কুলাউড়ার বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থানে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এবার প্রতিষ্ঠানটি ২৮টি জিপিএ-৫ লাভ করেছে। গতবার উপজেলার মধ্যে সর্বোচ্চ ৩৯ টি জিপিএ-৫ লাভ করেছিলো প্রতিষ্ঠানটি এবং ওইবার জেলার মধ্যে ৬ষ্ঠ হয়েছিলো।

কুলাউড়ায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) মিলিয়ে ৬ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৬ হাজার ২৪৩ জন। অকৃতকার্য হয়েছে ২২০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন।

কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবছর এসএসসিতে উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ হাজার ২৪৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। পাসের হার ৯৬.৮৯ শতাংশ। দাখিলে ১৭টি মাদ্রাসা থেকে ৮৭০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৯৫.৫২ শতাংশ। ভোকেশনালে ৪টি প্রতিষ্ঠান থেকে ৩৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩৩১ জন। পাসের হার ৯৫.৭৯ শতাংশ। কোনো জিপিএ-৫ নেই।

এসএসসিতে শতভাগ সাফল্য অর্জন করেছে ৩টি প্রতিষ্ঠান। তন্মধ্যে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৬১ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। লংলা ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল থেকে ১৩ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

দাখিলে শতভাগ সাফল্য অর্জন করেছে বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা। ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া আলীম মাদ্রাসায় ৭১ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার ৩১ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে, ভাটেরা সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসার ২৮ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে, ভূকশিমইল আলিম মাদ্রাসার ৩৬ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। বরমচাল হযরত খন্দকার দাখিল মাদ্রাসার ৩৫ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

এদিকে উপজেলা পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা হয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। গত বছরের ন্যায় এবারও উপজেলার মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ওই প্রতিষ্ঠানের ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১ জন অকৃতকার্য হয়েছে। ২৮ জন জিপিএ- ৫, এ গ্রেড ১০৪ জন ও এ মাইনাস ৪৩ জন। পাসের হার ৯৯. ৫৬ শতাংশ। দ্বিতীয় স্থান অর্জন করেছে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। ২৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাসের হার ৯৯.২১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে আলী আমজদ স্কুল এন্ড কলেজ। ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। পাসের হার শতকরা ৯৬.৫৮ শতাংশ।

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, গতবছরের চেয়ে এবার ফলাফল ভালো হয়েছে। জিপিএ-৫ অনেকটা বেড়েছে। পাশের হারও বেড়েছে। পাশাপাশি দাখিল এবং ভোকেশনালেও বিগত বছরের চেয়ে পাশের হার বেড়েছে।

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর বিকালে  ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক  মো. মাহবুবুর রহমান।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  মোঃ মামুন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহবুবুর হমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত।

শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিদায় নিলো ২০২১-স্বাগত ২০২২

আজকের ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে এসেছে আরেকটি নতুন খ্রিস্টীয় বছর। দেওয়া-নেওয়া আর যোগ-বিয়োগের কত না হিসেব নিকেশ শেষে চলে গেল ২০২১ সাল। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে উৎসবে উৎসবে বরণ করা হচ্ছে নতুন ইংরেজি বছর ২০২২কে, আর বিদায় জানানো হচ্ছে পুরনো বছর ২০২১কে। আর ২০২১ সাল ছিলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের বছর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘ফোটে যে ফুল আঁধার রাতে/ঝরে ধুলায় ভোর বেলাতে/আমায় তারা ডাকে সাথে- আয় রে আয়।/সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়…।’ সব বিদায়ের সঙ্গেই লুকিয়ে আছে আনন্দ-বেদনার কাব্য। বছর বিদায়ের ক্ষণেও সেই একই কথা।

[icon name=”quote-left” prefix=”fas”] ‘সিএনবিডি টিভি’ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষ-২০২২ এর শুভেচ্ছা ও অভিনন্দন। [icon name=”quote-right” prefix=”fas”]

বাদীর জানা নেই মামলার আসামি কে হলো?

