তুষারপাতের ৫০ বছরের রেকর্ড ভাঙল ক্যালিফোর্নিয়ায়

আন্তর্জাতিক ডেস্কঃ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য। তার মধ্যে তুষারপাতের ৫০ বছরের রেকর্ড ভেঙেছে ক্যালিফোর্নিয়ায়। দেশটির এই রাজ্যে গত কয়েকদিন ধরে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক তাহো এলাকায় দুই শ’ দুই দশমিক দুই ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছে। যা বিগত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে।

সর্বশেষ ১৯৭০ সালে ১৭৯ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছিল।

এদিকে ভারী তুষারপাতের কবলে পড়েছে জাপান এবং চীনও। তুষারপাতে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পাছপালা, ঘরবাড়ি রাস্তাঘাটে জমেছে বরফের পুরু স্তর। পরিচ্ছন্নকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও পরিষ্কার করছেন আশপাশের রাস্তাঘাট।

সূত্র: ইউএসএ টুডে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, সারা দেশে পাসের হার ৯৩.৫৮

সিএনবিডি ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হয় ২৩ নভেম্বর। করোনাভাইরাসের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়। সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে পূর্বের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

ফুলবাড়ীর রাহী পেলেন কানে’র তরুণ নির্মাতার পুরস্কার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে দেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘টেনর’। সিনেমার পরিচালক রাহি আবদুল্লাহ অর্জন করেছেন ‘বেস্ট ইয়াং ফিল্ম মেকার’- এর স্বীকৃতি। প্রত্যেক মাসেই সারা বিশ্ব থেকে অসংখ্য ফিল্ম কানের এই ফিল্ম ফেস্টিভ্যালে জমা পড়ে। সেখান থেকে নভেম্বর মাসে রাহি আবদুল্লাহ’র টেনর ছাড়াও আরো একটি বাংলাদেশি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে।

রাহি আব্দুল্লাহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় চন্দ্রখানা বালাতারী গ্ৰামের আব্দুল হামিদ খন্দকারের দ্বিতীয় পূত্র।

সম্প্রতি কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে নভেম্বর মাসে নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলোর নাম প্রকাশ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাহি আবদুল্লাহ বলেন, ‘স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেনর’ দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় আমি আনন্দিত।’

এর আগেও ‘টেনর’ দেশ ও বিদেশের বেশ কয়েকটি ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। ইন্টারন্যাশনাল চিল্ড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল এর ১৪তম আসরে বেস্ট ফিল্ম আন্ডার ১৮ ক্যাটাগরিতে পুরস্কার পায় টেনর।

এছাড়া দক্ষিণ কোরিয়ার চাঞ্চিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল এ জুরি অ্যাওয়ার্ড, গিমপো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জিকসা ফিল্ম ফেস্টিভ্যাল, বিইউপি ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য সাবিরা কোল ফিল্ম ফেস্টিভ্যাল ও কলকাতার হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ মনোনীত হয় ‘টেনর’।

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জাতিগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাঁদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল শ্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্তে জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রাণীশংকৈল  উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৫ দিনব্যাপী সফ্ট স্কিল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায়, ভার্চুয়াল ভিডিও কলমিটিংয়ের মাধ্যমে কর্মশালায় উপস্থিত কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের” প্রকল্প পরিচালক মো.কামরুজ্জামান।

এছাড়াও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হালেমা খাতুন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, সাংবাদিক হুমায়ুন কবির, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বিলুপ্তপ্রায় আদিপেশার মানুষেরা যেমন: কামার, কুমার, নাপিত, মুচি, বাশঁ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারীদের নিয়ে কাজ করে- এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীর জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে বেকারত্ব দূর করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি ও তাদের পণ্য রপ্তানি করা । প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা। অর্থনৈতিক সম্পৃক্তির মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্তকরণ করা। তাদের পেশার টেকসই উন্নয়নের জন্যই এ সফ্ট স্কিল বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুরঃ ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন।

শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। দিনাজপুর নবাবগঞ্জের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বে-সরকারি সংস্থা ইসলামিক রিলিফ।

বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চত্তরে ২শ  ৫৬ টি অসহায় দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মঝে  শীত বস্ত্র তুলে দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম।  এ সময় থানার (ওসি) মো ফেরদৌস ওয়াহিদ,  ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উপজেলা শাখার প্রজেক্ট কর্মকর্তা  মোঃ নাজমুল হক জানান, উপজেলার  ৩নং গোলাপগঞ্জ ইউপি‘র হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শীতার্তদের অগ্রাধিকার ভিত্তিতে মোট ২৫৬ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।  প্রতি জনকে ২টি চাদর,২টি  কম্বল ও ১টি করে সোয়েটার দেয়া হয়।

ফুলবাড়ীতে একটি অসহায় পরিবারের সুপারির বাগান, খড়ের গাদা ও বাঁশঝাড় বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের  জেরে সুপারি বাগান ও খড়ের গাদাসহ বাঁশঝাড় টিনের বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামে। ক্ষতিগ্রস্থ পরিবারটি থানায় মামলা করলে আদালতে থেকে জামিন পেয়ে হুমকি প্রদর্শন ও ভয়ভীতি দেখাচ্ছে আসামীরা।

জানা গেছে ,উপজেলার সোনাইকাজী গ্রামের মৃত নাদের আলীর ছেলে রফিকুল ইসলামের সাথে তার বেমাতা ভাই গোলাম রব্বানী  সরকারের ১২ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে । একাধিক গ্রাম্য সালিশ বৈঠকেও বিরোধ নিস্পত্তি হয়নি। গত শনিবার রফিকুল ইসলামের ছোটভাই রহুল আমিন তার বসতবাড়ীর বেড়া মেরামত করতে শুরু করলে রব্বাণীর লোকজন বাধা দেয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে । এক পর্যায়ে জোরপূর্বক রহুল আমিনকে বাড়ীতে তুলে নিয়ে যান রব্বানী গ্রুপের লোকজন। সেখানে গাছে বেঁধে নির্যাতন করা হয় রুহুল আমিনকে। উপায়ন্তর না দেখে ছোট ভাই রহুল আমিনকে উদ্ধারের জন্য ৯৯৯ লাইনে ফোন দেন রফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রুহুল আমিন কে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে রহুল আমিন বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা করলে সোমবার আদালতে থেকে জামিনে মুক্ত হন আসামীরা।

রুহুল আমিন ও রফিকুল ইসলামের অভিযোগ, জামিনে বেড়িয়ে এসে আসামীরা আবারও তাদেরকে হুমকি ও ভয়ভিতী দেখাচ্ছে এবং  বাড়ী সংলগ্ন বাগান, খড়ের গাদাসহ বাঁশঝাড় বেড়া দিয়ে ঘিরে রেখেছে।

এ ব্যাপারে গোলাম রব্বানী সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ৯৯৯ লাইন থেকে মেসেজ পাওয়ার পর ঘটনাস্থল থেকে পেয়ারা গাছে বেধে রাখা অবস্থায় যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

২০২১ সালে দ্বিতীয় সর্বোচ্চ শরণার্থী বাংলাদেশের : ইউএনএইচসিআর

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর ধরে চাপা পড়ে ছিল শরণার্থী সমস্যার ইস্যু। লকডাউন আর কঠোর বিধিনিষেধে গত বছর বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীর সংখ্যা কিছুটা কমলেও ২০২১ সালে তা আবার বেড়েছে। চলতি বছর বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয়প্রার্থী বের হওয়া দেশের নাম হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম।

এ বছর শরণার্থী সংকটে সবচেয়ে বড় অবদান তিউনিসিয়ার। ২০২১ সালে উদ্ধার হওয়া শরণার্থীদের প্রায় ২৫ শতাংশই উত্তর-আফ্রিকার দরিদ্র দেশটি থেকে যাওয়া। এর পরই সবচেয়ে বেশিবার নাম এসেছে বাংলাদেশের। এ বছর ১১ শতাংশের বেশি শরণার্থী বাংলাদেশ থেকে রওনা দিয়েছিল। ২০২১ সালে জানুয়ারি থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত ইউরোপ অভিমুখে রওনা দেওয়া অন্তত ৬ হাজার ৪৫৫ জন শরণার্থীর যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ থেকে। তাদের মধ্যে অজ্ঞাতসংখ্যক লোক মারা গেছেন। শরণার্থী উৎস দেশের তালিকায় বাংলাদেশের নাম আসার অন্যতম প্রধান কারণ ধরা হচ্ছে রোহিঙ্গা সংকটকে। সংখ্যালঘুদের ওপর মিয়ানমার সরকারের চরম দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

