লোহাগাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২১ উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকের হোসাইন মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, লোহাগাড়া প্রেস ক্লাব প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম,দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার,শিক্ষক দেবাশীষ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে আলবদর ও রাজাকাররা এ দেশকে মেধাশূন্য করেছে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। এরাই আবার স্বাধীন দেশে জঙ্গিবাদের বীজ বপন করে আমাদের সব অর্জনকে ধ্বংস করতে চায়। জঙ্গিবাদ নির্মূল করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।তিনি আরও বলেন,মেধাবী সন্তানদেরকে হত্যা করে পুরো জাতিকে মেধাহীন করতে চেয়েছিল। কিন্তু তাতে তারা সফল হয়নি। আজ এগিয়ে যাচ্ছে দেশ।

অনুষ্ঠানে উপজেলার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষা প্রতিষ্টানের সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন এ খবর জানিয়ে বলেছেন, ওআইসি’র আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবানের সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামী ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান সরকার আফগানিস্তানের তালেবানকে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। ওআইসি’র ইসলামাবাদ শীর্ষ সম্মেলনে তালেবানের সম্ভাব্য অংশগ্রহণ এই গোষ্ঠীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথে এক ধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় ১৩ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিনমাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৯ আসামি কারাগারে উপস্থিত ছিলেন। চাঞ্চল্যকর এ মামলার রায় শুনতে মামলার বাদী ভুক্তভোগী সেই নারীও আদালতে উপস্থিত ছিলেন। তার আইনজীবী মোল্লা হাবিবুর রাসুল মামুন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করেন।

অভিযুক্তদের মধ্যে ৯ আসামি জেল হাজতে রয়েছে এবং ৪ আসামি পলাতক রয়েছে। গত এক বছরে আদালত বাদীসহ ৪০ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে ৩০ কার্যদিবসে শুনানি শেষে এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার এজহার সুত্রে জানা যায়, গত বছর ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ঘরে ঢুকে ওই নারীর স্বামীকে অন্য কক্ষে বেঁধে রেখে আসামিরা তাকে নির্যাতন করেন। তারা নির্যাতন করার ভিডিওচিত্রও ধারণ করেন। এরপর ১ মাস ধরে গৃহবধূকে হুমকি দিয়ে আসছিলেন অনৈতিক প্রস্তাবের রাজি না হলে ভিডিওচিত্রটি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবেন। ৩২ দিন পর অভিযুক্ত ব্যক্তিরা ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪ অক্টোবর নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করেন নির্যাতিত নারী। তিনটি মামলার মধ্যে ৪ অক্টোবর ধর্ষণের মামলায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আর বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার রায় আজ দেওয়া হয়।

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের পরপরই সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়। তবে পরে এ সতর্কতা প্রত্যাহার করা হয়।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৩.২০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপের উত্তরাঞ্চল। সমুদ্রের ১৮.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় আজ ভোরে এ ভূকম্পন অনুভূত হয়।

তবে ভূমিকম্পে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায় নি। তবে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।

ইস্ট ফ্লোরেস জেলার একজন কর্মকর্তা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের এলাকাগুলো এখনো নিরাপদ আছে। কোনো ক্ষয়ক্ষতি হয় নি। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে আতঙ্কিত না হয়ে উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে। ১৯৭২ সালে ওই অঞ্চলে বড় রকমের সুনামি হয়েছিল।

ইন্দোনেশিয়ার প্রাণঘাতী ভূমিকম্পের মধ্যে একটি ছিল ২০০৪ সালের ৯.১-মাত্রার একটি বিধ্বংসী কম্পন যা সুমাত্রার উপকূলে আঘাত হানে এবং একটি সুনামির সূত্রপাত করেছিল যা ইন্দোনেশিয়ার প্রায় ১,৭০,০০০সহ সমগ্র অঞ্চলে ২,২০,০০০ জন নিহত হয়েছিল।

