শেরপুরে কলেজ শিক্ষককের সংবাদ সম্মেলন

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক মহসিন আলীকে পুলিশি হয়রানীর অভিযোগ উঠেছে। প্রতারক চক্রের সক্রিয় এক নারী সদস্যের মিথ্যা অভিযোগে ওই শিক্ষককে গ্রেপ্তার করার হুমকি-ধামকি অব্যাহত রেখেছে পুলিশ।

এ অবস্থায় পুলিশি আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। রোববার (১৯ডিসেম্বর) সন্ধ্যায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় শেরপুর পৌরশহরের উলীপুর এলাকার বাসিন্দা শিক্ষক মহসীন আলী বলেন, জেলার ধুনট উপজেলার জয়শিং গ্রামের ফিরোজ শাহ্ মিঠুর স্বামী পরিত্যক্তা মেয়ে একই উপজেলার বড়চাপড়া মধ্যপাড়া গ্রামের শাহার উদ্দিনের ছেলে আতিকুর রহমানের বিরুদ্ধে বিগত ২১ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি যৌন হয়রানীর অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তদন্তে অভিযুক্ত চারজনের কারো বিরুদ্ধে জড়িত থাকার সত্যতাও পায়নি পুলিশ। তাই অভিযোগটি অদ্যবধি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি।

অথচ ওই অভিযোগের প্রেক্ষিতে গত ১৭নভেম্বর থেকে বনানী পুলিশ ফঁাড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন আমাকেসহ অন্যান্য অভিযুক্তদের নানাভাবে হয়রানী করছেন।

সেইসঙ্গে সবাইকে গ্রেপ্তার করার হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রেখেছেন। ওই পুলিশ কর্মকর্তার এহেন কর্মকাণ্ডে চরম নিরাপত্তাহীনতার মধ্যদিয়ে দিনাতিপাত করছি। এমনকি প্রতিপক্ষ প্রতারক চক্রের সঙ্গে যোগসাজস করে এই পুলিশ কর্মকর্তা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পায়ঁতারা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগের আপোষ-মিমাংসার দুই লাখ টাকা পরিশোধে তালবাহানা করছেন অভিযুক্তরা। তাই তাদের গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্ট শেরপুর থানা পুলিশকে বলা হয়েছে বলে স্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা।

ঠাকুরগাঁওয়ে বড়দিন উদযাপন উপলক্ষে শিশুদের উপহার সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত  শনিবার বড়দিন উদযাপন উপলক্ষ কালভেরী ব্যাপিষ্ট ট্রাস্ট ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়ােজনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় উত্তর ঠাকুরগাঁও ও চােপড়া পাড়ার শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিন দুপুরে পৃথক দুটি অনুষ্ঠানে শিশুদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান ও বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাে: আনােয়ার হােসেন।

পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালভেরী ব্যাপিস্ট ট্রাস্টের পরিচালক ডা. সুবির খিয়াং বাবু।

অনুষ্ঠানে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পার্টনারশীপ ফেসিলিটেটর মি. আমোস মুর্মু, গ্রুপ ফর হিমের পরিচালক কবিতা হোসেন, হিড বাংলাদেশের মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের এরিয়া ম্যানেজার দীল ইসলাম, কালভেরী ব্যাপিস্ট ট্রাস্টের পিডিএ কোঅর্ডিনেটর সুবাস কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।

এ সময় সুবিধাবঞ্চিত শিশু, শিশুদের অভিভাবক, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উত্তর ঠাকুরগাঁও চার্চের পালক প্রদীপ কুমার, ম্যানেজার নিরঞ্জন রায়সহ কালভেরী ব্যাপিস্ট ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

পরে বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা, সুবিধাবঞ্চিত শিশুদের উপহার সামগ্রী প্রদান ও শিশুদের পরিবেশনায় মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পাকিস্তানের করাচিতে হাবিব ব্যাংকে বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে একটি ব্যাংকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। ধারণা করা হচ্ছে, পয়ঃনিষ্কাশনের নালায় গ্যাস লিকের কারণে এমন ঘটনা ঘটতে পারে। খবর বিসিসির।

স্থানীয় সময় শনিবার বিকেলে স্থানীয় হাবিব ব্যাংকের ওই শাখায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ধ্বংসস্তূপে বহু মানুষ চাপা পড়ে আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের করাচি সিভিল হাসপাতাল, ট্রমা সেন্টার এবং জিন্নাহ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে আহত দুইজনের অবস্থা আশংকাজনক, একজন ভেন্টিলেটরে এবং একজন আইসিইউতে রয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজে দেখা গেছে যে, বিস্ফোরণে হাবিব ব্যাংক নামে ওই বেসরকারি ব্যাংকটির ভবনের জানালা ও দরজা উড়ে গিয়েছে। আশেপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নথিপত্র রাস্তায় ছড়িয়ে পড়েছে।

পুলিশ কর্মকর্তা সারফারাজ নাওয়াজ সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের ধরণ খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিস্ফোরক দলগুলো। তবে ব্যাংকের কাঠামো একটি ড্রেনের উপর তৈরি করা হয়েছিল এবং সেখানকার গ্যাস এই বিস্ফোরণের সম্ভাব্য কারণ হতে পারে।’

