নবনির্বাচিত ইউনিয়ন সদস্যকে হত্যার হুমকি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার নবনির্বাচিত এক ইউপি সদস্যকে হত্যার হুমকি দিয়েছেন পরাজিত প্রার্থী মোঃ সেলিম আহমদের স্বজনরা। বিজয়ের পর থেকে নিরাপত্তাহীনতায় ভোগছেন মাছুমুর রহমান। জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি সদস্য মাছুমুর রহমান গত শনিবার রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মাছুমুর রহমান গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে রাজনগর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয়ী হন।

অভিযোগ থেকে জানা যায়, ২৯ ডিসেম্বর রাত ৮.৪৫ মিনিটে পরাজিত প্রার্থী মোঃ সেলিম আহমদ এর নাতি হাকিম মিনহাজ মাছুমুর রহমানের মুন্সিবাজারস্থ আব্দুর রহমান কোয়ের এন্ড পোল্ট্রি হ্যাচারীতে এসে প্রাণে হত্যার হুমকি দেন। এ সময় হাকিম মিনহাজ দোকানের ম্যানেজার সাহেল আহমদকে বলে যান, মাছুমকে যেখানেই পাবো প্রাণে হত্যা করবো। উত্তেজিত হাকিম মিনহাজ দোকানের মালামাল ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মাছুমুর রহমান আরও বলেন, বিজয়ের পর থেকে আমার ভোটার, সুধী ও শুভাকাঙ্খীদের সাথে দেখা করতে পারছি না। মোঃ সেলিম আহমদ ও তার সমর্থকরা আমাকে গৃহবন্ধি করে রেখেছে।

এ বিষয়ে রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।=

নবাবগঞ্জে ৩শ ৩৬ পরিবারকে শীতবস্ত্র দিল ইসলামিক রিলিফ বাংলাদেশ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে শেষ ধাপে ৩৩৬ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি এনজিও সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ । এ নিয়ে মোট ৯০০ পরিবারকে শীতবস্ত্র দিল সংস্থাটি ।

সোমবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন ।

প্রতি পরিবারের ৫ সদস্যের জন্য শীতবস্ত্র হিসেবে ২ টি চাদর,২ টি কম্বল ও ১ টি করে সোয়েটার (শিশু) দেয়া হয় ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক,সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সহকারি মাঠ কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন ।

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়ন মৌলভীবাজার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির চূড়ান্তপর্বে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা কাবাডি দল। রবিবার (২ জানুয়ারি ২০২২) ঐতিহাসিক পল্টন মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

২০১৮ সালে সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ফাইনালে ম্যাচের শুরু থেকেই লিড পায় মৌলভীবাজার। দলটি ১০-৭ পয়েন্টের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে। বিরতির পরও লিড অব্যাহত রাখে মৌলভীবাজার। শেষ পর্যন্ত ২৯-১৫ পয়েন্টের ব্যবধানের জয়ে শিরোপা অক্ষুন্ন রাখে।

ফাইনালে বালক বিভাগে মৌলভীবাজারের মো. যুবায়ের সেরা রেইডার ও তাজউদ্দীন হয়েছেন সেরা ডিফেন্ডার। ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম. আখতার হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব নেওয়াজ সোহাগ।

শপথ নিলেন শ্রীমঙ্গল পৌর মেয়র সহ কাউন্সিলারেরা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথগ্রহণ করেছেন। সোমবার (৩রা ডিসেম্বর) সকালে সিলেট বিভাগীয় কার্যালয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এ সময় মেয়র পদে শপথ গ্ৰহন করেন মহসিন মিয়া, সাধারণ কাউন্সিলর পদে মো, আলকাছ মিয়া, আবুল কালাম আজাদ, মো. হানিফ চৌধুরী, জাহাঙ্গীর আলম সোহাগ, মো. মসুদুর রহমান মাসুদ, কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, মো. ছাদ উদ্দিন, চয়ন কুমার রায়, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তানিয়া আক্তার, রোকেয়া পারভিন, শারমিন জাহান।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ইভিএম এর মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ তার আনুষ্ঠানিকভাবে শপথ গ্ৰহনের মাধ্যমে পৌরসভা সহ ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩জন শপথবাক্য পাঠে অংশ নেন।

ইয়েমেনে শত শত মসজিদ ধ্বংস করেছে সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনে আগ্রাসন অভিযান চালাচ্ছে। শত শত মসজিদ ধ্বংসসহ হত্যা করছে বেসামরিক নাগরিকদের। গতকাল (রোববার) সৌদি জোটের বিমান সানা প্রদেশের মা’ইন এলাকায় হামলা চালালে তিনজন নিহত হন। আর দক্ষিণ মধ্যাঞ্চলীয় সাবওয়াহ প্রদেশের বিহান এলাকার একটি গ্যাস স্টেশনে সৌদি জোটের বিমান হামলায় বাকি দুজন নিহত হন। খবর-ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরার।