সুত্রঃ দ্য জাকার্তা পোস্ট।

করোনার টিকা দিতে অস্বীকার করায় মার্কিন বিমানবাহিনীর ২৭ সদস্য বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার টিকা দিতে অস্বীকার করায় মার্কিন বিমানবাহিনীর ২৭ সদস্য বরখাস্ত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীতে টিকা দেয়ার বাধ্যতামূলক আইন অমান্য করার কারণে এই প্রথম বিমান বাহিনীর সক্রিয় দায়িত্বপালনকারী সদস্যদের বরখাস্ত করা হলো।

এর আগে, গত আগস্ট মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সামরিক বাহিনীর সমস্ত সদস্যের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেন এবং এ পর্যন্ত বেশিরভাগ সেনাসদস্য অন্তত এক ডোজ টিকা নিয়েছেন।

মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র অ্যান স্টিফানেক বার্তা সংস্থা এপিকে বলেন, বরখাস্ত হওয়া যেসব সেনা সদস্য করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকার করেছিলেন তাদেরকে এর ব্যাখ্যা দেয়ার জন্য সুযোগ দেয়া হয়েছিল কিন্তু তাদের কেউ এই সুযোগ গ্রহণ করে নি। তাছাড়া বরখাস্ত হওয়া সেনাদের কেউ মেডিক্যাল, প্রশাসনিক অথবা ধর্মীয় দায়মুক্তি চায় নি।

তিনি আরো বলেন, ২০১৯ সাল থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই মহামারিতে মার্কিন সামরিক বাহিনীর মোট ৭৯ জন পোশাকধারী সদস্য মারা গেছে। সুত্রঃ এপি।

৮০ বছরের সেই অসহায় কলা বিক্রেতার পাশে দাঁড়ালেন মুরাদনগর থানার ওসি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ Fate of helpless Manu Mia has not changed even at age of 80 শিরোনামে ৮/১২/২০২১ইং তারিখের Daily Present Times ইংরেজি পএিকা ও ৯/১২/২০২১ইং তারিখে মুরাদনগরে অসহায় মনু মিয়ার ভাগ্য পরিবর্তন হয়নি ৮০ বছর বয়সেও” শিরোনামে  Digital Bangla News  এ একটি খবর প্রকাশিত হয় যা সংবাদিক খোরশেদ আলমের ফেসবুক আইডিতে ভাইরাল হয়।

সেই নিউজটি কুমিল্লা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তিনি মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিমকে এ বিষয়ে অভিহত করেন পরে অফিসার ইনচার্জ আবুল হাসিম সাংবাদিক খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করে ১৩/১২/২০২১ ইং তারিখে মনু মিয়া এবং তার স্ত্রীকে থানায় নিয়ে আনেন এবং মনু মিয়াকে নগদ ১০,০০০ হাজার টাকা সহায়তা দেন।

জানা যায় যে,কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের ৯নং ওর্য়াডের হীরাপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মনু মিয়ার কথা।তিনি ৪১ বছর ধরে কলা বিক্রি করে সংসার চালান। ১৯৮০ সালে কলার বোঝা যে কাঁধে নিয়েছিলেন আশির (৮০) বেশি বয়স হলেও নামেনি এখনও কাঁধ থেকে সেই কলার বোঝা। বয়স এবং কলার বোঝার ভারে বাঁকা হয়ে গেছে তার মেরুদণ্ড। নিম্নআয়ের দেশ থেকে পরিবর্তন হয়নি মনু মিয়ার।

মনু মিয়া জানান তার চার ছেলে ২ মেয়ে। বড় ৪ ছেলে ঢাকা থাইকা রিকশা চালায়।তাদের আলাদা সংসার।তারাই চলতে কষ্ট হয়।আমারে কিভাবে সাহায্য করবে। আমি আর আমার স্ত্রী(৭৫) একসাথে আছি। ১৯৮০ সালে থেকে ফেরী করে কলা বিক্রি শুরু করি। প্রথম দিকে চিটাগাং ছিলাম। রোদ-বৃষ্টি ঝড় কোন কিছুতেই বসে থাকতে পারিনা। কোম্পানীগঞ্জের পাইকারী আড়ৎ থেকে কলা নিয়ে হেটে রাস্তায় রাস্তায় বিক্রি করি এবং বিক্রি শেষে বাড়ি যাই। দিন শেষে যা পাই তা দিয়া জীবনটা চালাই।রোগের তাড়নায় বাঁচিনা।দেহ মন কোনটাই চলে না তবুও বসে থাকতে পারিনা। কে দিবে ওষুধের টাকা আর কে চালাবে সংসার।

মনু মিয়া দুঃখের সাথে জানান কাপড় ছাড়াই চলছি সারা জীবন এই লুঙ্গি, আর ছেড়া গেঞ্জি পরে জীবনটা কাটাইয়া দিলাম।ছোট সময় বাবা মারা গিয়েছিল সেই থেকে ভাই বোন আর মায়ের ভরণ পোষণের যে দায়িত্বটা ঘাড়ে তুলে নিয়েছিলাম সেই দায়িত্বের বোঝাটা আজও ঘাড় থেকে নামাতে পারেননি। তিনি জানেন না এর শেষ কোথায়?জায়গা জমি বলতে বাপের ভিটায় দুটি ঘর আছে এছাড়া আর কিছু নাই। জীবনের এই অন্তিম মূহর্তে সমাজের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসলে হয়তো বাকি সময়টা তার আর কষ্ট করা লাগতো না একটু স্বস্তির নিশ্বাস নিতে পারতো মনু মিয়া।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারি ওই দরিদ্র পরিবারের বিষয়ে।তাকে উপহার হিসেবে কিছু অর্থ তাদের হাতে তুলে দেই। আগামীতে তার ও তার পরিবারের জন্য কি করা যায় সেটা দেখব। আর তার প্রতি আমাদের সর্বাত্মক সহযোগীতা থাকবে। যারা সমাজের ধনী ব্যক্তিরা আছেন আমি আপনাদের কে আহবান করছি আপনারা সবাই ঐ ব্যক্তিকে সাহায্য করবেন।

পূর্ব শত্রুতার জেরে মাত্র হাজার টাকার জন্য শিশু মাহিমকে খুন!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের সম্পাশি গ্রামের ৮ বছরের শিশু আব্দুল হাসিম (মাহিম) খুনের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

গত ১১ (ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ৮ বছরের শিশু আব্দুল হাসিম (মাহিম) বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার হাত পা বাঁধা, বস্তাবন্দি মরদেহ মনু নদীতে পাওয়া যায়।

এ ঘটনার সূত্র ধরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সদর থানার ওসি, ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা ও বিট অফিসার এসআই আবু নাইয়ুম মিয়াসহ সদর থানার একটি চৌকস দল রহস্য উন্মোচনে মাঠে নামেন অভিযানে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে সম্পাশি গ্রামের সাব্বির বক্স (১৯) সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের সুকৌশলী জিজ্ঞাসাবাদে সাব্বির বক্স জানায় মাত্র এক হাজার টাকা পাওয়ানাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সে নিজেই ৮ বছরের শিশু মাহিমকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেয়।

শিশু মাহিম হত্যার ঘটনায় ১৩ ডিসেম্বর সাব্বির বক্সকে প্রধান আসামী করে নিহত শিশুর পিতা মোঃ বদরুল ইসলাম বাদি হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ডিজিটাল বাংলা নিউজের প্রতিবেদক’কে বলেন, শিশু মাহিম হত্যার প্রধান আসামী সাব্বির বক্স হত্যার কথা স্বীকার করে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হলে আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে হত্যার কথা স্বীকার করে।

স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে নওগাঁয় চারদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত
বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে চারদিনব্যপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে সুসজ্জিত এক প্যান্ডেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করেছে। জেলার ১১টি উপজেলা থেকে কলাকুশলীরা পর্যায়ক্রমে এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে।

প্রথম দিন রোববার উৎসব মঞ্চে নওগাঁ সদর, নিয়মতপুর, পোরশা ও সাপাহার উপজেলার শিল্পীরা অংশগ্রহন করেন। প্রধান অতিথি খাদ্যমন্ত্রী এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর আসনে সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