করাচি পুলিশের প্রধান অতিরিক্ত আইজি গোলাম নবী মেমন বলেন, ব্যাংকের নিচের একটি ড্রেনে গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণটি হতে পারে বলে। তবে প্রকৃত কারণ বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডই বলতে পারবে।

সিন্ধুর স্থানীয় সরকার মন্ত্রী নাসির হুসেন শাহ বলেছেন যে, কর্তৃপক্ষ এই মুহূর্তে উদ্ধারের দিকে মনোনিবেশ করছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আজরা পেচুহোর নির্দেশে ট্রমা সেন্টার এবং জিন্নাহ হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনাকে ‘বড় ট্র্যাজেডি’ বলে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে হাবিব ব্যাংক জানিয়েছে, শনিবার বিকেলে আমাদের একটি শাখায় বিস্ফোরণের মতো একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেল রাশিয়া।  সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে এই চুক্তি সই হয় এবং ২০০২ সালে তা কার্যকর হয়। চুক্তিতে সই করেছিল আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় দেশগুলো এবং কানাডা।

“ওপেন স্কাই ট্রিটি” চুক্তির আওতায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয় পর্যবেক্ষণের জন্য স্বল্প সময়ের নোটিশে এসব দেশ পরস্পরের ভূখণ্ডে বিমান পাঠানোর সুযোগ পায়। মূলত রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে এই চুক্তি সই করা হয়।

তবে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ দিকে এ চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে গেল এবং এজন্য ওয়াশিংটনকে সম্পূর্ণভাবে দায়ী করেছে।

এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, আমেরিকার মিত্রদেশগুলো রাশিয়ার ওপর গোয়েন্দা বিমান পরিচালনা করার পর প্রাপ্ত তথ্য ওয়াশিংটনকে দেবে না বলে নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ার পর এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে রাশিয়া। আর আমেরিকা ও রাশিয়ার অংশগ্রহণ না থাকার কারণে এই চুক্তির কার্যকারিতা নাটকীয়ভাবে কমে যাবে। ওপেন স্কাই চুক্তি ব্যর্থ করে দেয়ার জন্য সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী।

উল্লেখ্য, এই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পরেও ছাড় দিয়ে সমস্যার সমাধান করার জন্য রাশিয়া সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে এবং আমেরিকারকে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। কিন্তু কোনো চেষ্টাই সফল হয় নি। নিজের জাতীয় নিরাপত্তা বিনষ্টের ঝুঁকি সৃষ্টি হওয়ার পর রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে গেছে।

এর আগে আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর চলতি বছরের জুন মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আইনের খসড়ায় সই করেছিলেন যার মধ্যদিয়ে এই চুক্তিতে টিকে থাকা অন্য সদস্য দেশগুলোর জন্য ৬ মাসের নোটিশ দেয়া হয়। সেই ৬ মাস পূর্ণ হওয়ার পর রাশিয়া চূড়ান্তভাবে এখন থেকে বেরিয়ে গেল।

ফের উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রায় তিন বছর পর ফের উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করেন।

আজ রোববার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে এ চুক্তি সই হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, স্থানীয় সময় আজ ভোর ৫টায় মালয়েশিয়ার বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল এবং মালয়েশিয়া আওয়ামী লীগ ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে সব সেক্টরে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে বলে জানায় দেশটির সরকার।

প্রসঙ্গত, আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে বেশকিছু বিষয়ে পরিবর্তন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-.১। জিটুজি প্লাস পদ্ধতি উল্লেখ থাকছে না। ২। যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি। ৩। থাকছে কর্মীদের বাধ্যতামূলক বিমা। ৪। কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা। ৫। চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও এবং ৬। বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত।

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশের পূর্বাভাস দিলো আইএমএফ

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি ২০২১-২২ অর্থবছরে আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আজ রোববার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকায় সফররত আইএমএফ টিমের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আইএমএফের আর্টিকেল-ফোর মিশনের প্রধান রাহুল আনন্দ বলেন, আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে এবং চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে। গত অক্টোবরে আইএমএফের এই পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ।

তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে তিনি জানান।

আইএমএফ এশিয়া প্যাসিফিক বিভাগের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রাহুল আনন্দ বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশ মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, প্রকৃত মূল্যস্ফীতি তার চেয়ে বেশি হতে পারে। কারণ অন্যতম কারণ হলো, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। এই অর্থ অর্থবছরে মূল্যস্ফীতির সরকারি লক্ষ্যমাত্রা হলো ৫.৩ শতাংশ।

রাজধানীর বনশ্রীতে বাসচাপায় সিএনজির চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনশ্রীতে অছিম নামের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অজ্ঞাতনামা অটোরিকশাচালক (৩৫) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের দুই ছেলে শাকিব (১৭) ও শাকির (৮)।

