শীত বাড়বে জানালো আবহাওয়া অধিদপ্তর

সিএনবিডি ডেস্কঃ নতুন বছর ২০২২ সালের প্রথম দিন থেকেই শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, রোববার (২ জানুয়ারি) দেশের অধিকাংশ এলাকায় কুয়াশা আরও বাড়তে পারে। সেই সঙ্গে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

টেস্টের দ্বিতীয় দিন দারুণ বোলিং-ব্যাটিংয়ে নিজের করে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন দারুণ বোলিং-ব্যাটিংয়ে নিজের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে মাত্র ৭০ রান তুলতেই অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। টাইগার পেসার আর স্পিনারদের তোপে শেষ পর্যন্ত ৩২৮ রানে থেমে যায় কিউইরা। শরিফুল ইসলাম তিনটি, এবাদত হোসেন একটি, মেহেদী হাসান তিনটি ও মুমিনুল হক নেন দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ৬৭ ওভার খেলেছে সফরকারী ব্যাটাররা। তবে অন্যান্য সফরের মতো এবার আর কিউই গতির কাছে দিশেহারা হতে হয়নি বাংলাদেশ দলের ব্যাটারদের। টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের সামনে লড়াই করেছে বুক চিতিয়ে। ৬৪ রান করে নাজমুল হোসেন শান্ত ফিরলেও ৭০ রানে ক্রিজে আছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ৮ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক।

এর আগে সাদমান আউট হয়েছেন ২২ রানে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৫ রান। নিউজিল্যান্ড থেকে এখনো পিছিয়ে আছে ১৫৩ রান।

আগের দিন ২৫৮ রান দিয়ে নিউজিল্যান্ডে ৫ উইকেট তুলে নেয় সফরকারীরা। দ্বিতীয় দিন সকালে বোলারদের বাজিমাত। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা যেমন পরাস্থ করেছেন কিউই ব্যাটসম্যানদের, তেমনি মিরাজ বুঝিয়েছেন ঘূর্ণি বল ক্যারিশমা। ৩২৮ রানে কিউইদের থামিয়ে দিয়েছে বাংলাদেশ দল।

মেলান্দহে মা-মেয়েকে গলা কেটে হত্যা

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ মা-মেয়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে গোবিন্দপুর দারোয়ানপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গোবিন্দপুর দারোয়ানপাড়ার মৃত আকমল চৌধুরীর স্ত্রী জয়ফল বেওয়া (৫০) ও তার মেয়ে স্বপ্না আক্তার (৩২)।

পুলিশ সুত্রে জানা যায়, মৃত জয়ফল ও তার মেয়ে স্বপ্না দীর্ঘদিন ধরে মেলান্দহ হাইস্কুলের সামনে গোবিন্দপুর এলাকায় থাকেন। সারাদিন জয়ফলের দুই ওমান প্রবাসী ছেলে মিলন ও মিস্টার ফোন দিয়ে তাদের মাকে না পেয়ে সন্ধ্যায় তাদের মামা মানিককে ওই বাড়িতে পাঠায়। মানিক ওই বাড়িতে পৌঁছে সামনের গেটে তালাবদ্ধ এবং বাড়ির পেছনের গেট দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে জানান। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জয়ফলের বড় ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ আরো জানায়, স্বামী আকমল চৌধুরীর মৃত্যুর পর তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে জয়ফল একই বাড়িতে বসবাস করতেন। তার দুই ছেলে ওমান প্রবাসী। আর আটক জহুরুল সম্প্রতি দেশে ফিরেছেন। মেয়ে স্বপ্না আক্তার সাত বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে মায়ের সঙ্গে থাকতেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, বড় ছেলে জহুরুল ও তার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে জয়ফলের বিরোধ ছিল। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

কুলাউড়ায় ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা,পৌর ও সরকারি কলেজ শাখার আয়োজনে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) সকাল ১১ ঘটিকার সময়ে  কুলাউড়া সরকারি কলেজ প্রাঙ্গণে কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু এর সভাপতিত্বে, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট  আবেদ রাজা।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন – কুলাউড়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, কুলাউড়া উপজেলা যুবদল আহবায়ক জুবের আহমদ খান,

সদস্য ফারুক আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের  সহ সভাপতি ও কুলাউড়া উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুইয়া খোকন, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম লিলেস, মৌলভীবাজার জেলা ছাত্রদলের  সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাপ্পু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া পৌর সেচ্চাসেবক দলের সদস্য সচিব আব্দুল মুহিত, কুলাউড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইতি বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন – কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ- পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন ছাত্রদলের সকল স্তরের ছাত্রনেতৃবৃন্দ।

মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮ জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার আশ্রিদ্রোণ ইউনিয়নের ৫নং ওর্য়াডের প্রার্থীদ্বয়ের অনুসারীরা শিববাড়ি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খলিলপুর এলাকা থেকে মেম্বার প্রার্থী জয়নাল আবেদীন নির্বাচনী মিটিং শেষে শিববাড়ি বাজারে দাঁড়িয়ে সমর্থকদের সাথে আলাপ-আলোচনা করছিলেন। এমন সময় আরেক মেম্বার প্রার্থী বাদশা মিয়া তার সমর্থকদের নিয়ে জয়নাল আবেদীন ও তার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওএমএজি হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির। তিনি জানান, নির্বাচনী উত্তেজনার কারণে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে যেন নতুন করে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে তিনি আরও জানান, উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি  শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালীঘাট এবং সাতগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আত্রাইয়ে নতুন বই পেয়ে উচ্ছাসিত খুদে শিক্ষাথীরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নতুন বছরের প্রথম দিন সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে একযোগে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হলেও মহামারির কারণে এবার সেই উৎসব হচ্ছে না। করোনার কারণে গতবারের মতো এবারও উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিবাবকরাও দারুন খুশি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।গত এগারো বছরে তিন শত ছিয়াষট্টি কোটি সপ্তাশি লাখ সাতাত্তর হাজার পাঁচ শত ছিয়াষট্টি টি বই বিনামূল্যে বিতরন করা হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর উৎসব করে বই বিতরণ করা হয়নি। এবারও একই কারণে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দেবে।

জানা গেছে, এবারের শিক্ষা বর্ষে চার কোটি সতের লাখ ছাব্বিশ হাজার আটশত ছাপান্ন জন শিক্ষার্থীর মাঝে চৌত্রিশ কোটি সত্তর লাখ বাইশ হাজার একশত ত্রিশ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। তবে এ বছরের প্রথমদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় একেকটি শ্রেণির শিক্ষার্থীদের ভাগ করে বিভিন্ন দিনে বই দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে নির্দেশ দিয়েছে।

নতুন বছরের প্রথম দিন নওগাঁর আত্রাই উপজেলার আহসান গঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, পাথাইলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা বিনামূল্যের পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছাসে মেতে ওঠে। আত্রাই উপজেলার বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের উচ্ছাসের এমন চিত্র দেখা গেছে।উপজেলার বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা যে ভাবে বাঁধভাঙ্গা উচ্ছাসে মেতে উঠতেন এবার তেমনটি ছিল না। মুখে মাস্ক দিয়ে স্বাস্থ্যবিধি মেনে বই নেন তারা। নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে অভিভাবকের সঙ্গে বাড়ি ফেরেন তারা।

আত্রাই বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম প্রতিটি শ্রেণী কক্ষে উপস্থিত হয়ে নতুন বছরের প্রথম দিন নতুন বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন,বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ বুলবুল হোসেন প্রমূখ।

দেশের শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা বড়লেখার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সারাদেশে শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা (২০১৯-২০২০) মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সম্প্রতি সমাজসেবা অধিপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রাপ্তিতে মানুষের ভোগান্তি দূর করতে ডিজিটাল পদ্ধতিতে বড়লেখায় প্রথম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। স্বল্প সময়ে নির্ভুলভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ায় এই পদ্ধতিতে ২০২১ সালের অক্টোবর থেকে বড়লেখায় ঘরে বসে বিকাশের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ হাজার ৫২৮ জন উপকারভোগী ভাতা পাচ্ছেন। এরমধ্যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠেীর বিশেষ ও শিক্ষা উপবৃত্তি উল্লেখযোগ্য। এতে উপকারভোগীদের ভোগান্তি কমেছে। সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করায় বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে পুরস্কারের জন্য শ্রেষ্ঠ মনোনীত করা হয়।

বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এটা কর্মক্ষেত্রে ভালো কাজ করতে আরও প্রেরণা জোগাবে। সবচেয়ে ভালো লাগছে সফলভাবে কাজটি করতে পারায়। মানুষ ভোগান্তি ছাড়াই ঘরে বসে ভাতা পাচ্ছেন, এটা তৃপ্তির বিষয়। এই সফলতার পেছনে যাদের সার্বিক সহযোগিতা তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে স্থানীয় সাংসদ ও পরিবেশ মন্ত্রী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলার উপ-পরিচালক, তৎকালীন ইউএনও, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিগন, সাংবাদিকবৃন্দ এবং আমার কার্যালয়ের স্টাফদের সহযোগিতায় যথাযথভাবে কাজটি সম্পন্ন হয়েছে। তাই এই অর্জন আজ সকলের প্রাপ্তি।’