উৎসবের তৃতীয় দিন আজ বুধবার সন্ধ্যায় পত্নীতলা, ধামইরহাট, বদলগাছি ও মহাদেবপুর উপজেলার শিল্পী কলাকুশলীরা তাঁদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির
সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য
মোঃ ছলিম উদ্দিন তরফদার । সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।

চতুর্থ দিন ১৫ ডিসেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে রানীনগর, মান্দা ও আত্রাই উপজেলার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করবেন। এ
দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মান্দা আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক। বিশেষ অতিথি
থাকবেন রানীনগর -আত্রাই আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ
আব্দুল মালেক। এ অনুষ্ঠানেও যথারীতি সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

জাতীয় ডেস্কঃ আমাদের জাতীয় ইতিহাসে গভীর বেদনা ও শোকের দিন ১৪ই ডিসেম্বর। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের ঊষালগ্নে স্বাধীনতার শত্রুরা নির্মমভাবে হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এই হত্যাকাণ্ডের মাত্র দু’দিন পর ১৬ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণ করেন। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

আজ সকাল ৭টা ১০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান। আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় সালাম জানায়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নিধনে মাঠে নামে। রাতের অন্ধকারে বাসা কিংবা কর্মস্থল থেকে চোখ বেঁধে নিয়ে তারা শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে। এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। দেশের নানা জায়গায় হত্যাযজ্ঞ চললেও মূল হত্যাযজ্ঞ চলে রায়ের বাজার ও মিরপুরে। এ দু’টি স্থান এখন বধ্যভূমি হিসেবে সংরক্ষিত। সেই থেকে ১৪ ডিসেম্বর দিনটিকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে, পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী,অধ্যাপক গিয়াস উদ্দিন,অধ্যাপক আনোয়ার পাশা,অধ্যাপক রশীদুল হাসান, ড.আবুল খায়ের,ড.মুর্তজা,সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরো অনেকে।

এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ভোরে এসব দল ও সংগঠনের নেতাকর্মীরা মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া আলোচনাসভার আয়োজন করেছে অনেক দল ও সংগঠন।

অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার ভোর থেকেই জনতার ঢল দেখা গেছে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সকাল ৭টা ৫ মিনিটে শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয়।

রাণীশংকৈলে ইএসডি’র উদ্যোগে সাংবাদিক মত বিনিময় সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ ডিসেম্বর) বেসরকারি সংস্থা  ইএসডিও’র উদ্যোগে এক সাংবাদিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মিরা অংশ নেন।

এদিন দুপুরে রাণীশংকৈল পৌরশহরে ইএসডিও প্রকল্প অফিস হলরুমে উইমেন  ইমপাওয়ারমেন্ট অফিসার মর্মিতাজ ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলম। সাংবাদকর্মিদের মধ্যে প্রস্তাবসহ পরামর্শমূলক বক্তব্য রাখেন, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব (পুরাতনের) সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি মোবারক আলী, দৈনিক করোতোয়া প্রতিনিধি মো. বিপ্লব, ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির, সাংবাদিক ছবিকান্ত, আবুল কালাম আজাদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পুরাতনের সভাপতি কুসমত আলী, এশিয়ান টিভি’র প্রতিনিধি আশরাফুল আলম, আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন, সাংবাদিক আনোয়ার হোসেন, বিজয় কুমার রায় প্রমুখ।

আরো বক্তব্য দেন,  প্রেমদীপ প্রকল্পের কমিনিউটি ফেসিলেটিটর আবু কাজেম, আদিবাসি প্রতিনিধি আন্ডিয়াস বাস্কু, শান্ত পাহান, মানিক বাসকু, চন্দ্র কান্ত প্রমুখ।

সভায় পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠী তথা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সামাজিক, সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্বাগত বক্তা প্রেমদীপ প্রকল্পের অধীনে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে নিয়ে ইতোমধ্যে তাদের  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের একটি চিত্র তুলে ধরেন এবং সাংবাদিকদের এসব কর্মকান্ড তুলে ধরার আহবান জানান।