজার ৭ শ ৮৮ জন শিক্ষার্থীর জন‍্য ৩ লক্ষ ৪ হাজার ৭শ ২৮ টি বই বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে জেলার মাধ‍্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন মাধ‍্যমিক পর্যায়ে ৬ষ্ঠ শ্রেণী থেক ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীসহ দাখিল, কারিগরি, দাখিল ভোকেশনাল, এস এস সি ভোকেশনাল, এবতেদায়ী এবং ইংরাজী ভার্সন শিক্ষার্থীরা রয়েছে। সৃত্র জানিয়েছে ১ জানুয়ারী থেকে ৩ জানুয়ারী পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণী, ৪ জানুয়ারী থেকে ৬ জানুয়ারী পর্যন্ত ৭ম শ্রেণী, ৮ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত ৮ম শ্রেণী এবং ১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী ৯ম শ্রেণীর বই বিতরন কার্যক্রম চলছে। মাধ‍্যমিক পর্যায়ে চাহিদার ৭০ শতাংশ বই ইতিমধ‍্যে সরবরাহ পাওয়া গেছে। বিতরন কার্যক্রম চলাকালীন সময়ের মধ‍্যেই শতভাগ বই পাওয়ার কথা নিশ্চিত করেছেন জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার।