রাণীশংকৈলে নকশিকাঁথা তৈরী প্রশিক্ষণার্থীদের বিদায় ও সনদ বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা পরিষদ জাইকার অর্থায়নে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিদায় ও সনদপত্র দেয়া হয়।

করোনাকালীন আর্থিক মন্দা উত্তরণে এ যুব মহিলাদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক সাগরিকা চৌধুরী রুমা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম,

মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার  জাইকার উপ প্রকৌশলী মহিউদ্দিন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে ইউএনও বিদায়ী প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণে অর্জিত কর্মকান্ড দিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ দেন।

মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে ফুলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম রওশনের বিরুদ্ধে। হাত ভাঙ্গা শিক্ষার্থী সামাদ আহমদ (১৩) ফুলতলা বস্তির বাসিন্দা সুলতান মিয়ার ছেলে। সে ক্যাম্প টিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। ইউপি সদস্য কর্তৃক মাদ্রাসা ছাত্রের হাত ভাঙ্গা কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই এ ঘটনার প্রতিবাদ করে ফেসবুকে এর তীব্র নিন্দা ও পোস্ট করেছেন।

ভুক্তভোগী ছাত্রের মা আসমা বেগম জানান, ব্যাডমিন্টন খেলা’কে কেন্দ্র করে ইউপি সদস্য মাহবুব আলম রোশনের ছেলের সাথে আমার ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্যের ছেলে আমার ছেলেকে প্রহার করে। এ ঘটনাকে কেন্দ্র করে আমি ইউপি সদস্য রওশনের কাছে জানতে চাইলে তিনি আমার উপরও ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ইউপি সদস্য দুই ছেলে সহ আমার উপর হামলা করে। হামলার পর স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান‌। এসময় ইউপি সদস্যের প্রহারে আমার ছেলের হাত ভেঙ্গে যায়।

তিনি আরোও বলেন, রুশন মেম্বার আমাকে বলে সে বেঁচে থাকলে দেখবে তার ইউনিয়নে আমি কিভাবে থাকি।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মাহবুব আলম রওশন বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত নই। নির্বাচনী প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

স্থানীয় ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমেদ বলেন, এ বিষয়টি আমার জানা নেই। এ রকম ঘটনা ঘটে থাকলে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ইউপি সদস্য কর্তৃক মাদ্রাসা ছাত্রের হাত ভেঙ্গে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২৪ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ রোববার (২৬ ডিসেম্বর) ঢাকার একটি আদালত মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাবকে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। এদিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তবে র‍্যাবের পক্ষ থেকে আজও আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

আদালতের নথি অনুযায়ী, এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৮৪ বার সময় দিলেন। র‌্যাবের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে সময় চেয়ে আবেদন করেন। হত্যা মামলার তদন্ত শেষ করতে বিলম্ব করায় এর আগে দুটি পৃথক আদালত অসন্তুষ্টি প্রকাশ করেন।

এবার জাপানে ৩ জনের ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ এবার জাপানে ৩ জনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশটির ওসাকা জেলায় ৩ বাসিন্দার শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ওই তিনজন সম্প্রতি কোনো দেশে ভ্রমণ না করেও তাদের ওমিক্রন ধরা পড়েছে। ফলে স্থানীয়ভাবে তাদের সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত তিনজনের শরীরে উপসর্গ তেমন মারাত্মক নয়। তবু তাদের হাসপাতালে রাখা হয়েছে। বিগত দিনগুলোতে কারা তাদের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: জাপান টাইমস।

ভারতে আদালতে বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দেশ ভারতের পাঞ্জাবের একটি আদালতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজ্যের লুধিয়ানা জেলা আদালতের শৌচালয়ে এ বিস্ফোরণ ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এতোটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি পাকিস্তান সমর্থিত একটি গোষ্ঠীর হাত থাকতে পারে।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলার আসামি গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মূর্তি ভাঙচুর মামলার এজাহারভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে র‌্যাব-৯, সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ওই আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার মুন্সীবাজার মইদাইল গ্রামের মৃত কনা মিয়ার ছেলে হেকিম মিয়া (২৫)। তিনি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশে মূর্তি ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি। তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান র‌্যাবের হাতে কমলগঞ্জ থানায় দায়েরকৃত মূর্তি ভাঙচুর মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। আসামিকে বুধবার আদালতে হাজির করলে মাননীয় আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে নৌকার অফিসে অগ্নি সংযোগের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আসন্ন ইউপি নির্বাচনে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খাদেমুল ইসলামের নির্বাচনী পথসভা করার জন্য তৈরি অস্থায়ী অফিসে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