সৌদি জোটের বর্বরতা সম্পর্কে ইয়েমেনের ওয়াকফ সংস্থা জানিয়েছে, এই পর্যন্ত আরব জোট ইয়েমেনের শত শত মসজিদ ধ্বংস করেছে। সংস্থাটি বলছে, ইয়েমেনের প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের মধ্যদিয়ে ইয়েমেনের জনগণের প্রতি সৌদি জোটের প্রচণ্ড ঘৃণার বিষয়টি পরিষ্কার হয়।

এছাড়া সৌদি নেতৃত্বাধীন এই আগ্রাসী ও বলদর্পী শক্তির বর্বরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার আঞ্চলিক কয়েকটি আরব মিত্র দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি আরব এই আগ্রাসন চালায়। তবে আজ পর্যন্ত তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। সুত্রঃ পার্সটুডে।

নিজ হাতের ব্রেসলেটের রহস্য ফাঁস করলেন সালমান

বিনোদন ডেস্কঃ অবশেষে নিজ হাতের ব্রেসলেটের রহস্য ফাঁস করলেন ভাইজান খ্যাত সালমান খান। সবসময়ের সঙ্গী ফিরোজা পাথর বসানো ওই ব্রেসলেটটি সিনেমার শুটিংয়ের সময় ছাড়া কখনো হাতছাড়া করেন না ভাইজান। সব সাজের সঙ্গেই তার হাতের ব্রেসলেটটি নজর কাড়ে। বাবা সেলিম খানের দেওয়া এই লাকি ব্রেসলেট ছাড়া কিছু ভাবতেই পারেন না সালমান।

ভাইজানের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহলের অভাব নেই। তার হাতের ব্রেসলেটটিকে নিয়েও প্রচুর জল্পনা-কল্পনার ঘোরে নেটিজেনরা। এমনকি সেটি অনুকরণ করে নকল ব্রেসলেট বর্তমানে অনেক মানুষের হাতে দেখা যায়। এবার সেই ব্রেসলেটের রহস্য উন্মোচন করলেন সালমান খান।

সালমানের ভাষ্য, ‘আমার বাবা এটা সবসময় পরত। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও ব্রেসলেটটা নিয়ে খেলতাম। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’

ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানিয়েছিলেন, ‘এটার সঙ্গে যেটা হয় তা হল যখনই কোনো নেতিবাচক জিনিস তোমার দিকে আসে তখন পাথরটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।

জো বাইডেন-ভোলোদিমির জেলেনস্কির টেলিফোন সংলাপ

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে এক টেলিফোন সংলাপে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে আমেরিকা চূড়ান্তভাবে জবাব দেবে। গতকাল (রোববার) জেলেনস্কির সঙ্গে ফোনালাপে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাইডেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে গতকালের টেলিফোন সংলাপে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে ওয়াশিংটনের সমর্থনের কথা নিশ্চিত করে জো বাইডেনের এই প্রতিশ্রুতির কথা তুলে জানান, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ‘বাইলেটারেল স্ট্র্যাটেজিক স্টাবিলিটি’ ডায়লগের মাধ্যমে সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছেন মার্কিন মিত্র দেশের নেতারা। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অক্ষণ্ডতা রক্ষার প্রতি আমেরিকার প্রতিশ্রুতি বহাল রয়েছে।

এদিকে মার্কিন সরকারের নিশ্চিত সমর্থনের প্রশংসা করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, জো বাইডেনের সঙ্গে এই টেলিফোন আলাপের মধ্যদিয়ে দুই দেশের বিশেষ সম্পর্কের কথা প্রমাণ হয়েছে। ইউরোপে শান্তিরক্ষা, উত্তেজনার রাশ টেনে ধরা এবং রুশ নিয়ন্ত্রণ থেকে ইউক্রেনের মুক্তির বিষয়গুলো ছিল গতকালের আলোচনার প্রধান এজেন্ডা।

এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

অর্থনীতি ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কমায় এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ সোমবার (৩ জানুয়ারি) বিইআরসি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আবদুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিইআরসি জানিয়েছে, ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা কমে ১১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ডিসেম্বর মাসে ছিল ১২২৮ টাকা। এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৪.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত দর আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

জানুয়ারি মাসে প্রতিকেজি এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৯৮ টাকা ১৭ পয়সা, যা ডিসেম্বরে ১০২ টাকা ৩২ পয়সা ছিল। এই হিসাবে প্রতি কেজিতে এলপিজির দাম কমছে ৪ টাকা ১৫ পয়সা বা ৪ শতাংশ। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নতুন হারে দাঁড়াচ্ছে ১১৭৮ টাকা, যা ডিসেম্বরে ১২২৮ টাকা ছিল। অর্থাৎ, ১২ কেজির সিলিন্ডারে একজন ভোক্তার সাশ্রয় হবে ৫০ টাকা।