আরব নিউজের খবরানুসারে, ২০২১ সালে জানুয়ারি থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত ইউরোপ অভিমুখে রওয়ানা দেয়া অন্তত ৬ হাজার ৪৫৫ জন শরণার্থীর যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ থেকে। এদের মধ্যে অজ্ঞাত সংখ্যক লোক মারা গেছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত আনুমানিক ১ লাখ ৯ হাজার ৭২৬ শরণার্থী ইউরোপে পৌঁছাতে পেরেছেন। একই সময়ে পূর্ব আটলান্টিক বা কুখ্যাত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৫৪৩ জন। সবচেয়ে বেশি ১ হাজার ৪২২ শরণার্থীর মৃত্যু হয়েছে ইতালি বা মাল্টা যাওয়ার পথে। এর বাইরে আরও ৯৫৯ জন মারা গেছে পশ্চিম আফ্রিকা থেকে স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যকার বিপজ্জনক রুট পাড়ি দিতে গিয়ে।

শরণার্থীদের পুনর্বাসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এইএনএইচসিআর। তারা জানিয়েছে, গত বছর বিশ্বজুড়ে ২ কোটি ৭ লাখ শরণার্থীর মধ্যে মাত্র ৩৫ হাজার জনের পুনর্বাসন সম্ভব হয়েছে।

সুদানে সোনার খনি ধসে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য প্রাচ্যের দেশ সুদানের পশ্চিম খোরদোফান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে একটি পরিত্যক্ত খনিতে ধসের এ ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন, তবে এর সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

সোনার খনি কোম্পানিটি ফেসবুকে ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যায় গ্রামবাসীরা অন্তত দুইটি ড্রেজারের মাধ্যমে সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছেন। অন্য একটি ছবিতে দেখা যায়, মৃতদেহগুলো দাফনের জন্য লোকজন কবর প্রস্তুত করছে।

খনি কোম্পানিটি জানায়, খনিটি পরিত্যক্ত ছিল। তবে স্থানীয় খনি শ্রমিকরা ওই এলাকা পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার পর পুনরায় ফিরে আসে। তবে খনিটির কাজ কবে থেকে বন্ধ, তা বলা হয়নি।

সূত্র: এপি।

ডোমারে বাসে পিষ্ট মোটরসাইকেল, বাঁচলেন দুই আরোহী

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে বাসের নিচে পিষ্ট হয়েছে একটি মোটরসাইকেল। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। এ ঘটনায় আটক করা হয়েছে ওই বাসের চালককে।

ডোমার-নীলফামারী সড়কের কারেঙ্গাতলী এলাকায় বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, প্রত্যাশা পরিবহনের বাসটি ঢাকা থেকে ডোমারের দিকে যাচ্ছিল। কারেঙ্গাতলী এলাকায় পৌঁছালে এটি বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয়া। এর দুই আরোহী ছিটকে রাস্তায় পড়লে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতরা হলেন বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবশ এলাকার ফারুখ হোসেন ও ডোমার শহরের ছোট রাউতা এলাকার বকুল উদ্দিন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডোমার অফিসের দলনেতা জয়নুল আবেদীন জানান, তারা গিয়ে বাস ও মোটরসাইকেলটি রাস্তা থেকে সরিয়ে নেন। আহতদের মধ্যে একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সাইফুল ইসলাম জানান, ওই বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাইফুল ইসলাম (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বাধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি — ওয়া রাজিউন। তার বাড়ি উপজেলার গোগর বাসনাহার গুচ্ছগ্রামে। তিনি স্ত্রী, সন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরদিন বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে  রাষ্ট্রীয় মর্যাদা শেষে বনপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ,উপজেলা আ”লীগ সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী, প্রধান শিক্ষক ইকবাল হোসেন ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন।

তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।