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় মামলা করেছেন উপজেলার কামারচাক ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মঞ্জু গোপাল দাশ। ওই মামলায় আসামী করা হয়েছে কামারচাক ইউনিয়নের (বিদায়ী) চেয়ারম্যান নজমুল হক সেলিমকে। কিন্তু বাদী বলছেন, চেয়ারম্যান কিভাবে তার মামলায় আসামী হলেন তিনি নিজেও জানেন না।

মামলার এজহারের বিবরণ ও বাদীর বক্তব্য অনুযায়ী জানা যায়- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে (১নং ওয়ার্ড) নির্বাচনের দিন মঞ্জু গোপাল দাশ ভোট দিতে কেন্দ্রে চলে যান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে হেলাল মিয়া সিকান্দারের নেতৃত্বে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তার ঘরের নারীদের মারধর, দুই ভরি স্বর্ণ ও নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত নারীদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় মঞ্জু গোপাল দাশ ১৫ জনের নাম উল্লেখসহ ৫০জনকে আসামী করে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন। ২৮ ডিসেম্বর অভিযোগটি আমলে নিয়ে মামলা লিপিবদ্ধ হয়। এদিকে মামলার এজহারে কামারচাক ইউনিয়নের (বিদায়ী) চেয়ারম্যান নজমুল হক সেলিমকে হুকুমের আসামী করা হয়েছে। চেয়ারম্যানকে আসামী করায় এনিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

মামলার বাদী মঞ্জু গোপাল দাশ বলেন, আমি চেয়ারম্যানকে আসামি করিনি। আমি নিজেও জানিনা তিনি কেমনে আসামি হলেন। আদালতে আমার দায়ের করা মামলায় কোন আসামিই আটক হয়নি। আমি চেয়ারম্যানকে বাদ দিয়ে আবারো মামলা করবো। আমি আমার সত্য ঘটনার মামলায় বিচার চাই।

কামারচাক ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি নজমুল হক সেলিম বলেন, ঘটনার বিষয়টি আমি জানতামই না। বাদীও আমার সাথে কথা বলেছেন। তিনি জানেন না কীভাবে আমার নাম আসামীর তালিকায় উঠলো।

এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, বাদী মামলা করেছেন। হামলার ঘটনার প্রাথমিক সত্যতাও পাওয়া গিয়েছে। পরে মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে। যারা জড়িত আছে তাদের নামে চার্জশীট যাবে, যারা জড়িত নয় তারা বাদ যাবে। বাদীর স্বাক্ষরিত মামলার কাগজ দেয়ায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সে চিহ্নিত করবে চেয়ারম্যান সেলিম ছিল না অন্য কোন সেলিম।

নওগাঁয় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বিনামুল্যে বিভিন্ন শাকসবিজ’র বীজ ও সার বিতরন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লটভুক্ত কৃষকদের মধ্যে বিনামুল্যে সার, বীজ এবং বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি চত্বরে এসব কৃষকের মাঝে বিতরন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ। এ সময় কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নওগাঁ সদর উপজেলার ৩৭টি প্লটের ৩৭ জন কৃষকের মধ্যে প্রত্যেককে বসতবাড়ি সংলগ্ন ১ দশমিক ৫ শতক জমির বিপরীতে এসব বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে ঢ়েড়স, লালশাক, করলা, মিষ্টি লাউ, ধনিয়া, মূলা, ডাটা, পেপে, পালংশাক, গিমা কলমী, বেগুন, বারোমাসী ডাটা, হাইব্রীড মরিচ, দেশী লাউ, চাল কুমড়া এবং পুঁইশাক-এর বীজ বিতরন করা হয়েছে।

এছাড়াও প্রত্যেক কৃষককে ভার্মি কম্পোষ্ট সার, ইউরিয়া, ডিএপি, এমওপি সার, পানি সেচ দেয়ার ঝাঁঝড়ি এবং বেড়া দেয়ার জন্য নেট বিনামুল্যে বিতরন করা হয়েছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ বলেছেন, বর্তমান সরকার কৃষিতে সকল মানুষকে স্বয়ংসম্পূর্ন করতে কৃষি এবং কৃষকের উন্নয়নে ব্যপক কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বাড়ির আঙ্গিনায় সবজি বাগান সৃজনের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করতে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল। এ ছাড়াও সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎচন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় বিশেষ করে মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়া ও টাকার বিনিময়ে চুরিকৃত মোটরসাইকেল ফেরত পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এইসাথে তারা বিশেষত পৌর শহরে লাগামহীন যানবাহন চলাচলে পথচারিদের সমস্যার কথা বলেন। ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানায় পুলিশের স্বল্পতার কথা বলেন। তা সত্বেও অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে উল্লেখ করেন।