প্রসঙ্গত, টানা পাঁচ মাস মূল্যবৃদ্ধির পর গত ডিসেম্বরে এলপিজির দাম কমা শুরু করে। জানুয়ারিতে দ্বিতীয় মাসের মত দাম কমল, যার মূল কারণ সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মূল্য কমে আসা। নতুন মাসে এলপিজির মূল উপাদন প্রোপেন প্রতি টন ৭৪০ ডলার, বিউটেন প্রতি টন ২১০ ডলার এবং এই দুইয়ের মিশ্রনের দাম প্রতি টন ৭২০ দশমিক ৫০ হিসাব করা হয়েছে। গত মাসের মতই ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ৮৫ টাকা ৮৫ পয়সা।

প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য ৯৮ টাকা ১৭ পয়সা ধরে জানুয়ারিতে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৫৪০ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১২২৭ টাকা, ১৫ কেজির দাম ১৪৭৩ টাকা, ১৬ কেজির দাম ১৫৭১ টাকা, ১৮ কেজির দাম ১৭৬৭ টাকা, ২০ কেজির দাম ১৯৬৩ টাকা, ২২ কেজির দাম ২১৬০ টাকা, ২৫ কেজির দাম ২৪৫৪ টাকা, ৩০ কেজির দাম ২৯৪৫ টাকা, ৩৩ কেজির দাম ৩২৪০ টাকা, ৩৫ কেজির দাম ৩৪৩৬ টাকা এবং ৪৫ কেজির দাম ৪৪১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানুয়ারি মাসে রেটিকুলেটেড এলপিজির দাম দাঁড়াচ্ছে প্রতিকেজি ৯৪ টাকা ৯৪ পয়সা। আর যানবাহনের ব্যবহৃত অটোগ্যাসের দাম ধরা হয়েছে প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সা।

উল্লেখ্য, গত ২০২১ সালে টানা পাঁচদফা এলপিজির দাম বাড়ানো হয়। সর্বশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।

ওমিক্রন উদ্বেগে বিশ্বজুড়ে ৫ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগে বিশ্বজুড়ে ৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বিভিন্ন দেশে। ভয়াবহ সংক্রমণ আবারও দেখা দিচ্ছে ভারতে। গত ছয়দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা লাগামছাড়া। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৫শর বেশি। শুধু কলকাতাতেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ হাজার। পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের প্রবণতা ক্রমাগত বাড়ছে। এর মধ্যে ২ হাজার ৭৩৯টি ফ্লাইট ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। ওমিক্রন সতর্কতায় শনিবারও সারাবিশ্বে ১১ হাজার ৪৩টি ফ্লাইট চলাচলে বিলম্ব ও বাতিল হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৯৩টি যুক্তরাষ্ট্রের ফ্লাইট।

মার্কিন শীর্ষ রোগতত্ব বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেন, শুধু আক্রান্তের সংখ্যা গণনা নয়, বরং টিকাদানের মাধ্যমে সবাইকে নিরাপদ রাখার দায়িত্ব নিতে হবে। ওমিক্রন দেশটিতে স্বাস্থ্য সেবাকে ভেঙে দেবে বলে আবারও উদ্বেগ প্রকাশ করেন ফাউসি।

ওমিক্রণ সতর্কতায় ৬০ বছরের বেশি বয়সীদের চতুর্থ ডোজ ভ্যাকসিন গ্রহণের আহবান জানিয়েছে ইসরাইল। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানান, নতুন এই ধরন থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে।

ওমিক্রন সংক্রমণ বন্ধে যুক্তরাষ্ট্রকে লাল তালিকায় রেখেছে ফ্রান্স। টিকাগ্রহণের বিষয়ে নতুন করে সবাইকে আগ্রহী হতে বলেছে দেশটির সরকার।

এ অবস্থাতেও থেমে নেই করোনার বিধি বিরোধী বিক্ষোভ। নেদারল্যান্ডসে তেমনি এক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গে শ্রীমঙ্গলে আওয়ামীলীগ থেকে ১০ জনকে অব্যাহতি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহিত দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সকল বিদ্রোহী প্রার্থীকে দলীয় স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী ভাবে বহিষ্কার করার জন্য প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্ধু কুমার দেব বেবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পত্রটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।
অব্যাহতি প্রাপ্তরা হলেন—-১. মোঃ মনু মিয়া (মির্জাপুর) ২. মোঃ মিছলু আহমেদ চৌধুরী (মির্জাপুর) ৩. মোঃ জসীম উদ্দিন (সিন্দুর খান) ৪. মোঃ মুজিবুর রহমান মজুল (কালাপুর) ৫. মোঃ ফজলুর রহমান (কালাপুর) ৬. মোঃ আরজু মিয়া (আশীদ্রোন)  ৭. মোঃ সামছুল আলম (আশীদ্রোন)  ৮. বিজয় হাজরা (কালীঘাট)  ৯. শান্ত তাতি ( কালীঘাট) ১০. মিলন শীল (সাতগাঁও)।