জানা যায়, দুর্ঘটনার পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সিএনজি চালক ও ফাতেমাকে মৃত ঘোষণা করেন। নিহত ফাতেমা আক্তারের দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালের সামনে অছিম পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্সে হতাহতদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক অটোরিকশার চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যায়। আর নারী যাত্রী হাসপাতালে আনার পর মারা যান।

খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে অটোরিকশা ও অছিম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যায়। আহত একই পরিবারের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ফাতেমা আক্তার নামে নারীর মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু

সিএনবিডি ডেস্কঃ দেশে প্রথম করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে শুরু হয়েছে। দেশে প্রথম করোনা টিকা নেওয়া নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই এবার টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু করল সরকার।

আজ রোববার প্রথমেই এই ডোজ দেয়া হয় রুনু ভেরোনিকাকে। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেয়া হয়। এর মধ্যে ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

বুস্টার ডোজ নেয়া সবাই করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, এ বছরের ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেন রুনু বেরুনিকা কস্তা।

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুজিব শতবর্ষের বিজয় শোভাযাত্রা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কেন্দ্রীয় আ’লীগের কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
গত শনিবার ১৮ ডিসেম্বর বিকালে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড।
এ সময় বিজয় শোভাযাত্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাত, পরিকল্পিত হত্যাকাণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজাররের রাজনগর উপজেলায় ইউরোপে পাঠাতে না পেরে টাকা আত্বস্বাৎ করার উদ্যেশ্যে পরিকল্পিত ভাবে হত্যা করে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৮ ডিসেম্বর) মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে  শাহরিয়া আহমদ রাজ (১৯) এর চাচা মো: আব্দুল হান্নান লিখিত বক্তব্যে বলেন, জদুর অলহা গ্রামের শাহরিয়া আহমদ রাজ (১৯)কে পরিকল্পিত ভাবে হত্যা করেছে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের সালং গ্রামের শরিয়ত খাঁন লেচু ও তার ছেলে সাব্বির খাঁন গং। গত ১২ অক্টোবর  সকাল সাড়ে ১১টায় রাজনগর উপজেলার কদমহাটা হাইস্কুলের সামনে ভাতিজা রাজ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে জানায় সংগীয় সাব্বির খাঁন।  ঘটনার দিন সকালে সাব্বির খাঁন আমার ভাতিজা শাহরিয়া আহমদ রাজ এর ব্যবহৃত মোবাইলে বার বার ফোন দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য মৌলভীবাজার ওয়েষ্টার্ণ প্লাজা আবাসিক হোটেলে এর নিচে অপেক্ষা করে। সাব্বির খাঁন তার বাড়ি রাজনগরের উদ্যেশ্যে রাজকে  নিয়ে রওনা দেয়। সে মোটরসাইকেল না চালাতে না করে আমার ভাতিজা রাজকে চালানোর জন্য দেয়। কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে সাব্বির গংরা মিলে আমার ভাতিজাকে গলা কেটে হত্যা করে। এবং একটি পিক আপ ভ্যানের ধাক্কায় সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। যা ছিল তাদের পূর্ব পরিকল্পিত। পিকআপ ভ্যান মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় কিন্তু  মোটরসাইকেলে থাকা সাব্বিরের কোন ক্ষতি হয়নি। মোটরসাইকেলও ছিল সম্পুর্ন অক্ষত।

মোটরসাইকেলটি বর্তমানে রাজনগর থানার হেফাজতে রয়েছে। মৃত্যুর পর তড়িঘড়ি করে পরিবারের সম্মত্তি ছাড়াই ময়নাতদন্ত ছাড়াই  লাশ দাফন করা হয়। এই প্রশ্ন প্রশাসন ও সচেতন মহলের কাছে নিহত রাজ এর চাচা আব্দুল হান্নানের ? লাশ তড়িগড়ি করে দাফনের জন্য চাপাচাপি করে শরিয়ত খাঁন লেচু, শেফালী বেগম, সাব্বির খাঁন গংরা।

আব্দুল হান্নানের দাবি, শরিয়ত খাঁন লেচুর সাথে পর্তুগাল পাঠানোর  কথাবার্তা চুড়ান্ত হয়ে ভিসার দেওয়ার ব্যাপারে ৯ লাখ টাকা সিদ্ধান্ত হয়। ৮ লক্ষ টাকা শরিয়ত খা লেচু ও তার ছেলে সাব্বির খাঁনকে  প্রদান করা হয়। বাকি ১ লাখ টাকা ভিসা পাওয়ার পর দেওয়ার কথা ছিল। গত ২৫ অক্টোবর ভিসা দেওয়ার কথা ছিল। এর আগেই গত ১২ অক্টোবর ভাতিজা শাহরিয়ার আহমদ রাজ এর জীবনের প্রদীপ নিবে যায়। ৮ লক্ষ টাকা আত্মসাৎ করাই ছিল তাদের মূল লক্ষ্য। পর্তুগালের ভিসা দিবে এটা ছিল তাদের প্রতারণার ফাঁদ। টাকা হাতিয়ে নেওয়ার কুট কৌশল।

সাংবাদিকদের বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানান তিনি।