এ সময় নির্বাচনী ব্যানারসহ অফিসের সামিয়ানায় অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্র নাথসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা।

রাজাগাঁও ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাদেমুল ইসলাম জানান, আমার সন্দেহ হচ্ছে ভোর রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও বিএনপি’র সমর্থকরা এই অগ্নিসংযোগ করেছে।

এ সময়ে নির্বাচনের ব্যানারসহ নৌকা প্রতীকের পোষ্টার, লিফলেট, সামিয়ানা টাঙানো কাপড় পুড়ে যায়। প্রতিপক্ষ প্রার্থীরা পরাজয় নিশ্চিত জেনে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নির্বাচন বানচালের চেষ্টায় এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দাবি করেন ওই নৌকা প্রার্থী। এবং এ ঘটনায় খাদেমুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে নির্বাচন কমিশন ও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঠাকুরগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, সকালে নৌকার নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মৌলভীবাজারে ১৫জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদরে ১৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে বহিস্কার করেছে উপজেলা আ’লীগ।

বুধবার সন্ধ্যায় ওই উপজেলা আ’লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভি.পি. সোয়েব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়: ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১২টির মধ্যে ১১টি ইউনিয়নে ১৫জন চেয়ারম্যান প্রার্থী বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। ফলে মৌলভীবাজার সদর উপজেলা আ’লীগ খলিলপুর ইউনিয়নে মোঃ আশরাফ আলী খাঁন, কামালপুর ইউনিয়নে মোঃ আলাউর রহমান, মোঃ আপ্পান আলী, মোঃ সোহেল আহমদ, আপারকাগাবলা ইউনিয়নে মোঃ ইমন মোস্তফা, মোঃ ফারুক আহমদ, আখাইলকুঁড়ায় মোঃ এমদাদুর রহমান রেণু, একাটুনায় মোঃ শাহ গিয়াস উদ্দিন, চাঁদনীঘাটে মোঃ আসলাম মিয়া, কনকপুর ইউনিয়নে মোঃ মনিরুজ্জামান, আমতৈল ইউনিয়নে শ্রী সুজিত চন্দ্র দাশ, নাজিরাবাদে সৈয়দ মোহিত আলী. মোস্তফাপুরে মোঃ তাজুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়নে মোঃ মোশারফ হোসেন ও মোঃ জিলা মিয়াকে বহিস্কার করেছে।

বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সদর উপজেলা আ’লীগ তাদের স্থায়ী ভাবে বহিস্কারের জন্য জেলা এবং কেন্দ্রীয় আ’লীগের কাছে সুপারিশ করেছেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দাশ সদর উপজেলার ১১ ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত না মানায় ১৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে এ সব ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাণীশংকৈলে শুভ উদ্বোধন হলো গ্রামীণ আই কেয়ার সেন্টার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাইলট হাইস্কুল রোডে বুধবার ২২ ডিসেম্বর আধুনিক চক্ষু চিকিৎসা প্রদানের লক্ষ্যে গ্রামীণ আই কেয়ার সেন্টার’র উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন ওই কেন্দ্রে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে গ্রামীণ আই কেয়ার কেন্দ্রের ডিজিএম মাইনুল হাসান, পরিচালক গোপাল চন্দ্র রায়, ম্যানেজার সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা থেকে ভার্চুয়াল সংযোগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক। অতিথিরা তাদের বক্তব্যে রাণীশংকৈলে এ চক্ষু চিকিৎসা কেন্দ্রকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেন।

মৌলভীবাজারে পুলিশের রিজার্ভ অফিস বর্ষপূর্তি পরিদর্শন করলেন ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পুলিশের রিজার্ভ অফিস বর্ষপূর্তি পরিদর্শন করেছেন মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট। এসময় ডিআইজিকে ফুলেল অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বুধবার ২২ ডিসেম্বর মৌলভীবাজার পুলিশ লাইন্সে প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার’এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ৬টি কন্টিনজেন্ট, ১টি পতাকাবাহী দল ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর নয়নাভিরাম পরিবেশনের মাধ্যমে দিয়ে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট বিভাগ।

এসময় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিআইজি মহোদয় বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে জনগনকে প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনবান্ধব পুলিশে পরিণত হবার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি তিনি আহ্বান জানান।

প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে জেলা পুলিশের, রিজার্ভ অফিস, বিভাগীয় ভান্ডার, পোশাক ভান্ডার,অস্ত্রাগার, মোটরযান শাখা, রেশন স্টোর,পুলিশ হাসপাতাল, মৌলভীবাজার জেলা হিসাব শাখাসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।