রাণীশংকৈলে বছরের প্রথম দিনে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সারাদেশের ন্যায় সকল সরকারি ও বেসরকারি স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবারের মতো বছরের প্রথম দিনেই  ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বই পেয় আনন্দ উল্লাসে মেতে উঠে সকল ছাত্র ছাত্রীরা।

এরই অংশ হিসাবে শনিবার ১ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ,উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন প্রমুখ।

এছাড়াও পৌর,আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনজুর আলম, ঘনশ্যাম রায়, প্রভাষক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষিক ফরিদা ইয়াসমিন, অনেক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ধীরেন্দ্রনাথ।

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বছরের শেষরাতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মানুষের কাছে হাজির হলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। তিনি শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকায় অবস্থিত বেগুনছড়া খাসিয়া পুঞ্জির প্রায় অর্ধশত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

পাহাড়ি জনপদের লোকগুলো তীব্র শীতে কেমন আছেন তা স্ব চোখে দেখতে উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বছরের শেষ লগ্নে আত্মিক টানে ছুটে গেলেন পাহাড়ের কঠোর বাস্তবতার সাথে যুদ্ধ করা মানুষগুলোকে পাশে উপহার নিয়ে।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কুলাউড়া এলজিইডি’র প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, বিভিন্ন গনমাধ্যম কর্মী, কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার কামরুল ইসলাম, বেগুনছড়া পুঞ্জির মন্ত্রী লেম্বুসহ আরো অনেকে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এই কম্বলগুলো ক্ষুদ্র নৃ- তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষকে উপহার হিসেবে দেয়া হয়েছে। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীত পড়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় খাসি পল্লীগুলোতে বসবাসরত মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে তাদের কাছে কম্বল নিয়ে যান।

তিনি জানান, পর্যায়ক্রমে কুলাউড়া উপজেলার অন্যান্য খাসি পুঞ্জির মানুষের মাঝে আরো কম্বল পৌঁছে দেওয়া হবে।

নওগাঁ জেলায় ১৪ লক্ষ ৫ হাজার ৪৫২ জনকে প্রথম ডোজ ও ৯ লাখ ৬৪ হজার ৬৯৭ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় মোট ২৩ লক্ষ ৭০ হাজার ১শ ৪৯টি করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিলসার্জন ডাক্তার মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত জেলায় প্রথম ডোজ প্রদান করা হয়েছে ১৪ লক্ষ ৫ হাজার ৪শ ৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৯ লক্ষ ৬৪ হজার ৬শ ৯৭ জনকে।

সূত্রমতে, ৭ লক্ষ ৬৬ হাজার ২শ ৬৮ জন মহিলা এবং ৬ লক্ষ ৩৯ হাজার ১শ ৮৪ জন পুরুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। অপরদিকে ৫ লক্ষ ১১ হাজার ৪শ ১৭ জন মহিলা এবং ৪ লক্ষ ৫৩ হাজার ২শ ৮০ জন পুরুষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় সিনোফার্ম ভেরোসেল, অ্যাষ্ট্রাজেনেকা, সিনোভ্যাক এবং ফাইজার কোম্পানীর ভ্যাকসিন প্রদান করা হয়েছে। কোম্পানীভিত্তিক প্রথম ডোজ ভ্যাকসিন প্রদানের আওতায় ৫ লক্ষ ৮৮ হাজার ৮শ ৭০ জন মহিলা ও ৪ লক্ষ ৭৮ হাজার ১০ জন পুরুষকে সিনোফার্ম ভেরেসাল ভ্যাকসিন, ১ লাখ ৪৪ হাজার ৩শ ১৬ জন মহিলা ও ১ লাখ ২৬ হাজার ৬৫ জন পুরুষকে অ্যাষ্ট্রাজেনেকা ভ্যাকসিন, ১৫ হাজার ৬শ ৯৭ জন মহিলা ও ১৫ হাজার ১শ ৫৬ জন পুরুষকে সিনোভ্যাক ভ্যাকসিন এবং ১৭ হাজার ৩শ ৮৫ জন মহিলা ও ১৯ হাজার ৯শ ৫৩ জন পুরুষকে ফাইজার কোম্পানীর ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

অপরদিকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর আওতায় ৪ লক্ষ ৬৯ হাজার ৫৩৭ জন মহিলা ও ৩ লক্ষ ৯৩ হাজার ২শ ৬৫ জন পুরুষকে সিনোফার্ম ভেরেসাল, ৪১ হাজার ৩শ ৭৯ জন মহিলা ও ৫৯ হাজার ৩শ ৪০ জন পুরুষকে অ্যাষ্ট্রাজেনেকা এবং ৫০১ জন মহিলা ও ৬৭৫ জন পুরুষকে ফাইজার কোম্পানীর ভ্যাকসিন প্রদান কর হয়েছে। সিনোফার্ম কোম্পানীর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কাউকে প্রদান করা হয় নি বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।