শেষে নবাগত চেয়ারম্যানদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

এই প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হলে বেশী বেশী বই পড়তে হবে-খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন,এই প্রজন্মকে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হলে বেশী বেশী করে বই পড়তে হবে। বর্তমান প্রজন্ম বই পড়া থেকে দুরে সরে গেছে। তার পরিবর্তে মোবাইল, ফেসবুক, টুইটারে আসক্ত হয়ে পড়েছে। এই আসক্তি থেকে কোন জ্ঞান লাভ করা যায় না। অথচ বই পড়া থেকে অজির্ত জ্ঞান মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত মনে থাকে।

মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁয় চারদিনব্যপী“বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে নওগাঁ জেলা প্রশাসন স্থানীয় মুক্তির মোড়ে এই বই মেলার আয়োজন করেছে।

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃনাজমুল হাসান এবংবই মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জেলা গ্রন্থাগারিক এস এম আসিফ।

খাদ্য মন্ত্রী বলেছেন, আমাদের ভাষা আন্দোলন,ছয় দফা,গণ অভ্যুত্থান,৭০ এর নির্বাচন,মুক্তিযুদ্ধ,স্বাধীনতা অর্জন, বঙ্গবন্ধুকে হত্যা, কারাগারে চার নেতাকে হত্যা বাংলাদেশের পর্যায়ক্রমিক ইতিহাস।বেশী বেশী এবং সঠিক বই না পড়ার কারনে একটি মহল এসব ইতিহাস বিকৃতির প্রানান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টাকে রুখতে সঠিক ইতিহাস প্রতিষ্ঠার জন্য এই প্রজন্মর সন্তানদের হাতে সঠিক বই তুলে দিতে হবে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেছেন তলাবিহীন ঝুড়ি থেকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য নেতৃত্বে পরিচালিত
বর্তমান সরকার দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছে। দেশ আজ উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্ব স্বীকৃত।পরে মন্ত্রী মেলায় স্থাপিত ষ্টলসমূহ পরিদর্শন করেন।

মেলায় সরকারী গণগ্রন্থাগার,বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় বত্রিশ টি স্টল স্থাপিত হয়েছে। মেলায় প্রতিদিন সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর ও লাইফ সাপোর্টে চিত্রনায়ক সোহেল রানা

বিনোদন ডেস্কঃ ঢাকাই ছবির দর্শক নন্দিনী অভিনেত্রী শাবনূর ও বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যম সুত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার সিডনির হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রী শাবনূরকে। তার শারীরিক অবস্থা ভালো নেই।

অভিনেত্রীর বোন ঝুমুর জানান, গত সপ্তাহ থেকে জ্বর ছিল শাবনূরের। এরপর তার করোনা টেস্ট করালে করোনা পজিটিভ আসে। বাসায় আইসোলেটেড ছিলেন কয়েকদিন। কিন্তু হঠাৎ করেই আজ বুধবার অবস্থা জটিল হলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে নেয়া হয়।
বোনের জন্য দোয়া চেয়েছেন ঝুমুর।

অন্যদিকে চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজসোহেল রানার অবস্থা সংকটাপন্ন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোহেল রানার স্ত্রী জিনাত বেগম জানান, আমার কিছু বলার শক্তি নেই। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কী যে হয় কিছুই জানি না। উনার শারীরিক অবস্থা ভালো নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।

জানা যায়, কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। গত ২৫ ডিসেম্বর রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

আয়কর রিটার্ন দাখিলের সময় ফের বাড়াল এনবিআর

অর্থনীতি ডেস্কঃ আয়কর রিটার্ন দাখিলের সময় ফের বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দপ্তর বিভাগ থেকে আরো জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ কর বর্ষের জন্য ব্যক্তি, শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২। জরিমানা পরিহারের লক্ষ্যে ২ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন।

উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর এক প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় রাজস্ব বোর্ড।

ইন্দোনেশিয়ার মাটি কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আজ স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটার। ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যদিও আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রসঙ্গত, এর আগে ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে। তখন সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও সে সময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এতে ওই অঞ্চলে ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

সূত্র: দ্যা গার্ডিয়ান।